Home Blog Page 366

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এনসিপির ফুলেল শুভেচ্ছা

০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করে।

এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে ফুল গ্রহণ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে সারজিস আলম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে লেখেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করি।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম এর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের জোড় পুকুরপাড়, বায়তুল আমিন চত্বর, চিত্রলেখা মোড়, হাজী মহসীন রোড, ছায়াবানী রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, চাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনিরা বেগম চৌধুরী, তানভির হুদা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, এডভোকেট শামছুল ইসলাম মন্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের শত্রু এখনো চিহ্নিত করতে পারিনি। এই বাংলার মাটিতে পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এর যদি কোনো ব্যত্যয় হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ চাঁদপুরের রাজপথ জামাত ও এনসিপির নয় বিএনপির নেতাকর্মীদের দখলে থাকবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও চাঁদপুরের প্রায় ৩০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

ইসরায়েলজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ

০

ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে তারা এ বিক্ষোভ করেন।

স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন বন্দিদের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ।

তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত হোস্টেজেস স্কয়ারে সবচেয়ে বড় সমাবেশ হয়। দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, শুধু তেল আবিব নয়, হাইফাসহ আরও কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করছে, যার ফলে প্রিয়জনদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

তেল আবিবে সেনা সদরদপ্তরের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি বন্দি মাতান জাঙ্গাউকারের মা, আইনাভ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, যদি মাতানকে লাশের ব্যাগে ফিরতে হয়, তবে এর দায় শুধু আমার আর মাতানের নয়, আপনাকেও (নেতানিয়াহু) এর দায় নিতে হবে।

আফগানিস্তানে ভূমিকম্প: প্রাণহানি ৮০০ ছাড়ালো, আহত ২৫০০

০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৮০০ জনে। এতে আহত হয়েছেন আরও অন্তত আড়াই হাজার মানুষ।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কুনার প্রদেশের নুরগাল জেলার এক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পে তাদের পুরো গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলেন, “শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। বৃদ্ধরাও চাপা পড়ে আছেন। তরুণরাও চাপা পড়ে আছে।”

আবেগ ধরে রাখতে না পেরে তিনি আরও বলেন, “আমাদের এখানে সাহায্য প্রয়োজন। কেউ আসুক, আমাদের সঙ্গে যোগ দিক। আমরা যারা ধ্বংসস্তূপে চাপা পড়েছে, তাদের টেনে বের করতে চাই। কিন্তু এখানে কেউ নেই—মৃতদেহগুলো সরানোর মতোও কেউ নেই।”

দুর্গমতা ও ক্ষতিগ্রস্ত এলাকার প্রবেশাধিকারের সীমাবদ্ধতার কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নিরূপণ করা কঠিন, জানিয়েছেন ওয়ার্ল্ড ভিশন আফগানিস্তানের জাতীয় পরিচালক থামিন্ড্রি ডি সিলভা।

আল জাজিরাকে কাবুল থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মাজার উপত্যকা অঞ্চলটি মনে হচ্ছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল, এবং সেখানে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”

তিনি আরও জানান, “এটি আফগানিস্তানের অন্যতম দুর্গম এবং দরিদ্র একটি অঞ্চল। এখানে অবকাঠামো নেই বললেই চলে, রাস্তা প্রায় নেই, নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল।”

ডি সিলভা বলেন, “এই অঞ্চলের ঘরবাড়িগুলো মূলত কাঁচা মাটি দিয়ে তৈরি, কোনো সুরক্ষা বা শক্তিশালী নির্মাণ নেই। এমন ভঙ্গুর অবকাঠামোয় ভূমিকম্পে ভবনগুলো খুব সহজেই ভেঙে পড়ে। ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যেতে পারে।”

তিনি সতর্ক করে যোগ করেন, “এই পরিস্থিতিতে সময়ই সবচেয়ে বড় বিষয়।”

আফগানিস্তানে জাতিসংঘের কার্যালয় এক পোস্টে জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে তাদের দলগুলো জরুরি সহায়তা প্রদান করছে। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় বলা হয়, “আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে শত শত প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় জাতিসংঘ গভীরভাবে শোকাহত।”

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বার্তায় বলেছেন, “আজকের ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত আফগান জনগণের সঙ্গে আমি পূর্ণ সংহতি প্রকাশ করছি।” তিনি আরও বলেন, “নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

০

ইতালির ‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দেশটির দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ইতালির দূতাবাস।

