Home Blog Page 414

প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে অনায়াস জয় দিয়ে আগামী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ৬ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। দলের মধ্যমাঠের নতুন মুখ হামজা চৌধুরী বক্সের মধ্যে মাথা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন। বাংলাদেশের হয়ে এটি তার অভিষেক ম্যাচ, আর অভিষেকেই দুর্দান্ত শুরুর সাক্ষী হয়ে থাকলেন এই ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ৫০ মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে ভুটানের জালে বল জড়ান এই অভিজ্ঞ মিডফিল্ডার।

পুরো ম্যাচ জুড়েই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ভুটান একাধিকবার গোলমুখে আক্রমণ করলেও, গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা।

বেঙ্গালুরুরে আইপিএল শিরোপা উৎসবে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের ট্রফি ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে কোহলি ও তার সতীর্থরা স্পর্শ করে স্বপ্নের শিখর। কিন্তু সেই আনন্দের মাধুর্য রূপ নেয় চরম বিষাদে। বুধবার (৪ জুন) ট্রফি নিয়ে ঘরের মাঠ বেঙ্গালুরুতে পা রাখে আরসিবি দল। এরপরই সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস এক মুহূর্তেই রূপ নেয় মৃত্যুকূপে। ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন।

তবে বিভিন্ন গণমাধ্যমে মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স জানিয়েছে ৭ জনের মৃত্যুর কথা, অন্যদিকে এনডিটিভি-র দাবি, এই সংখ্যাটি ১১ যাদের অধিকাংশই তরুণ এবং নারী। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি, যাঁদের অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মূলত বিকেল ৫টায় কর্ণাটক বিধান সৌধ থেকে শুরু হওয়ার কথা ছিল বিজয় প্যারেড, যেটি চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঙ্গালুরু পুলিশ ট্রাফিক জটের অজুহাতে প্যারেডের অনুমতি বাতিল করে। আয়োজনটি স্থানান্তরিত হয় স্টেডিয়ামের ভেতরে। যেখানে প্রবেশাধিকার ছিল সীমিত, কিন্তু তাতে জনস্রোতকে থামানো যায়নি। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভক্তরা ধাক্কাধাক্কি করে ভেতরে ঢোকার চেষ্টা করেন, আর সেখান থেকেই ঘটনার ভয়াবহ রূপ নেয়। হাজার হাজার সমর্থককে বিধান সৌধের সামনেও খেলোয়াড়দের উৎসাহ দিতে অপেক্ষা করতে দেখা যায়। শহরের বৃষ্টিভেজা আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ করে তোলে। আগের রাতেই জয় উদযাপনে রাস্তায় উপচে পড়া জনস্রোত সামলাতে পুলিশকে ভীষণ বেগ পেতে হয়।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবাকুমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি অতিরিক্ত জনসমাগমের জন্য ক্ষমাপ্রার্থী। আমরা পাঁচ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, কিন্তু এটা ছিল এক আবেগপ্রবণ তরুণ ভিড়। ওদের ওপর বলপ্রয়োগ করা যেত না।’

পদদলনের এই ঘটনায় বিজেপি বিচারিক তদন্তের দাবি জানিয়েছে।

না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল: বর্ষা

এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। নিজেদের জীবনের নানা খুনসুটির মুহূর্তগুলো ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা জুটি। যেখানে অনন্ত জলিলকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত।

বিষয়টি ভালোভাবে না নিয়ে অভিমান করে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী বলে সংবাদ প্রচার হয়। ওই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা।

১ জুন অনুষ্ঠিত সেই ঘটনা নিয়ে আজ বুধবার নিজের ফেসবুকে এক পোস্টে অনুষ্ঠানের একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বর্ষা।

