Home Blog Page 374

মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে কোপালেন এনসিপি নেতা

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) বিকাল ৪টায় মাদারীপুর শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এনসিপি উপজেলা কমিটির আয়োজনে একটি কর্মীসভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে জেলা সমন্বয় কমিটির সদস্য, রাতুল ও টুটুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহকে অতর্কিত হামলা করে। এ সময় মাসুম বিল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা।

তখন মাসুম বিল্লাহর সঙ্গে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান চিকিৎসক।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহ্বায়ক নিয়ামতউল্লা জানান, মাদারীপুর জেলায় এনসিপির যে সমন্বয় কমিটি করা হয়েছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের আকাঙ্ক্ষা বিরোধী। ওই বিতর্কিত কমিটিতে যারা আছে তারাই মাসুম বিল্লাহর ওপরে এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু লোকের নামও আমরা পেয়েছি। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক- তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৩ জনের ফাঁসি কার্যকর

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মৃত্যুদণ্ড প্রাপ্ত তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়েছে। ইরান বুধবার জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন এ মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইসরাইলের প্রসঙ্গ উল্লেখ করে বিচার বিভাগ বলেছে, ‘ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রসুল আহমেদ রসুলকে ইহুদিবাদী শাসনের পক্ষে সহযোগিতায় গুপ্তহত্যা চালানোর লক্ষ্যে দেশে সরঞ্জাম আমদানি করার চেষ্টা চালানো জন্য গ্রেপ্তার ও বিচার করা হয়।’

‘বুধবার সকালে এই রায় কার্যকর করে তাদের ফাঁসি দেওয়া হয়েছে।’

বিচার বিভাগ জানিয়েছে, তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী উর্মিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কারাগারের নীল পোশাক পরা তিন ব্যক্তির ছবি শেয়ার করা হয়েছে।

তেহরান নিয়মিতভাবে চিরশত্রু ইসরাইলসহ বিদেশি গোয়েন্দা পরিষেবার হয়ে কাজ করার সন্দেহে এজেন্টদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে।

গত ১৩ জুন ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর, তেহরান দেশটির চিরশত্রুদের সাথে সহযোগিতার সন্দেহে গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেয়।

রোববার ও সোমবার উভয় দিনেই দেশটি মোসাদের এজেন্ট হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, মৃত্যুদণ্ড কার্যকর করার দিক থেকে ইরান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশ। এক্ষেত্রে চীনের পরে দেশটির স্থান।

ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা- সাংবাদিকের এই প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। আমি মনে করি না তারা আবার কখনও এটি (পামাণবিক কর্মসূচি) করবে।’ খবর- বার্তা সংস্থা রয়টার্স

ট্রাম্প বলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে। তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারা পরমাণু বোমা পাবে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

ইরানের পরমাণুকেন্দ্রে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল। আমি হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না। তবে ঘটনা একই। এর মাধ্যমেই যুদ্ধ থেমেছিল।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত। তারা স্থির হত না।

ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন।

এদিকে যুক্তরাষ্টের এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এ হামলায় মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরমাণু কর্মসূচি বিলম্বিত হবে। এই প্রতিবেদন প্রকাশের পরই ইরানকে ট্রাম্পের এমন বার্তা।

কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে ইসির সামনে মানববন্ধন

হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনটি বহাল রাখার দাবিতে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৫ জুন) ‘হোমনা-মেঘনার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে আগত নিলখী ইউনিয়ন পরিষদ যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ বলেন, ১৯৫৪ সাল থেকে হোমনা-মেঘনা এক আসনেই ছিল। কিন্তু ২০০৮ সালের তৎকালীন নির্বাচন কমিশন এটি আলাদা করে। ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত সেভাবেই ভোট হয়।

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগে কুমিল্লা-২ আসনটি ফের পূর্বের মতো করা হয়। অর্থাৎ হোমনা-মেঘনাবাসী পুনরায় এক আসনে চলে আসে।

কিন্তু বর্তমানে অনেকেই আবার ২০০৮ সালের অবস্থায় ফিরে যেতে চায়। তাই আমরা সেটা যাতে না করা হয় সেজন্য এই কর্মসূচি হাতে নিয়েছি।

রাসেল মাহমুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া হাতে নিয়েছে৷আমরা কুমিল্লা-২ আসনে হোমনা-মেঘনা বহাল রাখার আবেদন করেছি।

দুই উপজেলা থেকে মাবনবন্ধনে আগত কয়েকশ মানুষের নেতৃত্বে ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াসহ নাগরিক প্রতিনিধিরা।

গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য ৩৬ সদস্যের জাতীয় কমিটি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া উপদেষ্টা ফারুক ই আজম সহ-সভাপতি ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, খাদ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক এবং ড. ইফতেখারুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) সচিব এবং পররাষ্ট্র সচিব।

উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে।

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পোর্তকে বিদায় করেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলা পর্তুগিজ ক্লাবটি যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে চেনা ফুটবল খেলতেই পারেনি। পোর্তর চেয়েও বড় ধাক্কা খেয়েছে সম্ভবত স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে তারাও। 

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ব্রাজিলের ক্লাব বোটাফোগোকে ১-০ গোলে হারিয়েছে ডিয়াগো সিমিওনের দল। ম্যাচের ৮৭ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যান গোল করে রোজি ব্লাঙ্কোসদের জয় এনে দেন। কিন্তু পিএসজি, বোটাফোগের সমান পয়েন্ট তুলেও গোল ব্যবধানে বিদায় নিয়েছে স্প্যানিশ রাজধানীর ক্লাবটি।

