Home Blog Page 404

শান্ত ও সাদমানের বিদায়ে চাপে বাংলাদেশ

কলম্বো টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। লাঞ্চ বিরতির পর আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

এই প্রতিবেদন খেলা পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান। মুশফিকুর রহিম ৭ রান এবং লিটন কুমার দাস ৮ রানে ব্যাট করছেন। তবে
বৃষ্টির কারণে বর্তমানে খেলা বন্ধ আছে।

বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১০ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন ওপেনার বিজয়। এতে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা।

তৃতীয় উইকেটে মুমিনুল হক সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর পিচে আসেন শান্ত। ব্যক্তিগত ৭ রান তুলতেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছিল টাইগাররা।

বিরতির পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৮তম ওভারে শেষ বলে ক্যাচ আউট হন শান্ত। পরের ওভারে তাকে সঙ্গ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার সাদমান। ৯৩ বলে ৪৬ রান করেন তিনি। এতে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

কলম্বোয় হতাশাজনক পারফরম্যান্স বাংলাদেশের

কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। গলে প্রথম টেস্টে ব্যাটাররা দুর্দান্ত পারফর্ম করলেও, কলম্বোতে সেই ফর্ম ধরে রাখতে পারেননি নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। প্রথম দিন শেষে বৃষ্টি বিঘ্নিত ৭১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

গলে দুই ইনিংসেি ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয়। তবুও এই ওপেনারকে কলম্বোতে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না তিনি। ইনিংস ওপেন করতে নেমে নতুন বলে নিজের সঙ্গেই লড়াই করেছেন। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আভিশকা ফার্নান্দোর বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন।

তিনে নেমে শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন মুমিনুল হক। অভিজ্ঞ এই ব্যাটার কঠিন সময় পেরিয়ে উইকেটে থিতুও হয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারলেন না। ৩৯ বলে ২১ রান এসেছে তার ব্যাট থেকে।

গলের শেষ ইনিংসে যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছিলেন সাদমান ইসলাম। দারুণ ব্যাটিংয়ে ফিফটির পথেই ছিলেন। তবে ফিরেছেন ফিফটি না পাওয়ার হতাশা সঙ্গী করে। ৯৩ বলে ৪৬ রান করেছেন এই ওপেনার।

সাদমান ফেরার পর বাড়তি দায়িত্ব ছিল শান্তর কাঁধে। কিন্তু অধিনায়ক উল্টো নিজের উইকেট দিয়ে দলের ওপর চাপ বাড়ান। উইকেটের পেছনে ধরা পড়ার আগে ৩১ বলে ৮ রান করেছেন তিনি।

৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও মুশফিক। উইকেটে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তন করেন লিটন। খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। আর তাতে হিতে বিরপরীত হলো! সোনাল ধিনুসার করা অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরে ঢোকার সময় লেইট কাট করতে যান লিটন, তাতে ব্যাটের কানায় লেগে বল চলে উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ৫৬ বলে ৩৪ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। আর লিটনের বিদায়ে ভাঙে ৬৭ রানের পঞ্চম উইকেট জুটি।

লিটনের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। ৩৫ রান করে ফিরেছেন তিনি। ত্রিশের ঘরে আটকেছেন বাংলাদেশের আরো এক ব্যাটার। সাতে নামা মেহেদি মিরাজও ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৪২ বলে করেছেন ৩১ রান।

নাঈম হাসান উইকেটে এসে বেশ সতর্ক ছিলেন। তার ব্যাটিং বেশ ইতিবাচক ছিল। তবে দিনের একেবারে শেষ দিকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। তার আগে ৫১ বলে ২৫ রান করেছেন। এরপর দিনের বাকিটা সময় বিরাপদেই কাটিয়েছেন তাইজুল ও এবাদত।

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। তবে দুবাই সফরে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এ চিত্রনায়িকা।

নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমুলক কথা বলছেন তোকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে করছেন বিরুপ মন্তব্য। যা নজর এড়ায়নি মিষ্টি জান্নাতের। আর এবার তাকে ঘিরে বাজে মন্তব্য কিংবা পোস্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এ চিত্রনায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান – ফলোয়ার, পরিবার কাজ করছেন।’

মিষ্টি জান্নাত আরো জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।

এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

দেবের বিপরীতে ফারিণ নন, আসছে নতুন মুখ

টালিউডের নতুন সিনেমা ‘প্রজাপতি ২’-তে অভিনেতা দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের আর অভিনয় করা হচ্ছে না। তার পরিবর্তে ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডুকে বেছে নেওয়া হয়েছে।

এর আগে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে জানা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের নায়িকা হবেন তাসনিয়া ফারিণ। কিন্তু নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয় পরিচালক অভিজিৎ সেন। অর্থাৎ, দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডুকে।

গত বছর ‘প্রজাপতি ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সে সময় তাসনিয়া ফারিণকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সৃষ্টি হয় ভারতে যাওয়ার ভিসা জটিলতা, ফলে ভারতে যাওয়া অনিশ্চিত হয়ে যায় ফারিণের।

মব সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বাম জোটের

সারা দেশে চলমান ‘মব সন্ত্রাস’-এর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিষদের সভায় চট্টগ্রামে রোড মার্চের প্রচারে পুলিশের বাধাদানের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আজ বুধবার সিপিবি অফিসে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভায় বক্তারা বলেন, গত ২২ জুন লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরিদ্র নরসুন্দর বাবা ও ছেলেকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় মব সৃষ্টিকারী লোকজন। একইদিনে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে সহযোগিতাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ‘মব’ তৈরি করে জুতার মালা পড়ানো হয় ও মারধর করা হয়। আইনের শাসনের বিরোধী ও গণতন্ত্রের পক্ষে হুমকিস্বরূপ এসব মব সন্ত্রাস বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বক্তারা আরো বলেন, অন্তবর্তী সরকারের ১০ মাস অতিবাহিত হলেও অব্যাহত মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সীমাহীন।

যা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না। শুধু সরকার নয়, সেনাপ্রধানও মবের বিরুদ্ধে বলার পরও পরিস্থিতির কেন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। ফলে দেশের জনগণ আতঙ্কিত।

সভায় নেতৃবন্দ বলেন, বর্তমান সরকার এখতিয়ার বহির্ভূতভাবে বন্দরের টার্মিনাল বিদেশি কম্পানিকে লিজ দেওয়া, রাখাইনে করিডর দেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছে।

এর প্রতিবাদে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ রোডমার্চের ডাক দিয়েছে। চট্টগ্রামে রোডমার্চের প্রচার চলাকালে গত ২৩ জুন পুলিশ প্রচারকাজে নেতাকর্মীদের বাধা দেয়। পুলিশের এ ধরনের আচরণ গণতন্ত্র পরিপন্থী। সভা থেকে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করার আহ্বান জানানো হয়।

মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে কোপালেন এনসিপি নেতা

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) বিকাল ৪টায় মাদারীপুর শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এনসিপি উপজেলা কমিটির আয়োজনে একটি কর্মীসভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে জেলা সমন্বয় কমিটির সদস্য, রাতুল ও টুটুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহকে অতর্কিত হামলা করে। এ সময় মাসুম বিল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা।

তখন মাসুম বিল্লাহর সঙ্গে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান চিকিৎসক।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহ্বায়ক নিয়ামতউল্লা জানান, মাদারীপুর জেলায় এনসিপির যে সমন্বয় কমিটি করা হয়েছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের আকাঙ্ক্ষা বিরোধী। ওই বিতর্কিত কমিটিতে যারা আছে তারাই মাসুম বিল্লাহর ওপরে এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু লোকের নামও আমরা পেয়েছি। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক- তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৩ জনের ফাঁসি কার্যকর

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মৃত্যুদণ্ড প্রাপ্ত তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়েছে। ইরান বুধবার জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন এ মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইসরাইলের প্রসঙ্গ উল্লেখ করে বিচার বিভাগ বলেছে, ‘ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রসুল আহমেদ রসুলকে ইহুদিবাদী শাসনের পক্ষে সহযোগিতায় গুপ্তহত্যা চালানোর লক্ষ্যে দেশে সরঞ্জাম আমদানি করার চেষ্টা চালানো জন্য গ্রেপ্তার ও বিচার করা হয়।’

‘বুধবার সকালে এই রায় কার্যকর করে তাদের ফাঁসি দেওয়া হয়েছে।’

বিচার বিভাগ জানিয়েছে, তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী উর্মিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কারাগারের নীল পোশাক পরা তিন ব্যক্তির ছবি শেয়ার করা হয়েছে।

তেহরান নিয়মিতভাবে চিরশত্রু ইসরাইলসহ বিদেশি গোয়েন্দা পরিষেবার হয়ে কাজ করার সন্দেহে এজেন্টদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে।

গত ১৩ জুন ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর, তেহরান দেশটির চিরশত্রুদের সাথে সহযোগিতার সন্দেহে গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেয়।

রোববার ও সোমবার উভয় দিনেই দেশটি মোসাদের এজেন্ট হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, মৃত্যুদণ্ড কার্যকর করার দিক থেকে ইরান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশ। এক্ষেত্রে চীনের পরে দেশটির স্থান।

ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা- সাংবাদিকের এই প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। আমি মনে করি না তারা আবার কখনও এটি (পামাণবিক কর্মসূচি) করবে।’ খবর- বার্তা সংস্থা রয়টার্স

ট্রাম্প বলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে। তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারা পরমাণু বোমা পাবে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

ইরানের পরমাণুকেন্দ্রে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল। আমি হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না। তবে ঘটনা একই। এর মাধ্যমেই যুদ্ধ থেমেছিল।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত। তারা স্থির হত না।

ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন।

এদিকে যুক্তরাষ্টের এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এ হামলায় মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরমাণু কর্মসূচি বিলম্বিত হবে। এই প্রতিবেদন প্রকাশের পরই ইরানকে ট্রাম্পের এমন বার্তা।

কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে ইসির সামনে মানববন্ধন

হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনটি বহাল রাখার দাবিতে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৫ জুন) ‘হোমনা-মেঘনার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে আগত নিলখী ইউনিয়ন পরিষদ যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ বলেন, ১৯৫৪ সাল থেকে হোমনা-মেঘনা এক আসনেই ছিল। কিন্তু ২০০৮ সালের তৎকালীন নির্বাচন কমিশন এটি আলাদা করে। ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত সেভাবেই ভোট হয়।

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগে কুমিল্লা-২ আসনটি ফের পূর্বের মতো করা হয়। অর্থাৎ হোমনা-মেঘনাবাসী পুনরায় এক আসনে চলে আসে।

কিন্তু বর্তমানে অনেকেই আবার ২০০৮ সালের অবস্থায় ফিরে যেতে চায়। তাই আমরা সেটা যাতে না করা হয় সেজন্য এই কর্মসূচি হাতে নিয়েছি।

রাসেল মাহমুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া হাতে নিয়েছে৷আমরা কুমিল্লা-২ আসনে হোমনা-মেঘনা বহাল রাখার আবেদন করেছি।

দুই উপজেলা থেকে মাবনবন্ধনে আগত কয়েকশ মানুষের নেতৃত্বে ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াসহ নাগরিক প্রতিনিধিরা।

গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য ৩৬ সদস্যের জাতীয় কমিটি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া উপদেষ্টা ফারুক ই আজম সহ-সভাপতি ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, খাদ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক এবং ড. ইফতেখারুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) সচিব এবং পররাষ্ট্র সচিব।

উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে।