Home Blog Page 367

১১ নারীকে ধর্ষণের অভিযোগ ক্রিকেটারের বিরুদ্ধে

০

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে টেস্ট ম্যাচ চলাকালেই ক্যারিবীয় ক্রিকেটে উঠেছে বড় ঝড়। বাইশ গজের বাইরের এক ঘটনায় আলোচনার কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজ দলের এক শীর্ষ তারকা।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে দাবি করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্কসহ অন্তত ১১ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি।

ওই ক্রিকেটারের নাম প্রকাশ না করলেও, প্রতিবেদনে বলা হয়েছে তিনি বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য এবং দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

এ বিষয়ে এখনও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) কোনো মন্তব্য করেনি। তাদের নিরব ভূমিকাও প্রশ্নের জন্ম দিচ্ছে সমালোচকদের মাঝে। তদন্ত শুরু হলে হয়তো সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য।

ঘটনাটি প্রকাশ্যে এসেছে গায়ানার একটি সংবাদপত্রের মাধ্যমে। কেটিউর স্পোর্টস নামে ওই সংবাদপত্রে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক অপ্রাপ্তবয়স্কসহ ১১ জন নারী ওই তারকা ক্রিকেটারের লালসার শিকার হয়েছেন। কাউকে ধর্ষণ, কাউকে যৌন হেনস্তা-লাগাতার নির্যাতন চালিয়ে গিয়েছেন ওই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, নিজের কুকীর্তি ধামাচাপা দিতেও অনেক চেষ্টা করেছেন ওই তারকা ক্রিকেটার।

কিন্তু কে এই ক্রিকেটার? প্রতিবেদনে তার নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, ওই ক্রিকেটার গায়ানার ভূমিপুত্র। গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে গাব্বায় দুর্দান্ত খেলে ওয়েস্ট ইন্ডিজ। সবাইকে চমকে দিয়ে গাব্বা টেস্ট জিতেও যায় তারা। সেই টেস্টের দলে ছিলেন অভিযুক্ত ক্রিকেটার। এমনকি অজি সফর থেকে গায়ানায় ফেরার পর অভিযুক্ত ক্রিকেটারকে স্বাগত জানানো হয়। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলেও রয়েছেন ওই ক্রিকেটার।

ধর্ষণের ঘটনাগুলো বছর দুয়েক আগে ঘটেছে। সেই সময় অভিযোগকারীদের মধ্যে একজন আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন। কিন্তু সরাসরি আইনি পথে অভিযোগ দায়ের হয়নি ক্রিকেটারের বিরুদ্ধে। নতুন করে বিষয়টি প্রকাশ্যে আসার পরে বিতর্ক শুরু হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই নিয়ে কিছু বলতে চায়নি।

গাজায় বর্বরতা বন্ধ চান ট্রাম্প: নেতানিয়াহু আসছেন হোয়াইট হাউসে

০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার অবসান চান। মঙ্গলবার (১লা জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই তথ্য জানিয়েছেন। সূত্র: আলজাজিরা।

লিভিট বলেছেন, “এই যুদ্ধে গাজা ও ইসরায়েল থেকে যেসব ছবি আসছে সেগুলো হৃদয়বিদারক। প্রেসিডেন্ট এসব আর দেখতে চান না। তিনি জীবন রক্ষা করতে চান।” হোয়াইট হাউসের এ কর্মকর্তা আরও জানিয়েছেন যে, মার্কিন কর্মকর্তারা ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন।

আগামী সোমবার হোয়াইট হাউসে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, নেতানিয়াহুর কারণে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হচ্ছে না।

ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর আস্থাভাজন এই কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ ও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। আড়াই বছর ধরে চলা এই যুদ্ধে শুধু সরকারি হিসাবেই ৫৬ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা

০

সংগঠনের নীতি আদর্শকে ভালোবেসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার নেতা ডাঃ দিদারুল আলম। আজ শুক্রবার (৪ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ সময় জামায়াত নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দিদারুল আলম ‎জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক। তিনি সীতাকুণ্ড কামিল মাদ্রাসা ও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের নাতি ও বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা।

তিনি বলেন, আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।

‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তাহের বলেন, জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তিনি। শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশে জামায়াতে ইসলামীরর প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

‎তাকে ফুল দিয়ে বরণ করে নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ জেলা উপজেলার জামায়াতের বিভিন্ন নেতারা।

মিয়ানমারে সংঘাত, ভারতে আশ্রয় নিল হাজারো বাসিন্দা

০

মিয়ানমারে জান্তাবিরোধী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের জেরে দেশটি থেকে হাজারো বাসিন্দা ভারতে আশ্রয় নিয়েছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে তারা প্রবেশ করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিজোরামের নিরাপত্তা কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, চিন রাজ্যে এলাকা দখল করা নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) ও চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালনগোরামের (সিডিএফ-এইচ) মধ্যে সংঘাত শুরু হয়েছে। এরপর গত ২ জুলাই থেকে মিজোরামে আসতে শুরু করে বাসিন্দারা। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ৪ হাজার আশ্রয়প্রার্থী ভারতের মিজোরামে এসেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

