Home Blog Page 327

সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সা, নাটকীয় জয় আর্সেনালের

০

চলমান মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল।

ম্যাচের ৩১তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সোসিয়েদাদ। প্রথমার্ধের শেষ দিকে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে হুলেস কুন্দে সমতায় ফেরান বার্সাকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঝলক দেখান লামিনে ইয়ামাল। দুর্দান্ত ক্রসে রবার্ট লেভানডস্কিকে গোল উপহার দেন তিনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং লা লিগার শীর্ষে উঠে আসে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে সেন্ট জেমস পার্কে ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্সেনাল। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতল গত তিন আসরের রানার্সআপরা।

জার্মান ফরোয়ার্ড নিক ভল্টামাডা ৩৪তম মিনিটে এগিয়ে নেন নিউক্যাসলকে। তবে ম্যাচের শেষ দিকে চমক দেখায় আর্সেনাল। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ডেকলান রাইসের ক্রসে বক্সে হেডে সমতা ফেরান মিকেল মেরিনো। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মার্টিন ওডেগার্দের কর্নারে হেডে বল জালে পাঠিয়ে আর্সেনালকে উল্লাসে ভাসান গাব্রিয়েল মাগালিয়াইস।

বিশ্ব হার্ট দিবস আজ

০

মানুষের শরীরের অন্যতম একটি অঙ্গ হলো হার্ট। তবে দিন দিন এ অঙ্গটি হয়ে পড়ছে দুর্বল। তাই হার্টের বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী পালিত হয়ে বিশ্ব হার্ট দিবস। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্ব সহকারে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন’।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসের ২০২২’ বা এসভিআরএস-২০২২ (প্রকাশ ২০২৪) তথ্য অনুসারে, দেশে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। দেশের মোট মৃত্যুর ২১ শতাংশ ঘটছে হৃদরোগের কারণে। মোট মৃত্যুর ১৭ দশমিক ৪৫ শতাংশের কারণ হার্ট অ্যাটাক।

অন্যদিকে, তালিকার ৮ নম্বরে রয়েছে নানা ধরনের হৃদরোগ, যা মোট মৃত্যুর ৩ দশমিক ৬৭ শতাংশ। হার্ট অ্যাটাক ও নানা ধরনের হৃদরোগ মিলিয়ে ২১ দশমিক ১২ শতাংশ মৃত্যুর কারণ হৃদরোগ। অর্থাৎ দেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি হচ্ছে হৃদরোগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে তার শতকরা ৩১ শতাংশ হৃদরোগের কারণে। বাংলাদেশেও হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতা এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয় শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে।

হার্টের বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সাল থেকে প্রতি বছরের ২৯ সেপ্টেম্বর ‘বিশ্ব হার্ট দিবস’ পালনের ঘোষণা দেয়।

বাইকের চমক দেখাল হোন্ডা, চলবে চালক ছাড়াই

০

চালকবিহীন মোটরসাইকেলের নতুন প্রোটোটাইপ উন্মোচন করেছে জাপানি অটো জায়ান্ট হোন্ডা। অভিনব এই বাইকে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ পোকেমনের চরিত্র কোরাইডনের পূর্ণাঙ্গ অবয়ব যুক্ত করা হয়েছে।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টোকিওর উত্তরে তোচিগি প্রিফেকচারের মোতেগিতে প্রদর্শনীতে বাইকটি চালকের আসনে বসেন হোন্ডার দুই কর্মী। তারা এক এক করে প্রায় ১০ মিনিট কম গতিতে এই বিশেষ মোটরসাইকেল চালান।

এর আগে গত মাসে মিয়ে প্রিফেকচারের সুজুকা সার্কিটে চালকবিহীন বাইকের প্রদর্শনী করেছিল হোন্ডা। সেবার বাইকে বাড়তি চাকা যুক্ত থাকলেও নতুন কোরাইডন মোটরসাইকেল দুই চাকার ওপর ভর করেই সফলভাবে চলতে সক্ষম হয়েছে। প্রদর্শনী চলাকালে দর্শনার্থীদেরও টেস্ট-ড্রাইভের সুযোগ দেওয়া হয়।

হোন্ডা জানিয়েছে, কোরাইডন মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে তাদের সর্বশেষ প্রযুক্তি। চালকবিহীন নিয়ন্ত্রণে সংযুক্ত করা হয়েছে হিউম্যানয়েড রোবট আসিমোর জন্য তৈরি বিশেষ সিস্টেম। বাইকের পায়ের জোড়ায় ব্যবহার হয়েছে আসিমোর নমনীয় গতিশীল প্রযুক্তি।

প্রতিষ্ঠানটি জানায়, ধাপে ধাপে একাধিক অনুষ্ঠানে গ্রাহকদের সামনে তুলে ধরা হবে এই বাইক। আসন্ন ‘জাপান মোবিলিটি শো ২০২৫’-এ কোরাইডনের পাশাপাশি প্রদর্শিত হবে টয়োটার নির্মিত মিরাইডন মোটরসাইকেলও, যা আরেকটি পোকেমন চরিত্রের অবয়বে তৈরি।

সস্তা সিগারেটের দিকে ঝুঁকছে গরিব ধূমপায়ীরা

০

ইন্দোনেশিয়ার সিগারেট শিল্প বড় ধরনের সংকটে পড়েছে। দেশে এখন তামাকের অতিরিক্ত মজুত তৈরি হয়েছে। এর সঙ্গে অর্থনৈতিক মন্দা, বাড়তে থাকা বেকার ও গরিব মানুষের ক্রয়ক্ষমতাকে ভীষণ কমিয়ে দিয়েছে। ফলে অনেক ধূমপায়ী বাধ্য হচ্ছে সস্তা কিংবা অবৈধ সিগারেটের দিকে ঝুঁকতে। এতে করে বড় বড় সিগারেট কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুরো শিল্প খাত এক ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ধূমপায়ীর সংখ্যা বিশ্বের মধ্যে অন্যতম বেশি। সরকারি জরিপ অনুযায়ী, ইন্দোনেশিয়ায় প্রায় ৭ কোটি মানুষ ধূমপান করে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ১০-১৮ বছরের কিশোর। ২০২৪ সালে সরকার সিগারেট কেনার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করলেও এর কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।

এ পরিস্থিতিতে দেশের দুই প্রধান কোম্পানি ফিলিপ মরিস মালিকানাধীন এইচএম সাম্পোয়েরনা ও দেশীয় ব্র্যান্ড গুদাং গারাম বেশ লোকসানের মুখে পড়েছে। গুদাং গারামের মুনাফা গত এক বছরে ৮০ শতাংশের বেশি কমে গেছে, আর সাম্পোয়েরনার বিক্রিও ক্রমাগত হ্রাস পাচ্ছে। শেয়ারের দামও গত তিন বছরে টানা পড়তির দিকে, যা বিনিয়োগকারীদের আস্থায় বড় আঘাত হেনেছে।

অন্যদিকে, সরকারের আয়ও কমে গেছে। সিগারেট শুল্ক থেকে যে রাজস্ব দীর্ঘদিন ধরে বাড়ছিল, ২০২৩ সালে তা ১৭ বছরের মধ্যে প্রথমবার কমেছে। কারণ, আইনি সিগারেটের দাম এতটাই বেশি যে, মানুষ অবৈধ সিগারেট কিনছে বেশি। বর্তমানে একটি সিগারেটের দামের অর্ধেকেরও বেশি শুধু কর হিসেবে কেটে নেওয়া হয়।

এমন অবস্থায় নীতিনির্ধারকরা দ্বিধায় পড়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক বাড়ানোর কৌশল আসলে উল্টো ফল দিচ্ছে। এতে ধূমপান কমছে না, বরং অবৈধ বাজার আরও বাড়ছে। এর পাশাপাশি কোম্পানিগুলো উৎপাদন কমিয়ে কর্মী ছাঁটাই করছে। তাতে আবার বেকারত্ব ও ক্রয়ক্ষমতা হ্রাসের সমস্যা আরও গভীর হচ্ছে। বর্তমানে এই শিল্পে প্রায় ৬০ লাখ মানুষ কাজ করছে, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করছে, বড় কোম্পানিগুলোতে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। যদিও গুদাং গারাম দাবি করছে, তারা ছাঁটাই নয়, আগাম অবসরের সুযোগ দিচ্ছে। তবুও তাদের মোট কর্মী সংখ্যা গত এক বছরে আড়াই হাজারের মতো কমে গেছে।

