Home Blog Page 403

নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে গভীরে ষড়যন্ত্র চলছে’: রিজভী

নির্বাচনকে ঘিরে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, ভোটকেন্দ্র যদি আবার ভোটারের পদধ্বনিতে মুখর হওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে কেন নির্বাচনের সময় পেছানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আলোচনার প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লোগানের প্রতিবাদে কৃষক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সংস্কার চায় এবং যৌক্তিক সময়ে নির্বাচন চায়, যা বেশি প্রলম্বিত না হয়।

তিনি উল্লেখ করেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর একটি যুক্ত বিবৃতি এসেছিল, যা দেশের মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু এর পরপরই সারাদেশে সংঘাত ও রক্তাক্ত পরিস্থিতি শুরু হয়, যা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, রাজধানীর মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি সঙ্গে সঙ্গে নিন্দা জানিয়েছে এবং জড়িতদের আজীবন বহিষ্কার করেছে। ঘটনার পরপরই চেয়ারম্যান ও মহাসচিবের বিবৃতিসহ নিন্দা জানানো হয় এবং বলা হয়েছে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “নারায়ণগঞ্জের মাফিয়া গডফাদার আর কক্সবাজারের গডফাদারের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন। আর দলের নামে কেউ যদি চাঁদাবাজি করেছে, কেউ যদি অন্যায় করেছে, তাহলে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা হচ্ছে। শাস্তিস্বরূপ কেউ বহিষ্কার হচ্ছেন, কারও পদ স্থগিত হচ্ছে অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে অথবা নিজেরাও মামলা দিচ্ছে—এটাই তো তারেক রহমান।”

তিনি প্রশ্ন তোলেন, মিটফোর্ডের ঘটনায় কেন তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ছয়-সাত বছর ধরে ভয়ংকর নিপীড়নের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা তাকে অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন।

তিনি আরও বলেন, তারেক রহমানকে ছাদের ওপর থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে ফেলা হয়েছে। তারেক রহমানকে নিপীড়িত নির্যাতনের এক প্রতীক হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, তার বিরুদ্ধে মিছিল ও ফেসবুকে আজেবাজে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে কথা বলা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, খুলনায় বিএনপির একজন যুবককে গুলি করে পায়ের রগ কেটে দেওয়া এবং কক্সবাজারে বিএনপিকর্মী আব্দুর রহিমকে জামায়াত কর্তৃক হত্যা করার ঘটনা নিয়ে কেন কথা হচ্ছে না।

রিজভী বলেন, যেকোনো হত্যাকাণ্ড ও রক্তপাত হলে সবসময় সরকারকে অভিযোগ করা হয়। আইনশৃঙ্খলার দায়দায়িত্ব সরকারের, অথচ তাকে কিছু না বলে ১৭-১৮ বছর ধরে লন্ডনে থাকা এবং শেখ হাসিনার নিপীড়ন-নির্যাতনের শিকার তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হচ্ছে। তিনি ছয়-সাত বছরের নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছেন বলে রিজভী উল্লেখ করেন এবং তাকে সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বর্ণনা করেন।

নির্বাচনে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর বয়স বাধ্যতামূল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষকের জন্য নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় ভোটের দিনসহ আগে-পরে মোট তিনদিন পর্যবেক্ষক সংস্থা মোতায়েনের বিধান রাখা হয়েছে। নীতিমালায় পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানান।

এতে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে এবার নতুন করে নীতিমালা জারি করা হয়েছে।

পর্যবেক্ষকের যোগ্যতা : নীতিমালায় পর্যবেক্ষকের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, পর্যবেক্ষক হিসাবে নিয়োগ লাভের জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স ২১ বছর বা তদূর্ধ্ব হতে হবে। ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিবন্ধিত বা অনুমোদিত পর্যবেক্ষক সংস্থা কর্তৃক মনোনীত হতে হবে। কোনো রাজনৈতিক দল বা দলের অঙ্গসংগঠন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্টতা থাকতে পারবে না। কোনো রাজনৈতিক দল বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে কোনোভাবে যুক্ত নির্বাচন পর্যবেক্ষক হতে পারবেন না।

পর্যবেক্ষক মোতায়েন: পর্যবেক্ষক মোতায়েনের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, শুধুমাত্র অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষকগণই নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিনের জন্য (নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন) পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে।

সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নয় এমন লোককে পর্যবেক্ষক হিসেবে মোতায়েন করতে হবে।

নিবন্ধনের মেয়াদ: নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি সংস্থার নিবন্ধনের মেয়াদ অনুমোদনের তারিখ থেকে ৫ বছরের জন্য বহাল থাকবে। তবে কমিশন কোনো কারণে মনে করলে এর আগেই নিবন্ধন বাতিল করতে পারবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার বিধান রাখা হয়নি। আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের স্থানীয় কর্মকর্তাগণ স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবেন। বিদেশিদের বিদেশি পর্যবেক্ষক নীতিমালায় এবং স্থানীয় পর্যবেক্ষকদের স্থানীয় নীতমালা অনুযায়ী আবেদন করতে হবে।

এ বিষয়ে ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু সংযোজন আনা হয়েছে। বর্তমান কমিশন পর্যবেক্ষক হতে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো এবং পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স কমানো হয়েছে। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম ২৫ বছর।

তিনি জানান, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ রহিত করা হয়েছে।

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান হতে হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের অনন্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ। এছাড়া আরও সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান আছে বলে জানান তিনি।

ভারতে বাবার গুলিতে টেনিস তারকা নিহত

০

ভারতের উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা যাদব আর নেই। মাত্র ২৫ বছর বয়সে নিজ বাড়িতে গুলিতে নিহত হয়েছেন এই তরুণী, আর তাকে গুলি চালিয়েছেন তারই বাবা, দীপক যাদব! এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত ভারতের ক্রীড়াঙ্গন এবং সারা দেশ। বৃহস্পতিবার গুরগাঁওয়ের বাসভবনে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় রাধিকাকে নিয়ে যাওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু তখনই জানা যায়, তাকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় হাসপাতালের বাইরে উপস্থিত ছিলেন কেবল রাধিকার কাকা কুলদীপ যাদব।

আইটিএফ ওয়েবসাইট অনুযায়ী, রাধিকা যাদব পেশাদার টেনিস সার্কিটে খেলেছেন ৩৬টি সিঙ্গলস এবং ৭টি ডাবলস ম্যাচ। ২০২৪ সালের মার্চে শেষবার সিঙ্গলস খেলেছেন তিনি। খেলার ময়দান থেকে নিজস্ব একাডেমিতে কোচিংয়ে মন দেন রাধিকা। আর এই একাডেমিই হয়ে দাঁড়ায় বাবা-মেয়ের বিরোধের মূল কেন্দ্রবিন্দু।

পুলিশ জানায়, দীপক যাদব চাইতেন না তার মেয়ে একাডেমি চালিয়ে যাক। বারবার অনুরোধ করার পরেও রাধিকা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। স্থানীয়দের কটাক্ষ, মেয়ের আয়ে সংসার চলা—এইসব কথায় ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়ছিলেন দীপক।

গুরগাঁও সেক্টর-৫৬ থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়, সেই মানসিক যন্ত্রণার ফলেই দীপক তিনটি গুলি চালিয়ে হত্যা করেন রাধিকাকে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনোদ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘দীপক বেশ কিছুদিন ধরে ভেঙে পড়েছিলেন। প্রতিবেশীরা বলতেন, মেয়ের উপার্জনে ঘর চলে। সে তা সহ্য করতে পারছিল না। অনেকবার রাধিকাকে বলেছিল একাডেমি বন্ধ করতে। রাধিকা রাজি হয়নি। সে আর নিতে পারেনি।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীপক যাদব পুলিশকে নিজের দোষ স্বীকার করে বলেছেন ‘আমি পেছন থেকে তিনটি গুলি চালিয়েছি, কারণ সে একাডেমি বন্ধ করেনি।’

রাধিকা যাদব ছিলেন সম্ভাবনাময় একজন ক্রীড়াবিদ, যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। জীবনের লড়াইয়ে নিজের জায়গা তৈরি করে চলেছিলেন তিনি।

শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

০

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর শুরুটা দুর্দান্ত করল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল স্বপ্না–সাগরিকারারা।

ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। একটি করে গোলের দেখা পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশের নয়টি গোলের ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে।

শুরুর বাঁশি বাজার এক মিনিটের মধ্যেই স্বপ্না রানীর ফ্রি-কিকে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে মুনকি আক্তারের একক নৈপুণ্যে ব্যবধান দাঁড়ায় ২-০। ৩৭ মিনিটে ডান দিক থেকে সিনহা জাহানের বাড়ানো ক্রসে আলতো শটে সাগরিকা করেন দলের তৃতীয় গোল। প্রথমার্ধে আরও দুটি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

বিরতি থেকে ফিরে গতি আরও বাড়ায় স্বাগতিকরা। ৪৮ মিনিটে সাগরিকার অ্যাসিস্ট থেকে মুনকি তার দ্বিতীয় গোল করেন। এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রস ধরে বল জালে পাঠান সিনহা। ৫২ মিনিটে বক্সে ঢুকে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন সাগরিকা। এরপর ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডি আরও দুটি গোল করে ব্যবধান ৯-১ করে ফেলেন। একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের শেষদিকে শ্রীলঙ্কার লাইয়ানশিকার পা থেকে।

প্রথমে পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করায় চার দেশকে (বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান) নিয়ে শুরু হয়েছে এবারের আসর। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৩ জুলাই, নেপালের বিপক্ষে। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে প্রতিপক্ষ হবে ভুটান। ১৯ জুলাই আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচ ২১ জুলাই, প্রতিপক্ষ নেপাল।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। সর্বশেষ ২০২৪ আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা। মোট পাঁচবারের আয়োজনে চারবারই শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের মেয়েরা। এবারের আসরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় কোচ মাহবুব হোসেন রক্সির শিষ্যরা।

মায়ের উৎসাহেই অভিনয়ে আসেন অভিনেত্রী ‘পূর্ণিমা

এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে ঢালিউডে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। আজ ১১ জুলাই তার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া পূর্ণিমা মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন। তখন স্কুলও শেষ হয়নি তার; অভিনয়ে আসেন মায়ের উৎসাহেই।

প্রথম সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। এরপর পেরিয়ে গেছে ২৭ বছর। এই দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন নায়ক রিয়াজের সঙ্গে। পাশাপাশি কাজ করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, আমিন খানসহ প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে।

শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও কাজ করেছেন পূর্ণিমা। জাহিদ হাসান পরিচালিত নাটক ‘লাল নীল বেগুনী’তে অভিনয় করে প্রশংসিত হন। উপস্থাপনাতেও পেয়েছেন জনপ্রিয়তা। রিয়্যালিটি শো- এর বিচারকও হয়েছেন, করছেন নিয়মিত বিজ্ঞাপন, মডেলিংও।

মিটফোর্ডে হত্যা, যা বললেন পরিচালক আশফাক নিপুন

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ‎গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সিসিটিভির ফুটেজ ভাইরাল হয় শুক্রবার দুপুরে।

এরপর থেকে সোশ্যালে ব্যাপক ক্ষোভ ও নিন্দা জানান নেটিজেনরা। ঘটনার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠছে সর্বস্তরের মানুষ। এই ইস্যুতেও বরাবরের মতো কণ্ঠ উঁচু করলেন নির্মাতা আশফাক নিপুন।

এক ফেসবুক পোস্টে এ নির্মাতা লেখেন, ‘চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ, পার্সেন্টেজ-যেই নাম আর কারণই দেওয়া হোক না কেন। মিটফোর্ড হাসপাতালের ভেতরে প্রকাশ্য দিবালোকে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে যে নৃশংসভাবে হত্যা আর (বুকের আর মাথার ওপর বিশাল পাথর ফেলে ফেলে) উলঙ্গ করে রাস্তায় ফেলে মৃতদেহের ওপর লাফিয়ে লাফিয়ে উল্লাস করা হলো শত শত মানুষের সামনে। এই ভয়াবহ ঘটনা এবং ভিডিও লিটমাস টেস্ট হয়ে থাকল অদূর ভবিষ্যতে ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য।’

এরপর ক্ষমতাকে প্রশ্ন করে তিনি লেখেন, ‘আপনারা কি এই চাঁদাবাজদের আরো ক্ষমতায়িত করবেন? নাকি সাধারণ মানুষকে ক্ষমতায়িত করবেন? আপনারা কি এই চাঁদাবাজদের সেবা করবেন? নাকি সাধারণ মানুষের সেবা করবেন?’

