Home Blog Page 341

প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব?

০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব চমক। যেখানে অভিনেত্রী বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকেন।
এবার এক পোস্টে দেশের কৃষক ও কৃষি নিয়ে কথা বলেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, ‘কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত।’
পোস্ট দিয়ে রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘আমরা শুধু ব্যবসাটাই দেখি অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে তা কেউ দেখি না। কখনো নদী, খাল, বিল আর মাঠে ভরা বাংলার জীবন ছিল প্রকৃতির সাথে একাত্ম।’
তার কথায়, ‘আজ সেই মাটি, পানি, বাতাস প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে হাজার হাজার টন কীটনাশকে! ভাবুন তো, অদৃশ্য হয়ে যাচ্ছে মৌমাছি, পাখি, মাছ আমাদের জীবনের নীরব সহযোদ্ধারা।’
শেষে লিখেছেন, ‘কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত। প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।’

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ

০

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে ফের উত্তেজনা সৃস্টি  হয়েছে। এবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অনেক প্রার্থী ও সমিতির সদস্য তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি বলে অভিযোগ করেছেন।

গত রোববার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের অভিযোগ থেকে জানা যায়,  রোববার সকাল থেকেই স্থানীয় একদল যুবক নগরের আগ্রাবাদের  মক্কা-মদিনা টাওয়ারে বিএসএএ অফিসের প্রবেশপথে অবস্থান  নেয় এবং কিছু প্রার্থীর প্রতিনিধিদের আটকে দেয়। ফলে এসব বহিরাগতদের প্রতিরোধের মুখে তারা মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন।

এ বিষয়ে কন্টিনেন্টাল গ্রুপের চেয়ারম্যান এবং নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ইকবাল চৌধুরী গতকাল (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিএসএএ চট্টগ্রাম নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কমোডোর (অব.) এ. জেড. এম জালাল উদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পত্রে তিনি গত রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের চিত্র তুলে ধরে বলেন, ‘বিএসএম-এর অনেক ভোটারদের কাছ থেকে আমার কাছে খবর এসেছে যে, তাঁরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন এবং বহিরাগতদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। এদিন সকাল থেকেই স্থানীয় কিছু সংখ্যক যুবক আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মক্কা মদিনা টাওয়ারে বিএসএএ অফিসের প্রবেশদ্বারে ব্যানার ঝুলিয়ে এবং কিছু প্রার্থীর প্রতিনিধিদের অবরুদ্ধ করে অবস্থান নিয়েছিলেন, যা এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সদস্য হিসাবে আমার জন্য সম্পূর্ণ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছিল।’

আহসান ইকবাল চৌধুরী তার অভিযোগপত্রে এই অনাকাংখিত পরিস্থিতি তদন্তের অনুরোধ জানান। তিনি তাঁর জোটের অন্তত ২৭ জন সমমনা সদস্য নিয়ে প্রতিদ্বন্ধীতা করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু মাত্র ১০ থেকে ১২ জন মনোনয়নপত্র জমা দিতে পেরেছিলেন বলে অভিযোগ করেন। বাকিদের প্রতিরোধ করা হয়েছিল বলে জানান তিনি।

সিকম শিপিংয়ের পরিচালক এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থী জহুর আহমেদও একই অভিযোগের কথা জানান।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক আরও বেশ কয়েকজন প্রার্থী একই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন।

এদিকে, মনোনয়ন জমা দেওয়ার সময় বহিরাগতদের উপস্থিতির বিষয়ে অফিসের কর্মকর্তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করেন নির্বাচন বোর্ডের সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

দেশ প্রতিটি ক্ষেত্রে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের যাত্রায় রয়েছে তখন এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে (রোববার, ৭ সেপ্টেম্বর)  ‘বৈষম্যের শিকার ব্যবসায়ী ফোরামে’র নামে বহিরাগতরা ব্যানার ঝুলিযে নির্বাচনে  ‘স্বৈরাচারী আওয়ামী লীগের সহযোগীদের’ প্রতিহত করার আহ্বান জানায়।

অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের সমর্থন করেছিলেন বিএসএএ সদস্য ও প্রার্থী মশিউল আলম স্বপন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে জড়িত।

অভিযোগ অস্বীকার করে মশিউল আলম স্বপন বলেন, বিএসএএ সদস্যদের সাথে বিরোধ ছিল এমন কিছু স্থানীয়  লোকজন ব্যানার ঝুলিয়ে থাকতে পারে। তিনি  কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন এমন দাবিও প্রত্যাখ্যান করেন।

বিএসএএ সূত্র জানায়, গত ১৩ এপ্রিল ২৪ সদস্যের বিএসএএ বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একদল ব্যবসায়ীর বিক্ষোভের কারণে তা স্থগিত হয়ে যায় । এ গ্রুপে মশিউল আলম স্বপনও ছিলেন বলে অভিযোগ রয়েছে।

মার্চ মাসে, তারা নির্বাচন বাতিল এবং একটি মনোনীত কমিটি গঠনের দাবি জানান। প্রতিদ্বন্ধী প্রার্থীদের ‘ফ্যাসিবাদের দোসর’ হিসাবে চিহ্নিত করেন।

১৪ জুলাই নবগঠিত নির্বাচনী বোর্ড ৯ অক্টোবর নির্বাচনের তারিখ পুননির্ধারণ করে। যদিও নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে কোনও প্যানেল ঘোষণা করা হয়নি। দুটি গ্রুপ প্রতিযোগিতার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যায়।

জাহাজ আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব অনুমোদন

০

সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে আরোপণীয় সমুদয় মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যূনতম ৫ হাজার ডেড ওয়েট টন ধারণক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে আরোপণীয় সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন করা হলো

ফিনান্সিয়াল টাইমসের ডকুমেন্টারি : হাসিনার আমলে শত শত বিলিয়ন ডলার পাচারের অভিযোগ

০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকার এখন সেই অর্থ ফেরত আনার উদ্যোগ নিলেও কাজটি কঠিন হয়ে দাঁড়িয়েছে।

প্রভাবশালী সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক নতুন ডকুমেন্টারিতে এই অভিযোগ করা হয়েছে। “বাংলাদেশ’স মিসিং বিলিয়নস, স্টোলেন ইন প্লেইন সাইট” ডকুমেন্টারিতে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ওই ডকুমেন্টারিটি প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস।

ডকুমেন্টারিতে আন্দোলনকারীদের পাশাপাশি অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন—এত বিপুল অর্থ কীভাবে বিদেশে চলে গেল এবং আদৌ তা ফেরত আনা সম্ভব হবে কি না।

ডকুমেন্টারিতে বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে শেখ হাসিনার সরকার সরকারি চাকরিতে বিতর্কিত কোটা প্রস্তাব আনে। আর এতে আওয়ামী লীগ নেতাদের আত্মীয়দের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে ছাত্র-জনতার ক্ষোভ চরমে পৌঁছে। তখনই শুরু হয় ছাত্রদের নেতৃত্বে তীব্র বিক্ষোভ, আর বিরোধীদের ওপর দমন–পীড়ন বাড়াতে থাকেন প্রধানমন্ত্রী হাসিনা। হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হয়।

ঢাকার রাস্তায় এখনও বিদ্রোহী গ্রাফিতি ও প্রতিবাদী দেয়ালচিত্র দেখা যায়— যা হাসিনা সরকারের পতনের আন্দোলনের সাক্ষ্য বহন করে।

আন্দোলনের সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি বলেন, প্রথম দিকে পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়নি। তবে ১৪ জুলাই পুলিশ ব্যারিকেড বসায় ও প্রতিবাদ দমন শুরু করে। আরেক সমন্বয়ক রিজওয়ান আহমেদ রিফাত জানান, পুলিশ ও সরকারি সন্ত্রাসীরা গুলি, স্নাইপার শট এমনকি হেলিকপ্টার থেকে শেল নিক্ষেপ করে।

পরিস্থিতির মোড় ঘোরে ৫ আগস্ট। ওই দিন নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন।

জাতিসংঘের হিসাবে, আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। হাজারো মানুষ নিখোঁজ বা আহত হন। হাসিনার সমর্থকেরা এখনো এসব সহিংসতায় তার ভূমিকা অস্বীকার করে।

দুর্নীতি ও অর্থ পাচার

হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ ছিল। ধারণা করা হয়, এসব অর্থের বড় অংশই যুক্তরাজ্যে গেছে।

আন্তর্জাতিক দুর্নীতি নজরদারি সংস্থাগুলো বলছে, যুক্তরাজ্যের শক্তিশালী আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজার দুর্নীতিবাজদের কাছে আকর্ষণীয় গন্তব্য। ফলে যুক্তরাজ্য হয়ে ওঠে বাংলাদেশের অর্থপাচারের অন্যতম প্রধান কেন্দ্র।

শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারও বিতর্কে জড়ায়। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ছিলেন এবং সম্প্রতি মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযোগ উঠেছে, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যরা বড় অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছেন। টিউলিপ সিদ্দিকও তদন্তের মুখে পড়েন এবং পরে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন।

ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা (এসসিএ) ইতোমধ্যে প্রায় ৩৫০ সম্পত্তি জব্দ করেছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমান করছে, শেখ হাসিনার শাসনামলে (২০০৯–২০২৩) প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে।

ব্যাংক দখল ও লুটপাট

শেখ হাসিনার সাবেক শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠরা সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সহায়তায় বিভিন্ন ব্যাংক দখল করে। অনেক ব্যাংক পরিচালককে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করা হয়।

এরপর ওই ব্যাংক থেকে নিজেদের স্বার্থে হাজার কোটি টাকার ভুয়া ঋণ দেওয়া হয়। এসব অর্থের বড় অংশ বিদেশে পাচার করা হয় হুন্ডির মাধ্যমে।

অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় লুটতরাজ। এক অনুমান অনুযায়ী, ব্যাংক ও ব্যবসা খাত থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে।

ফিনান্সিয়াল টাইমসের ডকুমেন্টারিতে শেখ হাসিনার পরিবারের কথিত বিদেশি সম্পদ ও অফশোর অ্যাকাউন্ট নিয়েও বিশ্লেষণ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, এসব লুট হওয়া অর্থ মূলত অতিরিক্ত বা কম ইনভয়েস দেখানো, হুন্ডির মতো অনানুষ্ঠানিক চ্যানেল এবং যুক্তরাজ্যে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে পাচার হয়েছে।

পরিবর্তনের হাওয়া

হাসিনার পতনের পর ক্ষমতার শূন্যতা পূরণে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। তিনি সাবেক আইএমএফ কর্মকর্তা আহসান মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দেন এবং লুট হওয়া অর্থ ফেরত আনার জন্য টাস্কফোর্স গঠন করেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অন্তত ১১টি ব্যাংকের হাতে পর্যাপ্ত অর্থ নেই। এগুলোতে নতুন বিনিয়োগকারীর খোঁজ চলছে। সরকার ইতোমধ্যে ২৯০ বিলিয়ন টাকা ঢেলে দিয়েছে ব্যাংক ব্যবস্থাকে সচল রাখতে।

ডকুমেন্টারিতে অংশ নেওয়া বিশেষজ্ঞরা, যেমন লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশতাক খান ও সাবেক বিচারপতিরা মনে করেন, লুট হওয়া অর্থ উদ্ধারে “বছরের পর বছর” সময় লাগবে।

ডকুমেন্টারিতে আরও দেখানো হয়েছে, দুর্নীতি, জবাবদিহির অভাব ও দায়মুক্তির সংস্কৃতি কীভাবে ২০২৪ সালে জনঅসন্তোষের জন্ম দিয়েছে—বিশেষত ছাত্রদের মধ্যে। এতে বলা হয়েছে, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান পুঁজি পাচারের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং দুর্বল প্রতিষ্ঠানগুলো ক্ষমতার অপব্যবহার ঠেকাতে ব্যর্থ হয়েছে।

তবে ইউনূস সরকারের ওপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ বাড়ছে। তিনি বলছেন, আগে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান সংস্কার করতে হবে। আগামী নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে পারে।

অনেক বিশ্লেষক মনে করেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী, তবে মৌলিক সংস্কার না হলে দেশ আবারও ক্ষমতার একচেটিয়া দখলে ফিরতে পারে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

০

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নির্মমভাবে খুন হয়েছেন কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী। নিখোঁজের তিন দিন পর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।

দক্ষিণ আফ্রিকা পুলিশ জানায়, পলাশকে তার মালাউই (দক্ষিণ-পূর্ব আফ্রিকার একটি দেশ) নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। হত্যার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের বাসিন্দা মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পলাশের ভাই পল্লী চিকিৎসক কাজী আলমগীর বলেন, পলাশ প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার মালাউই কর্মচারী তাকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে এবং মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে। আমরা তিন দিন তার কোনো খোঁজ পাইনি, ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে পুলিশ তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ থেকে ঘটনা উদঘাটন করে। তবে অভিযুক্ত এখনো পলাতক।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন কাজী মহিউদ্দিন পলাশ। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

০

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ (শুক্রবার) এবং শনিবার (১৩ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ সেপ্টেম্বর) দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি

০
পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে সই করেন।
‎বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার মো. সালেহ উদ্দিনকে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যুগ্ম কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিট, পিবিআই পুলিশ সুপার ও সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নিতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বরিশাল জেলা পিবিআই পুলিশ সুপার সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নিতি মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বর্তমানে রংপুর পিটিসিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত আসমা সিদ্দিকা মিলিকে ঢাকার টিডিএসে সংযুক্ত,  ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার গোলাম মওলাকে পুলিশ সদর দফতরের এআইজি, রেলওয়ে পুলিশ সুপার (এসপি) শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পিবিআই পুলিশ সুপার মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশ সুপার, পিবিআই পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশ সুপার ও পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার মো. আমীর খসরুকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

মার্কিন-ইসরায়েল হামলার আতঙ্কে মিশর

০

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। একই ধরনের হামলার আশঙ্কায় আতঙ্কে ভুগছে মিশর। তবে সমানতালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি। মিশর বলেছে, হামলা হলে শত্রুদের পরিণতি হবে ভয়াবহ।

মিশর আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে, তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে। লেবাননের দৈনিক আল-আখবার তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কায়রো আমেরিকানদের কাছে স্পষ্ট করে একটি বার্তা পাঠিয়েছে। তাতে বলেছে, কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের ওপর হামলার যে কোনো প্রচেষ্টার ভয়াবহ পরিণতি হবে।

প্রতিবেদন অনুসারে, মিশর হামাসসহ গাজা-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেওয়ার এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিশরের আশ্রয়ে থাকাকালীন ওই নেতাদের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না।

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ওই ফোনালাপে নরেন্দ্র মোদি দোহায় ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান। এক্স পোস্টে মোদি বলেন, উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে ভারত।

এ ছাড়া প্রতিদিন নতুন নতুন দেশ কাতারে হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। দেশগুলো বলছে, এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে করুণ পরিণতির দিকে ঠেলে দেবে।

স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি

০

স্বর্ণের দাম আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামান্য কমেছে। তবে দাম এখনো রেকর্ডের কাছাকাছি রয়েছে। বিনিয়োগকারীরা আজকের নির্ধারিত যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন।

স্পট গোল্ড দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৩ দশমিক ৯৭ ডলারে। মঙ্গলবার স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছিল ৩ হাজার ৬৭৩ দশমিক ৯৫ ডলার। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৃদ্ধির পর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। আজকের মুদ্রাস্ফীতির তথ্য ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না, তার ইঙ্গিত দেবে।

আগস্টে যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম ছিল। এর আগে দুর্বল কর্মসংস্থানের তথ্যও সুদ কমানোর সম্ভাবনা বাড়িয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদ দশমিক ২৫ শতাংশ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এটি সুদবিহীন হলেও নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয়।

অন্যদিকে, স্পট সিলভার দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪১ দশমিক ১০ ডলারে। প্লাটিনাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৮৩ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম স্থিতিশীল রয়েছে ১ হাজার ১৭৩ দশমিক ৪৫ ডলারে।

শুরু হলো নিশোর ‘দম’-এর শুটিং

০

কাজাখস্তানের দুর্গম প্রান্তরে হঠাৎই দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সঙ্গে আছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি। এই তিনজনের নাম একসঙ্গে এলেই সিনেমাপ্রেমীরা বুঝে যান, এটিই সেই বহুল প্রতীক্ষিত ঈদুল ফিতরের সিনেমা ‘দম’। ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি শুরু হয়ে গেছে সিনেমার শুটিং?

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। মুহূর্তেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। ছবিগুলো দেখে মনে হচ্ছে, প্রযোজক-নির্মাতা-অভিনেতা মিলে গেছেন শুটিংয়ের জায়গাগুলো সরেজমিন যাচাই করতে। কোন লোকেশন কেমন দেখাবে, কতটা চ্যালেঞ্জ নেবে অভিনেতাদের শরীর ও মন সবই পরীক্ষা করে দেখছেন তারা।

এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য লোকেশন হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত কাজাখস্তানই বেছে নিয়েছে ‘দম’ টিম। রনি তার পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’, যা গুঞ্জনকে আরও পাকাপোক্ত করেছে। দীর্ঘ বিরতির পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি।’ সিনেমার গল্প বাস্তব ঘটনার অনুপ্রেরণায়, যেখানে থাকবে টানটান সার্ভাইভাল ড্রামা।

‘দম’-এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। নিশো বলেছিলেন, ‘এতে পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।’ চঞ্চল চৌধুরীর মতে, ‘গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং। দর্শক চমকে যাবেন।’ তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন, তা এখনো ঘোষণা হয়নি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে।