Home Blog Page 373

ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শনিবার

সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জাতীয় মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানান।

বার্তায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচনের দাবিতে ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমন্বয় তৈরি হয়েছে এবং জনসমর্থনও গড়ে উঠেছে। মহাসমাবেশ হবে এ দাবির পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এ ছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এ মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার সকাল ১০টায় মহাসমাবেশ শুরু হবে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দুপুর ২টা থেকে মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন। উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে দিয়ে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ থামবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা জানান। যদিও বুধবার স্বাক্ষরিত সেই চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল ইভেন্ট বিলের প্রচারণায় ট্রাম্প বলেন, ‘আমরা গতকালই চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এটি এমন কিছু যা আসলে কখনও ঘটতে পারত না।’

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়টি নিশ্চিত করে চীন। দেশটি জানায়, ওয়াশিংটন ‘নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা’ তুলে নেবে এবং বেইজিং রপ্তানি নিয়ন্ত্রণের অধীনে থাকা পণ্যগুলো ‘পর্যালোচনা ও অনুমোদন’ করবে।

গাজায় এবার ‘মার খাচ্ছে’ দখলদার বাহিনী, ৩ দিনে নিহত ১৫ সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়ে তিনদিনে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।শুক্রবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার উত্তর গাজার তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছোড়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এতে ওই সাঁজোয়া যানে থাকা ১৭ জন ইসরায়েলি সেনার মধ্যে ৭ জন নিহত হন এবং আহত হন বাকি ১০ জন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার গাজার প্রধান শহর গাজা সিটি এলাকায় আল কাসামের ব্রিগেডের গুলিতে নিহত হন এক ইসরায়েলি সেনা। এছাড়া এ সময় বিস্ফোরক রকেট ছুড়ে ইসরায়েলি বাহিনীর দু’টি মেরকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান এবং একটি বুলডোজার ধ্বংস করা হয়।

তার আগের দিন বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে আল কাসাম ব্রিগেডের গুলি ও রকেট হামলায় নিহত হন আরও ৭ জন ইসরায়েলি সেনা। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি বাহইনীর অভিযান শুরু হওয়ার পর এই প্রথম এত অল্প সময়ের ব্যবধানে গাজায় এত সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হলো।

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজনই পুরুষ। যাদের একজনের বয়স ৭২ ও অন্যজনের ৫০।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ১০৭ জন ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন।

আগামী ৩ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ইন্টারকে জেতালেন লাউতারো, লাল কার্ড দেখলেন দুই আর্জেন্টাইন

ফিফা ক্লাব বিশ্বকাপে টিকে থাকার লক্ষ্যে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার রিভারপ্লেটকে ২-০ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে ইতালির ইন্টার মিলান। এই জয়ে ইন্টারের টুর্নামেন্টে টিকে থাকা নিশ্চিত হলেও, রিভারপ্লেট দুটি লাল কার্ড দেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ম্যাচ চলাকালীন ক্ষুব্ধ দর্শকরা গ্যালারি থেকে নানা বস্তু ছুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের মাঠের পারফরম্যান্স ছাপিয়ে গেছে শেষ মুহূর্তের শারিরীক লড়াইয়ে। যা ম্যাচে দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলারের লাল কার্ড নিশ্চিত করে। তিক্ত এই স্বাদ পেয়েছেন আলবিসেলেস্তে জাতীয় দলের তারকা গঞ্জালো মন্টিয়েল ও লুকাস মার্টিনেজ কুয়ার্তা। বিপরীতে স্বদেশি ক্লাবের বিদায় নিশ্চিতের পথে প্রাণবন্ত ছিলেন ইন্টারের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। যদিও তিনি গোলের একাধিক সুযোগ হাতছাড়া করেছেন।

ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই স্কোরশিটে নাম তুলতে পারেনি। ম্যাচের ডেডলক ভাঙে ৭২ মিনিটে ইন্টারের ১৯ বছর বয়সী ফ্রান্সেসকো পিও এসপোসিতোর গোলে। এর আগপর্যন্ত রিভারপ্লেট দারুণ লড়াই চালিয়ে গেলেও সেই মুহূর্তে বড় ধাক্কা খায়। অবশ্য প্রথম গোল হওয়ার মিনিট সাতেক আগেই তারা দশজনের দলে পরিণত হয়েছিল। রিভারের প্রায় সবাইকে ছাড়িয়ে ডি-বক্সে প্রবেশের আগমুহূর্তে ইন্টারের একজনকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার লুকাস মার্টিনেজ।

এরপর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিভারের কফিনে চূড়ান্ত পেরেক ঠোকেন নেরাজ্জি ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। বক্সের কোণা থেকে তার বাঁ পায়ের মাটি কামড়ানো শট জালে জড়াতেই ইন্টারের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে। এক মিনিট বাদেই রিভারপ্লেট পরিণত হয় ৯ জনের দলে। এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো মন্টিয়েলকে। এরপর রেফারি শেষ বাঁশি বাজাতেই মুখোমুখি অবস্থানে চলে যান দুই দলের ফুটবলাররা। যার শুরুটা হয় রিভারের মার্কোস আকুনা ও ইন্টারের ডেনজেল ডেফ্রিসের বাদানুবাদ দিয়ে, যা পরে দলীয় লড়াইয়ে পরিণত হয়।