তিনি আরো লেখেন, ‘‘আপনারা কি ‘সন্ত্রাসী সন্ত্রাসীই, সে যে দলেরই হোক না কেন’ বলে আইন এবং বিচারের শাসন নিশ্চিত করবেন? নাকি ঘটনার পর ‘অমুক সন্ত্রাসী আমার দলের কেউ না’ বলে দায় সারবেন? ‘রোগী মরিবার পরে ডাক্তার সাহেব আসিলেন’ আমরা এটা আর দেখতে চাই না। এই দেশের প্রবল প্রতাপশালী সরকার প্রধান, তার পরিবারসহ লেজ তুলে পালাতে বাধ্য হয়। যখন সাধারণ মানুষ লাল কার্ড দেখায়। মানুষ যেন আবার লাল কার্ড না দেখায়, সেই ভয়টা রাখেন। সেভাবে কাজ করেন।’’

সবশেষে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়ে লেখেন, ‘সোহাগের হত্যাকারী গ্রেফতারকৃত মহিন আর তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করা হোক।’

প্রসঙ্গত, নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙ্গারির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ চারজনকে আটক করেছে।

মিটফোর্ডে হত্যা, ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে যুবদল। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে তারা।

শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যুবদল জানায়, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

‘ব্রাজিল কারও শাসন মানে না’, ট্রাম্পকে পাল্টা হুমকি লুলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলসহ একাধিক দেশের পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। পাল্টা জবাবে কড়া অবস্থান নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ট্রাম্পের একতরফা বাণিজ্য নীতির কড়া সমালোচনা করে তিনি বলেছেন, ‘সে যদি আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসায়, আমরা তার ওপরও ৫০ শতাংশ বসাব।’ খবর দ্য গার্ডিয়ান ও সিএনবিসি নিউজ

লুলা দা সিলভা বলেন, ‘ব্রাজিল কাউকে ভয় পায় না। আমাদের সিদ্ধান্ত আমরা নিই, বাইরের কেউ নয়।’

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ‘রেকর্ড’-কে দেয়া এক সাক্ষাৎকারে লুলা স্পষ্ট জানান, ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং প্রয়োজনে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে অভিযোগ জানাবে।

ব্রাজিলের সদ্য গৃহীত ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’-এর আওতায় দেশটি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমান জবাব দিতে প্রস্তুত। আইনটি কংগ্রেসে সম্প্রতি পাস হয়, যাতে বলা হয়েছে-যেকোনো বৈদেশিক শুল্কের জবাবে ব্রাজিল সমপর্যায়ের পাল্টা ব্যবস্থা নিতে পারবে।

বুধবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘ব্রাজিল একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের বিচারব্যবস্থা ও নীতিনির্ধারণে বাইরের হস্তক্ষেপ বরদাশত করা হবে না। আমরা শুল্কযুদ্ধ চাই না, তবে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় জবাব দিতে আমরা প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্কনীতি কার্যকর হবে ১ আগস্ট থেকে। এর আগে ব্রাজিলীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্ক ছিল, যা এবার পাঁচগুণ বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হচ্ছে। চিঠিতে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ‘আপনারা যদি শুল্ক বাড়ান, তাহলে আমরা সেটার ওপরও বাড়তি শুল্ক বসাব। আপনি যত শতাংশ বাড়াবেন, তা ৫০ শতাংশের সঙ্গে যোগ করে আরোপ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই শুল্ক আরোপ আংশিকভাবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচারপ্রক্রিয়ার প্রতিক্রিয়ায় নেয়া হয়েছে। বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনীতিক হিসেবে পরিচিত। ট্রাম্প বলসোনারোর বিচারকে আখ্যা দেন ‘উইচ হান্ট’ এবং ‘আন্তর্জাতিক লজ্জা’ হিসেবে।

চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিল ‘আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলোর ডিজিটাল কার্যক্রমে হস্তক্ষেপ করছে।’ ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্প্রতি এমন একটি রায় দেয় যাতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ব্যবহারকারীর কনটেন্টের জন্য দায়ী থাকবে।

ট্রাম্পের ঘোষণার পরপরই ব্রাজিলের মুদ্রা ‘রিয়াল’ আন্তর্জাতিক বাজারে ২ শতাংশ দর হারায়। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে লুলা মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকে বসেন। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জানায়, সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে একটি বিশেষ স্টাডি গ্রুপ গঠন করা হয়েছে।

