Home Blog Page 384

ইরানে বোমা হামলা না করতে ইসরায়েলকে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে বোমা হামলা চালানো থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে একই অনুরোধ করার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এও তিনি এই বার্তা দেন। ট্রাম্পের এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন এর কয়েক ঘণ্টা আগেই তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প তার পোস্টে স্পষ্ট ভাষায় লিখেছেন: “ইসরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে একটি বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!”  মঙ্গলবার একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে  এএফপি, অ্যাক্সিওস এবং আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের অনুরোধের জবাবে নেতানিয়াহু জানান, তিনি হামলা বাতিল করতে পারবেন না, কারণ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা “অত্যাবশ্যক”। তবে নেতানিয়াহু এও জানিয়েছেন যে, হামলাটি সীমিত পরিসরে পরিচালিত হবে এবং একাধিক লক্ষ্যবস্তু নয়, বরং কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগে তিনি জানিয়েছিলেন যে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল এই প্রস্তাবে রাজি বলে জানালেও ইরান জানিয়েছিল, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও একই পদক্ষেপ নেবে।

তবে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে, তেহরান নতুন করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইরানের বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ

ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে স্থানীয় সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, অন্যদিকে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বাবলসারে বিস্ফোরণের ঘটনা এবং এর পরপরই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ-পাল্টা অভিযোগের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে।

কাতারে প্রবাসীদের সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস

কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে উদ্বিগ্ন না হয়ে সতর্ক ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কাতারে সংঘটিত উদভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারবর্গকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করছে। যদিও ঘটনা পরবর্তী কাতার সরকারের বিবৃতি অনুযায়ী পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে উদ্বিগ্ন না হয়ে সতর্ক ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে, বাংলাদেশি নাগরিকদেরকে কাতারের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে গতকাল সংগঠিত ঘটনাসহ কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোন ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল। এ ছাড়াও সম্ভাব্য অনাকাক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এ সংক্রান্ত ভিডিও, ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কাতার সরকার কর্তৃক অনুমোদিত ছবি ও ভিডিও ছাড়া অন্য কোনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

এমতাবস্থায়, কাতারে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে জরুরি প্রয়োজনে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের নিম্ন প্রদত্ত হটলাইন অথবা ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

হটলাইন নম্বর: +99833662000
ইমেইল: Mission.Doha@Mofa Gov. Bd
BdootQat@Gmail.Com

দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার(২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ জুন, ২০২৫ তারিখ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকল প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।  পুরো স্কোয়াডে একমাত্র চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি।

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের প্রথম অ্যাসাইনমেন্টে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গল টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে মাঠে গড়াবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

স্বপ্নে কোরআন তিলাওয়াত করার ব্যাখ্যা কী?

কোরআন তিলাওয়াত একটি ফজিলতপূর্ণ আমল। কোরআন তিলাওয়াতকারীদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, ‘যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে। তারা এমন ব্যবসার আশাবাদী, যাতে কখনও লোকসান হয় না। যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। (সূরা ফাতির, আয়াত: ২৯-৩০)

কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে এক হাদিসে আব্দুল্লাহ্ ইবনে মাসঊদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সা. বলেছেন—

যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। আর প্রতিটি নেকিকেই ১০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে, আলিফ-লাম-মীম মিলে একটি হয়ফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, এবং মীম আরেকটি হরফ। (তিরমিজি, হাদিস: ২৯১০)

প্রতিদিন কোরআন তিলাওয়াত একটি উত্তম আমল। একইসঙ্গে কোনো ব্যক্তি নিজেকে স্বপ্নে কোরআন তিলাওয়াত করতে দেখাও ভালো কিছুর ঈঙ্গিত দেয়। কেউ নিজেকে স্বপ্নে কোরআন তিলাওয়াত করতে দেখার ব্যাখ্যা হলো— আল্লাহ তায়ালা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার জীবনে খুশি নেমে আসবে।

আর কেউ যদি স্বপ্নে কোরআন মুখস্ত (হিফজ) করতে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে, সে কারো সঙ্গে আদালতে মুখোমুখি হবে এবং তার দাবিই সঠিক প্রমাণিত হবে এবং সে আমানতদার প্রমাণিত হবে। তিনি নরম হৃদয়ের অধিকারী মুমিন হিসেবে বিবেচিত হবেন এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বাধা দেবেন।