গ্রুপ ‘বি’তে পিএসজি দুই জয়ের পাশাপাশি এক ম্যাচ হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিসের দলকে হারিয়েছিল বোটাফোগো। ওদিকে পিএসজি আবার হারিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদকে। এবার বোটাফোগো হারল অ্যাথলেটিকোর কাছে। এতে পিএসজি, বোটাফোগো ও অ্যাথলেটিকো সমান দুই ম্যাচে জয় ও একটি করে হেরে ৬ পয়েন্ট তুলেছে।

কিন্তু অ্যাথলেটিকো ৪-০ গোলে পিএসজির কাছে হারায় গোল ব্যবধানে তারা পিছিয়ে গেছে। অ্যাথলেটিকো গ্রুপ পর্বে পাঁচ গোল খেয়ে চার গোল করেছে। বোটাফোগো ৩ গোল করে দুটি খেয়েছে। দুই গোলের ব্যবধানে তাই শেষ ষোলোয় গেছে ব্রাজিলের ক্লাবটি।

উইকেটহীন সেশন, জয়ের জন্য ইংলিশদের দরকার ২৫৪ রান

জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান হেডিংলি টেস্ট। যেখানে শুভমান গিলের ভারত স্বাগতিকদের ৩৭১ রানের বড় লক্ষ্য দিয়েছে। তবে সেই লক্ষ্যকেও ধীরে ধীরে নাগালে নিয়ে আসছে ইংলিশরা। পঞ্চম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আর ২৫৪ রান, ভারতের চাই ১০ উইকেট, হাতে আছে পুরো দুই সেশন।

মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে খেলতে নেমে এখন পর্যন্ত আনন্দের কোনো উপলক্ষ্য পাচ্ছে না সফরকারীরা। অন্যদিকে, গতকাল শেষ বিকেলে ২১/০ স্কোর নিয়ে ফেরা ইংলিশরা আজ ২৪ ওভারে ৪ গড়ে ৯৬ রান তুলেছে। বুমরাহ-সিরাজদের বেশ দেখেশুনেই খেলছেন দুই ওপেনার বেন ডাকেট (৬৪) ও জ্যাক ক্রাউলি (৪২)।

এর আগে ব্যাটিংয়ের দুই ইনিংসেই ইংলিশ বোলারদের ওপর প্রভাব বিস্তার করেছেন ঋষভ পান্ত। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। এ ছাড়া সময়-সুযোগে কথার গুগলিতেও বিভ্রান্ত করেছেন প্রতিপক্ষ বোলারদের।

রবি শাস্ত্রীও নিজের উত্তরসূরীদের পারফরম্যান্সের পাশাপাশি তেমন গুণের প্রকাশ দেখতে চান। ম্যাচ জিততে হলে সেসবও যে ২২ গজে বড় ভূমিকা রাখে!

বিয়ের ৫ দিনের মাথায় বাবা হওয়ার খবর পেলেন নোবেল

বিয়ে করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, তাও আদালতের নির্দেশে, কারাগারে বসেই। আর সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার বাবা হওয়ার খবর পেলেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজেই এই সুখবরটি জানতে পারেন।  এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যখন নোবেলকে আদালতে আনা হয়, তখন বেশ খোশমেজাজেই ছিলেন তিনি।

এর কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন তার সদ্য বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, যিনি ছিলেন নোবেলের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী। আদালতে ঢুকেই প্রিয়া সোজা নোবেলের কাছে যান। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা স্বামীর সঙ্গে বেশ আনন্দ নিয়ে কিছুক্ষণ আলাপ করেন তিনি।

তাদের আইনজীবীরা জানান, আদালতের নির্দেশে গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নোবেল ও প্রিয়ার বিয়ে হয়। আর সেই বিয়ের পাঁচ দিনের মাথাতেই তাদের সংসারে নতুন মেহমান আসার খবরটি নিশ্চিত হয়েছে। অর্থাৎ, নোবেল ও প্রিয়া বাবা-মা হতে চলেছেন। প্রিয়া সবার কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।

ডেমরা থানায় দায়ের করা নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন নোবেল। আদালতের আদেশ ঘোষণার পর পুলিশ তাকে পুনরায় কারাগারে নিতে যায়। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরে হাঁটছিলেন গায়ক। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রিয়া তার জামিনে কোনো আপত্তি না থাকার কথা জানান। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। আদালতের নির্দেশে ১৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার বাদীকে বিয়ে করার শর্তে নোবেলকে জামিন দেন। এই নির্দেশ মেনে ১৯ জুন ১০ লাখ টাকা দেনমোহরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে প্রিয়াকে বিয়ে করেন নোবেল।

সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়’

বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এরপর থেকে রোজা আহমেদ চলে আসেন আলোচনায়। তিনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়।

বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এক মধুর মুহূর্তের খোঁজে।

মঙ্গলবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা।

ছবিতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-আর এমন সময় সুইমিংপুলে তাদের আদুরে এক মুহূর্ত! সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা-যেটা একেবারে আমাদের নিজের।’

রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন।

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিলো ইসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিলো নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৪ জুন দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লার’ সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি।

সেদিন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধিদলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে যে তারা চায় তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল, সেই প্রতীকও যেন অন্তর্ভুক্ত হয়। এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে, তার মধ্যে আছে- ‘স্ট্যাটাসকো এনটে’ বলতে কী বোঝায়, অর্থাৎ ২০১৩ সালে জামায়াতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, ২০০৮ সালের ৫ নভেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা দেয়া হয়েছিল। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারাও বিবেচনায় নেয়া হয়েছে।