Home Blog Page 404

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন (৬৯)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

পোর্টাল সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩)।

এছাড়া, ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে মারা যান গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে। সরকারি হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০, বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

ইনজুরিতে পাকিস্তান সফর থেকে বাদ মুস্তাফিজ

আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। শর্ত অনুযায়ী সবই ঠিক ছিল; কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচে খেলতে নেমে আঙ্গুলে ব্যাথা পেয়েছেন তিনি। যার ফলে পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়লেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ থেকে মুস্তাফিজের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তার পরিবর্তে পাকিস্তান সফরের দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলা খালেদের এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।

জানা গেছে, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুস্তাফিজ। চোটের স্ক্যান করলে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে। ফলে তাকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন একইমাঠে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান সফরে বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

লিভারপুলের বিজয় মিছিলে গাড়ি দুর্ঘটনায় আহত ২৭

লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দঘন র‍্যালিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবার যুক্তরাজ্যের শহরটির কেন্দ্রস্থলে আয়োজিত বিজয় মিছিলে এক গাড়ি হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, এতে অন্তত ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘটনার পর ৫৩ বছর বয়সী এক স্থানীয় শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িটি দর্শকদের ওপর উঠে গেলে কয়েকজন ছিটকে পড়ে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ফেললে পুলিশ হস্তক্ষেপ করে।

লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন এক টুইটে বলেন, ‘এই আনন্দঘন দিনের ওপর এই ঘটনা একটি গভীর ছায়া ফেলেছে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

আবারো বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম

আলোচিত -সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তার টিমে মডেলিং হিসেবে যুক্ত হওয়া ইতি নামের এক তরুণীই তার পাত্রী। ইতোমধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং সামনে যেকোনো সময় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। রোববার (২৫ মে) রাতে মুঠোফোনে তিনি এ কথা স্বীকার করেছেন।

হিরো আলম বলেন, দুজনে একসঙ্গে কাজ করতে গিয়ে ইতির সঙ্গে তার পরিচয় হয়। কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালোলাগা শুরু হয় এবং এ সম্পর্ক থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং পছন্দ করে। আমি তাকে বিয়ে করতে চাই। সেও আমাকে বিয়ে করতে চায়। খুব শিগগিরই আমরা বিয়ে করে ফেলব। মেয়েটির বাড়ি গাজীপুর। কিন্তু ইতির বাপের নাম এখনও জানতে পারেননি হিরো আলম। সম্প্রতি হিরো আলমের সঙ্গে নতুন মডেলিংয়ে নাম লেখানো ইতি তার সঙ্গে বেশ কয়েকটি গানের ভিডিওচিত্রে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, হিরো আলমের বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তার তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম।

এর আগে, ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেখানে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে তার। এ স্ত্রীর সাথেও হিরো আলমের মামলা মোকদ্দমা চলমান রয়েছে। তবে তার প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আসছে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেক

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত দর্শকনন্দিত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তি পায় ১৯৯৮ সালে। টিভি প্রিমিয়ারের পর দর্শকের আগ্রহে প্রেক্ষাগৃহেও মুক্তি পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছিলেন কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জি। মুক্তির দুই যুগেরও বেশি সময় পর এটি রিমেক হচ্ছে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছে আশীর্বাদ চলচ্চিত্র।

সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হয়েছে। পরে শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন জায়গায় দৃশ্য ধারণ হবে বলে নির্মাতা জানিয়েছেন। এবার সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র।

পরিচালনার দায়িত্বে আছেন কামরুজ্জামান। সিনেমাটি উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন নন্দিত নির্মাতা ছটকু আহমেদ। এতে অজিত চরিত্রে অভিনয় করবেন সাদী খান ও দীপা নন্দীর চরিত্রে দেখা যাবে রাফিদাকে। দু’জনই সিনেমায় নতুন মুখ। এ ছাড়া সিনেমার আরও গুরুপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজুসহ অনেকেই।

নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ আমাদের কাছে এক নস্টালজিয়া। সিনেমাটি ভারত বাংলাদেশসহ অনেক দেশের দর্শকরা পছন্দ করেছেন। সেই সিনেমা রিমেক হচ্ছে ভাবতেই ভালো লাগছে। সিনেমাটি দর্শকনন্দিত, তাই কাজটি অনেক চ্যালেঞ্জিং। শুটিং শুরু করেছি। আশা করছি, সবার সহযোগিতায় কাজটি ভালোভাবেই শেষ করতে পারব। সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে এটি নিয়ে সবার বেশ আগ্রহ লক্ষ্য করছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাব।’

বলা দরকার, ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রথম সিনেমাতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। পাশাপাশি ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তাঁর বিপরীতে ছিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। তিনিও অভিনয় দিয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এ যাত্রার সপ্তম দিনের (৬ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কলম বিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