আর যদি কেউ স্বপ্নে পবিত্র কোরআন খতম করতে দেখে তাহলে তার কোন বড় আশা পূরণ হবে। আল্লাহ তায়ালা তাকে অনেক সওয়াব দান করবেন।

কোনো গায়রে হাফেজ (যে কোরআনের হাফেজ নয়) যদি স্বপ্নে দেখে যে, সে কোরআন শরিফ মুখস্ত করে ফেলেছে তাহলে এর ব্যাখা হলো, তাকে তার পরিস্থিতির অনুযায়ী শক্তি বা মর্যাদা দান করা হবে।

যদি কেউ স্বপ্নে নিজেকে কোরআন শরিফ পড়া অবস্থায় দেখে, কিন্তু তার মনে নেই যে সে ঠিক কোন অংশ থেকে পড়েছে বা কোন আয়াত কোন সূরা পড়েছে। তাহলে সে যদি অসুস্থ থাকে সুস্থ হয়ে যাবে। আর যদি সে ব্যবসায়ী হয় তাহলে তো আর কোনো বড় মুনাফা হবে।

আর যদি কেউ সপ্নে দেখে যে, সে কোরআন শরিফ শ্রবণ করছে তাহলে তার শক্তি বৃদ্ধি পাবে এবং তার সব কাজের ফলাফল সুন্দর হবে এবং সে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে।

যদি কেউ স্বপ্নে দেখে যে, সে কোরআন শরিফ তেলাওয়াত করছে আর লোকেরা তার তেলাওয়াত শুনছে, তাহলে সমাজের মানুষেরা তার আদেশ মেনে চলবে।

২ সপ্তাহ তেল ছাড়া খাবার খেলেই শরীরে যেসব পরিবর্তন দেখা দেয়

বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে খাবারে অতিরিক্ত তেল বাদ দিচ্ছেন। কেউ কেউ আবার সম্পূর্ণ তেল ছাড়া রান্না করতেও অভ্যস্ত হয়ে পড়ছেন। তবে একটানা দুই সপ্তাহ তেল ছাড়া খাবার খাওয়ার ফলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে—সে বিষয়েই সতর্ক করছেন পুষ্টিবিদরা। তেল বা চর্বি শুধু ক্যালোরির উৎসই নয়, এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। বিশেষ করে ফ্যাটি অ্যাসিড ও ফ্যাট-দ্রবণীয় ভিটামিন—যেমন ভিটামিন এ, ডি, ই ও কে শোষণের জন্য তেলের প্রয়োজন অপরিহার্য।

ভারতীয় পুষ্টিবিদ কণিকা মালহোত্রার মতে, দুই সপ্তাহ ধরে একেবারে তেল ছাড়া খাবার খেলে হজম ও বিপাকীয় প্রক্রিয়ায় স্বল্পমেয়াদি পরিবর্তন দেখা দিতে পারে। তেল না থাকায় ফ্যাট-দ্রবণীয় ভিটামিনের শোষণ ব্যাহত হয়, যার ফলে দেখা দিতে পারে পুষ্টিহীনতা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার মতো সমস্যা।

তেল ছাড়া খাবারে শরীরে যে ধরনের প্রভাব পড়ে:

১. হজম ও ওজনের ওপর প্রভাব: তেল বাদ দিলে ক্যালোরি গ্রহণ সাময়িকভাবে কমে যায়। এতে ওজন হ্রাস ঘটতে পারে। তবে একইসঙ্গে ক্ষুধা নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে, ফলে খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে।

২. ভিটামিন শোষণে সমস্যা: তেল ছাড়া মাইসেল গঠনে সমস্যা হয়, যা ফ্যাট-দ্রবণীয় ভিটামিন শোষণে বাধা দেয়। এর ফলে চোখের দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হাড়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩. ত্বক ও চুলের স্বাস্থ্য: ফ্যাটি অ্যাসিডের অভাবে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে, এমনকি চুলকানিও দেখা দিতে পারে।