সংকট নিরসনে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। নতুন অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী বছর সিগারেটের শুল্ক আর বাড়ানো হবে না। বরং অবৈধ সিগারেট বাজার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার বিশ্লেষকদের মতে, এতে হয়তো ২০২৬ সাল থেকে শিল্প খাত কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। তবে এই পুনরুদ্ধার নির্ভর করবে সরকার কতটা কার্যকরভাবে অবৈধ বাজার নিয়ন্ত্রণ করতে পারে এবং কোম্পানিগুলো কীভাবে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে তার ওপর।

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর মি. জিগড্রেল ওয়াই শেরিং। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠককালে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

০

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে।

এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।

যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় হামলা, নিহত ৪

০

যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্কে একটি মরমন গির্জায় রোববার বন্দুক হামলায় কমপক্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, হামলাকারী প্রথমে গাড়ি দিয়ে গির্জায় ঢুকে অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালান এবং ভবনে আগুন ধরান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে হামলাকারীকে গুলিতে নিহত করে।

প্রাথমিকভাবে দুজন নিহতের খবর পাওয়া গিয়েছিল; পরে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। হামলায় আটজন আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সন্দেহভাজনকে থমাস জ্যাকব সানফোর্ড (৪০) হিসেবে শনাক্ত করেছে; তিনি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন।

এফবিআই এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে এবং হামলাটিকে ‘লক্ষ্যনির্ধারিত সহিংসতা’ হিসেবে বিবেচনা করছে। ঘটনার সময় গির্জার ভেতরে শত শত মানুষ ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে, সহিংসতা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন।

মরমন গির্জা ১৮৩০ সালে প্রতিষ্ঠিত এবং বিশ্বের নানা দেশে লাখ লাখ অনুসারী রয়েছে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় বন্দুক সহিংসতার ঘটনা দীর্ঘদিন ধরে সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, সতর্ক ইইএর

০

ইউরোপে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বেড়েছে। তবু ইউরোপের পরিবেশ পরিস্থিতি এখনও খারাপের দিকেই যাচ্ছে বলে সতর্ক করেছে ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ)। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা বলেছে।

প্রতিবেদনে বলা হয়, ইইউ দেশগুলো ১৯৯০ সালের পর নিঃসরণ ৩৭ শতাংশ কমালেও জীববৈচিত্র্য, পানি ও মাটির অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংরক্ষিত অভয়ারণ্যের ৮১ শতাংশ এখন ঝুঁকিতে, ৬০–৭০ শতাংশ মাটি ক্ষয়ে গেছে, আর ৬২ শতাংশ জলাশয় দূষিত।

ইইএ জানায়, তাপমাত্রা বাড়লেও ৩৮ সদস্য দেশের মধ্যে মাত্র ২১টিতে স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা আছে। ইউরোপের অনেক ভবন তাপ সহনীয় নয়, ফলে ১৯ শতাংশ মানুষ আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে পারছেন না।

সংস্থাটি বলছে, সুশাসন, প্রযুক্তি ও পানির পুনর্ব্যবহার বাড়ালে কৃষি, জ্বালানি ও পানি খাতে ৪০ শতাংশ পানি সাশ্রয় সম্ভব।

১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে জলবায়ু-সম্পর্কিত দুর্যোগে ইইউর ২৭ দেশে দুই লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

০

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।

সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২নং ওয়ার্ডে নূরুল মজিদকে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে গতকাল বিকেল ৪টার দিকে পুরাতন ভবনের ৫ম তলায় আইসিইউতে রেফার্ড করা হয়। আইসিইউতে চিকিৎসা চলাকালীন আজ সকাল ৮ টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওইদিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের যেসব পরামর্শ

০

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পূজা উদযাপনকারীদের নিরাপত্তা বিষয়ে কিছু পরামর্শও দিয়েছে পুলিশ দপ্তর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয়া হয়।

এগুলো হলো:

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনার ব্যাপারে উত্তেজনা প্রশমনের ব্যবস্থা নিতে হবে। সত্যতা যাচাইয়ের জন্য সময় নিন। অনেক ঘটনাই শেষে গুজব বলে প্রমাণিত হয়।

পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করুন। পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকুন। পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করুন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করুন।

পূজামণ্ডপে ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন এবং সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা রাখুন।

পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করুন। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লিখিত আর্ম ব্যান্ড প্রদান করুন। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন।

পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।

প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করুন।

প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কন্ট্রোল রুম ০১৭৭৭৭২০০২৯; ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করুন।

জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) থেকে নম্বর সংগ্রহ করুন।

যে কোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে কল করুন।