ব্রাজিল ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, মোলডোভা ও ব্রুনেইসহ আরও ২১টি দেশের সরকারপ্রধানের কাছে ট্রাম্প চিঠি পাঠিয়েছেন। এসব দেশের জন্য নতুন শুল্ক হার ২০ শতাংশ থেকে ৪০ শতাংশের মধ্যে ধার্য করা হয়েছে, যা একইভাবে ১ আগস্ট থেকে কার্যকর হবে।

সব চিঠিতেই উল্লেখ করা হয়েছে, ‘আপনারা যদি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়ান, আমরা তার সমপরিমাণে পাল্টা শুল্ক আরোপ করব।’

ট্রাম্পের চিঠির জবাবে লুলা দা সিলভা বলেন, ‘ব্রাজিল কাউকে ভয় পায় না। আমাদের সিদ্ধান্ত আমরা নিই, বাইরের কেউ নয়।’ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত বাণিজ্য উদ্বৃত্তের পরিসংখ্যান তুলে ধরে ট্রাম্পের ঘাটতির দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।

বিশ্বরেকর্ড, এক ব্যাগ বিক্রি হলো সাড়ে ১২১ কোটি টাকায়

অভিনেত্রী জেন বারকিনের জন্য বিশেষভাবে তৈরি করা একটি আইকনিক ব্যাগ রেকর্ড ১০.০৪ মিলিয়ন ডলারে (৮৬ লাখ ইউরো) বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২১ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা (ডলার প্রতি ১২১.৫৭ টাকা দরে)। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে নিলামকারী সোথবিসের মাধ্যমে এ কেনাবেচা হয়। জেন বারকিনের ব্যাগটি বিংশ শতাব্দীর যুগ-স্মরণীয় ডিজাইনগুলোর একটি হয়ে উঠেছিল।

ফ্যাশন কিংবদন্তি অনুসারে, প্রথম বারকিন ব্যাগের উৎপত্তির পেছনে চমকপ্রদ ঘটনা রয়েছে। ফ্রাঙ্কো-ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বারকিন ১৯৮৪ সালে একটি ফ্লাইটে হার্মেসের নির্বাহী জিন-লুই দ্যুমাসের পাশে বসেছিলেন। ওই সময় তাকে বলেছিলেন, তিনি একজন তরুণ মা হিসেবে একটি আড়ম্বরপূর্ণ কিন্তু কার্যকরী ব্যাগের প্রয়োজন বোধ করছেন।

দ্যুমাস তৎক্ষণাৎ আয়তাকার হ্যান্ডব্যাগের একটি নকশা আঁকেন। ব্যাগটিতে শিশুর বোতলের জন্য একটি নির্দিষ্ট স্থান ছিল। কোম্পানিটি তার জন্য সেই ব্যাগটি তৈরি করে এবং পরে এটির ছোট সংস্করণগুলো সাধারণ মানুষের জন্য বিক্রি শুরু করে। ডিজাইনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ফ্যাশন ব্র্যান্ডটির উত্থানে সহায়তা করে।

নিয়মিত বারকিন ব্যাগগুলো ১০,০০০ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়। তবে প্রথম বারকিন ব্যাগের সঙ্গে সাধারণভাবে বিক্রি ব্যাগের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। সোথবিস জানিয়েছে, ব্যাগটি একজন জাপানি ক্রেতা ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে কিনেছেন। এটি ফ্যাশন আইটেম বিক্রিতে সর্বোচ্চ মূল্যের রেকর্ড।

সোথবিস ইউরোপ ও মধ্যপ্রাচ্যের হ্যান্ডব্যাগ এবং ফ্যাশন বিভাগের প্রধান অরেলি ভ্যাসি রয়টার্সকে বলেছেন, এটি একটি ভ্রমণ ব্যাগ ছিল। স্পষ্টতই, জেন বারকিন এটি ৯ বছর ধরে প্রতিদিন ব্যবহার করেছিলেন এবং এর ফর্ম এখনও খুব সুন্দর ।

তবে ব্যাগটি এবারই প্রথম বিক্রি হচ্ছে তা নয়। প্রথমবার বারকিন নিজেই ব্যাগটি বিক্রি করেছিলেন। ১৯৯৪ সালে এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াই করা ফরাসি দাতব্য সংস্থা সিডাকশনকে সহায়তা করার জন্য তিনি ব্যাগটি নিলামে তুলে বিক্রি করেন। পরে ২০০০ সালে এটি আবার বিক্রির জন্য নিলামে উঠে। তখন একজন ফরাসি ব্যক্তিগত সংগ্রাহক ব্যাগটি কিনে নেন।