Home Blog Page 390

বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই: এনসিপি নেতা

আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলব, ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়; আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।’

সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক।

তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করলে বক্তব্যটি ছড়িয়ে পড়ে।

বক্তব্যে জোবাইরুল আলম বলেন, ‘কেউ যদি আবার জাবেদ হতে চায় (সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী), আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।’

জোবাইরুল আলম আরও বলেন, ‘সংখ্যা চিন্তা করার দরকার নেই। ১৮ জুলাই আমরা ২০-২৫ জন শাহ আমানত সেতু ব্লক করি। এমন কমসংখ্যক ছাত্র-জনতা নিয়ে যদি আমরা আনোয়ারা-কর্ণফুলী থেকে চট্টগ্রামে গিয়ে নেতৃত্ব দিতে পারি তাহলে এখন কেন পারব না।’

এনসিপি নেতা জোবাইরুল আলম বলেন, ‘কেউ কেউ ভালোবেসে যখন জুলাই-যোদ্ধা বলে, তখন আমরা অনুপ্রাণিত হই। তাই তখন দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা হীনম্মন্যতা রাখবেন না। আমরা যারা এখানে আছি, এখান থেকে চেয়ারম্যান, মেম্বার, মেয়র হবে।’

এম ইউ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ-অভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নেতা-কর্মীরা।

শীঘ্রই বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস

মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে কমেছে বৃষ্টিপাত। তবে শীঘ্রই বৃষ্টিপাত বাড়বে এমন পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরেই তাপদাহ আর অনিয়মিত বৃষ্টিতে ক্লান্ত হয়ে পড়েছে নগরবাসী। আকাশে মেঘ জমলেও দেখা নেই বৃষ্টির।

মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় সারাদেশে বৃষ্টিপাত কম হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সপ্তাহেই মৌসুমি বায়ুর প্রভাবে বাড়তে পারে বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘মৌসুমি বায়ুটা আমাদের দেশের ওপর কখনও সক্রিয় থাকে, আবার কখনও কম সক্রিয় থাকে। বর্তমানে এটা কম সক্রিয়। এ কারণে বৃষ্টি কম হচ্ছে। যখন এটা আবার সক্রিয় হবে আবার বৃষ্টি হবে এবং তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে।’

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। আর কোথাও কোথাও আকাশ থাকবে মেঘলা।

সাগরে নিম্নচাপের সৃষ্টি হলেই সারাদেশেই একযোগে বৃষ্টি বাড়বে এমন তথ্য আবহাওয়া অফিসের।

এক মাসে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ৪ গুণ

দেশে এক মাসে করোনা আক্রান্তের হার বেড়েছে প্রায় ৪ গুণ। ভারতসহ নানা দেশে করোনার নতুন ধরনটি শনাক্ত হওয়ায়, দেশে দ্রুত প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বয়স্ক, গর্ভবতী ও ডায়াবেটিস আক্রান্তদের থাকতে হবে সতর্ক। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ তাদের।

দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এপ্রিল মাসে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন। মে মাসে তা বেড়ে হয় ৮৬। অর্থাৎ একমাসে আক্রান্তের হার বেড়েছে প্রায় ৪ গুণ।

ভারতে এন বি ওয়ান এইট ওয়ান নামে যে নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটি দ্রুত পরিবর্তনশীল। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক, গর্ভবতী ও জটিল রোগে আক্রান্তদের বিশেষ সতর্কতা নিতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে।

এ মৌসুমে ৩ দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

মেসিকে ভালো লাগার কারণ জানালেন রোনালদো

দুজন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা বাদে একসঙ্গে খুব একটা দেখাও যায় না। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসেছেন বরাবর। লিওনেল মেসিকে ভালো লাগার এটাই কারণ বলে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

দুজনই এখন ক্যারিয়ারের ক্লান্তিলগ্নে। তাই দ্বৈরথের আঁচও কমেছে বলা যায়। মাঠে সবশেষ মুখোমুখি হয়েছেন দুই বছর আগে এক প্রীতি ম্যাচে। এরপর তাদের আর সাক্ষাৎ হয়নি। তবে মেসির প্রতি ভালো লাগা কমেনি রোনালদোর। তিনি বলেন, ‘অবশ্যই মেসির প্রতি আমার ভালো লাগা আছে। আমরা ১৫ বছর ধরে একই মঞ্চে খেলেছি। আমরা মনে আছে, গালায় আমি ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করেছি, কারণ সে ইংরেজি ভালো বলতে পারে না। সে সবসময় আমার সঙ্গে ভালো আচরণ করেছে এবং আমাকে শ্রদ্ধা করেছে।’

