Home Blog Page 381

নরওয়ের যুবরাজের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নরওয়ের যুবরাজের ছেলের বিরুদ্ধে তিনটি ধর্ষণসহ ২৩টি ভিন্ন ভিন্ন অপরাধের অভিযোগ উঠেছে।

বিবিসি সূত্র মতে, নরওয়ের ভবিষ্যৎ রাজার এই সৎছেলে মারিয়াস বোর্গ হোইবিকে এর আগে গত বছর তিনবার গ্রেপ্তার করা হয়। ১০ মাস তদন্তের পর নরওয়েজিয়ান পুলিশ এখন মামলাটি প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী পদক্ষেপ এবার তারাই ঠিক করবেন বলে জানান পুলিশ অ্যাটর্নি আন্দ্রেয়াস ক্রুসজেউস্কি।

হোইবির আইনজীবী পেটার সেকুলিক বলেন, তার মক্কেল অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তবে যৌন নির্যাতন এবং সহিংসতার অভিযোগসহ বেশির ভাগ ক্ষেত্রেই তিনি কোনো দায় স্বীকার করেননি।

২৮ বছর বয়সী এই যুবক কোন রাজকীয় পদবি বা সরকারি দায়িত্বে নেই। গত বছর একটি হামলা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর থেকে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপরই একের পর এক নারী নির্যাতনের তথ্য সামনে আসতে থাকে তার বিরুদ্ধে।

অসলো জেলা পুলিশের বিবৃতি অনুযায়ী, তারা বিপুলসংখ্যক সাক্ষীর সাক্ষাৎকার, তল্লাশি এবং ডিজিটাল উপাদান পর্যালোচনার মাধ্যমে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন করেছেন। আইনি সীমাবদ্ধতা ও প্রমাণের অভাবে যৌন অপরাধের সঙ্গে জড়িত কিছু মামলা খারিজ করে দেওয়া হয়েছে বলেও জানান তারা।

ক্রুসজেভস্কি বলেন, নিশ্চিত না হয়ে মামলায় নির্যাতিতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি দুই অঙ্কের।

নরওয়ের রয়েল হাউস এক বিবৃতিতে জানায়, আইনি প্রক্রিয়া চলমান আছে।

এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৯ জুন) রাতে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজ রবিবারও চলে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে  আন্দোলনকারীরা আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন তারা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে রাজস্ব আহরণ কার্যক্রম।

চেকিংয়ে ম্যাগজিন পাওয়ার বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিংয়ের সময় এ্যামোনেশনের ম্যাগজিন পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। উপদেষ্টার দাবি, তার বৈধ অস্ত্রের একটি ম্যাগজিন ভুলক্রমে ব্যাগে থেকে গিয়েছিল।

রোববার সকালে সরকারি সফরে টার্কিস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরক্কো যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় স্ক্যানিংয়ের সময় উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে এ্যামোনেশনের ম্যাগজিন পাওয়া যায়। বিষয়টি নিয়ে দিনভর চলে আলোচনা সমালোচনা।

সন্ধ্যায় আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েকদফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’

উপদেষ্টা আরও লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ৬ টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগজিন রেখে আসলেও ভুল বশত আরেকটি ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে।’

গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর তা সরানোর জন্য তিনি কোনো চাপ দেননি বলেও দাবি করা হয় পোস্টে। আসিফ মাহমুদ লিখেছেন, ‘চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এতকিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করেও আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’

ক্রিকেটের যেসব নিয়মে পরিবর্তন আনল আইসিসি

ছেলেদের ক্রিকেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। লাল বলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে কিছু নিয়ম ইতোমধ্যেই কার্যকর হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এ নিয়ম কার্যকর হবে আগামী ২ জুলাই থেকে।

সম্প্রতি পরিবর্তিত নিয়মগুলো সদস্যদেশের কাছে পাঠিয়েছে আইসিসি। সেখান থেকে ক্রিকেটের তিন সংস্করণের উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। নিচে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করা হলো-

টেস্টে স্টপ ক্লকের ব্যবহার: ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এ নিয়ম এক বছর আগেই কার্যকর হয়েছে। এবার টেস্টেও নিয়মটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে একটি ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যেই নতুন ওভার শুরু করতে প্রস্তুত থাকতে হবে। নির্ধারিত সময়ে ওভার শুরু করতে ব্যর্থ হলে আম্পায়ার দুবার সতর্কবার্তা দেবেন। এরপরও যদি নির্ধারিত সময়ে ওভার শুরু করতে ব্যর্থ হয়, তবে ফিল্ডিং দলকে পাঁচ রান জরিমানা করবেন। প্রতি ৮০ ওভার পর নতুন করে সতর্কবার্তা দেওয়ার হিসেব শুরু হবে। মাঠের ইলেকট্রনিক ঘড়িতে ০ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত গণনা দেখানো হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ইতোমধ্যে এ নিয়ম কার্যকর হয়েছে।

ইচ্ছেকৃত লালা ব্যবহার ও বল পরিবর্তন: বলে লালা বা থুথু ব্যবহার আগেই নিষিদ্ধ করেছিল আইসিসি। সে নিয়ম এখনও বহাল থাকছে। সঙ্গে নিয়মে আরেকটু পরিবর্তন নিয়ে এসেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আগে বলে লালা ব্যবহার করলেই সে বল পরিবর্তন করা হতো। আইসিসি জানিয়েছে, আম্পায়াররা বলে লালার উপস্থিতি টের পেলেও এখন আর বল পরিবর্তনের বাধ্যবাধকতা নেই। কোনো দল যাতে ইচ্ছেকৃতভাবে বলে লালা ব্যবহার করে বল পাল্টাতে না পারে, সে জন্য এমন নিয়ম করা হয়েছে।

তবে বলের অবস্থা যদি খুব বেশি খারাপ হয়ে যায়, যেমন ভিজে যায় বা বেশি উজ্জ্বল হয়, সেক্ষেত্রে বল পাল্টাতে পারবেন আম্পায়াররা। এ সিদ্ধান্ত শুধু আম্পায়ারের ওপরই নির্ভর করবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, লালা ব্যবহারের পর আম্পায়াররা যদি মনে করেন, বল পাল্টানোর প্রয়োজন নেই, কিন্তু এরপর খেলার সময় যদি বল বেশি সুইং করে এবং অস্বাভাবিক আচরণ করে, তবু বল পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে ব্যাটিং দলকে ৫ রান দেওয়া হবে।

রিভিউয়ের নিয়মে পরিবর্তন: আইসিসির আগের নিয়ম অনুযায়ী, ব্যাটসম্যানকে উইকেটের পেছনে ক্যাচ আউট দেওয়ার পর সে যদি রিভিউ নেয় এবং সেখানে দেখা যায়, বল ব্যাটে নয়, বরং প্যাড ছুঁয়ে গেছে, সেক্ষেত্রে আর এলবিডাব্লিউ যাচাই করা হয় না এবং ব্যাটসম্যানকে নট আউট দেওয়া হয়।

তবে এ নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়ার ক্যাচ আউট দেওয়ার পর রিভিউতে ব্যাটে না লেগে বল প্যাড ছুঁয়ে গেলে আউট ধরে নিয়ে এলবিডাব্লিউয়ের জন্য বল ট্র্যাকিং করা হবে। বল ট্র্যাকিংয়ে আম্পায়ার্স কল আসলেও ব্যাটসম্যানকে আউট দেওয়া হবে।

কম্বাইন্ড রিভিউয়ে নতুন নিয়ম: খেলোয়াড় ও আম্পায়ার একইসঙ্গে রিভিউ নিলে (সমন্বিত রিভিউ) প্রচলিত পদ্ধতিতে তৃতীয় আম্পায়ার আগে মাঠ আম্পায়ারের রিভিউ গ্রহণ করেন, পরে খেলোয়াড়দের। উদাহরণ স্বরূপ, কোনো বলে ফিল্ডিং দল এলবিডাব্লিউয়ের রিভিউ নিয়েছে, এবং একই বলে রান আউটের সম্ভাবনা থাকায় আম্পায়ার রিভিউ নিয়েছে।

আগের নিয়ম অনুযায়ী, থার্ড আম্পায়ার প্রথমে মাঠ আম্পায়ারের রিভিউ, অর্থাৎ রান আউট যাচাই করবেন এবং পরে খেলোয়াড়দের রিভিউ (এলবিডাব্লিউ) যাচাই করবেন।

নতুন নিয়ম অনুযায়ী, যে ঘটনা আগে ঘটেছে, থার্ড আম্পায়ার আগে সেটার রিভিউ করবেন। আইসিসির সংশোধিত প্লেয়িং কন্ডিশনের ৩.৯ নম্বর ধারায় বলা হয়েছে, ‘যদি প্রথম ঘটনায় ব্যাটসম্যান আউট হয়, তখন বলটি ডেড হয়ে যাবে এবং পরবর্তী ঘটনা পর্যালোচনার প্রয়োজন নেই।’

অর্থাৎ এলবিডাব্লিউ ও রানআউটের আবেদন একসঙ্গে হলে, তৃতীয় আম্পায়ার আগে এলবিডাব্লিউয়ের আবেদন যাচাই করবেন। কারণ মাঠে আগে সেটাই ঘটেছে। এলবিডাব্লিউতে ব্যাটসম্যান আউট হলে পরে আর রান আউট যাচাইয়ের দরকার হবে না। কারণ বলটি তখন ডেড বলে গণ্য হবে।

নো বলে ক্যাচের রিভিউ: আইসিসির আগের নিয়ম অনুযায়ী, কোনো বল আম্পায়ার নো বল হিসেবে ঘোষণা করলে, ওই বলে ক্যাচ হলেও সেটা আর যাচাই করা হতো না। নতুন নিয়ম অনুযায়ী, নো বলে ক্যাচ হলে এখন থেকে সে ক্যাচটিও যাচাই করা হবে। দেখা হবে, ক্যাচটি ঠিকঠাকভাবে ধরা হয়েছে কি না। যদি ক্যাচটি ঠিকঠাক ভাবে ধরা হয়, তবে ব্যাটিং দল নো বলের জন্য শুধু অতিরিক্ত ১ রান পাবে। আর যদি ক্যাচটি আম্পায়ারের কাছে পরিষ্কার না হয়, সেক্ষেত্রে ব্যাটসম্যানরা দৌড়ে যত রান নেবেন, সবগুলো স্কোরবোর্ডে যোগ হবে।

ইচ্ছেকৃত শর্ট রান: আগে কোনো ব্যাটসম্যান ইচ্ছেকৃত শর্ট (ক্রিজের দাগ না ছুঁয়েই পরের রানের জন্য দৌড়) রান নিয়ে ধরা পড়লে ব্যাটিং দলকে ৫ রান জরিমানা করা হতো। এখন থেকে ইচ্ছেকৃত শর্ট রান নিলে তো ৫ রান জরিমানা থাকছেই। সঙ্গে ফিল্ডিং দল ঠিক করবে, স্ট্রাইকপ্রান্তে কোন ব্যাটসম্যান থাকবেন।

গুঞ্জনের পর টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

কয়েকদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে লাল বলে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর শান্ত জানিয়েছিলেন, আলোচনাটা আলোচনাতেই রাখতে চান তিনি।

কিন্তু টেস্ট সিরিজ শেষ হতে সেই গুঞ্জনই বাস্তবে পরিণত হয়েছে। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এসে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিস্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে।’

শান্ত যোগ করেন, ‘এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’

ব্যক্তিগত কারণে নয়, বরং দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শান্ত। ২৬ বছর বয়সী এ টপ অর্ডার ব্যাটসম্যানের ভাষায়, ‘আমি আশা করব, কেউ যেন এরকম না মনে করে যে আমি ব্যক্তিগত কোনো কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এটা আমি নিশ্চিত করলাম এটা দলের ভালোর জন্য, এখানে ব্যক্তিগত কিছু নেই।’

হিরো আলমের আত্মহত্যার চেষ্টার খবর শুনে বগুড়ায় রিয়া মনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই খবর পেয়ে তার স্ত্রী রিয়া মনি দ্রুত হাসপাতালে ছুটে গেছেন। হাসপাতালে হিরো আলমকে দেখতে গিয়ে রিয়া মনি কয়েকটি ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, “সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।” রিয়া মনির এই পোস্ট হিরো আলমের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং তাদের সম্পর্কের জটিলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

জানা গেছে, হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির সম্পর্কের টানাপড়েন চলছে কিছুদিন ধরে। সেই হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন হিরো আলম।  সেই খবর পেয়েই বগুড়া ছুটে গেছেন রিয়া মনি।

এর আগে বগুড়ার ধুনটে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু জাহিদের বাড়ি বেড়াতে যান। রাতে রিয়া মনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন।

এদিন বেলা ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে তার বন্ধু উদ্বিগ্ন হয়ে ওঠেন। এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। এরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বন্ধু জাহিদ হাসান সাগর জানান, দীর্ঘদিনের বন্ধু হিরো আলম আমার বাড়িতে এসে রিয়া মনিকে নিয়ে হতাশার কথা বলেন। তিনি জানান, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করেন, নানা প্রশ্ন করেন। এখানে একটু নীরবে সময় কাটাতে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, ঘুমের ওষুধ সেবন করায় হিরো আলম অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার সঙ্গে থাকা লোকজন প্রথমে তাকে স্থানান্তরে অনাগ্রহ দেখান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

কাঁটা লাগা’ গার্লখ্যাত শেফালি জারিওয়ালা আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ভারতীয় বিনোদনমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রীর স্বামী পারাস টাইগি নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান।

তবে এখনো পর্যন্ত মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

শেফালির আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তার রহস্যজনক প্রয়াণ ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান, গুরুত্ব আইটি খাতে: খসরু

বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে এবং তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরির ব্যবস্থা করা হবে।

শনিবার (২৮ জুন) সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, “আগের মতো রাজনীতি করলে আর হবে না। বাংলাদেশের মানুষের মন-মানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে ও ফ্যাসিবাদমুক্ত রাখতে হবে।”

আমীর খসরু অভিযোগ করেন, দেশের অর্থনীতিতে যে সৃজনশীলতা ছিল, তা গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ শুরু করবে। কৃষিতে বিনিয়োগে আগ্রহীদের সুযোগ তৈরি করে দেওয়া হবে এবং কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং নগর বিএনপির সহ-সভাপতি রিয়াসদ আজিম ও নগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

এছাড়াও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন প্রমুখ।

নির্বাচন বানচাল বা বিলম্ব করার উদ্দেশ্যে পিআর পদ্ধতি দাবি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাওয়ার পেছনে নির্বাচন বিলম্বিত করা বা বানচাল করার উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি সম্ভব নয় বলেও তিনি মনে করেন। শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুন বাগিচায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবং সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবে। তবে তিনি স্থানীয় নির্বাচনের জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করেন না।

দেশের চলমান সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটিকে পরিবর্তন করা যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে পরিবর্তিত হবে। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত নিয়েও প্রশ্ন তোলেন, যদি তাদের প্রস্তাব সবাইকে মেনে নিতে বাধ্য করার উদ্দেশ্য থাকে, তবে প্রকৃত ঐকমত্য সম্ভব নয়।

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৬ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এই হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক, স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ সদস্যও আহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা ও সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি সামরিক বহরে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ১৩ জন নিহত হওয়ার খবর এলেও, পরে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ায়।

জেলার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে এবং এতে ছয় শিশু আহত হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানেরই একটি অংশ।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসলামাবাদ দাবি করে আসছে, এসব হামলা আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে, যদিও তালেবান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।