Home Blog Page 33

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ মেয়াদে এলপিজি কিনবে সরকার

বিশ্বজুড়ে জ্বালানির প্রচলিত সরবরাহ ব্যবস্থা চাপের মধ্যে পড়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস  বা এলপিজি আমদানি করবে বাংলাদেশ। এলপিজি আমদানি ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) তহবিল থেকে অর্থায়ন পাওয়ার উদ্যোগও নিয়েছে সরকার। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার কয়েক দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই হয়।  চুক্তির লক্ষ্য দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের এলএনজি ও অন্যান্য জ্বালানি আমদানির শর্ত রয়েছে। এর ধারাবাহিকতায় এবার দীর্ঘমেয়াদে এলপিজি আমদানির  সরকারি উদ্যোগ নিয়েছে ঢাকা।

জানা গেছে, গত ২৯ জুন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডা. মো. ফজলে রাব্বী এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিনিয়র ইকোনমিক অ্যাডভাইজার লরা অ্যান্ডারসনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ফলাফল ও সুপারিশমালা সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের কাছে পাঠানো হয়।

বৈঠকে ইকোনমিক মিনিস্টার যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদে এলপিজি আমদানিতে সহযোগিতা এবং ডিএফসি অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা নিশ্চিত করতে মার্কিন সরকারের জোরালো সমর্থন চান। তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ইতোমধ্যে এলপিজি সরবরাহের জন্য আগ্রহপত্র জমা দিতে যুক্তরাষ্ট্রের ১০টি শীর্ষস্থানীয় কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছে। এসব প্রতিষ্ঠানে ইতিবাচক সাড়া দিতে উৎসাহিত করতে মার্কিন সরকারের সহযোগিতাও চাওয়া হয়।

বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে লরা অ্যান্ডারসন জানান, বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, জ্বালানি বিভাগ এবং বাণিজ্য বিভাগ যৌথভাবে কাজ করছে। এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে শিগগিরই যোগাযোগ করে তাদের অংশগ্রহণ সহজতর করা হবে। এ জন্য যেসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন, তাদের তালিকা দ্রুত পাঠাতে বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানান তিনি।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রকে বিকল্প ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান ইরান যুদ্ধ, উৎপাদন ব্যাহত
হওয়া এবং কৌশলগত হরমুজ প্রণালির অনিশ্চয়তার কারণে বিকল্প উৎসের প্রয়োজনীয়তা বেড়েছে। ইতেমাধ্যে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানিও বেশ বেড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথে এলপিজি আনতে পরিবহন ব্যয় তুলনামূলক বেশি।

ডিএফসি তহবিল ও শ্রম অধিকার ইস্যু
উন্নয়নশীল দেশগুলোতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত বিনিয়োগ বাড়াতে ২০১৯ সালে ছয় হাজার কোটি ডলারের মূলধন নিয়ে যাত্রা শুরু করে ডিএফসি। অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে ঋণ ও গ্যারান্টি সুবিধা দিয়ে থাকে সংস্থাটি। বাংলাদেশও দীর্ঘদিন ধরে এ তহবিলের সুবিধা পাওয়ার চেষ্টা করছে। তবে শ্রম অধিকার, পরিবেশগত মান, ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ এবং সামগ্রিক কর্মপরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণে বাংলাদেশ এখনও ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করতে পারেনি।

তবে বৈঠকে লরা অ্যান্ডারসন আশাবাদ ব্যক্ত করেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ ডিএফসি অর্থায়নের যোগ্য হতে পারে। তিনি পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব দ্বিপক্ষীয় আলোচনায়  বিষয়টি ধারাবাহিকভাবে উত্থাপন করতে হবে। পাশাপাশি সম্ভাব্য মার্কিন বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনের জন্য অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের একটি তালিকা প্রস্তুত রাখারও পরামর্শ দেন।

এ বিষয়ে বিডার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিএফসি অর্থায়নের সুযোগ মিললে অবকাঠামো, জ্বালানি ও শিল্প উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ আকর্ষণের সক্ষমতা বাংলাদেশের উল্লেখযোগ্যভাবে বাড়বে।
উল্লেখ্য, বাংলাদেশে বছরে প্রায় ১৫ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে, যার প্রায় ৯৫ শতাংশই আমদানি করতে হয়। ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার যে কোনো সংকটে দেশ চরম নাজুক পরিস্থিতিতে পড়ে যায়।