এতে বলা হয়, গত কয়েক মাসে দূতাবাস অসংখ্য ওয়ার্ক ভিসার আবেদন পেয়েছে, যেগুলোর সঙ্গে ‘নুল্লা ওস্তা’ কোড এল/এন সংযুক্ত ছিল। এই নির্দিষ্ট নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইনের ধারা ২৭-এর ওপর ভিত্তি করে, যা বার্ষিক ফলো ডিক্রি দ্বারা নির্ধারিত কোটার অতিরিক্ত হিসেবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (যা ‘কার্টা ব্লু’ নামে পরিচিত) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

দূতাবাস জনসাধারণের উদ্দেশ্যে জানাতে চায় যে, এই বিশেষ ধরনের ভিসা শুধুমাত্র উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের জন্য সংরক্ষিত, যাদের উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। একটি বৈধ নুল্লা ওস্তা কোড এল/এন থাকা মানেই এই ধরনের ভিসা পাওয়া যাবে তার নিশ্চয়তা দেয় না, কারণ এর প্রাপ্যতা প্রমাণ করতে যথাযথ যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বাংলাদেশ থেকে এ ধরনের ভিসার আবেদনকারীদের মধ্যে এখন পর্যন্ত খুব কমসংখ্যকই সফল হয়েছেন। অধিকাংশ আবেদনকারী ওই ভিসার জন্য যথাযথযোগ্য প্রমাণিত না হওয়ায় তাদের সময় ও অর্থ অপচয় হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা জনসাধারণকে সতর্ক করতে চাই, যেন তারা দালাল বা অবৈধ এজেন্টদের ফাঁদে না পড়েন, যারা ‘নুল্লা ওস্তা কোড এল/এন কার্টা ব্লু’ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এ সংক্রান্ত নথি সরবরাহ করে থাকে। এগুলো দিয়ে ইতালিতে প্রবেশ করা সম্ভব নয়, যদি না আবেদনকারীর উপযুক্ত বা যথাযথ কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকে এবং চাকরিটি স্পষ্টভাবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হয়।

পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ ১

০

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলার সংঘর্ষ হয়েছে। এতে মোজাম্মেল (৩৭) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এঘ টনা ঘটে।

নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জ এলাকার লাখাই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, আজ বিকেলে মোজাম্মেলসহ তারা চার বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হন। একপর্যায়ে নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এসময় মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হন, বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

১৭ বছর বয়সে অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড

০

ক্রোয়েশিয়ার ১৭ বছর বয়সী ক্রিকেটার জ্যাক ভুকুসিচ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে আইসিসির রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন। গত ৭ আগস্ট, ২০২৫ তারিখে সাইপ্রাসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৩১১ দিন।

আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচগুলোকে টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকে বেশ কিছু নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ভুকুসিচের আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে, যিনি ২০২২ সালের জুলাইয়ে ১৮ বছর ২৪ দিন বয়সে তার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চারজন অধিনায়কই সহযোগী সদস্য দেশের খেলোয়াড়।

তবে ভুকুসিচের অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখকর হয়নি। তার নেতৃত্বে ক্রোয়েশিয়া একই দিনে সাইপ্রাসের কাছে দুটি ম্যাচেই হেরে যায়।

ওয়ানডে: আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান ১৯ বছর ১৬৫ দিন বয়সে ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করে সবচেয়ে কম বয়সী ওয়ানডে অধিনায়কের রেকর্ডটি নিজের করে নেন।

টেস্ট: রশিদ খান ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ২০ বছর ৩৫০ দিন বয়সে টেস্ট দলের অধিনায়কত্ব করে এই ফরম্যাটেও সর্বকনিষ্ঠ অধিনায়কত্বের রেকর্ড গড়েন।

বরিশালে তরুণীর সঙ্গে ছাত্রদল নেতা আটক, অতঃপর বিয়ে

০

বরিশাল নগরীতে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে তরুণীসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ওই নেতার নাম মেহেদী হাসান। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় গত ১০ জুন রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে তরুণীসহ মেহেদী হাসানকে আটক করে থানায় নেন পুলিশ সদস্যরা।

পরে ১১ জুন দুপুরে আটককৃত মেহেদীর ওই তরুণীর বিয়ে দেওয়ার বিষয়ে একমত হন দলীয় নেতাকর্মীরা। পরে ৩০০ টাকার অঙ্গীকারনামায় উভয় পক্ষের পরিবারের স্বাক্ষরের মাধ্যমে এবং তরুণীকে বিয়ে করার পর মেহেদীকে ছেড়ে দেয় থানা পুলিশ।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, ৫ মাস পূর্বে মেহেদীর সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। আটককৃত তরুণী একটি ওষুধ তৈরির কারখানায় চাকরি করেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই মেহেদী বরিশালে আসেন ওই তরুণীর সঙ্গে দেখা করতে।

