Home Blog Page 326

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসেবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এ কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তবে তাদের লাখ লাখ সমর্থক আছে—এটা আমি মানি না। তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সব সময় দায় অন্যের ওপর চাপিয়েছে।

চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক

০

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে বিক্রি হওয়া অন্তত দেড় কোটি টাকার কাপড়ের দুটি কনটেইনার উধাও হয়ে গেছে। এ ঘটনায় রোববার (২৮ আগস্ট) বন্দরে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে ৮৫ লাখ টাকায় প্রায় ২৭ টন ফেব্রিক্স কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। পরে তিনি শুল্ক, দাম ও বন্দরের চার্জ বাবদ আরও এক কোটি সাত লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে ইয়ার্ডে গেলে জানানো হয়, কনটেইনারটি নেই। এ পর্যন্ত কনটেইনারটির কোনো খোঁজ মেলেনি।

সম্প্রতি নিলামে বিক্রি হওয়া আরও একটি কনটেইনারের খোঁজ মিলছে না। এতে ছিল প্রায় ৪২ লাখ টাকার কাপড়। সব মিলিয়ে দেড় কোটি টাকার বেশি মূল্যের পণ্য গায়েব হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা বলেন, আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। আর্থিক ক্ষতি এক কোটি টাকার বেশি। সাত মাস ধরে টাকা আটকে আছে। কাস্টমসকে বারবার চিঠি দেওয়ার পরও কোনো সমাধান হয়নি।

আরেক বিডার মো. ইয়াকুব বলেন, বাইরে হলে চুরি হওয়ার বিষয়টা মানা যেত। কিন্তু বন্দর এলাকার কঠোর নিরাপত্তার মধ্যেও কনটেইনার উধাও হওয়া প্রশ্নের জন্ম দিয়েছে।

নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য

০

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে— চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা অংশ নেন।

টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।

উপদেষ্টা বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র – অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য। এ সময় তিনি আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সঠিক উপকারভোগী নির্বাচনে শনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে আসছে। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি কিছুটা কম। সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফতানি মো. আব্দুর রহিম খান ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্য অবহিত করা হয়। এতে বলা হয় বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। সক্রিয়করণ অপেক্ষমাণ কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি।

বাংলাদেশ থেকে অস্কারের টিকিট পেল যে সিনেমা

০

বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটিকে চূড়ান্ত করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা-‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পায় ১৯ সেপ্টেম্বর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্যরা, আবেদন করা চলচ্চিত্রের প্রতিনিধিরা, সাংবাদিক ও চলচ্চিত্রুসংশ্লিষ্ট ব্যক্তিরা।
একাডেমির নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) তত্ত্বাবধানে মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠিত হয়।
বাংলাদেশ থেকে এন্ট্রি নির্বাচন ও পাঠানোর দায়িত্ব পাওয়া কমিটির অন্য সদস্যরা হলেন সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরীফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি, চলচ্চিত্র পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন।
২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিংয়ে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করে ‌‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনে এমনটাই জানান সংশ্লিষ্টরা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’য় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। অন্যান্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। নির্মাণ করেছেন লীসা গাজী।
দেশে মুক্তির আগেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ছবিটি। এবার দেখার পালা অস্কারে কতোটা মান রাখে বাংলাদেশের।

ইতিহাস গড়লেন হ্যারি কেইন

০

বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন লিখলেন নতুন ইতিহাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো একক ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করার কীর্তি গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কেবল ১০৪ ম্যাচেই কেইন পৌঁছে গেছেন শততম গোলের মাইলফলকে। এতে তিনি ছাড়িয়ে গেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে করেছিলেন এই কীর্তি। শনিবার ভের্ডার ব্রেমেনের বিরুদ্ধে বায়ার্নের ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন কেইন। এতে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯৯ ও ১০০। চলতি মৌসুমেই তিনি আট ম্যাচে করেছেন ১৫ গোল, যেনো শততম গোল পূর্ণ হলো রূপকথার মতো।
এই কীর্তিতে কেইন এগিয়ে গেলেন আর্লিং হালান্ডেরও সামনে, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে ১০৫ ম্যাচে রোনালদোর রেকর্ড ছুঁয়েছিলেন। ২০২৩ সালে টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে কেইন একের পর এক সাফল্য ছুঁয়ে চলেছেন। ইতিমধ্যেই দুই মৌসুমে টানা বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি। ক্লাব ফুটবলের বাইরে ইংল্যান্ড জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলের মালিক কেইন। ১০৯ ম্যাচে করেছেন ৭৪ গোল। আর টটেনহ্যামের জার্সিতে তার নামের পাশে আছে রেকর্ড ২৬৯ গোল (৩৮০ ম্যাচে)।

৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

০

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। যেখানে শনিবার ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে গতকাল ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।

৩টি বাতিলের মধ্যে রয়েছে ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। যে কারণে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতার জিততে যাচ্ছেন।

বিস্তারিত আসছে….

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

০

সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা নিজ নিজ সামর্থ্যে অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই।

তিনি আরও বলেন, দর্শক সারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দেন এবং একসঙ্গে খেলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন।আরও পড়ুন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকে গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের রূপরেখা তুলে ধরেন।

চৌধুরী আশিক প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান পদ্ধতির বিষয়ে তাদের অবহিত করেন।

dhakapost

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ‘ব্রিজিং বর্ডারস : কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। এ আলোচনায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন প্যানেলিস্ট অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন।

পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘ভবিষ্যৎ গঠন : বাংলাদেশের ভবিষ্যৎ‘ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। এতে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নকিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেন। এই অ্যাপটি প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে।

পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস

০
এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম রোমাঞ্চ। তবে দুবাইয়ে জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শিরোপা হাসলো ভারতেরই মুখে। রোববার রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সুর্যকুমার যাদবের দল। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে মোদি লিখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই – ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’
এতে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দাবি করে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। ওই অভিযানে অংশ নেওয়া অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতে পাল্টা আঘাতও হানে পাকিস্তান।
এদিকে ক্রিকেটারদের জয়ে উদযাপনে মেতেছে ভারতীয়রা। দেশের বিভিন্ন স্থানে চলছে উৎসব। আনন্দে মিছিলে শোনা যাচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন স্লোগান।
আর তা কেনই-বা হবে না। কারণ, ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সুর্যকুমার যাদবের ভারত। ম্যাচ জয়ের নায়ক তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত অর্ধশতক পূর্ণ করেছেন।

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে’

০
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন। তিনি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সস্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।
দূর্গাপূজা নিয়ে তিনি বলেন, গতকাল থেকে আমাদের বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই উৎসবের সময় কেউ যেন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না করে। রাস্তা বন্ধ না করে। পূজা যেন নির্বিঘ্নে আয়োজিত হয় এজন্য সবাইকে সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের কীভাবে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

০
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র‍্যাব মহাপরিচালক বলেন, আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে।
র‍্যাব ডিজি জানান, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।
র‍্যাব কর্মকর্তা বলেন, যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজা আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, দিনরাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজা দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন র‍্যাব মহাপরিচালক।
র‍্যাব সদর দপ্তর জানায়, দুর্গাপূজা ২০২৫ উপলক্ষ্যে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব ২৪ সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে।
এছাড়াও র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিম যে কোনো নাশকতা বা হামলা ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
র‍্যাব জানিয়েছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।