Home Blog Page 404

আশা করি ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। শুক্রবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল, তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান আছে।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে, আগামী ৫ আগস্ট যদি ঘোষণাপত্র দেওয়া যায়; তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক দলগুলো ঐকমত্য শেষে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।’

এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল ও সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।

বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে মেলেনি বোমা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে, উড়াল দিলেও তা বিস্ফোরিত হবে’- অজ্ঞাত স্থান থেকে এমন ফোনো হুমকির পর কাঠমান্ডুগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করে তল্লাশি করা হয়। তবে বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। ফলে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানে কোনো বোমা বা কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিজি ৩৭৩ ফ্লাইটটি থামিয়ে তল্লাশি চালায় বোমা বিশেষজ্ঞরা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে এই হুমকি দেওয়া হয়। এর আগেও এমন হুমকি পেয়েছিল বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, আজ বিকেলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। কিন্তু কোন ফ্লাইটে তা নিশ্চিত করে বলা হয়নি এবং ফ্লাইট নম্বরও মিলছিল না। কিন্তু কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি।

তিনি জানান, হুমকি পাওয়ার কাছাকাছি সময়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি ৩৭৩ ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। তখন ওই ফ্লাইটটি থামানো হয়। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী যাত্রীদের নিরাপদে সরিয়ে নিরাপত্তা কর্মীরা তল্লাশি করেন।

বোমা না থাকার বিষয়টি নিশ্চিতের পর সব যাত্রীকে আবার বিমানে ফিরিয়ে আনা হয়। রানওয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শ্রীলঙ্কায় প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

০

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।

টি-টোয়েন্টিতে দুই দলের শেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় দুটি, আর শ্রীলঙ্কার জয় তিনটি। তবে শেষ তিন ম্যাচের হিসাবে বাংলাদেশের জয় দুটি।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহেশ থিকসানা, নুয়ান থুসারা, বিনোরা ফার্নান্দো

শ্রীলঙ্কায় বড় হারে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

০

পাল্লেকেলের চার নম্বর উইকেটে ইনিংসে গড় টি-২০ রান ১৮০। টসের সময়ই ধারাভাষ্যকার পারভিজ মাহরুফ জানিয়ে দেন- ইনিংসের টেম্প নির্ধারণ হবে প্রথম ছয় ওভারে। টস হেরে ব্যাট করা বাংলাদেশ দলের ওই শুরু খারাপ হয়নি। তবে পরের ধুকধুকানি ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৫৪ রানে আটকে যায় সফরকারীরা। জবাবে শুরুতে ঝড়ো ব্যাটিং করে লঙ্কানরা। ১ ওভার থাকতে ৭ উইকেটের নির্বিঘ্ন জয় তুলে নেয়।

ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও পারভেজ ইমন ৫ ওভারে ৪৬ রান যোগ করেন। তানজিদ ফিরে যান ১৭ বলে ১৬ রান করে। অধিনায়ক লিটন দাস তিনে নেমে ১১ বলে ৬ রান করে ধুঁকে ধুঁকে আউট হন। এরপরই ফেরেন দলের হয়ে ২২ বলে সর্বাধিক ৩৮ রান করা পারভেজ ইমন। তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন।

পাঁচে নামা তাওহীদ হৃদয় ১৩ বলে ১০ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। ওই চাপ দীর্ঘদিন পরে দলে ফিরে চারে ব্যাট করা নাঈম শেখ ও ছয়ে ক্রিজে আসা মেহেদী মিরাজ সামাল দিলেও ধীরে রান তোলে বাংলাদেশ। নাঈম ২৯ বলে একটি করে চার ও ছক্কায় ৩২ রান করেন। মিরাজ ২৩ বলে ২৯ রান করে আউট হন। তিনি চারটি চারের শট খেলেন। শেষটায় শামীম পাটোয়ারি ৫ বলে ১২ রান করলে দেড়শ’ ছাড়ায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৪.৪ ওভারে ৭৪ রানের জুটি দেন। ফিরে যাওয়ার আগে নিশাঙ্কা ১৬ বলে ৪২ রান করেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। তিনে নামা কুশল পেরেরা ২৫ বলে ২৪ রান করে আউট হন। ওপেনার কুশল মেন্ডিস ৫১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের ভাগ্য লিখে দেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন।

বল হাতে বাংলাদেশের পেসাররা খরুচে ছিলেন। পেসার তাসকিন ৩ ওভারে ৪৩ রান দেন। তানজিম সাকিব ৪ ওভারে ৩৪ রান দেন। তবে স্পিনে মিরাজ ও রিশাদ ভালো করেন। তারা ৪ ওভার করে হাত ঘুরিয়ে ২৪ করে রান দিয়ে একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন জেফরি ভ্যান্ডারসে, নুয়ান তুষারা ও দাশুন শানাকা।

হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিননামা দাখিল

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস আদালতে জামিননামা দাখিল করেছেন। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে তিনি এই জামিননামা দাখিল করেন।

সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার (জেপি) ওমর ফারুক চৌধুরী জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, “ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে হওয়ায় উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইব।”

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন।

এই মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে এই মামলায় গত ১৮ মে আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ মে নুসরাত ফারিয়া জামিন পান।

কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে নির্মাণ করেছেন। তার স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত। ক্যাফের নাম ‘ক্যাপস ক্যাফে’। সেই ক্যাফে ঘিরে এল এক আতঙ্কের খবর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ ছিল, ফলে কোনো প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে।

ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে যে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প।

নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে: মির্জা ফখরুল

আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং সমস্যাগুলোর সমাধান করবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

নির্বাচন কমিশন দ্রুততম সময়ের মধ্যে সব কাজ শেষ করে নির্বাচনী পরিবেশ তৈরির মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে। আশা করছি- নির্বাচন কমিশন এই কাজ (নির্বাচনের প্রস্তুতি) খুব দ্রুততার সঙ্গে শেষ করে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, যেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। তাহলে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনে প্রত্যেকটি বিষয়ে মতামত দেওয়া হয়েছে। বেশির ভাগ বিষয়ের সঙ্গে বিএনপি একমত হয়েছে। কতগুলো মৌলিক বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। ভবিষ্যতে সংসদে বিতর্কের মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, এমন খবর পত্রিকায় এসেছে উল্লেখ করে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর দল তিন দিন আগে সংবাদ সম্মেলন করেছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাঁদের জন্ম সংস্কারের জন্য। আজ যদি বলা হয়, বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, তাহলে এটি অন্যায়ভাবে বলা হবে।

যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ট্যারিফের বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে যোগ্য ব্যক্তিদের দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার দরকার ছিল। এই সময় এখনও পার হয়ে যায়নি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই সিকদার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ছাড়ব: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি অতীতের রাজনীতির যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়মতো পাল্টাবোই, খেলাকেও পাল্টে দেব। এই রাজনীতি রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে ছাড়ব। রাজনীতি, রাজনীতিবিদদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন, জনগণ এবং রাজনীতি যদি করতেই হয়, তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন। গলফ খেলিয়ে, হসপিটালে ভর্তি করিয়ে রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, আপনারা ফাউল করছেন। খুব শিগগিরই আপনারা রেডকার্ড দেখবেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না। তারা মিটিং করেছে আজকে, কিন্তু মিটিং করার আগে গতকালই ফলাফল জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিংয়ের আগেই ফলাফল জানিয়ে দেয়। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, কীভাবে গতকালই ফলাফল জানিয়ে দেয় যে শাপলা মার্কাকে তারা দেবে না।

নির্বাচন কমিশনের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, আপনাদের রিমোর্ট কন্টোলটা কোথায়? সেটা কিন্তু আমাদের জানা আছে।

তিনি বলেন, আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে। এরশাদ যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে। জিএম কাদের ভারত থেকে এসে বলতো আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব যে আমরা সরকারে থাকব, নাকি বিরোধী দলে থাকব। আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছু দিন আগে ক্যান্টনমেন্টে সিএমএইচে ভর্তি ছিলেন। আমাদের কাছে কিন্তু খবর আছে। এরশাদকে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত, ঠিক একইভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে? রাজনীতি যে কোথায় চলে?

নড়াইলের পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রমুখ।

“আপনি ইংরেজি শিখলেন কোথায়?”- লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইর ইংরেজি কথায় মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞাসা করেন— “আপনি ইংরেজি শিখলেন কোথায়?” বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে একদল আফ্রিকান নেতার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছিলেন। আলোচনার একপর্যায়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই ইংরেজিতে কথা বলা শুরু করলে ট্রাম্প চমকে যান এবং প্রশ্ন করেন, “এত ভালো ইংরেজি আপনি শিখলেন কোথায়?”

বোয়াকাই বলেন, “লাইবেরিয়া থেকেই”। উত্তরে ট্রাম্প বলেন, “এটা বেশ মজার। আমরা এখানে যারা বসে আছি, তাদের মধ্যে অনেকেই এত ভালো ইংরেজি বলতে পারেন না।”

ট্রাম্পের এই মন্তব্য শুনে বোয়াকাই হালকা হাসলেন, তবে বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও পশ্চিম আফ্রিকর দেশ লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি। তবে ট্রাম্প জানতেনই না লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি।

ট্রাম্প যখন আফ্রিকান নেতাদের স্বাগত জানাচ্ছিলেন, তখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট বলেন, “লাইবেরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বন্ধু। আমরা ‘আমেরিকাকে আবার মহান করে তোলার’ নীতিকে সমর্থন করি। আমরা শুধু এই সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই।”

এই বক্তব্যের পরই ট্রাম্প তার ইংরেজি দক্ষতা নিয়ে মন্তব্য করেন।

লাইবেরিয়া এমন একটি দেশ যা ১৮২২ সালে যুক্তরাষ্ট্র থেকেই মুক্তি পাওয়া আফ্রিকান-আমেরিকানদের উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন কিছু শ্বেতাঙ্গ আমেরিকান মনে করতেন দাসপ্রথা শেষ হলে কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা জায়গা দরকার, এই ভাবনার ফলেই গড়ে ওঠে লাইবেরিয়া। ফলে দেশটির সরকারি ভাষা ইংরেজি, যদিও স্থানীয় বহু আদিবাসী ভাষাও ব্যবহৃত হয়ে থাকে।

নির্বিচারে কীটনাশক ব্যবহারে বিলুপ্তির মুখে পোকামাকড়

ফল-ফসল ও এসব থেকে তৈরি খাবার খেয়ে আমরা বেঁচে থাকি। আমাদের বাঁচিয়ে রাখতে এসব ফল-ফসল উৎপাদনে ব্যবহার করা হয় কীটনাশক। আর এতে মারা যায় পোকামাকড়। অনেকটা নির্বিচারেই তাদের প্রাণ যায়। এগুলোর মধ্যে অনেক ভালো পোকামাকড়ও থাকে, যারা প্রকৃতিতে ইতিবাচক ভূমিকা রাখে। ফসল রক্ষায় কীটনাশক ব্যাপক ব্যবহারের কারণে বিশ্বব্যাপী পোকামাকড়ের অনেক প্রজাতি এখন বিলুপ্তির মুখে।

নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, ফল ও সবজিতে ছত্রাকনাশক স্প্রে করে পোকামাকড়ের ক্ষতি হচ্ছে বেশি। নিরাপদ বলে বিবেচিত মাত্রায় ব্যবহার কীটনাশকও বড় ক্ষতির কারণ হয়। অস্ট্রেলিয়ার সিডনির ম্যাককোয়ারি ইউনিভার্সিটির এক নতুন গবেষণায় দেখা গেছে, ছত্রাকজনিত রোগ প্রতিরোধে ব্যবহৃত রাসায়নিক ক্লোরোথ্যালোনিল পোকামাকড়ের বংশ বৃদ্ধির ক্ষমতা নষ্ট করছে ও মেরে ফেলছে। ম্যাককোয়ারির স্কুল অব ন্যাচারাল সায়েন্সেসের গবেষকরা ল্যাবে ব্যবহৃত সাধারণ পোকামাকড়ের মডেল, ফলের মাছিগুলোয় ক্লোরোথ্যালোনিলের প্রভাব পরীক্ষা করেছেন। ফলের মাছি বন্য অঞ্চলে বিপুল সংখ্যক অনুরূপ পোকামাকড়ের প্রতিনিধিত্ব করে। এগুলো সাধারণ ফলের মাছি বা ভিনেগার মাছি নামে পরিচিত। ফসলের ক্ষতি করা পোকামাকড়ের বিপরীতে এগুলো পচা ফল খায়। খামার ও বাগানে বর্জ্য ভেঙে ফেলা ও পুষ্টির পুনর্ব্যবহারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণাপত্রের প্রধান লেখক পিএইচডি প্রার্থী দর্শিকা দিসাওয়া বলেন, ডি. মেলানোগাস্টার (সাধারণ ফলের মাছি) খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত। তারা অন্য অনেক প্রজাতির খাদ্য।

পরীক্ষায় ফলের মাছি লার্ভা ক্লোরোথ্যালোনিলের সংস্পর্শে আসে, যা প্রকৃত কৃষিজাত পণ্য যেমন– ক্র্যানবেরি ও ওয়াইন গ্রেপে পাওয়া যায়। দর্শিকা দিসাওয়া বলেন, ‘আমরা যেসব মাছি পরীক্ষা করেছি, তার প্রজননের ওপর খুব কম ঘনত্বের কীটনাশকেরও বিশাল প্রভাব পড়ে। এটি সময়ের সঙ্গে সঙ্গে মোট সংখ্যার ওপর প্রভাব ফেলতে পারে। কারণ, এটি স্ত্রী-পুরুষ– উভয়ের উর্বরতাকেই প্রভাবিত করে।’

গবেষণায় দেখা গেছে, যেসব মাছি কীটনাশকের সংস্পর্শে আসেনি, তাদের তুলনায় রাসায়নিকের সংস্পর্শে আসা মাছিগুলোর ডিম উৎপাদন ৩৭ শতাংশ হ্রাস পায়। অধ্যাপক ফ্লেউর পন্টন বলেন, ‘আমরা মনে করেছিলাম, বেশি মাত্রার কীটনাশক মাছির ডিম উৎপাদনের ওপর বেশি প্রভাব ফেলবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম, খুব কম পরিমাণও তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে।’