Home Blog Page 346

ব্রাজিল ফুটবল সভাপতির বাসায় পুলিশের অভিযান

ভোটে অনিয়ম তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। দেশটির উত্তরাঞ্চলীয় শহর রোরাইমার ২০২৪ সালের পৌরসভা নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগে এ অভিযান চালানো হয়।

ব্রাজিলের পুলিশ এই অভিযানকে ‘অপারেশন ব্ল্যাক বক্স’ নাম দিয়েছে। এতে সামির সাউদ ছাড়াও তদন্তের আওতায় রয়েছেন ফেডারেল ডেপুটি হেলেনা লিমা, তার স্বামী রেইনালদো লিমা ও ডিএনআইটির (জাতীয় অবকাঠামো বিভাগ) রোরাইমা শাখার প্রধান ইগো ব্রাসিল। সব মিলিয়ে ১০ জনের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি হয়েছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিল। রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে তারা তল্লাশি চালায়। তবে সিবিএফ দাবি করেছে, এই অভিযানের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং সামির সাউদ তদন্তের কেন্দ্রে নন।

উল্লেখ্য, গত বছর রোরাইমার নির্বাচনের আগে হেলেনা লিমার স্বামী রেইনালদো লিমাকে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ আটক করা হয়। তদন্তকারীদের দাবি, সামির সাউদ ছিলেন হেলেনার ঘনিষ্ঠ সহযোগী।

বাংলাদেশকে শুল্কছাড়, ধসে পড়ল ভারতের টেক্সটাইল শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয়ার পর শুক্রবার ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। দ্য ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, দেশটির একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারীর শেয়ার ৭ শতাংশ পর্যন্ত কমে গেছে।

শুক্রবার মুম্বাই শেয়ারবাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩৮০.০৫ রুপিতে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ পড়ে ৮২৪.৫০ রুপিতে ঠেকে। এছাড়া আরভিন্দ লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ কমে দাঁড়ায় ৩১০.৪০ রুপিতে এবং ওয়েলস্পান লিভিং পড়ে ১.৯ শতাংশ কমে ১২৩.৮০ রুপিতে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া আগে থেকেই যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কে রপ্তানির সুবিধা পাচ্ছে। সেই তালিকায় এবার বাংলাদেশের শুল্ক আরও কমানোয় ভারতের ওপর চাপ বেড়েছে দ্বিগুণ।

এর আগে, বৃহস্পতিবারই মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তারই রেশ ধরে পার্ল গ্লোবালের শেয়ার বৃহস্পতিবার ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ পড়ে যায়।

শুল্কছাড়ের ফলে বাংলাদেশের জন্য এটি বড় একটি লাভ, বিশেষত এমন সময়ে যখন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তীব্র। বিপরীতে ভারতের টেক্সটাইল রপ্তানিকারকরা এখন বড় ধাক্কার মুখে।

খেলাপি ঋণের জালে জর্জরিত জনতা ব্যাংক

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক খেলাপি ঋণের জালে জর্জরিত। বিসমিল্লাহ, বেক্সিমকো, এস আলমসহ শীর্ষ ৯টি ব্যবসায়ী গ্রুপের কাছে আটকে আছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা, যার মোট খেলাপি ঋণ ৬৭ হাজার ৩০০ কোটি টাকা। ব্যাংকটির ঋণের ৬৬ শতাংশই খেলাপি। তবে গ্রাহকদের আস্থা ফেরাতে এবং প্রান্তিক সেবা নিশ্চিত করতে নতুন ১০০টি উপশাখা খোলার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

বেক্সিমকো গ্রুপ দিলকুশা শাখা থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে, যার পুরোটাই খেলাপি। বিসমিল্লাহ গ্রুপ ১ হাজার ২০০ কোটি এবং এস আলম গ্রুপ ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার মধ্যে ১ হাজার ২০০ কোটি খেলাপি। দুর্নীতি দমন কমিশনের মতে, বিসমিল্লাহ গ্রুপের ঋণের একটি বড় অংশ পাচার হয়েছে।

জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান বলেন, “খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিচ্ছি। এটি সময়সাপেক্ষ হলেও আমরা পিছপা নই। অনেক উপজেলাতে আমাদের শাখা নেই। সে জায়গাগুলোতে আমরা চাচ্ছি আমাদের সেবা পৌঁছে যাক। এ বছরে ১০০টা উপশাখা খুলতে চাচ্ছি। যে সমস্ত গ্রোথ সেন্টার আছে সে সমস্ত গ্রোথ সেন্টারে আমাদের সেবাটা পৌঁছে দিতে চাচ্ছি।’

অর্থনীতিবিদ হেলাল আহম্মেদ জনি বলেন, ‘উপশাখাগুলো যদি বেশি ওপেন করা হয় সেক্ষেত্রে সুবিধা হলো ব্যাংকগুলোর ফিক্সড কস্টগুলো কমে যাচ্ছে। আমার মনে হয় সেটা ব্যাংক প্রফিটিবিলিটির দিকে যাওয়ার ক্ষেত্রে এটা সহায়তা করবে।’

সিএসপিএসের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বড় বড় ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে সাব-ব্রাঞ্চগুলো মেইন ব্রাঞ্চ হয়ে ওঠবে। আমি মনে করি এজেন্ট ব্যাংকিং এর পরিবর্তে সাব-ব্রাঞ্চ আইডিয়াতেই যাওয়া উচিত।’

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের পরেই অবস্থান জনতা ব্যাংকের। সারাদেশে ব্যাংকটির শাখা রয়েছে ৯২৬টি।

অন্তর্বর্তী সরকার কি এনসিপির সরকার? প্রশ্ন মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা এবং প্রটোকল দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এটি কি এনসিপির সরকার?

তিনি বলেছেন, “এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গেছে। আমি ধারণা করছি এই সরকার বোধ হয় এনসিপির সরকার। অবস্থাদৃষ্টে মনে হয়, এই সরকার বোধ হয় এনসিপির সরকার।”

যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে শুক্রবার বিএনপির সমাবেশে উপস্থিতি লোকজনের উদ্দেশে বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন ছুড়েন, “কী মনে হয় আপনাদের?

“উনারা (এনসিপি নেতারা) যখন-যেখানে যান প্রটোকল পান; সরকারি প্রটোকল, পুলিশ, বিডিআর আর্মির গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যান পান। এমনভাবে বিষয়টা জানানো হয় যে, অমুক নেতা আসছেন দেখে রাখবেন।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস বলেন, “ভাই আমরা তো বহু জায়গায় যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা মেয়র ছিলাম, কই আমরা তো পাই না সরকারি প্রটোকল।”

অন্তর্বর্তী দশ-এগারো মাসেও জুলাই আন্দোলনে হত্যাকারীদের কারও বিচার করতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, “এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের একজনেরও বিচার করতে পারেন নাই। হত্যাকারীদের গ্রেপ্তার করে নাই, বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে, আপনারা বিচার করছেন না।

“আমি বলি ১১ মাস কী কম সময়, এটা বেশি সময় না, কিন্তু কম সময়ও না। ১০ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন। আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কী পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছি, যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিছু খাওয়া পাচ্ছি। আপনারা মনে রাখবেন এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, যারা ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন আপনারা, এই কথা মাথায় রাখতে হবে।”

‘নির্বাচন নিয়ে গড়িমসি চলছে’

অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি ‘জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড’। অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা আমরা বুঝতে পারি।

“আমি উনাদের (সরকার) বলব, আর দেরি কইরেন না। আমরা জানি দিন ঘোষণা দিবেন, তারিখ ঘোষণা দিবেন। এর পেছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবেন। আমি অনেক সন্দেহ করি যে, এই নির্বাচনি ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে।”

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, মীর আলী নেওয়াজ, ইশরাক হোসেন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী সমাবেশে বক্তব্য দেন।

লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে দেখা যায়, লন্ডনের শহরের উত্তরে একটি বাসস্টপে অপেক্ষমাণ তারেক রহমান। হাতে মোবাইল, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স।

তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে। কিছুক্ষণ পরেই এসে থামে একটি লাল ডাবল-ডেকার বাস। মানুষজনের সঙ্গে সঙ্গে তিনি ওঠে পড়েন সেই বাসে।

বিএনপির মিডিয়া সেল থেকেও ঘটনাটির কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে।

যেখানে লেখা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন

ক্ষুধার জ্বালায় ত্রাণ নিতে এসে মরছে নিরীহ ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলে বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ শত শত মানুষ। ক্ষুধার জ্বালায় ত্রাণ নিতে এসেও মরতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তেমনই এক শিশু আমির। খালি পায়ে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণের প্রত্যাশায়। সামান্য কিছু খাবার পাওয়ার পরপরই গুলি করে তাকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। এমনটাই জানালেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা।

অ্যান্থনি আগুইলার নামে সাবেক ওই সেনাসদস্য ‘গাজার ছোট্ট আমির’ নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয়বিদারক বিবরণ শেয়ার করেছেন।  অ্যান্থনি তাঁর সাক্ষ্যে গত ২৮ মের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও যদি খাওয়ার কিছু মেলে। তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল শুধু এক মুঠো চাল ও ডাল, যা পড়েছিল মাটিতে।

গভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শিশুটি তাঁর কাছে এসে নিজের জিনিসপত্র রেখেছিল, তাঁর হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাঁকে ধন্যবাদও জানিয়েছিল। এর পর জিনিসপত্রগুলো নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পর, যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের। তাঁর ভাষ্য, ‘গাজার অন্য দিনগুলোর থেকে ওই দিনটি আলাদা ছিল না, তবে মৃত্যু এসেছিল দ্রুত। মিডল ইস্ট মনিটর।

রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার প্রতি ইঙ্গিত করে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যে চরম চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মন্তব্যকে ‘উসকানিমুলক এবং তা অনিচ্ছাকৃত বিপর্যয়ের পথ খুলে দিতে পারে’ পাল্টা এ মন্তব্য করে দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি ‘প্রয়োজনীয় অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, এ সপ্তাহে মেদভেদেভের ‘খুবই উসকানিমূলক মন্তব্যের’ পরিপ্রেক্ষিতে দুটি সাবমেরিনের অবস্থান পরিবর্তন করা হচ্ছে।

সম্প্রতি ট্রাম্প ও মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে নিয়ে একাধিক আক্রমণাত্মক মন্তব্যে জড়িয়ে পড়েছেন। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অধীন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ আগের দিন সতর্ক করে বলেছিলেন, ‘কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে, সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত।’ মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্কবার্তা দেন ট্রাম্পকে।

মেদভেদেভের এ মন্তব্যের জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। বোকামি ও উত্তেজনাপূর্ণ এসব শব্দের গুরুত্ব অনেক। অনেক সময় তা অনিচ্ছাকৃত বিপর্যয়ের পথও খুলে দিতে পারে। এবার তেমন কিছু ঘটবে না-এমনটাই আশা করছি।’

তবে কোন অঞ্চলে সাবমেরিন দুটি মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। এদিকে এখন পর্যন্ত রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

সিলেটে বাস খাদে পড়ে আহত ২৮ যাত্রী, নিখোঁজ ২

সিলেটের জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিরতিহীন বাস সড়ক দুর্ঘটনায় পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বাসটি জাফলং থেকে সিলেট আসছিল। কাটাগাং এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের একটি ৮-৯ ফুট পানিভরা খাদে পড়ে যায়।

বাসটিতে প্রায় ৪০-৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ২ জন যাত্রী নিখোঁজ, তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হলো ৩৯ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি চার্টার্ড ফ্লাইটে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত ৩৯ জন দেশে ফিরেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত পাঠানো এই বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। এর অংশ হিসেবে অভিবাসন আইন লঙ্ঘনকারী বাংলাদেশিদেরও নিয়মিত ফেরত পাঠানো হচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে আরও ১১৮ জন বাংলাদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “ট্রাম্প প্রশাসনের নীতির কারণে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে প্রতি মাসে কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন।”

বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, যা বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঘোষণায় কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্তত ২৫টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, আফগানিস্তান, বলিভিয়া, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, কঙ্গো, ইকুয়েডর ও গিনির ওপর ১৫ শতাংশ, আলজেরিয়া ও বসনিয়া ও হার্জেগোভিনার ওপর ৩০ শতাংশ, ব্রাজিল ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ১০ শতাংশ এবং ব্রুনাইয়ের ওপর ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা দেশটির গড় ১৫ শতাংশ শুল্কের তুলনায় অনেক বেশি। এই উচ্চ শুল্কের ফলে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে ৭৩৪ কোটি ডলারের তৈরি পোশাক।

৯০ দিনের শুল্ক বিরতির মেয়াদ শেষ হওয়ার আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে ট্রাম্প বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেন। তবে, দ্বিপাক্ষিক শুল্ক চুক্তির জন্য বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) সঙ্গে একাধিক বৈঠকের পর শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামানো হয়। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুল্ক কমানোর প্রক্রিয়ায় সুবিধা পেতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এই অর্ডার বাংলাদেশ বিমানের বহর বাড়ানোর পরিকল্পনার অংশ। এছাড়া, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।

বাংলাদেশের শুল্ক কমানোর এই পদক্ষেপ দেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য স্বস্তি বয়ে আনতে পারে। তবে, চূড়ান্ত শুল্ক চুক্তির খসড়া নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।