এই হারে চলমান ক্লাব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার দুটি ক্লাবই বিদায় নিশ্চিত করল। বোকা জুনিয়র্স কিছুটা পিছিয়ে থাকলেও, রিভারপ্লেট নকআউট রাউন্ডে ওঠার জোর সম্ভাবনা ছিল। কিন্তু তারা আসর শেষ করছে ৩ ম্যাচে একটি জয়, ড্র ও হার নিয়ে। সবমিলিয়ে তাদের পয়েন্ট ৪। বিপরীতে ইন্টার মিলান ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই নামবে নকআউট রাউন্ডে। এই গ্রুপ থেকে ওঠা আরেকটি দল সার্জিও রামোসের মন্টেরি। দুইয়ে থাকা দলটির পয়েন্ট ৫।

মায়ামিতে মেসির আয় ২১ দলের খেলোয়াড়দের বেতনের চেয়েও বেশি!

আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হতে যাচ্ছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের বেতন ২১টি এমএলএস দলের খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। এই তথ্য মেসির জনপ্রিয়তা এবং ফুটবলে তার ব্র্যান্ড মূল্যের এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন লিগের বিভিন্ন দল ও খেলোয়াড়দের হালনাগাদকৃত বেতনের হিসাব সামনে এনেছে। যেখানে বছরে মেসির মূল বেতন ১২ মিলিয়ন ডলার, এর সঙ্গে বিভিন্ন মার্কেটিং ও এজেন্ট ফি, চুক্তিতে থাকা অন্যান্য হিসাব ও পারফরম্যান্স বোনাসও যুক্ত হয়ে আর বিশাল অঙ্ক দাঁড়ায়। যা আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের এমএলএস চুক্তিতেই উল্লেখ ছিল।

মেসির মতো উচ্চ বেতনধারী তারকা যে দলে থাকেন, স্বভাবতই তারা লিগেও খরচের দিক থেকে শীর্ষ সারিতে থাকবে। ২৩ মে পর্যন্ত হিসাব মতে, এমএলএসে মেসির মায়ামি লিগের রেকর্ড সর্বোচ্চ ৪৬.৮ মিলিয়ন ডলার খরচ করে বছরে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৬৮ কোটি ৪৬ লাখ টাকা। পুরো অর্থের প্রায় অর্ধেকই যায় মেসির পকেটে। গত মৌসুমের চেয়ে কেবল বেতন খাতেই কমপক্ষে ৫ মিলিয়ন ডলার খরচ বেড়েছে ডেভিড বেকহ্যামের এই ক্লাবটির।

মায়ামির বেতন খাতে খরচের ধারেকাছে নেই এমএলএসের আর কোনো ক্লাব। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪.১ মিলিয়ন ডলার টরোন্টো এফসি এবং এরপর আটলান্টা ইউনাইটেড ২৭.৬ মিলিয়ন ডলার খেলোয়াড়দের বেতনের জন্য বরাদ্দ রেখেছে। এ ছাড়া সিনসিনাতি ২৩.২ মিলিয়ন, এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি ২২.৯ মিলিয়ন, লস অ্যাঞ্জেলস এফসি ২২.৪ মিলিয়ন এবং শিকাগোর খরচ ২২.১ মিলিয়ন ডলার। এদিক থেকে মন্ট্রিল সর্বনিম্ন ১২ মিলিয়ন এবং ফিলাডেলফিয়া ইউনিয়ন ১৩.৪ মিলিয়ন ডলার দেয় বেতন হিসেবে।

সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়ের তালিকায় মেসির পরই আছেন টরোন্টোর উইঙ্গার লোরেঞ্জো ইনসিগনে, ১৫.৪ মিলিয়ন ডলার। এরপর আছেন মায়ামির সাবেক বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুসকেটস, ৮৭ লাখ ৭৫ হাজার ডলার। এ ছাড়া আটলান্টার উইঙ্গার মিগুয়েল আলমিরন ৭৮৭১০০০ ডলার, সান দিয়েগোর উইঙ্গার হার্ভিং লোজানো ৭৬৩৩৩৩৩ ডলার, টরোন্টোর উইঙ্গার ফেদেরিকো বার্নাদেশ্চি ৬২৯৫৩৮১ ডলার, নিউইয়র্ক রেডবুলসের উইঙ্গার এমিল ফর্সবার্গ ৬০২৩৬২৫ ডলার, মায়ামির লেফটব্যাক জর্দি আলবা ৬ মিলিয়ন ডলার, এলএ গ্যালাক্সির রিকুই পুইগ ৫৭৭৯৬৮৮ ডলার, শিকাগোর জনাথন বোম্বা ৫৫৮১৮০৬ ডলার ও ন্যাশভিলের হ্যানি মুখতার বার্ষিক পারিশ্রমিক ৫৩১১৬৬৭ ডলার পান।

বিচ্ছেদ বারবার, তবু বিয়েতে বিশ্বাস হারাননি শ্রাবন্তী!

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন, বিশেষত তার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনা যেন থামার নয়। তিনবার সংসার ভাঙলেও ভালোবাসার ওপর তার বিশ্বাস আজও অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী স্পষ্ট জানিয়েছেন, সম্পর্কের প্রতি তার আস্থা এখনও দৃঢ়, এবং তিনি বিয়েতেও এখনও বিশ্বাস রাখেন।

এই মন্তব্যের মাধ্যমে শ্রাবন্তী বোঝাতে চেয়েছেন যে অতীতের তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও, তিনি ব্যক্তিগত জীবনে ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং ভালোবাসার বন্ধনকে গুরুত্ব দেন।

নায়িকা বলেন, ‘আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি আমার বাবা-মাকেও দেখেছি। আমি মনে করি যারা বিয়ে করছেন, তারা ভালো থাকুন। তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছ্বতাটা বজায় থাকে। কেন বিয়ে করবে না? এটা তো আমরা বহু বছর ধরে দেখে আসছি।’

কিন্তু নায়িকার কোনো দাম্পত্য সম্পর্কই স্থায়িত্ব লাভ করেনি। কোথায় ভুলটা ছিল- এমন প্রশ্নে শ্রাবন্তীর জবাব, ‘আমার যেটা ভুল ছিল, আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম, যেটা হয়তো আমার আরও ভালো করে বুঝে নিয়ে করা উচিত ছিল। আসলে আমি তো খুব ইমোশোনাল একজন মানুষ। সেখানে আমার মনে হয়, আবেগে না ভেসে, আরও বাস্তবতা দিয়ে জীবনটাকে দেখা উচিত ছিল। আমি বলব নিজের ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মানটা যেখানে বজায় থাকবে সেখানে এগিয়ে যাওয়া উচিত।’

নায়িকা আরও বলেন, ‘একটাই জীবন, তাই লোকে কী বলছে না বলছে, সেটা দেখে এগিয়ে যাওয়া উচিত নয়। নিজের মন যেটা বলছে, যেটা করলে আপনার ধারণা আপনার ভালো হবে, সেটাই করা উচিত।’

বয়স ১৮ হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই বিয়ে সূত্রেই ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুকে জন্ম দেন তিনি। তারপর অবশ্য ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। এরপর শ্রাবন্তী ফের প্রেমে পড়েন, ফের বিয়ের পিঁড়িতে বসেন কৃষাণ ব্রিজের সঙ্গে। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র ১ বছর। তারপর ফের তৃতীয় বার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।

এক গুরুদুয়ারাতে গিয়ে প্রায় চুপিচুপিই দু’জনে বেঁধেছিলেন গাঁটছড়া। কিন্তু দেখা যায় যে, বছর ঘোরার আগেই, দু’জনের সমস্যা শুরু। ছাদ আলাদা হয় রোশন ও শ্রাবন্তীর। তারপর চলতি বছরের এপ্রিল মাসে দু’জনে আইনিভাবে আলাদা হয়েছেন।

ভেঙে গেল তারকা যুগল কেটি পেরি ও অরল্যান্ডোর সংসার

সম্প্রতি তারকা যুগল কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের সম্পর্কে তিক্ততা বাসা বেঁধেছে বলে গুঞ্জন ছড়ায়। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বাগদানের দীর্ঘ ৬ বছরের মাথায় সম্পর্কে ইতি টানলেন তাঁরা।

দুই তারকার ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএস উইকলি। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টেনেছেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম।

ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, ‘কেটি ও অরল্যান্ডো এখন আলাদা, তবে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণভাবেই শেষ হয়েছে।’

সূত্রটি আরও দাবি করেছে যে, পেরি ও অরল্যান্ডোর মধ্যে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছিল। দীর্ঘদিনের এই মনোমালিন্যের ফলেই বিচ্ছেদ ঘটেছে।

প্রসঙ্গত, পপতারকা পেরি এর আগে ২০১০ সালে কমেডিয়ান রাসেল ব্রান্ডকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর ২০১৬ সালে গোল্ডেন গ্লোবসের পার্টিতে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটি পেরির দেখা হয়। ২০১৯ সালে বাগদান হয় তাঁদের। পরের বছরই এই যুগলের সংসারে আসে কন্যাসন্তান ডেইজি। সুখবরটি দুজনেই শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। এবার তাঁদের সংসার ভেঙে গেল।

‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে সারজিস-হাসনাত-আখতারের আপত্তি

অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে তারা এই আপত্তি জানান।

বিকেলে ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।’

কাছাকাছি সময়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’

সন্ধ্যায় সারজিস আলম লিখেছেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।