Home Blog Page 389

আত্মগোপনে থাকা ঢাবি ছাত্রলীগ নেতা সাজিদ বগুড়ায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মুইন হাসান সাজিদকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ জুন) রাতে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সাজিদ উত্তর ফুলদিঘী এলাকার আনাম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে সাজিদের বিরুদ্ধে। সে সময় দুর্বৃত্তরা মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালায় এবং বেশ কয়েকজনকে গুরুতর জখম করে। ওই ঘটনায় গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলায় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারাও যুক্ত করা হয়। ঘটনার পর থেকেই সাজিদ পলাতক ছিলেন।

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে দর্শনার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত মানববন্ধনের পর বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। এ সময় কাছারিবাড়ির পরিচালককে মারধরের ঘটনাও ঘটে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের ছুটিতে প্রবাসী শাহনেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে গত ৮ জুন বিকেলে কাছারিবাড়ি ঘুরতে যান। দর্শনার্থীদের প্রবেশের সময় টিকিট দেওয়া হলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়ে টোকেন না দেওয়ায় গেটের কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এরপর কাছারিবাড়ির কাস্টোডিয়ান ও অন্যান্য কর্মচারীরা মিলে শাহনেওয়াজকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে পরিবারের সদস্য এবং স্থানীয় কিছু রাজনৈতিক নেতার হস্তক্ষেপে তিনি মুক্তি পান। রাতেই শাহনেওয়াজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ঢুকে ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানের মুঠোফোনে বার বার কল করলেও কোনো মন্তব্য পাওয়া যায় নি।

তবে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাফলংয়ে পর্যটকদের ওপর চোরাকারবারিদের হামলা

গোয়াইনঘাটের জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলাকারীরা সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, জাফলং গুচ্ছ গ্রামের আব্দুল করিমের ছেলে শাহিন আহমদ ভারতের ডাউকি থেকে চোরাই পণ্য নিয়ে জাফলং বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাকে ধাওয়া করে বিজিবি। এক পর্যায়ে স্থানীয় একটি দোকানে মালামাল রেখে পালিয়ে যান শাহিন। ওই দোকানের পাশে পার্কিং করা ছিল ঢাকার ডেমরা থেকে আসা সেলফি পরিবহনের একটি বাস। বাসে আসা পর্যটকদের কাছে ভারতীয় পণ্য কোন দোকানে রাখা হয়েছে তা জানতে চায় বিজিবি। একজন পর্যটক সেই দোকান দেখিয়েও দেন। এর কিছুক্ষণ পর চোরাকারবারবারী শাহিন, গুচ্ছগ্রামের ফজলসহ স্থানীয় কিছু লোক ওই পর্যটকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন প্রকাশ্যে যুবক ও কিশোররা ডাউকি থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে। কেউ প্রতিবাদ করলে তারা খারাপ ব্যবহার করে। এমনকি বিজিবি অনেক সময় দেখেও না দেখার ভান করে।

পর্যটকদের উপর হামলা প্রসঙ্গে ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, তারা মুরব্বিদের নিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছেন। বড় কিছু হয়নি, তুচ্ছ ঘটনায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই সমাধান করা হয়েছে।

নেশনস লিগের দ্বিতীয় শিরোপা রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ নেতৃত্ব, নুনো মেন্ডেজের দুর্দান্ত পারফরম্যান্স আর দিয়েগো কস্তার নায়কোচিত গোলকিপিংয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা ঘরে তুলল পর্তুগাল।

রোববার দিবাগত রাতে জার্মানির মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় উত্তেজনায় ঠাসা ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতা থাকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল।

ম্যাচের প্রথমার্ধে স্পেনের আধিপত্যে ২১ মিনিটে গোল করেন মার্টিন জুবিমেন্দি। তবে মাত্র ৫ মিনিট পরেই নুনো মেন্ডেজ দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা ফেরান। বিরতিতে যাওয়ার আগেই মিকেল ওয়ারিয়াজাবাল আবারো স্পেনকে এগিয়ে নেন। বিরতি থেকে ফিরে ৬০তম মিনিটে রোনালদো দেখান তার ক্লাস, নুনো মেন্ডেজের ক্রসে জোরালো হেডে ফেরান ম্যাচে সমতা।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়তেও ম্যাচের স্কোর সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে থেকে পর্তুগালের হয়ে গঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্ডেজ এবং রুবেন নেভেস নিজেদের শট সফলভাবে নেন। স্পেনও শুরুতে সফল থাকলেও দিয়েগো কস্তা দারুণ সেভে আলভারো মোরাতার শট ঠেকিয়ে দেন। শেষ শটে নেভেস নিশ্চিত করেন পর্তুগালের বিজয়।

