Home Blog Page 329

চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে সহায়তার আহ্বান প্রধান উপদেষ্টার

০

চুরি হওয়া তহবিল উদ্ধারে সহায়তা এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংক এর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তারা ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দরের পুনরুজ্জীবন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়া জুড়ে যুবসমাজের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এসময় কোটি কোটি ডলারের চুরি যাওয়া সম্পদ উদ্ধারের বিষয়েও আলাপ হয়।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বঙ্গ গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকার কথা তুলে ধরেন।

অধ্যাপক ইউনূস জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বব্যাংকের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি চুরি হওয়া তহবিল উদ্ধারে এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চান। পাশাপাশি তিনি লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। আসুন একসঙ্গে উন্নয়ন করি। স্থলবেষ্টিত নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্য একটি আধুনিক বন্দর থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

অজয় বঙ্গ ব্যাংকিং ও আর্থিক খাতে শক্তিশালী সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে এগুলো অপরিহার্য।

সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

০

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ। এরপর ব্যাংকটি থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি তুলে নেয় গ্রুপটি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। এসব ঋণ এখন এক এক করে খেলাপি হতে শুরু করেছে। এ নিয়ে আইনি প্রক্রিয়ায় নিলামে উঠছে। সব মিলিয়ে বড় ধরনের সংকটে পড়েছে ইসলামী ব্যাংক।

চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে নেয়। তবে সব মিলিয়ে তারা একসঙ্গে ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।

জাতীয় নির্বাচনকে ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি

০

জাতীয় নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামী অক্টোবরের মধ্যেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে চায় দলটি।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে মিত্র রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ জন্য দলীয় জরিপ ও সাংগঠনিক টিমের প্রতিবেদনের সমন্বয়ে প্রার্থীদের তালিকা তৈরি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে প্রায় দেড়শ আসনে প্রার্থী নিয়ে তেমন জটিলতা নেই বলে মনে করছে হাইকমান্ড। বাকি আসনগুলোতে চূড়ান্ত প্রার্থী নির্ধারণে চলছে জোর তৎপরতা।

বৈঠকে আরও জানানো হয়, ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার মনোনয়নে ‘চমক’ও আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এ বৈঠকে কলকাতার একটি পত্রিকায় দেওয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। ফখরুল ব্যাখ্যা দেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। স্থায়ী কমিটি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে মহাসচিবের পাশে থাকার ঘোষণা দেয়।

অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি। এ জন্য কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে, যাতে রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নিউইয়র্কের বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণের নিন্দা জানায় স্থায়ী কমিটি। নেতাদের অভিমত, এ ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী চরিত্রের দল।

একই পরিবারের তিনজন দৃষ্টিহীন, পাশে দাঁড়ালেন তারেক রহমান

০

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মণ্ডল। চোখের আলোহীন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্ধকার জীবনের লড়াই করছেন। এ খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাড়ীয়ালী গ্রামে গিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়াসহ চিকিৎসার আশ্বস্ত করেন। এ ছাড়া একই উপজেলার বিএনপির অসুস্থ থাকা নেতাকর্মীদের খোঁজখবর নেন।

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, মা ও দুই দৃষ্টিহীন মেয়ে নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় ও অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছে। বিএনপি মানবতার দল। গণমানুষের জন্য কাজ করে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানসহ চিকিৎসার আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলী বুদ্দিন খান, যুবদলের আহ্বায়ক এম এ মান্নানসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন। হরেক রকম কাজ করে কোনোমতে সংসার টেনে নিয়ে যাচ্ছেন তিনি। চারজনের সংসারের একমাত্র উপার্জনকারী এ মানুষটি একই সঙ্গে সংসারের সকল কাজও করেন। সংসার সুখের ছিল মিলনের।

স্ত্রীকে নিয়ে ২১ বছর পার করেছেন ভালোভাবেই। কিন্তু পাঁচ বছর আগে হঠাৎই স্ত্রীর দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যদিকে নয় বছর বয়সী বড় মেয়ে মারুফা জন্ম থেকেই অন্ধ। এ ছাড়া সাত বছর বয়সী ছোট মেয়ে মরিয়মের দুই চোখ সুস্থ নিয়েই জন্ম হলেও দুই বছর আগে একটি চোখ অন্ধ হয়ে যায়। অন্য চোখেও খুব কম দেখতে পারে সে। ফলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে মিলনের দুশ্চিন্তার শেষ নেই।

ব্যাংককে রোমান্স করছেন ইমরান হাশমি-দিশা পাটানি!

