Home Blog Page 379

বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

ওসিকে গালিগালাজ করে হুমকি দেওয়ার অভিযোগে কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহেশখালী থানার ওসির সঙ্গে অশোভন আচরণ, গালিগালাজ, হুমকি এবং সংগঠনবিরোধী কার্যলাপের জন্য আকতার হোসেনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসীর মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। উদ্ধার অভিযান এখনো চলমান।

আল-জাজিরার বরাত দিয়ে ইউএনএইচসিআর জানিয়েছে, বুধবার ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানান, নৌকা দুটিতে মোট ৯৫ জন যাত্রী ছিলেন। সে হিসেবে এখনো প্রায় ৩৫ জন নিখোঁজ বা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকা দুটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। যাত্রার একপর্যায়ে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে খারাপ আবহাওয়ার কারণে দ্বিতীয় নৌকাটিও উল্টে যায়।

ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া সবাই মোটামুটি সুস্থ আছেন, তবে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ঠেকাতে কড়াকড়ি আরোপ করেছে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে।

গাজায় একদিনে প্রাণ গেলো ১০০ ফিলিস্তিনির

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ ও নিন্দা উপেক্ষা করে ইসরায়েল গাজায় তাণ্ডব ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনে ভারী বোমাবর্ষণ করা হয়েছে এবং গত তিন দিনে প্রায় ৩০০-এর বেশি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শেখ রেদোয়ান এলাকাতেও বড় ধরনের হামলা হয়েছে। বুধবার ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইহুদি সেনারা, এতে আরও ৩৭ জন নিহত হয়েছেন।

এছাড়াও, গাজায় অনাহারে ও অপুষ্টিতে ভুগে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩টি শিশু রয়েছে। উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে মোট ২৩৫ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ১০৬ জনই শিশু।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দিয়েছিল।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষি খাতকে দখলে নিতে চায়: প্রাণিসম্পদ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষি খাতকে নিজেদের দখলে নিতে চাইছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জিএমও (জেনেটিক্যালি মোডিফায়েড অর্গানিজম) পণ্য আনবেই এবং তাদের বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের কৃষি খাতে প্রবেশ করবে।

বুধবার ঢাকায় প্রেস ইনস্টিটিউটে ‘বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণী উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ও দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্যচুক্তি বিষয়ে সতর্ক পুনর্বিবেচনা প্রয়োজন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ফরিদা আখতার বলেন, “আমেরিকানদের সঙ্গে যত আলোচনা হয়েছে, তাতে দেখা গেছে যে তারা জিএমও আনার জন্য বাংলাদেশের কৃষি খাতকে দখলে নিতে চায়। আমার মন্ত্রণালয় যেহেতু কৃষি মন্ত্রণালয় নয়, আমি এ বিষয়ে কিছু করতে পারছি না।”

তিনি আরও বলেন, তার মন্ত্রণালয়ের কাছে এমন প্রস্তাব এসেছে যে, যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানি করলে তা ৩০০ টাকায় বিক্রি করা যাবে, যেখানে বর্তমানে গরুর মাংসের দাম ৭০০-৮০০ টাকা। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার অভিযোগের ভয় দেখিয়ে বাংলাদেশকে মাংস আমদানিতে বাধ্য করতে চাইছে। হালাল ইস্যু নিয়ে প্রশ্ন তুললে তারা বলেছে, ৩০ হাজার মাওলানা নিয়ে গিয়ে হালাল পদ্ধতিতে জবাই করে মাংস পাঠানো হবে।

উপদেষ্টা বলেন, বিদেশ থেকে সস্তায় গরুর মাংস আমদানি করলে দেশীয় খামারি, বিশেষ করে গরিব নারীরা যারা গরু পালন করে জীবিকা নির্বাহ করেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি জানান, আমদানি করা মাংসের মাধ্যমে জুনোটিক রোগ প্রবেশের ঝুঁকিও রয়েছে, তাই সরকার মাংস আমদানি কমানোর চেষ্টা করছে।

এই সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার গোপন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো প্রকাশ করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারত, যা ভবিষ্যতে এই ধরনের চর্চা বন্ধ করত।

ব্যাপক সাড়া করদাতাদের, প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হওয়ার প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এটি গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে যে, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিক প্রতিবন্ধী, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি ছাড়া দেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে পরে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যদি কোনো করদাতা ই-রিটার্ন সিস্টেমে সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তবে তিনি ৩১ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট কারণ দেখিয়ে উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের পর তিনি পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্য যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। ই-রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র এবং আয়কর সনদও প্রিন্ট করে নেওয়া যাবে।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য এনবিআর একটি কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করেছে। এছাড়া, http://www.etaxnbr.gov.bd পোর্টালে লিখিতভাবে সমস্যার বিবরণ দিয়েও সমাধান পাওয়া যাচ্ছে। এনবিআর সকল করদাতাকে সময়মতো ই-রিটার্ন দাখিল করে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে

ওয়ালটন গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিশ্বের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে দ্রুত এগিয়ে চলেছে। ২০২৪-২৫ অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখা সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণকৃত দেশগুলোর মধ্যে রয়েছে উত্তর ও মধ্য আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোস, ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র ফিজি ও ভানুয়াতু, আফ্রিকার ক্যামেরুন ও ক্যাপভার্ড, এবং এশিয়ার শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আব্দুর রউফ বলেন, “সর্বাধুনিক উদ্ভাবনী প্রযুক্তি, টেকসই ও উচ্চ গুণগত মান, বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং মূল্য প্রতিযোগিতার কারণে ওয়ালটন আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এগিয়ে রয়েছে। এর ফলে অল্প সময়ের মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করছে ওয়ালটন। গত এক বছরে আমরা নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস শুরু করেছি।”

তিনি আরও জানান, চলতি দশকের শুরু থেকে ওয়ালটন বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বের বাজারে ব্র্যান্ড সম্প্রসারণের জন্য সুদক্ষ গ্লোবাল বিজনেস টিম গঠন করা হয়েছে। কয়েকটি দেশে সাবসিডিয়ারি ও শাখা অফিস স্থাপন করা হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ওয়ালটনের গ্লোবাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপ ও আমেরিকার মান, আবহাওয়া এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী সর্বাধুনিক প্রযুক্তির পণ্য উৎপাদন করা হচ্ছে।

ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, কম্প্রেসর, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য রপ্তানিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বাংলাদেশে ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য শীর্ষে রয়েছে, যা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটিকে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি তার ‘মিস ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার ‘আর্য়া’ সিরিজের প্রচারণার সময় মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সময় তাকে তৎকালীন মিস ইউনিভার্সের মালিক ডোনাল্ড ট্রাম্পের সংস্থার সঙ্গে কাজ করতে হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সুস্মিতা বলেন যে, মিস ইউনিভার্স অর্গানাইজেশন যখন তাকে ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব দেয়, তখন এটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। তবে তিনি স্বীকার করেন যে, ফ্র্যাঞ্চাইজির জন্য যে চুক্তিটি তাকে স্বাক্ষর করতে হয়েছিল, তা ছিল খুবই কঠিন। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এটির মালিক ছিলেন, তাই বিষয়টি তার কাছে মোটেও আনন্দদায়ক ছিল না।

তিনি আরও জানান, সৌভাগ্যবশত তার সরাসরি বস ছিল প্যারামাউন্ট কমিউনিকেশনস এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেন, কারণ তারাই তখন মিস ইউনিভার্সের মালিক ছিল। সুস্মিতা বলেন, তিনি এক বছরের জন্য মিস ইউনিভার্সে কাজ করেছিলেন, এবং সেই সময়ে ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে সুস্মিতা বলেন, ফ্র্যাঞ্চাইজি তার সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের কয়েকবার দেখা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। তিনি মন্তব্য করেন যে, কিছু মানুষ আছেন যারা তাদের সাফল্য বা ক্ষমতার জন্য নয়, বরং তাদের ব্যক্তিত্বের কারণে প্রভাব ফেলেন। তবে ট্রাম্পকে তিনি সেই ধরনের মানুষের তালিকায় রাখেন না, কারণ তার সেই ধরনের ব্যক্তিত্ব নেই।

উল্লেখ্য, সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন। এরপর তিনি ‘ম্যায় হুঁ না’, ‘বেওয়াফা’ এবং ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

সিলেটের সাদা পাথর লুট বন্ধে সরব ক্রিকেটার রুবেল

০

সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লুটপাট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর লুটের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ক্ষোভ জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকরা। সেই ধারাবাহিকতায় রুবেলের এই প্রতিক্রিয়া এলো।

গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় শুরু হয় পাথর উত্তোলনের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে চলছে এই লুটপাট।

ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে সিলেটের অন্যতম এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য।

পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম আকর্ষণীয় এই পর্যটন স্পটটি হারিয়ে যেতে পারে মানচিত্র থেকে।

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

০

৩৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে পাকিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে তারা পাকিস্তানকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ২০২ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে। এই জয়ের মধ্য দিয়ে ক্যারিবীয়রা ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের সেঞ্চুরির (১২০) ওপর ভর করে ২৯৪ রানের বড় স্কোর গড়ে। জবাবে পাকিস্তানের কোনো ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। পাঁচ ব্যাটার আউট হন শূন্য রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পেসার জেইডেন সিলস অসাধারণ বোলিং করে মাত্র ১৮ রানে ৬ উইকেট শিকার করেন। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। তার বোলিং তোপেই পাকিস্তানের ইনিংস ২৯.২ ওভারে ৯২ রানে শেষ হয়ে যায়।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে এসে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। একটি ম্যাচ হয়েছিল টাই। এরপর ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেললেও একটিতেও জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ।

জাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, ভারতে বসে আওয়ামী লীগ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং জাতীয় পার্টির মাধ্যমে দলটিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ তিনি এই মন্তব্য করেন। তিনি আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে দাবি করে তা প্রতিহত করার ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে কী কাজ করেছে, তা সবার সামনে প্রকাশ করা উচিত। তিনি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করার দাবি জানান।

তিনি অভিযোগ করেন, মিডিয়া আবারও আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপে প্রভাবিত হচ্ছে। একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া সেটা প্রকাশ করে।”

হাসনাত বলেন, “আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো, এবার পারলে আসুন বুলেট নিয়ে।” এই সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আহ্বান জানান।

প্রশাসন প্রসঙ্গে হাসনাত বলেন, গত এক বছরে প্রশাসনের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর বঞ্চিত নামের একটি গোষ্ঠী প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি বলেন, “৫ আগস্ট না হলে এই প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতো।” তিনি ভোটের আগে প্রশাসনের সংস্কারের দাবি জানান।

এনসিপির এই নেতা ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “ডিজিএফআইয়ের অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন। সব মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থি হিসেবে গড়ে তুলুন।”

তিনি এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলারও সমালোচনা করেন। হাসনাত বলেন, “সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল।” তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করতো এখন একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, “তাদের নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয় মামলা দেয়।” তিনি সতর্ক করেন, এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ধরে নেওয়া হবে যে এসব আদেশ কেন্দ্রীয় পর্যায় থেকে আসছে।