৪. শক্তির ঘাটতি: চর্বি একটি দীর্ঘস্থায়ী শক্তির উৎস। এটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। তাই চর্বিহীন খাদ্য শক্তির ঘাটতির কারণ হতে পারে, ফলে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়।

৫. মানসিক প্রভাব: ফ্যাটের অভাবে মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের কাজ ব্যাহত হতে পারে, যা খিটখিটে মেজাজ বা মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে।

যেসব খাবারে প্রাকৃতিকভাবে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়:

চর্বিযুক্ত মাছ: স্যামন, সারডিন, ম্যাকারেল প্রভৃতি।

বীজ: ফ্ল্যাক্সসিড, চিয়া সিড।

বাদাম: আখরোটসহ অন্যান্য বাদাম।

ফর্টিফায়েড খাবার: ওমেগা-৩ যুক্ত ডিম, দুধ, প্ল্যান্ট-বেসড মিল্ক ইত্যাদি।

স্বল্প সময়ের জন্য তেল বাদ দিয়ে ডিটক্স বা ওজন কমানোর প্রচেষ্টা ক্ষতিকর না হলেও, দীর্ঘমেয়াদে এই অভ্যাস শরীরের ভেতরকার পুষ্টিগত ভারসাম্য নষ্ট করতে পারে। তাই একেবারে তেল বাদ না দিয়ে, বরং স্বাস্থ্যসম্মত পরিমাণে ভালো মানের তেল ব্যবহার করাই বেশি উপযোগী বলে মনে করছেন পুষ্টিবিদরা।

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল: অর্থ উপদেষ্টা

আগের চেয়ে বাড়তি করে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা এবং ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব বাজেটে করা হয়েছিল। তবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন করার সময় সেটি পরিপূর্ণভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরের সভাকক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।

কলম্বিয়ায় ৫৭ সেনা সদস্যকে অপহরণ

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিকাই ক্যানিয়ন এলাকায় অন্তত ৫৭ জন সেনা সদস্যকে সাধারণ নাগরিকদের হাতে অপহরণ করা হয়েছে। সোমবার(২৩ জুন ) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ৩১ জন এবং রবিবার বাকি সেনাদের অপহরণ করা হয়। অপহরণকারীদের সংখ্যা ছিল দুই শতাধিক। সামরিক বাহিনী বলছে, এই কাজটি সাধারণ নাগরিকদের মাধ্যমে করা হলেও, তারা মূলত ২০১৬ সালের শান্তিচুক্তি স্বাক্ষর করা সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ভিন্নমতাবলম্বী সদস্যদের চাপে পড়ে এমনটা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল ফেদেরিকো আলবের্তো মেহিয়া জানান, অপহৃতদের মধ্যে চারজন নন-কমিশনড অফিসার এবং ৫৩ জন সাধারণ সেনা রয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “এটাকে অপহরণই বলা হয়।”

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফার্কের সবচেয়ে বড় শাখা গোষ্ঠী ইএমসি (Estado Mayor Central) এই অপহরণের নির্দেশ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইএমসি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিবিসির তথ্যমতে, মিকাই ক্যানিয়ন একটি পাহাড়ি অঞ্চল যা কোকেন উৎপাদনের একটি প্রধান কেন্দ্র। এটি কলম্বিয়ার বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্রস্থল। এই অঞ্চলটি কোকেন প্রশান্ত মহাসাগরীয় বন্দরে পাচারের জন্য ব্যবহার করা হয়, যেখান থেকে মাদক বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠানো হয়।

তেল আবিবগামী সব ফ্লাইট মধ্য জুলাই পর্যন্ত স্থগিত করল এয়ার ফ্রান্স

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার কারণে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্স তেল আবিবগামী তাদের সব নির্ধারিত ফ্লাইট আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।

সোমবার(২৩ জুন) সিএনএন-কে পাঠানো এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার পর প্যারিস থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে।

শুধু তেল আবিব নয়, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু গন্তব্যে এয়ার ফ্রান্সের ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ প্যারিস থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে।

বিমান সংস্থাটি ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের তারিখ নির্ধারণ অথবা টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরতের ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

এয়ার ফ্রান্স আরও জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা বিমান চলাচলের গন্তব্য এবং যাত্রাপথে চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।