০
বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমি। রোমান্টিক চরিত্রে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে সেই ক্যারিয়ারের শুরু থেকেই। এবার তিনি ফিরছেন নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানির সঙ্গে। বর্তমানে তারা ব্যস্ত আছেন ‘আওয়ারাপন ২’ ছবির শুটিংয়ে।
থাইল্যান্ডের ব্যাংককে চলছে ছবিটির দৃশ্যধারণ। নির্মাতা বিশেশ ভাট এবং নিটিন কাকার বলছেন, পুরো শুটিং মাসব্যাপী চলবে কাজ। সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন ব্যাংককে শেষ করা হবে।
এক সূত্র জানিয়েছে, ‘এই শুটিংয়ে প্রধান দুই নায়ক-নায়িকা এবং পুরো টিম ব্যাংককে অবস্থান করবে এক মাস ধরে। পুরো কাহিনীও ব্যাংকককে ঘিরে আবর্তিত। তাই বাস্তব লোকেশনেই হবে কাজ।’
প্রযোজক বিশেশ ভাট এই ছবির সংগীতের দিকে বিশেষ নজর দিচ্ছেন। সূত্রের কথায়, ‘আওয়ারাপন সিরিজের ছবিগুলোতে সংগীত সবসময় গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় কিস্তি ফ্যানদের হতাশ করবে না। ব্যাংককের শুটিং শেষে নভেম্বর মাসে আরেকটি শুটিং সেশন হবে। আশা করা হচ্ছে, পুরো কাজ আগামী জানুয়ারিতে শেষ করা যাবে।’
সূত্র আরও জানিয়েছে, ‘আওয়ারাপন ২’ ছবির মুক্তির দিনক্ষণ আগামী বছরের ৩ এপ্রিল নির্ধারিত।
ইমরান হাশমি ছবিটিতে আবারও শিবম চরিত্রে ফিরতে উত্তেজিত হয়ে আছে। দিশাও প্রিয় অভিনেতার সঙ্গে পুরো ছবির রোমান্টিক যাত্রা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

আইসিসি থেকে বড় শাস্তি পেল ভারত ক্রিকেট দল

০
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। তবে তার আগেই ভারতের নারী দলকে শাস্তি দিল আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে তাদের এ শাস্তি প্রদান করা হয়।
শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারত নারী দলকে। দিল্লিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বেথ মুনি ও স্মৃতি মান্ধানার শতকের পরও হার এড়াতে পারেনি ভারত। অস্ট্রেলিয়া জিতেছিল ৪৩ রানে।
ওভার রেটের হিসেবে, নির্ধারিত সময়ের থেকে দুই ওভার পিছিয়ে ছিল ভারত। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী ভারতকে এই শাস্তি দেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার না করতে পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা গুনতে হয়। সে অনুযায়ী ভারত দলকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারত অধিনায়ক হারমানপ্রিত কর অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। তাই আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন মির্জা ফখরুল

০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের একটি পোস্ট তিনি লেখেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’
বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে।