তিনি আরো বলেন, বুধবার (১১ জুন) দুপুরে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পরিবারের লোকজন থানায় আসেন এবং সেখানে বিএনপির ও ছাত্রদলের নেতারা ছিলেন। থানায় বসে উভয় পক্ষের মধ্যে ছেলে-মেয়ের বিয়ের সিদ্ধান্ত হলের ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে বসে তাদের বিয়ে শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসানকে ছেড়ে দেয় পুলিশ।

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭০, আহত ৩ শতাধিক

০

ইরানের রাজধানী তেহরানসহ দেশেরটির বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন, সেই সংখ্যা জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে শুক্রবার আলজাজিরা জানায়, ইসরায়েলের হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছে।

ফার্স ইরানের বিপ্লবী গার্ড কর্পস দ্বারা পরিচালিত হয় এবং ইরান সরকারের আধা-সরকারি রাষ্ট্রীয় মিডিয়া হিসাবে বিবেচিত হয়।

এর আগে, বৃহস্পতিবার দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হয়েছেন।

এ ছাড়া হামলায় ইরানের অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। তারা হলেন ফেরেয়দুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, আব্দুলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। ষষ্ঠ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি।

ইসরাইলের সামরিক অভিযানের পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কলুষিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে আগের থেকেও স্পষ্টভাবে তার বর্বর স্বভাব প্রকাশ করেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।

তিনি বলেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে এবং তা তাদের ভোগ করতেই হবে।

শান্ত’র পর মুশফিকের তিন অঙ্কের ম্যাজিক ফিগার

০

টেস্টে আগের ১৩ ইনিংসে মুশফিকুর রহিমের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল কেবল ৪০। অর্থাৎ, ফিফটি পাননি ৭ টেস্টে। আজ প্রিয় প্রতিপক্ষের সঙ্গেই মিস্টার ডিফেন্ডেবল ফর্মে ফিরলেন। যাকে পরিণত করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। নাজমুল হোসেন শান্ত’র পর চলমান প্রথম ইনিংসে বাংলাদেশকে দ্বিতীয় ব্যক্তিগত সেঞ্চুরি উপহার দিলেন মুশফিক। সবমিলিয়ে ফরম্যাটটিতে এটি তার ১২তম সেঞ্চুরি।

মুশফিক ইনিংসটাতে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল রানকেই বেশি গুরুত্বপূর্ণ। বিলাসী শট খেলার ঝুঁকি নেননি তেমন। ফলে ১৭৬ বলে শতক পূর্ণ করার পথে কেবল ৫টি চার মেরেছেন অভিজ্ঞ এই তারকা। ৯ মাস পর তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন। আসিথা ফার্নান্দোর করা ম্যাচের ৮৬তম ওভারের তৃতীয় বল এজ হয়ে স্টাম্পের দিকে যাচ্ছিল। যা দুই পায়ের মাঝে পড়তেই শান্ত’র তড়িৎ আহবানে সাড়া দিয়ে ৯৯–কে শতকে রূপ দেন মুশফিক।

গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন মুশফিক। দলও জয় পায়নি কোনো ম্যাচে। অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে না পারায় স্বাভাবিকভাবেই সমালোচনা সইতে হয়েছিল মুশিকে। ফলে মেগা টুর্নামেন্ট থেকে ফেরার সপ্তাহখানেকের মাথায় মুশফিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। প্রশ্ন উঠেছিল অফফর্মে কাটানো টেস্টের ভবিষ্যৎ নিয়েও। এমনকি লঙ্কান সিরিজ দিয়ে তিনি এই ফরম্যাটও ছাড়তে পারেন বলে গুঞ্জন ওঠে।

সবমিলিয়ে টেস্টের শেষটাও আক্ষেপ নিয়ে মুশির বিদায় দেখতে হবে কি না জাগে সেই শঙ্কা। সেটি ছাপিয়েই মুশি সেঞ্চুরি পূর্ণ করলেন এর আগে ফরম্যাটটিতে তিনটি সেঞ্চুরি করা প্রতিপক্ষ লঙ্কানদের ভূমিতে। মুশফিক টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। একটি বেশি (১৩) সেঞ্চুরি নিয়ে তার ওপরে আছেন কেবল মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।