২০১৯ সালের পর আবারো নেশনস লিগের ট্রফি জিতল পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদোর প্রশংসায় ভাসেন কোচ রবার্তো মার্টিনেজও, যিনি ম্যাচে সঠিক সময়ে সঠিক পরিবর্তনে মোড় ঘুরিয়ে দেন।

এই ম্যাচ শুধু আরেকটি শিরোপা নয়, রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি মাইলফলক। বয়সের বাধা পেরিয়ে আজও তিনি দলের ভরসা। আর ফুটবল বিশ্ব পেল আরেকটি নাটকীয় ফাইনালের স্মৃতি।

সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলই খেলবে বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর এগিয়ে, তা এমন ভারতও ছিল। শিলংয়ে গিয়ে যদি সেই ভারতের সঙ্গে ভয়ডরহীন ফুটবল খেলতে পারেন হামজারা, তাহলে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে কেন নয়? এমনই মনে করছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। ‘ভারতের বিপক্ষে আমরা যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছি সেটা সিঙ্গাপুরের বিপক্ষেও খেলব। আমাদের অবশ্যই সেরাটা দিতে হবে। অন্য কোনো বিকল্প নেই। আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’

ইন্টারকন্টিনেন্টাল হোটেল সোমবার দুপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী দেখা যায় ক্যাবরেরাকে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবেন হামজারা। কিন্তু মুখে আক্রমণাত্মক ফুটবলের কথা বললেও ক্যাবরেরা সাধারণত ৪–২–৩–১ ফরমেশনের রক্ষণ নির্ভর মাঠ সাজিয়ে থাকেন বেশি।

ভুটানের বিপক্ষেও এই ছকে শুরুর একাদশ বানিয়েছিলেন। সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন শুধু রাকিব হোসেনকে। সিঙ্গাপুরের বিপক্ষে ছক কেমন হবে তা সংগত কারণেই মিডিয়ার সামনে প্রকাশ করেননি। তবে দলে হামজা, ফাহমিদুল, শমিতের মতো বিদেশি লিগে খেলা ফুটবলার থাকলেও পুরোপুরি তৃপ্ত নন কোচ। ‘আমাদের প্রস্তুতি ভালো, গেম প্ল্যানও ভালো। তবে আমাদের ফুটবলের লেবেল আরও উন্নতি করতে হবে। আমাদের সামর্থ্য আছে আক্রমণভাগে ভালো করার। মাঝমাঠও ভালো। দলে যারা আছেন তাদের কোয়ালিটিও আছে। তবে এটাও ঠিক সিঙ্গাপুর কঠিন দল।’

ফিফা র‌্যাংঙ্কিয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬১, সেখানে বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। ক্যাবরেরার লক্ষ্য এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়া। ২০২৭ সালের এশিয়ান কাপে খেলতে হলে ‘সি’ গ্রুপের শীর্ষ থাকতে হবে। আর সেটা করতে গেলে অবশ্যই ভারত, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ নিয়েই মাঠে নামতে হবে।

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা জাহিদ হাসান। তবে এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব তথ্য জানিয়েছেন, অভিনেতার স্ত্রী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

তিনি বলেন, আমি জাহিদকে নিয়ে হাসপাতালে আছি, ঠাণ্ডাজনিত সমস্যা থেকে শরীরটা খারাপ করেছিল। প্রথমে জ্বর আসে, এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়।

মৌ আরও বলেন, এখন শরীর আগের চেয়ে অনেকটা ভালো।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’।

সাবিলা নূরকে লিচু সাইজের নায়িকা বললেন মডেল নায়লা নাঈম

রায়হান রাফী পরিচালিতে ছবি ‘তাণ্ডব’। এই ছবির টিজার ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলোড়ন তুলেছে। এ ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব ও সাবিলা নূর। প্রকাশ হয়েছে  ছবিটির ২য় গান লিচুর বাগান।

