Home Blog Page 347

ট্রাভিস কেলসের সঙ্গে বিশ্বের ধনী সংগীত তারকা টেলর সুইফটের প্রেম

সংগীত দুনিয়ার সবচেয়ে ধনী তারকা টেলর সুইফট। মার্কিন এই সংগীত তারকা সম্প্রতি জানিয়েছেন, কেন এনএফএল তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্ক গোপন না রেখে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি।

২০২৩ সালে টেলর ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কে জড়ান। অল্প সময়ের মধ্যেই তারা হয়ে ওঠেন বিশ্বজুড়ে আলোচিত জুটি। আগের সম্পর্কগুলোর মতো এবার আর আড়ালে থাকেননি টেলর। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া, হাত ধরে হাঁটা, এমনকি একে অপরের পেশাগত কাজে পাশে দাঁড়ানো- সবকিছুই করেছেন খোলাখুলিভাবে।

২০২৩ সালের শেষ দিকে টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন টেলর সুইফট। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন আপনি সম্পর্ককে প্রকাশ্যে আনেন তার মানে হলো আমি তার কাজ দেখতে যাব, সে আমার জন্য আসবে। অন্য মানুষও থাকবে। কিন্তু আমরা পরোয়া করব না। আমরা একে অপরকে নিয়ে গর্বিত হব। সেটাই করছি আমরা। প্রেমটা উপভোগ করছি।’

তিনি আরও জানান, সম্পর্ক গোপন রাখতে হলে অনেক কষ্ট ও বাড়তি ব্যবস্থা নিতে হয়। সেটা তারা চান না। বরং খোলাখুলিভাবে একে অপরের পাশে থাকাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

কেলসির সঙ্গে সম্পর্কের শুরু থেকেই টেলর বদলে যান। প্রেম শুরুর কয়েক সপ্তাহের মধ্যে তিনি খেলার মাঠে গিয়ে কেলসকে উৎসাহ দেন, দামি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করেন এবং একে অপরের কাজের প্রশংসা করেন।

দুই বছর পেরিয়ে গেলেও টেলর ও কেলসির সম্পর্ক এখনো অটুট। তাদের বিয়ে বা বাগদান নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে এখনো তারা এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

আমি এমপি প্রার্থী হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে: জয়

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে তিনি তার এলাকায় জয়ী হবেন। এমনকি তার প্রতিদ্বন্দ্বীদের জামানতও বাজেয়াপ্ত হবে বলে তার ধারণা।

নুরুল হক নুরের একটি খবরের ছবি শেয়ার করে জয় এই মন্তব্য করেন। তিনি নুরকে একজন প্রতিবাদী ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন যে জনগণের মধ্যে তার একটি সরল ও গ্রহণযোগ্য ইমেজ রয়েছে। তবে, তিনি মনে করেন জনগণ সম্পর্কে কারো কোনো ধারণা নেই এবং আগামীবার কে ক্ষমতায় আসবে তা কেবল আল্লাহই জানেন।

জয় আরও বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি ছাড়া অন্য কারো অস্তিত্ব থাকবে না, আবার এর বিপরীতও হতে পারে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে সুষ্ঠু নির্বাচন হলে তিনি যদি তার এলাকায় এমপি প্রার্থী হন, তাহলে অন্য সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। তবে, যদি গত ১৬ বছরের মতো নির্বাচন হয়, তাহলে তার নিজেরই জামানত বাজেয়াপ্ত হবে বলে তিনি জানান।

নিজের পারিবারিক রাজনৈতিক প্রভাব প্রসঙ্গে জয় বলেন, তার দাদা তিনবারের মুসলিম লীগের এমপি ছিলেন এবং তার চাচা ৯৮% ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তার চাচা শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি। তিনি জানান, তাদের পরিবারের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না।

ইসরায়েলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।

রবিবার (১০ আগস্ট) এক্সে করা এক পোস্টে আলবানিজ লিখেছেন, “খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।” এই পোস্টের মাধ্যমে তিনি উয়েফার প্রতি ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানান। তিনি আরও লেখেন, “এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।”

আলবানিজের এই আহ্বান আসে উয়েফার পক্ষ থেকে সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে শ্রদ্ধা জানানোর পর। আল-ওবেইদকে ‘ফিলিস্তিনি পেলে’ হিসেবে উল্লেখ করে উয়েফা। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বুধবার দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ৪১ বছর বয়সী আল-ওবেইদ নিহত হন। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন এবং ফিলিস্তিনি জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলেছিলেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-র বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। খেলাধুলার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উল্লেখিত বিষয়গুলো ছাড়াও, আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সাথে, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলাও চলমান আছে। সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬১ হাজার ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন এবং এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আর্জেন্টাইন মডেল জর্জিনাকে বিয়ে করছেন রোনালদো

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে তাদের ঘর আলো করে এসেছে দুই সন্তান। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পর্তুগিজ মহাতারকা। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।

বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি দিয়েছেন জর্জিনা। এর আভিজাত্য যেমন সবার নজর কেড়েছে, তেমনই আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও।  তিনি লিখেছেন, ‘Yes I do.’ জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার দেখা হয়। সেখান থেকেই শুরু হয় সম্পর্ক। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন। নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের তিন সন্তানেরও অভিভাবক জর্জিনা।

বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু, কবে এবং কোথায় হবে বিয়ে? যেটাই হোক না কেনো, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেছে। আর বিয়ের অনুষ্ঠানের অপেক্ষায় পুরো বিশ্ব।

অদৃশ্য শক্তি’ ষড়যন্ত্র করছে, আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না, কারণ একটি ‘অদৃশ্য শক্তি’ ষড়যন্ত্র করছে। সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি দেশের ২০ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় এবং অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দলটি আশা করে।

বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে তারেক রহমান বলেন, “আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং দেশের জনগণ দলটির ওপর আস্থা রাখতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, বিএনপির ৩১ দফার সাথে সরকারের ঐকমত্য কমিটির বক্তব্যের অনেক বিষয়েই মিল আছে। শুধুমাত্র দুই-একটি বিষয়ে পার্থক্য থাকতে পারে। তিনি বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এই ধরনের সংস্কারের দাবি তুলেছিল।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে সিআইডি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার এই মামলাটি দায়ের করেন।

মামলার বাদী তানভীর সিরাজ জানান, সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন। তার এই কাজের ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই দলের নির্দেশে এই মামলাটি করা হয়েছে।

মামলাটির শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।’ সারজিসের এই ফেসবুক পোস্টের জেরেই বিএনপি নেতা তানভীর সিরাজ মানহানির মামলাটি দায়ের করেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

অস্টিন পুলিশ সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, ঘটনাস্থল এখনও নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের বিবৃতিতে কেউ আহত হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি। তবে অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা এক্স-এ জানিয়েছে, তারা চারজনকে সহায়তা দিয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।

পুলিশ সন্দেহভাজনকে সাদা চামড়ার একজন পুরুষ হিসেবে শনাক্ত করেছে, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের নকশার শার্ট। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ওই ব্যক্তির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করা হয়।

বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছে।

ওয়াশিংটন থেকে গৃহহীনদের তাড়ানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে ওয়াশিংটন। তবে সে দাবি প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার।

মেয়র মুরিয়েল বাউসার বলেন, ২০২৪ সালে শহরের সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

ট্রাম্পের পদক্ষেপকে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোতে নির্বাহী ক্ষমতার প্রভাব বৃদ্ধির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সমালোচকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন ট্রাম্প।

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টির আভাস

আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। আগামী বুধবার (১৩ আগস্ট) মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, সন্ধ্যা থেকে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৩ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানের পর আমাকে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে আমন্ত্রণ জানানো হয়। এই ক্রান্তিলগ্নে আমার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।” তিনি জানান, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে এবং অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।

রোহিঙ্গা সংকটকে ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা মালয়েশিয়ার কাছে সাহায্য চাই, বিশেষ করে আসিয়ান-এর সভাপতি হিসেবে তাদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে দক্ষ জনশক্তি ও প্রযুক্তির সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীরা এখানে পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে রপ্তানি করতে পারে। আমরা একটি করভিত্তিক ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি গড়ে তুলতে চাই।”

বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, উচ্চ শিক্ষা ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় সম্পন্ন হয়।