Home Blog Page 405

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পোর্তকে বিদায় করেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলা পর্তুগিজ ক্লাবটি যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে চেনা ফুটবল খেলতেই পারেনি। পোর্তর চেয়েও বড় ধাক্কা খেয়েছে সম্ভবত স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে তারাও। 

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ব্রাজিলের ক্লাব বোটাফোগোকে ১-০ গোলে হারিয়েছে ডিয়াগো সিমিওনের দল। ম্যাচের ৮৭ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যান গোল করে রোজি ব্লাঙ্কোসদের জয় এনে দেন। কিন্তু পিএসজি, বোটাফোগের সমান পয়েন্ট তুলেও গোল ব্যবধানে বিদায় নিয়েছে স্প্যানিশ রাজধানীর ক্লাবটি।

গ্রুপ ‘বি’তে পিএসজি দুই জয়ের পাশাপাশি এক ম্যাচ হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিসের দলকে হারিয়েছিল বোটাফোগো। ওদিকে পিএসজি আবার হারিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদকে। এবার বোটাফোগো হারল অ্যাথলেটিকোর কাছে। এতে পিএসজি, বোটাফোগো ও অ্যাথলেটিকো সমান দুই ম্যাচে জয় ও একটি করে হেরে ৬ পয়েন্ট তুলেছে।

কিন্তু অ্যাথলেটিকো ৪-০ গোলে পিএসজির কাছে হারায় গোল ব্যবধানে তারা পিছিয়ে গেছে। অ্যাথলেটিকো গ্রুপ পর্বে পাঁচ গোল খেয়ে চার গোল করেছে। বোটাফোগো ৩ গোল করে দুটি খেয়েছে। দুই গোলের ব্যবধানে তাই শেষ ষোলোয় গেছে ব্রাজিলের ক্লাবটি।

উইকেটহীন সেশন, জয়ের জন্য ইংলিশদের দরকার ২৫৪ রান

জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান হেডিংলি টেস্ট। যেখানে শুভমান গিলের ভারত স্বাগতিকদের ৩৭১ রানের বড় লক্ষ্য দিয়েছে। তবে সেই লক্ষ্যকেও ধীরে ধীরে নাগালে নিয়ে আসছে ইংলিশরা। পঞ্চম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আর ২৫৪ রান, ভারতের চাই ১০ উইকেট, হাতে আছে পুরো দুই সেশন।

মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে খেলতে নেমে এখন পর্যন্ত আনন্দের কোনো উপলক্ষ্য পাচ্ছে না সফরকারীরা। অন্যদিকে, গতকাল শেষ বিকেলে ২১/০ স্কোর নিয়ে ফেরা ইংলিশরা আজ ২৪ ওভারে ৪ গড়ে ৯৬ রান তুলেছে। বুমরাহ-সিরাজদের বেশ দেখেশুনেই খেলছেন দুই ওপেনার বেন ডাকেট (৬৪) ও জ্যাক ক্রাউলি (৪২)।

এর আগে ব্যাটিংয়ের দুই ইনিংসেই ইংলিশ বোলারদের ওপর প্রভাব বিস্তার করেছেন ঋষভ পান্ত। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। এ ছাড়া সময়-সুযোগে কথার গুগলিতেও বিভ্রান্ত করেছেন প্রতিপক্ষ বোলারদের।

রবি শাস্ত্রীও নিজের উত্তরসূরীদের পারফরম্যান্সের পাশাপাশি তেমন গুণের প্রকাশ দেখতে চান। ম্যাচ জিততে হলে সেসবও যে ২২ গজে বড় ভূমিকা রাখে!

বিয়ের ৫ দিনের মাথায় বাবা হওয়ার খবর পেলেন নোবেল

বিয়ে করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, তাও আদালতের নির্দেশে, কারাগারে বসেই। আর সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার বাবা হওয়ার খবর পেলেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজেই এই সুখবরটি জানতে পারেন।  এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যখন নোবেলকে আদালতে আনা হয়, তখন বেশ খোশমেজাজেই ছিলেন তিনি।

এর কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন তার সদ্য বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, যিনি ছিলেন নোবেলের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী। আদালতে ঢুকেই প্রিয়া সোজা নোবেলের কাছে যান। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা স্বামীর সঙ্গে বেশ আনন্দ নিয়ে কিছুক্ষণ আলাপ করেন তিনি।

তাদের আইনজীবীরা জানান, আদালতের নির্দেশে গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নোবেল ও প্রিয়ার বিয়ে হয়। আর সেই বিয়ের পাঁচ দিনের মাথাতেই তাদের সংসারে নতুন মেহমান আসার খবরটি নিশ্চিত হয়েছে। অর্থাৎ, নোবেল ও প্রিয়া বাবা-মা হতে চলেছেন। প্রিয়া সবার কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।

ডেমরা থানায় দায়ের করা নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন নোবেল। আদালতের আদেশ ঘোষণার পর পুলিশ তাকে পুনরায় কারাগারে নিতে যায়। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরে হাঁটছিলেন গায়ক। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রিয়া তার জামিনে কোনো আপত্তি না থাকার কথা জানান। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। আদালতের নির্দেশে ১৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার বাদীকে বিয়ে করার শর্তে নোবেলকে জামিন দেন। এই নির্দেশ মেনে ১৯ জুন ১০ লাখ টাকা দেনমোহরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে প্রিয়াকে বিয়ে করেন নোবেল।

সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়’

বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এরপর থেকে রোজা আহমেদ চলে আসেন আলোচনায়। তিনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়।

বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এক মধুর মুহূর্তের খোঁজে।

মঙ্গলবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা।

ছবিতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-আর এমন সময় সুইমিংপুলে তাদের আদুরে এক মুহূর্ত! সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা-যেটা একেবারে আমাদের নিজের।’

রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন।

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিলো ইসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিলো নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৪ জুন দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লার’ সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি।

সেদিন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধিদলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে যে তারা চায় তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল, সেই প্রতীকও যেন অন্তর্ভুক্ত হয়। এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে, তার মধ্যে আছে- ‘স্ট্যাটাসকো এনটে’ বলতে কী বোঝায়, অর্থাৎ ২০১৩ সালে জামায়াতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, ২০০৮ সালের ৫ নভেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা দেয়া হয়েছিল। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারাও বিবেচনায় নেয়া হয়েছে।

দুটি ইসলামী ও একটি নবীন দল নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন যে দুটি ইসলামী দল এবং একটি নবীন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার(২৪ জুন) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপি কচু পাতার ওপর পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী ও একইসঙ্গে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। জনগণের ভেতরে এই দলের শেকড়। বিএনপি সম্পর্কে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”

তিনি নবীন দলের কিছু নেতার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, “এক কাউয়া পালিয়ে গেছে, আরেক কাউয়ার দেখা মিলেছে। নবীন দলের কেউ কেউ আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন নিজেদের দখলে রাখার আর বিএনপিকে ৫০ থেকে ১০০ আসন দেওয়ার কথা বলছেন। তাদেরকে বলব, এতই যখন আত্মবিশ্বাস, আর দেরি না করে আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা যাচাই করুন, দেখুন জনগণ কী চায়।”

নির্বাচনকে প্রলম্বিত ও অনিশ্চিত করার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বলে শঙ্কা প্রকাশ করে প্রিন্স বলেন, “যারা লন্ডনে ড. মুহম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের ফলে ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইমলাইন নির্ধারণে খুশি হতে পারেনি, নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে। এই আশঙ্কায় তারা সমস্বরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এবং একইসঙ্গে নির্বাচন প্রলম্বিত করতে ব্যস্ত।”

তিনি অভিযোগ করেন, তারা জাতীয় ঐকমত্য কমিশনকে ব্যবহার করে পরিস্থিতি জটিল করতে তৎপর। প্রিন্স বলেন, দলের সংখ্যা নয়, বাস্তবতা ও অভিজ্ঞতার নিরিখে সংস্কার হওয়া প্রয়োজন। দেশ, জনগণ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি যেকোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারে, রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা তার বড় প্রমাণ।

ইরানে বোমা হামলা না করতে ইসরায়েলকে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে বোমা হামলা চালানো থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে একই অনুরোধ করার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এও তিনি এই বার্তা দেন। ট্রাম্পের এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন এর কয়েক ঘণ্টা আগেই তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প তার পোস্টে স্পষ্ট ভাষায় লিখেছেন: “ইসরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে একটি বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!”  মঙ্গলবার একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে  এএফপি, অ্যাক্সিওস এবং আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের অনুরোধের জবাবে নেতানিয়াহু জানান, তিনি হামলা বাতিল করতে পারবেন না, কারণ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা “অত্যাবশ্যক”। তবে নেতানিয়াহু এও জানিয়েছেন যে, হামলাটি সীমিত পরিসরে পরিচালিত হবে এবং একাধিক লক্ষ্যবস্তু নয়, বরং কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগে তিনি জানিয়েছিলেন যে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল এই প্রস্তাবে রাজি বলে জানালেও ইরান জানিয়েছিল, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও একই পদক্ষেপ নেবে।

তবে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে, তেহরান নতুন করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইরানের বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ

ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে স্থানীয় সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, অন্যদিকে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বাবলসারে বিস্ফোরণের ঘটনা এবং এর পরপরই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ-পাল্টা অভিযোগের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে।

কাতারে প্রবাসীদের সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস

কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে উদ্বিগ্ন না হয়ে সতর্ক ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কাতারে সংঘটিত উদভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারবর্গকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করছে। যদিও ঘটনা পরবর্তী কাতার সরকারের বিবৃতি অনুযায়ী পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে উদ্বিগ্ন না হয়ে সতর্ক ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে, বাংলাদেশি নাগরিকদেরকে কাতারের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে গতকাল সংগঠিত ঘটনাসহ কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোন ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল। এ ছাড়াও সম্ভাব্য অনাকাক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এ সংক্রান্ত ভিডিও, ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কাতার সরকার কর্তৃক অনুমোদিত ছবি ও ভিডিও ছাড়া অন্য কোনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

এমতাবস্থায়, কাতারে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে জরুরি প্রয়োজনে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের নিম্ন প্রদত্ত হটলাইন অথবা ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

হটলাইন নম্বর: +99833662000
ইমেইল: Mission.Doha@Mofa Gov. Bd
BdootQat@Gmail.Com

দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার(২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ জুন, ২০২৫ তারিখ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকল প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।