বড় জ্বালানি প্রকল্পে মার্কিন আগ্রহ
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও কার্যকর করতে খাতভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। গত মে মাসে ঢাকায় মার্কিন দূতাবাসের সহায়তায় একটি সফল ব্যবসায়ী সফরের অভিজ্ঞতার আলোকে উভয়পক্ষ একমত হয়, বড় আকারের প্রতিনিধি দলের পরিবর্তে নির্দিষ্ট খাতভিত্তিক প্রতিনিধি দল পাঠালে বাণিজ্যিক সুফল বেশি পাওয়া যাবে। এ জন্য যৌথভাবে অগ্রাধিকার খাত চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশের দুটি বড় জ্বালানি অবকাঠামো প্রকল্প– ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় শোধনাগার (ইআরএল-২)–এর দরপত্রে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ইকোনমিক মিনিস্টার জানিয়েছেন, বিষয়টি দ্রুত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে জানানো হবে।

দূতাবাসের পাঁচ সুপারিশ
বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে ওয়াশিংটন মিশন সরকারের কাছে পাঁচটি সুপারিশ করেছে। এগুলো হলো– যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে সম্ভাব্য ১০টি মার্কিন এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকা পাঠানো; প্রতিটি দ্বিপক্ষীয় আলোচনায় ডিএফসি অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতার বিষয়টি নিয়মিত উত্থাপন করা; সম্ভাব্য মার্কিন বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর চূড়ান্ত তালিকা প্রস্তুত রাখা; ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য যৌথভাবে অগ্রাধিকার খাত নির্ধারণ করা এবং উপযুক্ত সময়ে এফএসআরইউ ও ইআরএল-২ প্রকল্পের দরপত্রের সুযোগ সম্পর্কে মার্কিন সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা।

ডোনাল্ড ট্রাম্পের হাতে বিকল্প কম, ইরানের দাবি– আটকে গেছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের ইন্ধনে যুক্তরাষ্ট্র পাঁচ মাসের যুদ্ধে জড়িয়ে আটকে গেছে এবং সমস্যার মুখে পড়েছে বলে মন্তব্য করেছে ইরান। তারা আরও বলেছে, দেশটিকে অবশ্যই এর মূল্য দিতে হবে। প্রায় একই কথা বলছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণও। সংবাদমাধ্যমটি বলছে, যুদ্ধ যত গড়াচ্ছে ট্রাম্পের হাতের বিকল্পের পরিধি তত ছোট হয়ে আসছে।

গত রোববার ট্রাম্প প্রশাসন জানায়, ইরানে বিমান হামলা বন্ধ করা হয়েছে কূটনীতিকে সুযোগ করে দিতে। সিএনএন বলছে, কূটনীতির কিছু প্রমাণ দেখা গেছে। তবে ইরানের মূল দাবি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ থেকে সরে আসতে দেখা যায়নি।

ঘুরেফিরে ট্রাম্প আবারও আগের অবস্থানেই রয়েছে। তিনি ইরানে হামলা চালিয়ে ছাড় পাওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁর সে পরিকল্পনা কাজ করেনি। স্থল অভিযানে সেনা পাঠাতে পারেন তিনি। তবে এতে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঝুঁকি বাড়বে। যুক্তরাষ্ট্রের ভেতরে আগে থেকেই এই যুদ্ধ অজনপ্রিয়।

ইরান যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন এই সংঘাত কয়েক সপ্তাহ স্থায়ী হবে। এটি স্থায়ী হয়েছে পাঁচ মাস। সব মিলিয়ে তাঁর হাতে বিকল্পের সংখ্যা কমতে শুরু করেছে। একে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। তেলের দাম, গ্যাসের দাম, বেশির ভাগ মার্কিনির যুদ্ধবিরোধিতা, লোহিত সাগরের বিকল্প পথ হুমকির মুখে পড়া–সবই ট্রাম্পের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প এখন ইরানে হামলা চালাতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন। এতে ইরানের শাসক শ্রেণির ওপর চাপ পড়বে না। বরং বেসামরিকরাই চাপের মুখে পড়বেন। আর এটি যুক্তরাষ্ট্রের খরচও বাড়াবে। ফলে এই বিকল্প নিয়ে খোদ ট্রাম্পের আশপাশের ব্যক্তিদেরই আপত্তি রয়েছে বলে জানিয়েছে সিএনএন।

আরেকটি পথ হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ। বন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অবরোধ দিয়ে ইরান সরকারকে দেশ ও সামরিক বাহিনী চালানোর মতো অর্থ জোগাড়ে বাধা দেওয়া। এটিও দীর্ঘসময় ধরে চালাতে হবে, মাসের পর মাস ধরে এটি সমস্যা তৈরি করবে। সিএনএনের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের ব্যক্তিগত ধৈর্য বা দেশীয় রাজনৈতিক সমর্থন–কোনোটাই এ পথে যাওয়ার জন্য অনুকূল অবস্থায় নেই। উল্টো এই পথে হাঁটলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ পড়বে।

তৃতীয় বিকল্প হতে পারে, ইরানের সঙ্গে এর আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ফেরত যাওয়া। এই বিকল্পে তেহরান রাজি হবে না বলে ধারণা করা হচ্ছে। অন্তত হরমুজ প্রণালি থেকে অর্থ আয় ও এর নিয়ন্ত্রণের বিষয়টি অস্পষ্ট রেখে ওই পথে হাঁটবে না তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র এতে রাজি হলে, তা হবে দেশটির জন্য পরাজয়। ট্রাম্প দেশের অভ্যন্তরে রাজনৈতিক সমালোচনার মুখোমুখি হবেন। ফলে এই মুহূর্তে সত্যিকার অর্থে ট্রাম্পের হাতে বিকল্প নেই বললেই চলে।

অস্ত্রের মজুত কমেনি
টানা ১৩ দিন হামলার পর গত তিন দিন ধরে ইরানে হামলা হচ্ছে না। গুঞ্জন রটেছিল, হয়তো অস্ত্রের মজুত কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দাবি প্রত্যাখ্যান করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা প্রতিরোধকের কোনো সংকট নেই। তিনি বলেন, ‘আমাদের কাছে বিশ্বের যে কারও চেয়ে অনেক বেশি অস্ত্র রয়েছে এবং আমাদের প্রয়োজনের চেয়েও বেশি রয়েছে।’

এদিকে, গতকাল সোমবার প্রথম ভাগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি একাধিক ছবি শেয়ার করেন। সেগুলোতে দেখা যায়, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী এগিয়ে রয়েছে।

ওয়াশিংটনের পথে নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশে গতকাল রওনা হয়েছেন। সেখানে তাঁর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার কথা রয়েছে।

ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে আলাপ করবেন। গত রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োগ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বলেছেন।

তবে ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সফরের সময় গ্রেপ্তার করা হবে না। ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে আইসিসি।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানই প্রধান আলোচ্য বিষয়: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে ইরান। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি সম্প্রসারণ নিয়েও আলোচনা হবে।

সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার সময় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘এই জটিল সময়ে দৃঢ়তা ও প্রজ্ঞা-দুটিই প্রয়োজন। আমরা এজেন্ডার সব বিষয় নিয়ে আলোচনা করব, তবে প্রধান বিষয় হবে ইরান। আমাদের লক্ষ্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তির পরিধি আরও বিস্তৃত করা।’

এটি চলতি মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর নেতানিয়াহুর সঙ্গে তার অষ্টম বৈঠক। ফেব্রুয়ারির পর এবারই প্রথম দুই নেতা মুখোমুখি হচ্ছেন। ওই বৈঠকের পরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছিল।

সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহব্যাপী বোমা হামলা অভিযানে অংশ নেয়নি। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। পরে ট্রাম্প হামলা স্থগিতের ঘোষণা দেন। তেহরানও জানায়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে তারাও আক্রমণ স্থগিত রাখবে। তবে ইসরায়েল সতর্ক করে বলেছে, ইরানের যেকোনো হামলার জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহু স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে তার ও ট্রাম্পের মধ্যে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। জুন মাসে দুই নেতার এক উত্তপ্ত ফোনালাপের খবর প্রকাশ্যে আসে। পরে ট্রাম্প নিজেই নিশ্চিত করেন যে ওই আলাপচারিতায় তিনি নেতানিয়াহুকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন।

ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে রোববার ইসরায়েল জানায়, তারা গাজায় একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী প্রবেশের অনুমতি দেবে। এর আগে ২১ জুলাই ইসরায়েল ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া সমঝোতার আওতায় তারা দক্ষিণ লেবানন থেকে কিছু সেনা পুনর্মোতায়েন করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সঙ্গে ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ সম্পর্কের প্রদর্শন নেতানিয়াহুর জন্য অভ্যন্তরীণ রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে জনমত জরিপে তিনি চাপে রয়েছেন।

সুস্থ হার্ট চান? সুরক্ষিত রাখতে যা বলছেন বিশেষজ্ঞরা

সামগ্রিকভাবে সুস্থ থাকতে চাইলে আপনার অন্যতম প্রধান কাজ হলো হার্টের যত্ন নেওয়া। যুক্তরাষ্ট্রের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নিকোল হারকিন সামাজিক মাধ্যমে এমন পাঁচটি জিনিসের কথা জানিয়েছেন যা তিনি হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে চাইলে কখনোই করতেন না। তিনি জানিয়েছেন, কীভাবে কিছু দৈনন্দিন অভ্যাস হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

তার পোস্টে, ডা. নিকোল এমন পাঁচটি জীবনযাত্রার অভ্যাসের উপর গুরুত্ব দিয়েছেন যা হৃদরোগ বিশেষজ্ঞরা হৎদপিণ্ডকে সুস্থ রাখতে এড়িয়ে চলার পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে নিকোটিনযুক্ত পণ্য থেকে দূরে থাকা, প্রক্রিয়াজাত মাংস খাওয়া সীমিত করা, বুকের ব্যথাকে গুরুত্ব সহকারে নেওয়া, হৃদরোগের পারিবারিক ইতিহাসের প্রতি মনোযোগ দেওয়া এবং পর্যাপ্ত ঘুমকে অগ্রাধিকার দেওয়া।

ডা. নিকোল জানিয়েছেন, এই অভ্যাসগুলো এড়িয়ে চললে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তবে তিনি জানান, আপাতদৃষ্টিতে ছোটখাটো জীবনযাত্রার অভ্যাসও হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য গুরুতর দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে।

 ধূমপান বা ভ্যাপিং পণ্য ব্যবহার

ডা. নিকোল বলেছেন, তিনি তরুণীদের মধ্যে যতগুলো হার্ট অ্যাটাক দেখেছেন, তার প্রায় সবগুলোই ধূমপায়ী বা ভ্যাপ ব্যবহারকারীদের মধ্যে ঘটেছে। তার মতে, নিকোটিনযুক্ত পণ্য এড়িয়ে চলা মানুষের হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি।

বুকের ব্যথা উপেক্ষা করা বা গুরুত্ব না দেওয়া

হৃদরোগ বিশেষজ্ঞ বুকের ব্যথাকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন,। তিনি বলেন, আশ্চর্যজনকভাবে, প্রচলিত স্ক্রিনিংয়ের  যাদের ঝুঁকি কম বলে মনে করা হয়, তাদেরও হার্ট অ্যাটাক হয়। যখন রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন, তখন তারা অনেক বেশি অসুস্থ থাকেন। বুকে ব্যথা হলে তিনি যেই বয়সীই হোক না কেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

নিয়মিত প্রক্রিয়াজাত মাংস খাওয়া

ডা. নিকোল বেকন, হট ডগ, হ্যামবার্গার এবং ডেলি মিটের মতো প্রক্রিয়াজাত মাংস নিয়মিত খাওয়ার বিরুদ্ধেও পরামর্শ দিয়েছেন। তার মতে, হট ডগ, হ্যামবার্গার, ডেলি মিটের মতো প্রক্রিয়াজাত মাংস নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়।

হৃদরোগের পারিবারিক ইতিহাস উপেক্ষা করা

ডা. নিকোল বলেছেন, কারো পরিবারে হৃদরোগে ইতিহাস থাকলে কখনোই তা উপেক্ষা করা উচিত নয়। ডা. নিকোল ব্যাখ্যা করেন, আজকাল অনেক তরুণই জার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে হাসপাতালে আসে। সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে বিশেষ করে যাদের পরিবারে হার্ট হৃদরোগের ইতিহাস আছে তাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে তিনি পরামর্শ দিয়েছেন।

ঘুমকে অবহেলা করবেন না

প্রতি রাতে অন্তত আট ঘণ্টা বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডা. নিকোল। হার্ট ভালো রাখতে ঘুম কতটা গুরুত্বপূর্ণ তা তিনি ব্যাখ্যা করেন।

শিক্ষিকার রিল ভাইরাল, যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা…’—তিন দশকের বেশি সময় আগে প্রকাশিত গানটি নতুন করে সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে শুরু হওয়া বিতর্কের মধ্যেই গানটির শিল্পী মেজবাহ রহমান নিজের মতামত জানিয়েছেন। ভিডিওটিতে নেতিবাচক কিছু দেখেননি তিনি। বিষয়টি নমনীয়ভাবে দেখা উচিত বলেও মনে করেন তিনি।

ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রধান ভোকাল মেজবাহ রহমান গণমাধ্যমকে বলেন, ‘এই গানটা আমরা সব সময়ই গাই। এটা চিরন্তন বৃষ্টির গান, বর্ষার গান, প্রকৃতির গান। ১৯৮৯ সালে গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন একটুও কমেনি। সাম্প্রতিক সময়ে এটি সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাও এক ধরনের ভিন্ন অনুভূতি।’

সম্প্রতি এই গান ব্যবহার করে একটি রিল ভিডিও প্রকাশ করেন ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে তার সহকর্মী ও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা একই গান ব্যবহার করে রিল তৈরি করে তার প্রতি সংহতি প্রকাশ করছেন।

বিউটি পালের প্রসঙ্গে মেজবাহ রহমান বলেন, ‘আমরা সব সময়ই বাবা-মায়ের পরে শিক্ষকদের স্থান দিই। শিক্ষকদের অবশ্যই কিছু বিষয় শিক্ষার্থীদের জন্য মেনে চলতে হয়। তবে এই রিল ভিডিও নিয়ে যেটা করা হচ্ছে, সেটা মোটেও কাম্য নয়। আমার কাছে এতে নেতিবাচক কিছু মনে হয়নি। এখানে একটি শ্রেণি কী অনৈতিক বিষয় খুঁজে পেল, আমি বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘সামাজিকমাধ্যমকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। প্রয়োজনেই সবাই এর দ্বারস্থ হয়। তাই একটি দিক দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’

এদিকে ঘটনাটি সম্পর্কে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রাথমিকভাবে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই ঘটনায় শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছেন মেজবাহ রহমান। তার ভাষায়, ‘এটা নিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে সেটি ঠিক হবে না। আমার মনে হয়, বিষয়টি নমনীয়ভাবে দেখা উচিত। কারণ এটি কোনো নেতিবাচক ভিডিও ছিল না।’

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে মিনি ট্রাকসহ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।

সোমবার ভোরে ছাগলনাইয়া উপজেলার পূর্বদেবপুর সীমান্ত এলাকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এনে পাচারের উদ্দেশ্যে জমা করেছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্যবোঝাই মিনি ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও চকলেট জব্দ করা হয়।

ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান সমকালকে জানান, জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলছে। চোরাচালান ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইনসহ যেকোনো অপতৎপরতা ঠেকাতে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এবার বিনোদন অঙ্গনেও নতুন ভূমিকায় দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন তিনি।

সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিও। মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এবার দুজনকে দেখা যাবে একই প্রযোজনা প্রকল্পে।

‘ডে ওয়ানস’ যৌথভাবে নির্মাণ করছে রোনালদো এবং হলিউড পরিচালক ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত ইউআর-মার্ভ স্টুডিওস। ভন ‘কিংসম্যান’ ও ‘কিংসম্যান’ চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।

নতুন প্রকল্প নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের নতুন একটি অধ্যায়। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

ম্যাথিউ ভনও রোনালদোর প্রশংসা করে বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন অনেক গল্প তৈরি করেছেন, যা কল্পনাকেও হার মানায়। এবার তার সঙ্গে পর্দার গল্প বলার অপেক্ষায় আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ আধুনিক ফুটবলের পর্দার আড়ালের নানা বাস্তবতা নিয়ে নির্মিত হবে। খেলোয়াড়, এজেন্ট, অর্থনীতি এবং পেশাদার ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশই হবে সিরিজটির মূল বিষয়।

সিরিজটির ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন। কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-খ্যাত ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস।

ইতোমধ্যে উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ সিরিজটির শুটিং শুরু হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রোনালদো ও অঁরির সম্পৃক্ততার কারণে সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে।

ফাইনালের ৭ দিন পর খোলা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইনস্টাগ্রামে প্রকাশিত বার্তায় আরেকটি ট্রফি এনে দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে খেলোয়াড়দের লড়াই, মানসিকতা ও আত্মত্যাগকেই দলের সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো দীর্ঘ বার্তা দেন স্কালোনি। ট্রফি না জিতলেও দল কী দেখানোর চেষ্টা করেছে, সেটিই মনে রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানান স্কালোনি। তিনি লেখেন, ‘আমি চাই, আপনারা এই খেলোয়াড়দের মনে রাখুন। এরা আমার যোদ্ধা। আমার স্ত্রীকে যখন তাদের কথা বলতাম, তখনও আমি এভাবেই তাদের পরিচয় দিতাম।’

এরপর একে একে তিনি দলের মানসিকতার কথা তুলে ধরেন, ‘পরিশ্রম, জয়ের ইচ্ছা, বিশ্বাস, ‘আমি পারব’ মানসিকতা, প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছেড়ে দেওয়া, আর কিছু দেওয়ার না থাকলেও নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া, যারা আমাদের চেনে না তাদের কাছ থেকে আসা ঠান্ডা পানির ঝাপটা সহ্য করা, পা যখন আর মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না, তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা… এটাই আসল ট্রফি।’

চিঠির শেষ অংশে নিজের কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি। তিনি লেখেন, ‘আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএর কর্মীরা এবং নেপথ্যে নীরবে কাজ করা প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আপনাদের সবার ভালোবাসার জন্যও ধন্যবাদ।’

বিশ্বকাপ ফাইনালের পর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। দায়িত্বে থাকা বা সরে যাওয়ার বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

তবে ইতালীয় ও লাতিন আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখতে আগ্রহী।

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

বাংলাদেশে পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনের লক্ষ্য নিয়ে যৌথ উদ্যোগে তৈরি নতুন পুষ্টি সমাধান ‘পুষ্টিগ্রো+’ উন্মোচন করেছে নেসলে বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

বৃহস্পতিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই এফডিআই সম্মেলন-২০২৬-এ নেসলে বাংলাদেশ তাদের প্যাভিলিয়নে বিসিএসআইআরের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত এই পুষ্টি সমাধানটি প্রদর্শন করে।

নেসলে বাংলাদেশ জানায়, এই অংশীদারিত্ব বাংলাদেশের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সহযোগিতার মাধ্যমে তৈরি ‘পুষ্টিগ্রো+’ একটি সিরিয়ালভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান, যা পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী শিশুদের জন্য উপযোগী।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ প্রচেষ্টায় তৈরি এই পুষ্টি সমাধান দৈনন্দিন ঘরে রান্না করা খাবারের সঙ্গে সহজেই মিশিয়ে খাওয়া যায়। এতে প্রোবায়োটিক, আয়রন, জিংক এবং প্রয়োজনীয় ভিটামিন রয়েছে, যা শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করবে।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তারা এই উদ্ভাবনী পুষ্টি সমাধানের প্রশংসা করেন বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিসিএসআইআরের চেয়ারম্যান ডা. সামিনা আহমেদ বলেন, ‘বিসিএসআইআরের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেসলের বৈশ্বিক পুষ্টি বিষয়ক অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়ন সক্ষমতাকে আরও শক্তিশালী করেছি। এমন সহযোগিতা বেসরকারি ও সরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে আমাদের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।’

নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, ‘বিসিএসআইআরের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগের ফসল ‘পুষ্টিগ্রো+’, যা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পুষ্টির সাশ্রয়ী সমাধান এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি মোকাবেলায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

নেসলে বাংলাদেশ জানায়, বাংলাদেশ যখন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন জাতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির মতে, এসব উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টি করতে সহায়তা করবে।

৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে কাঁচামরিচের

বৃষ্টির অজুহাতে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম। চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকায়। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমায় মরিচ গাছ মরে যাচ্ছে।

কিছু অঞ্চলে বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এসব কারণে পাইকারি বাজারে সরবরাহ কমেছে। সে জন্য দাম বাড়ছে। তারা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং আমদানি না করলে দাম কমার তেমন সম্ভাবনা নেই। গতকাল রোববার রাজধানীর তেজগাঁও কলোনি, মগবাজার ও কারওয়ানবাজার ঘুরে মরিচের দামের এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীদের এই অজুহাতকে বিশ্বাস করতে রাজি নন ভোক্তারা। তাদের দাবি, বৃষ্টির অজুহাতে সরবরাহ ঘাটতি দেখিয়ে একশ্রেণির ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। সরকারের উচিত বাজারে নিয়মিত নজরদারি চালানো।

চার-পাঁচ দিন আগে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয়েছিল ২২০ থেকে ২৪০ টাকা দরে। গতকাল বিক্রি হয়েছে ২৬০ থেকে ৩০০ টাকায়। সেই হিসাবে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। বাজারভেদে দামে ভিন্নতা দেখা গেছে। মগবাজার, কলোনি বাজারের মতো এলাকাভিত্তিক ছোট বাজারগুলোতে কেজি বিক্রি হয়েছে কমবেশি ৩০০ টাকা দরে। তবে কারওয়ান বাজারে বিক্রি হয়েছে কিছুটা কমে। খুচরার পাশাপাশি পাইকারি বাজার থাকায় এখানে মানভেদে প্রতি কেজি ২৫০, ২৬০ ও ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এক মাস আগের বাজারের চিত্র বিশ্লষণ করলে দেখা যায়, প্রায় পাঁচগুণ দাম বেড়েছে মরিচের। রাজধানীর খুচরা বাজারে মাসখানেক আগে মরিচ বিক্রি হয়েছিল ৫০ থেকে ৭০ টাকা দরে।

কলোনি বাজারের সবজি বিক্রেতা ইসমাইল হোসেন সমকালকে বলেন, কয়েক দিন ধরে বৃষ্টি-বাদল হচ্ছে। এ কারণে বাজারে মরিচ কম আসছে। পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরায় বেড়েছে।

কারওয়ানবাজারে পাইকারি ও খুচরা উভয় পদ্ধতিতে মরচি বিক্রি করেন তরিকুল হাসান। হঠাৎ এভাবে দাম বাড়ার কারণ জানতে চাইলে বিস্তর বিবরণ তুলে ধরেন তিনি। তাঁর দাবি, মানিকগঞ্জসহ কিছু এলাকা থেকে মরিচ আসা বন্ধ হয়ে গেছে। এখন কুষ্টিয়া, খুলনা, ঝিনাইদহ, রাজশাহী অঞ্চলের মরিচ আসছে। এসব এলাকায়ও অনেক ক্ষেতে গাছ পচে মরে গেছে। অতিবৃষ্টিতে কিছু গাছের ফুল ঝরে গেছে। ফলে মোকামেই মরিচের সংকট তৈরি হয়েছে। এ কারণে মরিচের সরবরাহ কমে গেছে।

এই ব্যবসায়ী বলেন, যেখানে দৈনিক ১০ গাড়ি (ট্রাক) মরিচ আসত, সেখানে এখন আট গাড়ি আসে। তাহলে দুই গাড়ির তো ঘাটতি থাকে। এ সময় ভারত থেকে মরিচ আমদানি হওয়ার কথা কিন্তু হচ্ছে না। এ কারণে বাজার দর বাড়তি।