Home Blog Page 371

মাত্র একটি ছোট্ট পরীক্ষায় জানা যাবে আপনি কতদিন বেঁচে থাকতে পারেন

ভবিষ্যতে আপনি কতদিন বাঁচবেন এবং কতটা সুস্থভাবে বার্ধক্যে পৌঁছাবেন, তা হয়তো এক ফোঁটা রক্ত বা লালার মাধ্যমেই জানা সম্ভব হবে! গবেষকরা এমন একটি যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেছেন বলে দাবি করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’ বা অভ্যন্তরীণ সক্ষমতা (আইসি) নামে একটি ধারণা উপস্থাপন করেছে, যা মানসিক ও শারীরিক সামর্থ্যের সম্মিলিত রূপ। কারো চিন্তা, স্মৃতি, চলাফেরা, শ্রবণ বা দৃষ্টিশক্তি সবকিছুই এই সক্ষমতার অংশ। আগে আইসি নির্ধারণ করতে প্রয়োজন হতো উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কর্মী। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রক্ত বা লালার নমুনায় থাকা ডিএনএ মিথাইলেশন বিশ্লেষণ করেই এখন এই সক্ষমতা মাপা সম্ভব। এই পরীক্ষাকে বলা হচ্ছে ডিএনএএম আইসি (DNAm IC) টেস্ট।

নেচার এইজিং সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, আইসি ক্লক ব্যবহার করে বার্ধক্য পর্যবেক্ষণ করা ও প্রয়োজনীয় হস্তক্ষেপ গ্রহণ করা যাবে। গবেষকেরা মনে করছেন, এটি ভবিষ্যতে জীবনকাল ও স্বাস্থ্যকাল উভয়ই নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতামত: রাশ ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর হেলদি এইজিং’-এর চিকিৎসক থমাস এম. হল্যান্ড বলেন, এটি শুধুমাত্র আপনার বয়স কত, তা নয়—আপনার দেহ আসলে কতটা সুস্থভাবে বার্ধক্যে যাচ্ছে, সেটি জানায়। এটি একটি বড় বৈজ্ঞানিক অগ্রগতি। নিউট্রিশন থেরাপিস্ট এলিনা রোল্টের মতে, ডিএনএএম আইসিপরীক্ষাটি শুধুমাত্র বয়স নয়, বরং শরীরের কর্মক্ষমতাও বুঝতে সাহায্য করে। এটি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে।

গবেষণার ফলাফল: ২০ থেকে ১০২ বছর বয়সী ১,০১৪ জনের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা চালানো হয়। দেখা গেছে যাদের ডিএনএএম আইসি স্কোর বেশি, তারা গড়পড়তায় ৫.৫ বছর বেশি বাঁচেন। তাদের ফুসফুসের কার্যক্ষমতা, হাঁটার গতি এবং হাড়ের ঘনত্ব বেশি ছিল। তারা নিজেদের সুস্থ বলেই মনে করতেন।

আইসি বাড়ানোর উপায়: বার্ধক্যের সঙ্গে সঙ্গে সবারই আইসি কমে যায়। তবে কিছু অভ্যাস এই পতন কমিয়ে দিতে পারে:

ওমেগা-৩ সমৃদ্ধ খাবার (যেমন: সামুদ্রিক মাছ) খাওয়া

চিনি নিয়ন্ত্রণে রাখা

ভেজালহীন খাদ্যাভ্যাস ও ব্যায়াম

মানসিক চাপ নিয়ন্ত্রণ ও সামাজিক সম্পৃক্ততা

এই অভ্যাসগুলো ডিএনএ মিথাইলেশন এবং ইমিউন সিস্টেম ভালো রাখতে সহায়তা করে, যা সরাসরি আইসি উন্নয়নে কাজ করে।

এক ফোঁটা রক্ত বা লালা পরীক্ষার মাধ্যমে বার্ধক্যের গতি ও স্বাস্থ্যের ভবিষ্যৎ জানা যাবে। এটি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক যুগান্তকারী অগ্রগতি। ডিএনএএম আইসি টেস্ট শুধু বয়সের সংখ্যা নয়, বরং জীবনের গুণগত মান ও দীর্ঘস্থায়ীতার আভাস দেয়। এই প্রযুক্তি একদিকে যেমন ভবিষ্যতের রোগ প্রতিরোধে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে, অন্যদিকে আমাদের সকলকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, অভয় দেয়ার জন্য এখানে এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হয় নি। পরিকল্পিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

গেল অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এটা আরও একটু বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এর আগে বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন তিনি।

দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনা করে দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংককে ১২টি গ্রুপে ভাগ করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

গভর্নর বলেন, ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। ২০২৬-এর জানুয়ারি থেকে ব্যাংক রিস্ক বেইসড সুপারভিশন শুরু হবে।

তিনি বলেন, আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবিলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারি দিয়ে সম্ভব নয়।

জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ নিয়োগ দেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারায় দলের চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো ধরনের শোকজ কিংবা কারণ দর্শনোর নোটিশ ছাড়াই যে কাউকে বহিষ্কার করতে পারবেন।

এর আগে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব থেকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করা করেছিলেন জিএম কাদের।

ব্যারিস্টার আনিসুল, রুহুল আমিন ও মুজিবুল হক চুন্নুকে জাপার সকল পদ থেকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার জাপার দফতর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুন জেলা/মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গত ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ৩ নেতাকে দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমতাবস্থায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো- চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত সোমবার আত্মহত্যা করেছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর আসে।

এ দিন সকালে পুতিন এক সরকারি ডিক্রির মাধ্যমে স্তারোভইতকে বরখাস্ত করেন। ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয়। তার স্থলে অস্থায়ীভাবে দায়িত্ব পান উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা স্তারোভইতের বরখাস্তের কারণ জানতে চাইলে বলেন, এটি ‘আস্থা হানির’ কারণে নয়। তবে তিনি কোনো বিকল্প কারণও উল্লেখ করেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্তারোভইতের মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহে গুলির চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর। অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের আগেই তিনি পদত্যাগ করেন, তবে নিরাপত্তা ব্যর্থতার কিছুটা দায় তার ওপর বর্তানো হয়েছিল।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনা ঘটে এমন এক সময়, যখন রাশিয়ার আকাশপথে বহু দিনের ভ্রমণব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে। রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানায়, শুধু গত এক সপ্তাহেই ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সংস্থাটি জানায়, ফ্লাইট বাতিলের পেছনে রয়েছে ‘বহিরাগত হস্তক্ষেপ’, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ইউক্রেন রাশিয়ায় ৪ শতাধিক দূরপাল্লার হামলা চালিয়েছিল, তবে সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

মালয়েশিয়ায় আটক সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয়, কয়েকজন হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়াতে আটক ৩৬ বাংলাদেশিই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয়, এদের মধ্যে কিছু সংখ্যক অভিযুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের প্রসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা।

উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এই পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুতে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি ১৬ জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে—তাঁদের এই চরমপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এখন ফিরতি জবাবের অপেক্ষা।

নির্বাচনে কোন দল কত ভোট পাবে: সানেমের জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণরা—বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের জরিপে এ তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত জরিপে বলা হয়, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত। দলটি পাবে ২১.৪৫ শতাংশ ভোট।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন, অন্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ ভোট।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ, জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।

সানেমের জরিপে আরো উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫.০২ শতাংশ ভোট।

দেশের সব কটি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নেয় ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার মানুষ। প্রথমে ৮ বিভাগ থেকে ২টি করে জেলা বাছাই করা হয়।

এরপর সেখান থেকে আবার দুটি করে উপজেলা নির্বাচন করা হয়।

জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০ শতাংশ, এসএসসি বা এর ওপরে ৬০ শতাংশ। এর মধ্যে শহরের ছিল ৫০ শতাংশ এবং গ্রামের ৫০ শতাংশ।

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব আল হাসান

২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অবশেষে দল পেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স তাকে নিতে না পারলেও শেষ পর্যন্ত বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির গত আসরে শিরোপা জিতেছিল দুবাই।

ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে স্বাগতম, সাকিব।’

৩৮ বছর বয়সী অলরাউন্ডারের দল দুবাই বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে। সাবেক দল রংপুরের সঙ্গে সাকিবের ম্যাচ আগামী ১৬ জুলাই। এর আগে ১১ ও ১৪ জুলাই সাকিবের দল খেলবে যথাক্রমে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। পাঁচ দলের প্রত্যেকে একে অন্যের সঙ্গে একবার করে লড়বে লিগ পর্বে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।

চতুর্থবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার

মাঠে এখনও ইনজুরির সঙ্গে লড়ছেন নেইমার। তবে ব্যক্তিজীবনে পেলেন একরাশ খুশির খবর। চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। শনিবার (৫ জুলাই) সকালে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোলে এসেছে নেইমার-ব্রুনার দ্বিতীয় সন্তান, এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘মেল’।

ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন ব্রুনা। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের মেল এসেছে জীবনকে আরও মিষ্টিময় করতে। স্বাগতম, ছোট্ট রাজকন্যা। ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তোমাকে ভালোবাসি!’

নেইমারের এটি চতুর্থ সন্তান। ২০১১ সালে তার প্রথম সন্তান ডেভিড লুকা জন্ম নেয় সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। লুকা এখনো নেইমারের সঙ্গেই থাকেন। ২০২৩ সালে বর্তমান প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে জন্ম নেয় প্রথম কন্যা মাভি। এরপর ২০২৪ সালে ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির ঘরেও জন্ম নেয় নেইমারের আরেক কন্যাসন্তান-হেলেনা।

এখন পারিবারিক সময়েই বেশি মনোযোগ দিচ্ছেন নেইমার। নতুন অতিথি মেলকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পুরো পরিবার।