খেলাপি ঋণ নবায়নে ছাড়, ঝুঁকি বাড়াবে ব্যাংক খাতে

০
খেলাপি ঋণ নবায়নে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে ছাড় দিয়েছে, তাতে দেশের ব্যাংক খাতে সার্বিকভাবে ঝুঁকির মাত্রা বেড়ে যাবে। এই সুবিধার ফলে সাময়িকভাবে খেলাপি ঋণের মাত্রা কমতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে ঋণ আদায় কমে যাবে। গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করা বিলম্বিত হবে। ফলে দীর্ঘ মেয়াদে চাপে পড়বে ব্যাংক খাত।
এর আগে ২০২২ সালে এই ধরনের ছাড় দিয়েও কোনো বাড়তি সুবিধা পায়নি ব্যাংক খাত। সোমবার রাতে প্রকাশিত আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিসের এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ নবায়নের বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। এতে সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে। ১০ বছর মেয়াদে ঋণ নবায়ন করা যাবে। গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে দুই বছর। খেলাপি ঋণের বিরুদ্ধে আদালতে মামলা থাকলে নবায়নের পর তা স্থগিত রাখতে হবে।
মুডিস এই ধরনের সুবিধা দেওয়ার ফলে দেশের ব্যাংক খাতের জন্য ‘ক্রেডিট নেগেটিভ’ বা ঋণের জন্য নেতিবাচক হিসাবে অভিহিত করেছে। এ ধরনের নীতির কারণে ব্যাংকের ওপর চাপ সাময়িকভাবে কমলেও দীর্ঘ মেয়াদে ঝুঁকি বাড়বে। সেই সঙ্গে ঋণ আদায়ের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে। কারণ, এর আগে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক এই ধরনের সুবিধা দিয়ে কোনো সুফল পায়নি। গ্রেড পিরিয়ড দেওয়ার কারণে গ্রহীতার প্রকৃত ঋণ পরিশোধ সক্ষমতা যাচাই করা বিলম্বিত হবে। কারণ, নিয়মিত ঋণ পরিশোধ করলে গ্রহীতা একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থাকে। তার ব্যবসার গতিবিধি বোঝা যায়। দুই বছর গ্রেস পিরিয়ডের কারণে তা বোঝা যাবে না। ফলে দুই বছর গ্রেস পিরিয়ডের পর গ্রাহক ঋণ পরিশোধ করতে পারবে কি না, সেটি বোঝা কঠিন হবে।
বিশেষ ছাড়ে খেলাপি ঋণ নবায়নের কারণে কৃত্রিমভাবে খেলাপির প্রবণতা কম মনে হতে পারে। ঋণমানের ঝুঁকি থেকে যাবে। খেলাপি ঋণ নবায়নের পর ৯০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করার বিধান ঋণ আদায় কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি ঋণগ্রহীতা আবার খেলাপি হলে ব্যাংকের ঝুঁকির মাত্রা ফের বেড়ে যাবে। ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ নবায়নের প্রক্রিয়াকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে মুডিস।
খেলাপি ঋণ নবায়নে এই শিথিলতার কারণে প্রকৃত অর্থে ঋণ আদায়ের পরিবর্তে অনাদায়ি ঋণের সংস্কৃতি আরও স্থায়ী রূপ পাবে। খেলাপি ঋণ নবায়ন প্রক্রিয়ায় তদারকি না বাড়িয়ে বারবার শিথিল করা হলে জামানতবিহীন ঋণ কাগজে-কলমে সচল দেখানো হতে পারে। এতে ব্যাংকগুলোর ঝুঁকি আরও বাড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে ব্যাংক খাতের অনাদায়ি ঋণের হার ছিল মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ১ শতাংশ। ২০২৫ সালের মার্চে তা বেড়ে ২৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন নেমে এসেছে ৩ দশমিক ১ শতাংশে। এটি নির্ধারিত সীমার অনেক নিচে। কমপক্ষে ১০ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হয়। তারা যে তিনটি ব্যাংকের ঋণমান নির্ধারণ করেছে, ওই তিনটি ব্যাংকের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল আছে। ব্যাংক তিনটি হলো ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক।

বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন আহসান খান চৌধুরী

০
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।
তিনি ছাড়াও দেশের পাঁচ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৪’ শীর্ষক এ সম্মাননা দিয়েছে আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ২৩তম ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বেসরকারি খাতকে এগিয়ে নিতে এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল ‘পাওয়ারিং দ্য প্রাইভেট সেক্টর’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বছরব্যাপী অসাধারণ কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং উদ্ভাবনী চিন্তার স্বীকৃতি দিতে এবার মোট পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া করা হয়। ২০২৪ সালের জন্য বিজয়ীরা হলেন—সেরা আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক, সেরা প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ, সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব প্রাণ গ্রুপের সিইও আহসান খান চৌধুরী।
এছাড়া আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিস উদ দৌলা, আর অসাধারণ নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন আহসান খান চৌধুরী। এসময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল হক বলেন, বাংলাদেশ আজ এক রূপান্তরের পথে, যেখানে বেসরকারি খাত প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। পুরস্কারপ্রাপ্তরা শুধু শিল্পপ্রতিষ্ঠান নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন।
অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, দুঃখজনকভাবে কিছু করপোরেট নেতা রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করে অতীতে ব্যাংক লুট করেছে এবং দেশকে অপমানিত করেছে। তাই প্রথম পদক্ষেপ হবে—সৎ ব্যবসায়ী ও অসৎ ব্যবসায়ীর মধ্যে পার্থক্য করা।
তিনি বলেন, এতদিন ধরে যারা সততার সঙ্গে ব্যবসা করেছেন, তারা শুধু সরকারি সহায়তার অভাবই ভোগেননি, রাজনৈতিক বিচ্ছিন্নতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, পক্ষপাতিত্বের শিকার হয়েছেন। তবুও তারা সততা, মর্যাদা ও দেশপ্রেমের সঙ্গে টিকে থেকেছেন। তাদের আমরা সম্মান জানাই।
ডেইলি স্টার সম্পাদক আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে মাত্র ছয় মাস সময় আছে। আমি অনুরোধ করবো—এই সময়টুকু ব্যবহার করে কিছু বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন। ছোট ছোট উদ্যোগ হলেও তা বেসরকারি খাতকে এগিয়ে নিতে বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি রূপরেখা রেখে যান।
‘আমি বেসরকারি খাতকেও আহ্বান জানাই—আপনারা নিজেরা একটি প্রাইভেট সেক্টর চার্টার তৈরি করুন এবং জাতির সামনে উপস্থাপন করুন। যেন সবাই জানতে পারে, আপনারা সরকারের কাছে কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করছেন’- যোগ করেন মাহফুজ আনাম।

 

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা সৌদি-ফ্রান্সের

০
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলন শেষে ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা করেছে সৌদি আরব ও ফ্রান্স। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানে বসতি স্থাপন বা দখলদারির চেষ্টা আন্তর্জাতিকভাবে রেড লাইন বলে বিবেচিত হবে।
সোমবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে জাতিসংঘ, ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো ও অ্যান্ডোরাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেয়। এর একদিন আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল একই ঘোষণা দিয়েছিল।
সম্মেলন শেষে প্রকাশিত এক বিবৃতিতে দেশ দুটি আরও বলেছে, ইসরায়েল এই রেড লাইন অতিক্রম করলে গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে এবং বিদ্যমান ও ভবিষ্যতের শান্তি চুক্তিগুলো সরাসরি হুমকির মুখে পড়বে।
গাজায় চলমান যুদ্ধের অবসান ও সব জিম্মিকে মুক্ত করাই তাদের কাছে এখন ‘সর্বোচ্চ অগ্রাধিকার।
গাজা সিটির ভেতরে ইসরায়েলি স্থল অভিযানের কারণে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। নিরীহ বেসামরিক মানুষ ও জিম্মিদের যে মূল্য দিতে হচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক।
সৌদি আরব ও ফ্রান্স স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি, বন্দি বিনিময়, গাজায় মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার ও ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি তারা ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আমন্ত্রণে একটি অস্থায়ী আন্তর্জাতিক মিশন পাঠাতে তারা প্রস্তুত। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে আরও প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
বিবৃতিতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একীভূত করার গুরুত্বও জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সহায়তা ও তত্ত্বাবধানের ভিত্তিতে হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে হবে, অস্ত্র জমা দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ নিতে সহায়তা করতে হবে।
ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে। মাহমুদ আব্বাস স্পষ্ট করে বলেছেন যে, ফিলিস্তিন হবে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করবে, কোনও গোষ্ঠীকে সামরিকীকরণ করবে না ও সবার জন্য উপকারী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার পদক্ষেপ, যেমন- ‘পে-টু-স্লে’ ভাতা বাতিল, শিক্ষাখাতে পরিবর্তন ও যুদ্ধবিরতির এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিকে প্রশংসা করেছে তারা।
ইসরায়েলকে সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলা হয়, এখনই সময় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি স্পষ্ট জনসমক্ষে প্রতিশ্রুতি দেওয়ার একইসঙ্গে বসতি স্থাপন কার্যক্রম ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করার দাবিও জানানো হয়।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি হলো, এই মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আসলে হামাসকে পুরস্কৃত করার শামিল, যা বাকি ৪৮ জন জিম্মির মুক্তি এবং যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার বদলে আরও জটিল করে তুলতে পারে।