১৫ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। রোনালদোর ক্লাব আল নাসর অবশ্য খেলছে। তবে ক্লাব বিশ্বকাপে খেলতে অন্যান্য ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন রোনালদো। তা নাকচ করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘এটা প্রায় নিশ্চিত যে আমি ফিফা ক্লাব বিশ্বকাপে খেলব না, যদিও অনেক ক্লাবের প্রস্তাব পেয়েছি…আমার পক্ষ থেকে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।’

রোনালদো আরও বলেন, ‘আমি সব প্রতিযোগিতায় খেলতে পারি না। আমাকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবতে হয়। তাই যতই প্রস্তাব আসুক, সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে।’

তাই বলে এখনই অবসর নিচ্ছেন না রোনালদো, ‘আমার খেলার খুব বেশি বছর বাকি নেই। তবে আমি মুহূর্ত উপভোগ করছি। অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট দিন ঠিক করা নেই। যতদিন ভালো লাগবে, ততদিন চালিয়ে যেতে চাই।’

উয়েফা নেশনস লিগের ফাইনালে কাল আলিয়াঞ্জ অ্যারেনায় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন লামিনে ইয়ামাল। তরুণ তুর্কিকে নিয়ে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘ইয়ামাল খুব ভালো খেলছে। প্রতিভাকে কাজে লাগাচ্ছে। ছেলেটাকে বেড়ে উঠতে দিন। অতিরিক্ত চাপ না দিয়ে তাকে যেমন আছে তেমন থাকতে দিন। তার মধ্যে প্রতিভার কমতি নেই।’

টাকা চাওয়ায় চাকরি গেছে, ওমান থেকে বের-ই করে দেওয়া হয়েছে তাঁদের

২০২৪ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের গ্রুপে পড়েছিল ওমান। তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কোনো ম্যাচ জিততে পারেনি। তবে অংশ করেই আইসিসি থেকে ২ লাখ ২৫ হাজার ডলার পেয়েছিল ওমান।

সে অর্থের প্রাপ্য ভাগ চেয়েছিলেন বলে কাশ্যপ প্রজাপতি শুধু দল থেকেই ছিটকে পড়েননি, ওমান থেকেই বের হয়ে যেতে হয়েছে! এই ব্যাটসম্যান এখন যুক্তরাষ্ট্রে নতুন জীবন গড়ার চেষ্টা করছেন।

প্রজাপতি একা নন, ২০২৪ বিশ্বকাপ খেলা দলটির প্রায় সবাই এখন আর দলে নেই। প্রজাপতির মতো কয়েকজনকে ওমান ছাড়তে হয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলকে মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার দিয়েছে আইসিস। কিন্তু ক্রিকেটারদের বৈশ্বিক সংস্থা (ডাব্লিউসিএ) বলছে, বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড এখনো খেলোয়াড়দের এই অর্থ থেকে প্রাপ্যটা বুঝিয়ে দেয়নি।

এদের মাঝেও ব্যতিক্রম ওমান। কারণ, ২ লাখ ২৫ হাজার ডলারের কানাকড়িও যায়নি ক্রিকেটারদের কাছে। প্রজাপতি ক্রিকইনফোকে বলেছেন, ‘এই ইস্যুতে আমাদের জীবন উল্টেপাল্টে গেছে। দলে জায়গা হারিয়েছি, আমাদের চুক্তি ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।’

এ ব্যাপারে আইসিসির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘এটা খুবই বিভ্রান্তিকর, আমরা যা আয় করেছি সে অর্থ আমরা পাচ্ছি কিনা, এটা আইসিইস কেন নিশ্চিত করতে পারে না, এটাই বুঝে আসে না। এবং কেন আমরা এ নিয়ে প্রশ্ন করতে পারি না?’

আইসিসির নিয়মানুযায়ী প্রাইজমানির পুরো অর্থ টুর্নামেন্ট শেষ হওয়ার ২১ দিনের মধ্যে স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিতে হবে। আইসিসি নিশ্চিত করেছে, তারা ওমানকে সব অর্থ দিয়ে দিয়েছে কিন্তু ক্রিকেটাররা সে অর্থ এক বছরেও পাননি।

প্রজাপতি বলেছেন, ২০২৪ বিশ্বকাপের প্রাইজমানি নিয়ে মিডিয়ার এত আলোচনাতেও তাঁর আপ্রথম জানতে পারেন, বিশ্বকাপ থেকে টাকা পাবেন ক্রিকেটাররা। তাঁর দাবি, ২০২১ বিশ্বকাপের অর্থও তাঁদের দেয়নি ওমান ক্রিকেট। কারণ, তাঁরা জানতেনই না, আইসিসি ক্রিকেটারদেরই অর্থ দেয়, বোর্ডকে না।

বিশ্বকাপের পর এ নিয়ে বেশ কয়েকবার বোর্ডের সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি প্রজাপতিরা। বিশ্বকাপের ৩ মাস পর কানাডায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে গিয়ে প্রথম এই প্রসঙ্গ তোলেন তাঁরা। সে দলে বিশ্বকাপ খেলা ১২ জন ক্রিকেটার ছিলেন।

ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া নেপাল ও কানাডার ক্রিকেটাররা বলেছেন, তাঁরা অর্থ বুঝে বেশ ভুগতে হয়েছে তাঁদের। ডাব্লিউসিএ দাবি করছে, সহযোগী দেশগুলো ২০ থেকে ৭০ভাগ অর্থ দিলেও পুরো অর্থ দেয়নি কেউই। ওমান ক্রিকেটাররা এ প্রসঙ্গ তুললে টিম ম্যানেজমেন্ট তাদের খেলায় মনোযোগ দিতে বলে।

টি-টোয়েন্টি এমার্জিং এশিয়া কাপের আগে আবার এ প্রসঙ্গ তোলেন ক্রিকেটাররা। এসময় অর্থ দেওয়ার নিশ্চয়তা না দিলে খেলতে অস্বীকৃতি জানান ক্রিকেটাররা। এক বোর্ড কর্মকর্তাকে বিষয়টি জানালে, তিনি প্রত্যেক ক্রিকেটারকে আলাদাভাবে জিজ্ঞেস করেন, তারা খেলতে চান কিনা। ক্রিকেটাররা প্রাপ্য বুঝিয়ে না দিলে খেলবেন না বলায় জানিয়ে দেওয়া, সেক্ষেত্রে তাঁদের দল থেকে বাদ দেওয়া হবে।

এরপর বোর্ড থেকে হুমকি দেওয়া হয়, না খেললে নতুন ১৫ জনকে দেশ থেকে ডেকে এনে নামানো হবে মাঠে। ক্রিকেটাররা ব্যাগ গুছিয়ে হোটেল ছাড়েন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টুর্নামেন্টের জন্য ঘোষিত দলটির মাত্র ৫ সদস্য মাঠে নেমেছিলেন। এঁদের মাত্র দুজন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন।

বিশ্বকাপ দলের বেশ কয়েকজনকে শেষ পর্যন্ত ওমান ছেড়ে যেতে হয়েছে। কারণ, ওমানে রেসিডেন্সি চাকরি ভিসার ওপর নির্ভর করে। বেশ কয়েকজন ক্রিকেটারের চাকরি ভিসা ও অন্য চাকরি বাতিল করে দেওয়া হয়।

ওমানের হয়ে ৩০ ওয়ানডে ও ৪৭ টি-টোয়েন্টি খেলা ফাইয়াজ বাট বলেছেন, ‘আমার ক্যারিয়ার ও পেশার জন্য বড় ক্ষতি হয়ে গেছে। আমাকে ওমান ছাড়তে হয়েছে। বর্তমানে আমি বেকার, কাজ খুঁজছি। আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ।’

ডাব্লিউসিএ বলছে, সহযোগী দেশের বোর্ডগুলো আশা করে ক্রিকেটাররা যেন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হয়। এবং ক্রিকেটাররা দাবি জানালে তাঁদের হুমকি দিয়ে হোক বা কিছুটা পরিশোধ করেই চুপ করিয়ে দেওয়া হয়।

বোর্ড অর্থ পরিশোধ না করলে শাস্তির পরিষ্কার বিধান না থাকায় আইসিসিও খুব বেশি কিছু করতে পারছে না। ওমান ক্রিকেট আইসিসির কাছে ব্যাপারটিকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ক্রিকইনফো যোগাযোগ করলেও কোনো জবাব দেয়নি তারা।

কেন্দ্রীয় কারাগারে বন্দীদের নিয়ে ঈদ আনন্দ, গান গাইলেন নোবেল

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কারাবন্দি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল। তিনি মঞ্চে উঠে গেয়েছেন নগর বাউল জেমসের গান; মাতিয়েছেন বন্দিদের।

ঈদের দিন শনিবার বিকাল সাড়ে ৩টায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।

ঈদের দিনে জেলের বন্দিদের জন্য গান গেয়ে হয়তো ‘আশা’ দেখিয়েছেন নোবেল। বন্দি মানুষগুলোর জন্যও হয়তো ঈদ হতে পারে আনন্দের। তবে, গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে, এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা।

মঞ্চে নোবেল ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’সহ তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ।

কোরবানির মাংস রান্না করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

নানা কারণেই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। অবশ্য আলোচনা কখনো সমালোচনাতেও রূপান্তরিত হয়। এবার খাসি কোরবানি দিয়ে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গত বছর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কোরবানি দিচ্ছেন তিনি। এ বছরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

যেখানে অপুকেও দেখা গেছে, কসাইদের পাশে বসে মাংস কাটাকাটিতে সাহায্য করতে।  ভিডিওতে অভিনেত্রী জানান, খাসি কোরবানি দিয়েছেন তিনি। এর পরই অপর একটি ভিডিওতে দেখা গেছে, মাটির চুলায় অপু বিশ্বাসকে মাংস রান্না করতে। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

যেখানে অপু বলছেন, ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল কেউ খাবে।’

এদিকে অভিনেত্রীর সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। ভক্তরা বলছেন, পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন অপু বিশ্বাস। আবার কেউ বলছেন, সব আয়োজন ছেলে আব্রাম খান জয়ের জন্য।

কয়েক দিন আগে শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছিল।

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মাথায় গুলিবিদ্ধ

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে টারবের মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার রাজধানী বোগোটায় একটি প্রচারণা অনুষ্ঠানে তাঁকে গুলি করা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন বলছে, একটি পার্কে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ৩৯ বছর বয়সী সিনেটর মিগুয়েল আক্রমণের শিকার হন। তিনবার গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

মিগুয়েলের স্ত্রী মারিয়া ক্লডিয়া তারাজোনা জাতির কাছে তাঁর জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিগুয়েল জীবনের জন্য লড়াই করছেন। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

মিগুয়েলের সেন্ট্রো ডেমোক্রেটিক পার্টি এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, কলম্বিয়ার গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য হুমকি এই হামলা। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, বক্তব্যের মাঝখানে তাঁর মাথায় গুলি করা হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে সমবেত লোকজন পালিয়ে যেতে বাধ্য হন।

এএফপি জানিয়েছে, মিগুয়েলের হাঁটুতে এবং মাথায় দুবার গুলি করা হয়েছে। তাঁকে বিমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

করোনায় ভারতে এক দিনে ৬ জনের মৃত্যু

ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এক দিনেই মৃত্যু হয়েছে ছয়জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাতে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৩৩ জনে। অথচ দুই সপ্তাহ আগে ২২ মে কোভিড রোগী ছিল ২৫৭ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। এরপরে রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। তাদের বেশিরভাগের করোনা রোগী ধরা পড়েছে সর্দিজ্বরে আক্রান্ত হওয়ার পর রোগ পরীক্ষায়।

এ বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না।

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি আরো বলেন, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর মৃত্যুর আগে আবু সাঈদের এই বক্তব্য শুধু বাংলাদেশ নয় গুটা পৃথিবীকে জানান দিলো জালিমের বিরুদ্ধে সাহস করে এইভাবেই জীবন দিতে হয়। ২০০১ সালে কুলাউড়া থেকে নির্বাচনে অংশগ্রহণের পর পরাজিত হলেও আমি কুলাউড়ার মায়া ছাড়িনি। নির্বাচনের পরাজয়ের পরও হাসপাতালসহ অনেক প্রাতিষ্ঠানিক উন্নয়ন করেছি। বিগত ১৫ বছরে নিজ এলাকায় অনেক বার আসার চেষ্টা করেছি  বিগত সরকার আমাকে আসতে দেয়নি। ২৪ এর গণবিপ্লবে ফ্যাসিস্টের পতন হওয়ায় আজ আমিসহ বাংলাদেশের নিপীড়িত জনগণ মুক্ত হয়ে চলাফেরা করতে পারছি। বিগত সরকারের আমলে জনগণ ঘরে থাকলে খুন, আর বাহিরে গেলে গুম বলেছিলেন এরশাদ সাহেব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুর রহমান, ঢাকা পল্টন থানা জামায়াত ইসলামীর আমির শাহীন আহমেদ খান, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুল হক, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাসুক আহমদ, সিলেট উসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার সাঈদ এনাম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও ডাক্তার জাকির হোসেন, মৌলভীবাজার আদালতের এডভোকেট ছালিক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মরত পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য ডা. শফিকুর রহমান ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন তাঁর নিজ গ্রাম ভাটেরায় ঈদ উদযাপন করেন এবং ওইদিন সন্ধ্যায় পৌরসভা হলরুমে সাধারণ লোকজনের সাথেও শুভে”ছা  বিনিময় করেন।