ক্যাডারের বৈষম্য নিরসন, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ কয়েক দফা দাবিতে আজ থেকে প্রশাসন ছাড়া বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কলমবিরতি পালন করছেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে দুদিন এ কর্মসূচি পালন করবেন তাঁরা।

সোমবার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদ, পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের সমতার দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টিকে আটকে রাখা হয়েছে। সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

পরিষদের দাবি, কর্মকর্তাদের বিরুদ্ধে বিধান লঙ্ঘনে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শাস্তির মুখোমুখি হন না। এমন বৈষম্যের নিরসন দাবি করেছে পরিষদ। জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে কোটা নিয়ে যে সুপারিশ করেছে তা নিয়েও আপত্তি জানিয়েছে পরিষদ। বলেছে, কোনো রকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৫ আগস্টের আগে আপনাদের এই হিম্মত কোথায় ছিল, প্রশ্ন হাসনাতের

সরকারি কাজে বাধা দিলে বা হুমকি দিলে জনগণ কর্মচারীদের বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সরকারি চাকরি আইন সংশোধন নিয়ে চলমান বিক্ষোভ এবং এনবিআর সংস্কারের বিরুদ্ধে কর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় ৫ আগস্টের আগে তাদের এই হিম্মত কোথায় ছিল বলেও প্রশ্ন রাখেন তিনি।

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এনসিপির পথসভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, “এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এনবিআর সংস্কারেও বাধা দেওয়া হচ্ছে।”

তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, “যখন জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে অফিস করেছেন। এখন আপনারা হুমকি দেন- অফিস চলতে দেবেন না, অফিস বন্ধ করে রাখবেন। ৫ আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি।”

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায়-দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে যদি পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা যদি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এই সরকারকে হুমকি-ধামকি দেন যে, সরকার সংস্কার কার্যক্রম করলে তাহলে সেটিকে বাধা দিবেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নিবে।”

তিনি প্রশ্ন তোলেন, “৫ আগস্ট পর্যন্ত কোনো মন্ত্রণালয়ের কোনো সচিব, কোনো কর্মকর্তা-কর্মচারী কি পদত্যাগ করেছিল? সন্তানদের, সাধারণ নাগরিকদের যে এভাবে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল, একজন সচিব, একজন আমলা, একজন সরকারি চাকরিজীবীর কি পদত্যাগের খবর এসেছিল?”

হাসনাত আবদুল্লাহ সরকারি কর্মচারীদের সরকারের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে, কোনো মন্তব্য থাকে সেটা নিজেরা আলোচনার মধ্য দিয়ে সমাধান করুন।”

তিনি হুঁশিয়ার করেন, “কিন্তু সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না। কারণ আপনাদের এই হিম্মত ছিল না, ফ্যাসিবাদ সরকারকে প্রশ্নবিদ্ধ করার।”

এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সায় দেয়। এর প্রতিবাদে রোববার সকাল থেকে দিনভর সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের আনুষ্ঠানিকতা শেষে রোববার রাতে অধ্যাদেশ জারি করা হয়। সোমবারও সচিবালয়ে কর্মচারীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, গত ১২ মে রাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারির পরদিন থেকে তা বাতিলের দাবিতে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন সংস্থাটির কর্মীরা। সরকার দাবি মানার আশ্বাস দিলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রোববার রাতে কর্মবিরতিসহ সকল কর্মসূচি প্রত্যাহার করে নেন। তবে চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

বিশাল গাড়ি বহর নিয়ে জিয়াউর রহমানের মাজারে জাকির খান, নেতাকর্মীদের ঢল

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে। সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে তার মাজার জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক দিদার খন্দকার সহ প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে সেখানে পৌঁছলে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে মাজার জিয়ারত করে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশাল গাড়ি বহরে থাকা নেতাকর্মীতে মাজার প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে যায়।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক সময়ে সেই হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট কমান্ডার ইউরি দাশকিন রুশ বার্তাসংস্থা আরবিসিকে এ তথ্য জানায়।

রোববার আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাশকিন বলেন, গত ২০ মে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্ক সফরে গিয়েছিলেন পুতিন। গত কয়েক মাস ধরে ক্রুস্কে ব্যাপক সংঘাত চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

তিনি আরও বলেন, ২০ মে সফর শেষ করে একই দিন রাজধানী মস্কোতে ফিরে আসছিলেন পুতিন, সে সময়ই তাকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে একের পর এক ড্রোন নিক্ষেপ করা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিটি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে।

“সেদিন ক্রুস্কের আকাশে ৪৬টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী। এটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত একটি হামলা এবং এর মূল লক্ষ্য বা কেন্দ্র ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার বেশ আগেই আমরা ধ্বংস করেছি। হেলিকপ্টারের গায়ে একটি আঁচড়ও লাগেনি।”