যেখানে দেখা গেছে, অভিনেতা অনন্ত জলিল তার স্ত্রীর মুখে কেক তুলে দিচ্ছেন। সংবাদমাধ্যমের দাবিতে বেজায় ক্ষেপেছেন বর্ষা। আদতে সেই ঘটনাস্থলে এমন কিছুই হয়নি বলে দাবি করেছেন তিনি।

অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘ভাগ্যিস অনন্ত জলিল তুমি কাউকে কিছু খেতে দেওনি। এডিটগুলো খুব প্রশংসা পাবার মত। এটা খুব সাধারণ ব্যাপার ছিল। কিন্তু এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সাথে আপনাদের ভাইও।’

প্রশ্ন তুলে অভিনেত্রী লিখেছেন, ‘মজার ব্যাপার হলো মেয়েটা কে ছিল? আমরা দুইজন কেউ চিনি না। উনি নিজে থেকেই এসে কেক খাওয়াবে অনন্ত ভাইকে। আর একটা কথা, উনি আমাদের দুইজনকে ফুল দিয়েছেন। ওনাকে কেউ বলেনি যে আপনি এগুলো করেন। নিজে নিজেই করেছেন। না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ মনে রাখবেন।’

স্ত্রী রোজাকে আজীবনের জন্য সঙ্গী হতে বললেন স্বামী তাহসান

চলতি বছরের শুরুতেই রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি তাদের ব্যক্তিগত জীবনের এক মধুর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রোজা।

তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এ তারকা দম্পতিকে তুষারপাতের মাঝে রোমান্টিক সময় কাটাতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, সাদা বরফের আবরণে ঢাকা এক মনোরম পরিবেশে তাহসান ও রোজা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন।

তুষারকণার মাঝে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করছেন। যা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। এই বিশেষ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে ভিডিওর ক্যাপশন।

তিনি লিখেছেন, ‘যখন ভালোবাসার মানুষটি আমাকে সারাজীবনের জন্য সঙ্গী হতে বলল।’ এই বাক্যটি তাদের ভালোবাসার প্রস্তাবের মুহূর্তটিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন ভক্তরা।

ক্যাপশনটি তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে। তাহসান-রোজার এই তুষারশুভ্র ভালোবাসা দেখে ভক্তরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন।

৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের মুখে পড়েছেন তাহসান। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি।

আগামী এপ্রিল নাগাদ ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ইউক্রেনকে ১ লাখ ড্রোন সরবরাহ করা হবে। এটি গত বছর ইউক্রেনকে দেওয়া ড্রোনের সংখ্যার দশগুণ বেশি। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি বুধবার ব্রাসেলসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি আজ বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ৫০—জাতি ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের বৈঠকে এই ঘোষণা দেবেন। ৩৫০ মিলিয়ন পাউন্ডের এই ড্রোন প্যাকেজটি ইউক্রেনের জন্য বৃহত্তর সাড়ে ৪ বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা উদ্যোগের অংশ।

এ ছাড়া, ব্রিটেন জানিয়েছে—তারা গত জানুয়ারি থেকে ইউক্রেনে ১ লাখ ৪০ হাজার আর্টিলারি শেল পাঠিয়েছে। এ বছর ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য আরও ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে। গত সোমবার প্রকাশিত ‘স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ—এর অংশ হিসেবে সরকার ইউক্রেনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য সশস্ত্র বাহিনীর জন্য স্বায়ত্তশাসিত ব্যবস্থা ও ড্রোনের জন্য ৪ বিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ ঘোষণা করেছে।

এদিকে, গত ২ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে ‘যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায়’ নিয়ে যেতে হবে। নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি ১২টি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক ও অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্টারমার বলেন, ‘আমরা এখন যে হুমকির মুখে আছি, তা স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তাৎক্ষণিক ও অনিশ্চিত। ইউরোপে যুদ্ধ, নতুন পারমাণবিক ঝুঁকি, প্রতিদিন সাইবার আক্রমণ এবং ব্রিটিশ জলসীমা ও আকাশে রাশিয়ার আগ্রাসন এর প্রমাণ।’ স্টারমার বলেন, ‘আমি বিশ্বাস করি, সংঘাত প্রতিরোধের সেরা উপায় হলো—তা মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া।’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে, যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে কিছুটা সরে আসছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে চারটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই স্টারমার তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