রয়টার্স বলছে, মিজোরামের সঙ্গে মিয়ানমারের চিন রাজ্যের সীমান্ত রয়েছে। দুই এলাকার বাসিন্দাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে বলে জানা যায়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত হাজারো বাসিন্দা মিজোরামে এসেছে। এবার সংঘাতের পর এল আরও ৪ হাজার।

তবে এই সংখ্যা আরও কম বলে জানিয়েছেন মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙা। তিনি বলেন, নতুন করে মিয়ানমার থেকে এসেছে আরও ৩ হাজার। এই সংঘাত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। মানবিক কারণে তাদের জায়গা দিতে হচ্ছে, এ ছাড়া সুপেয় পানি, খাবার ও আশ্রয় দিতে হচ্ছে তাদের।

এ ব্যাপারে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

অধিকাংশ আশ্রয়প্রার্থী ঠাঁই পেয়েছেন মিজোরামের চম্পাই জেলার জোখাওথার ও সইখুমপাই গ্রামে। স্থানীয় প্রশাসন বলছে, এই দুই গ্রামে আরও মানুষ আসছেন এবং সংখ্যাটা ক্রমেই বাড়ছে। রাজ্য সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তবে ইতিমধ্যেই খাবার, সুপেয় পানি, অস্থায়ী আশ্রয়ের চাপে প্রশাসন চরম সীমাবদ্ধতার মধ্যে পড়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে জান্তা সরকার ও গণতন্ত্রপন্থীদের মধ্যে সংঘর্ষ চলছেই। সামরিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন জাতিগত গোষ্ঠী অস্ত্র ধরেছে। চিন জনগোষ্ঠী পরিচালিত এই দুটি মিলিশিয়া বাহিনীও সেই প্রতিরোধের অংশ ছিল, কিন্তু এখন তারা নিজেরাই রক্তক্ষয়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। তারই ফলশ্রুতি এই উদ্বাস্তু ঢল।

গামিনীর বিকল্প নিয়ে যা বলছে বিসিবি

০

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনী ডি সিলভার বিকল্প খুঁজছে। প্রায় এক যুগের বেশি সময় ধরে গামিনী বিসিবির সঙ্গে কাজ করছেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মিরপুরের উইকেট স্লো হওয়ার কারণে তিনি সমালোচিত হচ্ছিলেন।

যদিও সম্প্রতি তার সাথে চুক্তি নবায়নও করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গামিনীর বিকল্প খোঁজা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘অবশ্যই সেটার (গামিনীর বিকল্প খোঁজা) কাজ চলছে।’

আসন্ন এশিয়া কাপের ভেন্যু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য বিসিবি এমন উইকেট চাইছে যেখানে রান করা সম্ভব। ফাহিম জানান, বাংলাদেশে সিলেটের উইকেটেই সবচেয়ে ভালো রান হওয়ার সম্ভাবনা আছে। তাই তারা সিলেটকে এই সিরিজের জন্য ভেন্যু হিসেবে বেছে নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, ‘আমরা চাইব অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’ এর মাধ্যমে বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে বলে তিনি মনে করেন।

ফাহিম জানিয়েছেন যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই।

তাসকিন ঝড়ে নেদারল্যান্ডস থামল ১৩৬ রানে

০

নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে বোলিং নেওয়া স্বাগতিকরা ডাচদের ওপর আধিপত্য দেখায়।

বাংলাদেশের বোলিং আক্রমণে তাসকিন আহমেদ ছিলেন হাইলাইট। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট, যা তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। এর আগে ২০২২ সালে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে (৪/২৫) এবং ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে (৪/১৬) তিনি ৪ উইকেট নেন। মোস্তাফিজুর রহমান নেন ১৯ রানে ১ উইকেট, আর সাইফ হাসান তুলে নেন ২ উইকেট।

ডাচদের হয়ে তেজা নিদামানুরু ২৬ বলে ২৬ রান এবং ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ রান করেন। তবে তারা বড় জুটি গড়তে ব্যর্থ হন। ১৫তম ওভার থেকে শুরু হয় উইকেট পতনের ধারা, যা শেষ হয় ১৯ ওভারে ৭ উইকেটে ১২৪ রানে। শেষ দুই ওভারে মাত্র ১২ রান যোগ হয়।

বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে জাকের আলী একাই নেন তিনটি ক্যাচ, যা এক ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ নেওয়ার রেকর্ডের সমান।

শেষ ওভারে ১২ রান দিয়েছেন শরীফুল ইসলাম। শেষ বলে রান আউটের ঘটনায় ৮ উইকেটে ১৩৬ রানেই থামে নেদারল্যান্ডস।