৩ মিনিট ২৮ সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা। গানের তালে তালে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে।

কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে গানটি প্রকাশ্যে আসতেই কমেন্টে বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, ‘শাকিব খান মানেই সুপারস্টার! সবসময় নতুন কিছু উপহার দেন।’ আরেকজনের কথায়, ‘পুরাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স তুলে আনছে‌, দারুণ।’

তবে নায়লা নাঈম সাবিলা নূরকে ইতিবাচকভাবে নিতে পারলেন না। সামাজিক মাধ্যমে লিখলেন, লাগে উরাধুরা কম হলেও হাজার বার শুনেছি।

চাঁদ মামা শুনেছি তো হাজার হাজার বার।  কিন্তু লিচুর বাগানের লিচু সাইজের এক নাটকের নায়িকাকে শাকিব খানের সাথে বড়ই বেমানান দেখে আর দ্বিতীয়বার গানটা দেখতে ইচ্ছা করল না। শাকিব খানকে এই লেভেলে নামায় ফেললেন! তমা মির্জা, নুসরাত ফারিয়া, এদের কেও তো পর্দায় দেখতে সুন্দর লাগে!

নায়লা আরো বলেন,  ইধিকা পালকেই নিতেন! কেন শাহরুখ খান কাজল জুটি ছিল না, তারা একসাথে অনেক মুভি করেছে না, কি সমস্যা হতো? ভাই নায়িকার যদি অভাব পড়তো নতুন নায়িকার অডিশন নিতেন।

চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারো উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। খবর বিবিসির।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ বলছে, আগুন নেভানোর জন্য তারা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করছে।

এ নিয়ে সেখানে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের টিয়ার শেল ব্যবহার করে পিছু হটানোর নির্দেশ দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্যালিফোর্নিয়ার গভর্নর সেনা মোতায়েনের নির্দেশ বাতিলের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। আরেকজন ডেমোক্র্যাটিক গভর্নর প্রেসিডেন্টের নির্দেশকে ‘উদ্বেগজনক ক্ষমতার অপব্যবহার’ বলে উল্লেখ করেছেন।

ত্রাণবাহী ‘ম্যাডলিন’ জাহাজ থেকে গ্রেটা থুনবার্গের ভিডিও বার্তা

আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে যাওয়া জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকেই ইসরায়েলের আশদাদ বন্দরের পথে নেওয়া হয়। এ প্রসঙ্গে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ওই জাহাজে থাকা সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

তিনি ভিডিওতে বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের আটকে রাখা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা ইসরায়েলকে সমর্থন জোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার সব বন্ধু, পরিবার ও সহকর্মীদের অনুরোধ করছি, তারা যেন আমাকে এবং অন্যদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির ব্যবস্থা করার জন্য সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করেন।’

জাহাজটি ইসরায়েলি বাহিনী দখলে নেওয়ার প্রাক্কালে আন্তর্জাতিক সহায়তা চেয়ে ওই ভিডিও বার্তা দেন গ্রেটা থুনবার্গ; যদিও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় ভিডিওটি আগে থেকেই রেকর্ড করে রাখা হয়েছিল।

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণসামগ্রী নিয়ে আসা হয়েছে। ম্যাডলিন জাহাজে গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন।

গ্রেটা থুনবার্গ ছাড়াও ম্যাডলিন জাহাজে আছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাডলিন জাহাজটি আটক করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ‘“সেলফি ইয়ট” এবং তথাকথিত “সেলিব্রিটিদের” নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, তাদের জাহাজ থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে।

সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।

বর্তমান সরকার ভবিষ্যতে আসামি হতে পারে: কায়কোবাদ

বর্তমান উপদেষ্টাদের সব অপকর্মের জন্য বর্তমান সরকার ভবিষ্যতে আসামি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে ১৬নং ধামঘর ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে ‘শিশু’ আখ্যায়িত করে কায়কোবাদ বলেছেন, এই শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এটুকু বলব, কোনো শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এজন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে গিয়ে এই সরকারও আসামি হতে পারে।