ও আমার স্ত্রীকেও ছাড়েনি: ইমরান খান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আসিম মুনিরের বিরুদ্ধে তাঁর স্ত্রী বুশরা বিবির প্রতি প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এই অভিযোগ করেন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইমরানের অভিযোগ, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাবস্থায় আসিফ মুনিরকে যখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর ডিজির পদ থেকে আসিফ মুনিরকে সরিয়ে দিয়েছিলেন, তখন ইমরানের স্ত্রী বুশরা বিবিকে নিশানা করেন মুনির।

ইমরান তাঁর পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে যখন আমি জেনারেল আসিম মুনিরকে আইএসআইর ডিজি পদ থেকে অপসারণ করি, তখন তিনি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমার স্ত্রী বুশরা বিবির সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন।’

এরপরই ইমরান খান লেখেন, ‘বুশরা বিবি স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, এই ধরণের বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি তাঁর সাথে দেখা করবেন না। বুশরা বিবির ১৪ মাসের অন্যায্য কারাবাস এবং কারাগারে তাঁর সঙ্গে হওয়া প্রতিশোধপরায়ণ অমানবিক আচরণের পিছনে জেনারেল আসিম মুনিরের প্রতিহিংসাপরায়ণ মনোভাবই দায়ী।’

বলা হয়ে থাকে, এখন পাকিস্তানে আদতে ক্ষমতার চাবি আসিম মুনিরের হাতেই। চারপাশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রী, আইএসআই কর্তাদের নিয়ে ঘেরাটোপে থাকেন তিনি। প্রকাশ্যে না হলেও পাকিস্তানের সেনার গতিবিধি থেকে শুরু করে বাকি সবটাই যাঁর ইশারায় চলে। অপারেশন সিঁদুরের পর তাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত: নির্বাচন কমিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান।

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।

তিনি আরো বলেন, ডিএনসিসি নির্বাচনে নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।

এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা

‘আপনার অনুদান: আগামীর বাংলাদেশ’ স্লোগানে দলীয় আর্থিক নীতিমালা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি দলীয় সদস্যদের চাঁদা, গণচাঁদা, জনগণের দান, কর্পোরেট অনুদানে চলবে। আয়ের জন্য টি-শার্ট, মগ, বই, প্রকাশনা বিক্রি করবে। দলের নিবন্ধন পাওয়ার পর প্রবাসীরাও অনুদান দিতে পারবেন। donet.ncpbd.org ওয়েবসাইট, ব্যাংক এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাবে।

১০০ টাকা করে সদস্য ফরম বিক্রি করা হবে। ইতোমধ্যে ৭০ হাজার ফরম সারাদেশে পাঠানো হয়েছে। আরও ৫০ হাজার ফরম পাঠানোর প্রস্তুতি রয়েছে। ফরম বিক্রি এবং সারাদেশের কমিটি সদস্যদের অনুদানে ২ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ তহবিলকে ‘নাগরিক আমানত’ বলছে এনসিপি।

বুধবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে এনসিপি। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাইফসহ জ্যেষ্ঠ নেতারা।

নাহিদ ইসলাম বলেন, অতীতে বিভিন্ন দল গোয়েন্দা সংস্থা, ক্যান্টনমেন্ট, ব্যবসায়ী, বিদেশি শক্তির টাকায় গড়ে উঠেছিল। এনসিপি জনগণকে নিয়ে এগোবে।

আখতার হোসেন বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আয়-ব্যয় পরিচালনা করা হবে। প্রতি বছর অডিট করে, প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে।

এনসিপি কোষাধ্যক্ষ চাঁদা দানের ওয়েবসাইট তুলে ধরেন। তিনি বলেন, সার্বক্ষণিক দেখা যাবে কত টাকা অনুদান এসেছে, কোন জেলা থেকে এসেছে। চাঁদাদাতাকে ডিজিটাল রশিদ দেওয়া হবে। পাঁচ হাজার টাকার বেশি অনুদান দেওয়া দাতার পরিচয় গোপন রাখা হবে। তবে প্রয়োজনে প্রকাশ করা যাবে।

এনসিপির নীতিমালায় বলা হয়, কালো টাকা, অন্যায় উৎস, বিদেশি সরকারসহ ছয় খাত থেকে অনুদান নেবে না এনসিপি।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদের সময় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদি ভাড়ার অভিযোগ থাকে, মালিকপক্ষকে জানাবেন বা শ্রমিকপক্ষকে জানাবেন অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপদেষ্টা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে। এছাড়াও ডাকাতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব যাত্রীর ছবি তুলে রাখা হবে বলেও জানান উপদেষ্টা।

টার্মিনাল পরিদর্শনের সময় বিভিন্ন কাউন্টারের কর্মকর্তা-কর্মচারী এবং যাত্রীদের সাথেও মতবিনিময় করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

১০ দিন ছুটিতেও কক্সবাজারে মেলেনি পর্যটকের সাড়া!

দেশে প্রথমবারের মতো ঈদুল আজহাতে টানা ১০ দিনের সরকারি ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। কিন্তু অন্যান্যবারের মতো সেই ছুটি কাটাতে কক্সবাজারে তেমন পর্যটকের ঢল নামছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্ষা মৌসুমের আগেই টানা বৃষ্টি শুরু হওয়ায় এখনও সমুদ্র শহর কক্সবাজারের হোটেল মোটেল ও কটেজের ৭০ শতাংশ কক্ষ খালি রয়েছেন বলে জানিয়েছেন পর্যটনসেবীরা। এরপরও ঈদের দুই তিনদিন পরে পর্যটক বাড়তে পারে এমন আশায় বুক বেঁধে কক্সবাজারকে প্রস্তুত করেছেন প্রশাসন।

জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটনসেবীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার শহরে পর্যটকের রাত্রিযাপনের জন্য ছয়’শর কাছাকাছি হোটেল মোটেল ও কটেজ এবং ফ্লাট রয়েছে। ঈদুল আজহাতে আগত পর্যটকদের বরণে এসব হোটেল মোটেল নতুনভাবে সাজানো হয়েছে। তবে এখনও কাঙ্ক্ষিত পর্যটকের সাড়া মেলেনি।

এ বিষয়ে কক্সবাজারের হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, বর্ষা মৌসুম হওয়ায় অন্যান্যবারের চেয়ে এবারের ঈদের ছুটিতে এখনও পর্যন্ত আশানুরূপ পর্যটকের সাড়া মেলেনি। আমাদের সমিতির আওতাভুক্ত হোটেল মোটেলের এখনও ৩০ শতাংশ কক্ষ বরাদ্দ হয়েছে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও ভ্রমণকে আনন্দমুখর করতে প্রতিবারের মতো এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ বলেন, এবারের ঈদে কক্সবাজারের তিন লাখের মতো পর্যটকের আগমন ঘটবে। আমরা তাদের ভ্রমণকে আনন্দমুখর করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণের পাশপাশি সৈকতের প্রতিটি গোলঘরে পুলিশ অবস্থান করবে। একদিকে মোবাইল টিম অন্যদিকে সাদা পোশাকে পুলিশ সমুদ্র সৈকতে ঘুরবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের কাছ থেকে আবাসন প্রতিষ্ঠানগুলো যাতে অতিরিক্ত ভাড়া না নেয় এবং রেস্তোরাঁয় খাবারের মূল্য তালিকা টানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এসবের বাস্তবায়ন করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।