বাংলাদেশ ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নামবে দ্বিতীয় ইনিংসে।

৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

০

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিল। ম্যাচে ব্যাটিংয়ে নজর কেড়েছেন লিটন দাস ও সাইফ হাসান। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ সহজ জয় নিশ্চিত করে।

টসে জিতে আগে বোলিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই ডাচদের চাপে ফেলে। তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ৪ উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসেই এগিয়ে নেন। এছাড়া সাইফ হাসান ২ উইকেট এবং মোস্তাফিজুর রহমান ১ উইকেট নেন। নেদারল্যান্ডসের মধ্যে মাত্র দুই ব্যাটসম্যানই ২০ রানের বেশি করেন— ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ এবং তেজা নিদামানুরু ২৬ বলে ২৬ রান।

ফিল্ডিংয়েও বাংলাদেশ দারুণ ছিল। জাকের আলী তিনটি ক্যাচ নেন।

জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দ্রুত রান তাড়া শুরু করে। পারভেজ হোসেন ৯ বলে ১৫ রান করেন, এরপর লিটন দাস ২৬ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৩তম ফিফটি পূর্ণ করেন। লিটনের সঙ্গে তানজিদ হাসান ও পরে সাইফ হাসান জুটি গড়েন।

১৪তম ওভারে সাইফ হাসানের দুটি ছক্কা বাংলাদেশকে জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত অধিনায়ক লিটন দাস ২৯ বলে ৫৪ ও দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ ১৯ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন। ফলে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায়।

এই জয়ে বাংলাদেশ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে। লিটনের ব্যাটিং, তাসকিনের বোলিং এবং সাইফের কার্যকরী ইনিংস মিলিয়ে প্রথম ম্যাচটি ছিল সিরিজে বাংলাদেশের দারুণ শুরু।

এবার রূপালি পর্দা কাঁপাবেন প্রভা

দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ ক্যারিয়ারে ছোটপর্দায় অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনের এক দুঃসময় তার ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেললেও, দৃঢ় আত্মবিশ্বাসে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি।

টেলিভিশন নাটক দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রভা এবার প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায়। দীর্ঘদিন ধরেই একাধিক সিনেমার প্রস্তাব পেলেও তিনি রাজি হননি। তবে এবার ব্যতিক্রম ঘটছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া একটি চলচ্চিত্রে নিরুপমা চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে। যদিও নির্মাতারা এখনো মুক্তির সম্ভাব্য সময় নিয়ে কিছু জানাননি, তবে দর্শকরা এই সিনেমার জন্য দারুণভাবে অপেক্ষা করছেন।

অভাবে পড়ে গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ সময় ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি সিনেমার চেয়ে ব্যক্তিগত ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে আলোচনায় তিনি বরাবরই থেকেছেন নিজের ব্যক্তিজীবনকে ঘিরে। বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খান ও নায়িকা শবনম বুবলীকে কেন্দ্র করে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে এসেছেন অপু।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় শেয়ার করেছেন। তিনি জানান, ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়কে নিয়ে দেশে ফেরার সময় তার হাতে কোনো অর্থ ছিল না, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও ছিল খালি। জীবনের সেই সংকটময় মুহূর্ত তাকে উপলব্ধি করায় অর্থকষ্টে থাকা মানুষের সংগ্রাম কেমন হতে পারে। সেই সময় থেকেই তিনি সঞ্চয়ী ও মিতব্যয়ী হওয়ার অভ্যাস গড়ে তোলেন।

অপু বিশ্বাস আরও জানান, আর্থিক সংকট সামাল দিতে তাকে নিজের প্রিয় সোনার গয়না বিক্রি করতে হয়েছিল। তিনি বলেন, নিয়মিত সিনেমা করার সময়ে শখ করে যেসব গয়না কিনেছিলেন, সেগুলোই পরবর্তীতে তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। গয়না বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই তিনি কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছিলেন এবং ধীরে ধীরে আবার কাজের মাধ্যমে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

চলচ্চিত্রে অপু বিশ্বাসের যাত্রা শুরু হয় আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে। তবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ব্যবসাসফল ছবি ‘কোটি টাকার কাবিন’ দিয়ে। এরপর শাকিব-অপু জুটি হয়ে একাধিক হিট ছবিতে কাজ করেন, যার মধ্যে রয়েছে ‘রাজনীতি’, ‘চাচ্চু’, ‘শত্রু আমার’, ‘দুই পৃথিবী’সহ আরও অনেক ছবি।

নুরের ৪ শারীরিক সমস্যা, মস্তিষ্কের রক্তক্ষরণ কমছে : ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি জানান, নুরুল হক নুরের চারটি শারীরিক সমস্যা রয়েছে। এর মধ্যে নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত আছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।

ঢামেক পরিচালক বলেন, সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তবে কিছুটা ট্রমা আছে। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।