Home Blog Page 419

ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন

কোরবানি ঈদে প্রায় সময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। আর তা হলো গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা,উট ইত্যাদির মাংস খেতে পারব কি না? আর খেতে পারলে কতটুকু খাওয়া যাবে?

এই বিষয়ে পুষ্টিবিদরা বলেন, এটি একটি অ্যালার্জিক খাবার। এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন আছে। মাংস খেলে প্রায় ৬০ শতাংশ আয়রন শরীর শোষণ করতে পারে। এছাড়া প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে রয়েছে ২৬ গ্রাম প্রোটিন।

পুষ্টিবিদদের মতে, একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন ৫০ গ্রামের মতো প্রোটিন প্রয়োজন। তবে যদি তার কিডনি জটিলতা থাকে তাহলে তিনি প্রতিদিন ২৫ গ্রাম প্রোটিন খাবেন। মানে স্বাভাবিকের চেয়ে অর্ধেক। আবার মেয়েদের গর্ভবতী অবস্থায় এই পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আদর্শ ওজন ৫০ কেজি হলে তারা ১০০ গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারবেন। যাদের ওজন আদর্শ ওজনের চাইতে কম তাদেরও বেশি বেশি প্রোটিন খাওয়া প্রয়োজন।

মাংসে থাকা এসেন্সিয়াল ফ্যাটি এসিড (লিনোলিক এসিড) ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সাধারণত এক বছর বয়স থেকে মানুষ পরিমিত পরিমাণে মাংস গ্রহণ করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের জন্য ১ থেকে ৫ গ্রাম আমিষ গ্রহণ করতে হয়। যা পাওয়া যেতে পারে মাছ, মাংস, দুধ,ডিম, ডাল, বাদাম, বিচিজাতীয় খাবার থেকে। এগুলো বিভিন্ন খাবার থেকে নিতে পারলে ভালো হয়।

মাংস খাওয়ার সময় প্রচুর শাকসবজি ও সালাদ খেতে হবে। এতে হজম ভালো হবে। পোলাও, বিরিয়ানি, পরোটা, লুচি ইত্যাদির সঙ্গে মাংস না খেয়ে, বাদামি চালের ভাত ও বাদামি আটার রুটির সঙ্গে মাংস খেতে পারলে ভালো হবে। এ সময়ে ডেজার্ট, যেমন: ফিরনি, পায়েস, পুডিং, কাস্টার্ড, জর্দা, মিষ্টিদই ইত্যাদি খাওয়া বাদ দেওয়াই ভালো, তবে টক দই খাওয়া যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, মাংসে উচ্চ মাত্রায় প্রোটিন ও ফ্যাট থাকায় এটি হজমে বেশি সময় লাগে। তবে প্রাকৃতিককিভাবে খাবারে কিছু হজমকারী এনজাইম বা উপাদান থাকে, যা হজম প্রক্রিয়াকে অনেক সহজ করে তোলে।

এবার তাহলে হজমে সমস্যা হলে করণীয় সম্পর্কে জেনে নেওয়া যাক:

পেঁপে: এতে প্যাপেইন নামক একপ্রকার উপাদান থাকে, যা দ্রুত মাংস হজম করতে সহায়তা করে। এ কারণে খাবার টেবিলে সালাদের সঙ্গে পেঁপে রাখতে পারেন।
আনারস: এই ফলে ব্রেমেলেইন নামক উপাদান রয়েছে, যা প্রোটিন ভাঙতে সহায়তা করে। তাই খাদ্যতালিকায় আনারস রাখলে হজমে উপকার পেতে পারেন।

দই: দই বা দই দিয়ে তৈরি খাবার রাখতে পারেন খাবার টেবিলে। কেননা, দইয়ে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। যা মাংস বা মাংসজাতীয় খাবার হজম করতে কার্যকরী ভূমিকা রাখে।

এছাড়া কোল্ড ড্রিংকসের পরিবর্তে বোরহানি রাখা যেতে পারে। আর হজমে যদি বেশি সমস্যা হয় তাহলে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নিতে একদমই ভুলবেন না।

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত

শেষ হয়ে গেছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এখন সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা।মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট; চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কার হজ মিশনে।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। এর মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং আইন ভঙ্গ করায় ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এছাড়া, ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে। এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি মোট ২১৯টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে বাংলাদেশ থেকে।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১১ জুন)  গাজার চিকিৎসা সূত্র সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশীরাও রয়েছেন বলে তারা জানান। জাতিসংঘ জানিয়েছে, দুর্ভিক্ষ পুরো গাজার জনগণকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

এদিকে মঙ্গলবার আবারও গাজার নেটজারিম করিডোর এলাকায় ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ জনগণের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ খালিল আল-আথামনেহ। এছাড়াও, আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি।

ঘটনাস্থলটি ছিল বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্র, যা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে।

গাজা সরকারের পক্ষ থেকে এসব ত্রাণকেন্দ্রকে ‘মানব হত্যা কেন্দ্র’ হিসেবে অভিহিত করা হয়েছে। ২৭ মে থেকে এই সংস্থা কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি নিহত হয়েছেন এবং প্রায় ১,৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিডিয়া অফিস।

মঙ্গলবার এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস অভিযোগ করেছে, জিএইচএফ একটি ‘মরণফাঁদ’ হয়ে উঠেছে—যেখানে ত্রাণের ছদ্মবেশে ক্ষুধার্ত সাধারণ মানুষকে ডেকে নিয়ে হত্যার শিকার করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি: অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসীদের ধরতে দেশজুড়ে শুরু হওয়া ধরপাকড়কে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করা হয়েছে। মেয়র কারেন বাস জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে এবং সম্ভবত এটি আরও কয়েকদিন চলবে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল তথ্য দিয়েছেন যে, গত চার দিনে শহর থেকে কমপক্ষে ৩৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কেবল মঙ্গলবারই প্রায় ২০০ জনকে আটক করা হয়েছে। মেয়র আরও জানান, চার দিনের এই বিক্ষোভে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিমালার বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ এখন আর শুধু ক্যালিফোর্নিয়াতেই সীমাবদ্ধ নেই। সিএনএন এবং বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চতুর্থ দিনে প্রবেশ করার পাশাপাশি বোস্টন, হিউস্টন এবং ফিলাডেলফিয়াসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরেও একই ধরনের চিত্র দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত রবিবার (৮ জুন) লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। তবে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম এই পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সৈন্যদের প্রত্যাহারের দাবি তুলেছেন। ন্যাশনাল গার্ড সদস্যরা ফেডারেল ভবনের আশপাশে অবস্থান নেওয়ার পর শহরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ চলাকালে কংক্রিট ও বোতল ছোড়ার অভিযোগ এনে পুলিশ বেশ কয়েকটি সমাবেশকে ‘অবৈধ’ ঘোষণা করে। ভিডিওতে দেখা যায়, আলফাবেটের ওয়েমো কোম্পানির কয়েকটি স্বচালিত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যা সহিংসতার মাত্রা নির্দেশ করে।

লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিতব্য বৈঠক বাংলাদেশের রাজনীতির জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই বৈঠককে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ‘নতুন দিগন্তের’ সূচনা হিসেবে দেখছেন।

মঙ্গলবার(১০ জুন ) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে ড. ইউনূস যে হোটেলে উঠেছেন সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। ড. ইউনূস নিজেই তারেক রহমানকে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা প্রত্যাশা করছি যে, বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎ।” তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, “সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে।”

বিএনপি মহাসচিব এই বৈঠককে একটি “বড় ইভেন্ট, মেজর পলিটিক্যাল ইভেন্ট” হিসেবে উল্লেখ করে আরও বলেন, “এই সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে।”

তিনি জানান, গত সোমবার (৯ জুন) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বৈঠকের বিষয়টি আলোচনা হয়। অসুস্থ থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে অংশ নেন এবং আনুষ্ঠানিকভাবে তাকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে মির্জা ফখরুল উল্লেখ করেন। বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এই বৈঠককে স্বাগত জানানো হয়েছে।

আত্মগোপনে থাকা ঢাবি ছাত্রলীগ নেতা সাজিদ বগুড়ায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মুইন হাসান সাজিদকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ জুন) রাতে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সাজিদ উত্তর ফুলদিঘী এলাকার আনাম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে সাজিদের বিরুদ্ধে। সে সময় দুর্বৃত্তরা মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালায় এবং বেশ কয়েকজনকে গুরুতর জখম করে। ওই ঘটনায় গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলায় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারাও যুক্ত করা হয়। ঘটনার পর থেকেই সাজিদ পলাতক ছিলেন।

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে দর্শনার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত মানববন্ধনের পর বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। এ সময় কাছারিবাড়ির পরিচালককে মারধরের ঘটনাও ঘটে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের ছুটিতে প্রবাসী শাহনেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে গত ৮ জুন বিকেলে কাছারিবাড়ি ঘুরতে যান। দর্শনার্থীদের প্রবেশের সময় টিকিট দেওয়া হলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়ে টোকেন না দেওয়ায় গেটের কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এরপর কাছারিবাড়ির কাস্টোডিয়ান ও অন্যান্য কর্মচারীরা মিলে শাহনেওয়াজকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে পরিবারের সদস্য এবং স্থানীয় কিছু রাজনৈতিক নেতার হস্তক্ষেপে তিনি মুক্তি পান। রাতেই শাহনেওয়াজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ঢুকে ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানের মুঠোফোনে বার বার কল করলেও কোনো মন্তব্য পাওয়া যায় নি।

তবে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাফলংয়ে পর্যটকদের ওপর চোরাকারবারিদের হামলা

গোয়াইনঘাটের জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলাকারীরা সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, জাফলং গুচ্ছ গ্রামের আব্দুল করিমের ছেলে শাহিন আহমদ ভারতের ডাউকি থেকে চোরাই পণ্য নিয়ে জাফলং বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাকে ধাওয়া করে বিজিবি। এক পর্যায়ে স্থানীয় একটি দোকানে মালামাল রেখে পালিয়ে যান শাহিন। ওই দোকানের পাশে পার্কিং করা ছিল ঢাকার ডেমরা থেকে আসা সেলফি পরিবহনের একটি বাস। বাসে আসা পর্যটকদের কাছে ভারতীয় পণ্য কোন দোকানে রাখা হয়েছে তা জানতে চায় বিজিবি। একজন পর্যটক সেই দোকান দেখিয়েও দেন। এর কিছুক্ষণ পর চোরাকারবারবারী শাহিন, গুচ্ছগ্রামের ফজলসহ স্থানীয় কিছু লোক ওই পর্যটকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন প্রকাশ্যে যুবক ও কিশোররা ডাউকি থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে। কেউ প্রতিবাদ করলে তারা খারাপ ব্যবহার করে। এমনকি বিজিবি অনেক সময় দেখেও না দেখার ভান করে।

পর্যটকদের উপর হামলা প্রসঙ্গে ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, তারা মুরব্বিদের নিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছেন। বড় কিছু হয়নি, তুচ্ছ ঘটনায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই সমাধান করা হয়েছে।

নেশনস লিগের দ্বিতীয় শিরোপা রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ নেতৃত্ব, নুনো মেন্ডেজের দুর্দান্ত পারফরম্যান্স আর দিয়েগো কস্তার নায়কোচিত গোলকিপিংয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা ঘরে তুলল পর্তুগাল।

রোববার দিবাগত রাতে জার্মানির মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় উত্তেজনায় ঠাসা ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতা থাকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল।

ম্যাচের প্রথমার্ধে স্পেনের আধিপত্যে ২১ মিনিটে গোল করেন মার্টিন জুবিমেন্দি। তবে মাত্র ৫ মিনিট পরেই নুনো মেন্ডেজ দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা ফেরান। বিরতিতে যাওয়ার আগেই মিকেল ওয়ারিয়াজাবাল আবারো স্পেনকে এগিয়ে নেন। বিরতি থেকে ফিরে ৬০তম মিনিটে রোনালদো দেখান তার ক্লাস, নুনো মেন্ডেজের ক্রসে জোরালো হেডে ফেরান ম্যাচে সমতা।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়তেও ম্যাচের স্কোর সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে থেকে পর্তুগালের হয়ে গঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্ডেজ এবং রুবেন নেভেস নিজেদের শট সফলভাবে নেন। স্পেনও শুরুতে সফল থাকলেও দিয়েগো কস্তা দারুণ সেভে আলভারো মোরাতার শট ঠেকিয়ে দেন। শেষ শটে নেভেস নিশ্চিত করেন পর্তুগালের বিজয়।

২০১৯ সালের পর আবারো নেশনস লিগের ট্রফি জিতল পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদোর প্রশংসায় ভাসেন কোচ রবার্তো মার্টিনেজও, যিনি ম্যাচে সঠিক সময়ে সঠিক পরিবর্তনে মোড় ঘুরিয়ে দেন।

এই ম্যাচ শুধু আরেকটি শিরোপা নয়, রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি মাইলফলক। বয়সের বাধা পেরিয়ে আজও তিনি দলের ভরসা। আর ফুটবল বিশ্ব পেল আরেকটি নাটকীয় ফাইনালের স্মৃতি।

সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলই খেলবে বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর এগিয়ে, তা এমন ভারতও ছিল। শিলংয়ে গিয়ে যদি সেই ভারতের সঙ্গে ভয়ডরহীন ফুটবল খেলতে পারেন হামজারা, তাহলে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে কেন নয়? এমনই মনে করছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। ‘ভারতের বিপক্ষে আমরা যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছি সেটা সিঙ্গাপুরের বিপক্ষেও খেলব। আমাদের অবশ্যই সেরাটা দিতে হবে। অন্য কোনো বিকল্প নেই। আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’

ইন্টারকন্টিনেন্টাল হোটেল সোমবার দুপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী দেখা যায় ক্যাবরেরাকে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবেন হামজারা। কিন্তু মুখে আক্রমণাত্মক ফুটবলের কথা বললেও ক্যাবরেরা সাধারণত ৪–২–৩–১ ফরমেশনের রক্ষণ নির্ভর মাঠ সাজিয়ে থাকেন বেশি।

ভুটানের বিপক্ষেও এই ছকে শুরুর একাদশ বানিয়েছিলেন। সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন শুধু রাকিব হোসেনকে। সিঙ্গাপুরের বিপক্ষে ছক কেমন হবে তা সংগত কারণেই মিডিয়ার সামনে প্রকাশ করেননি। তবে দলে হামজা, ফাহমিদুল, শমিতের মতো বিদেশি লিগে খেলা ফুটবলার থাকলেও পুরোপুরি তৃপ্ত নন কোচ। ‘আমাদের প্রস্তুতি ভালো, গেম প্ল্যানও ভালো। তবে আমাদের ফুটবলের লেবেল আরও উন্নতি করতে হবে। আমাদের সামর্থ্য আছে আক্রমণভাগে ভালো করার। মাঝমাঠও ভালো। দলে যারা আছেন তাদের কোয়ালিটিও আছে। তবে এটাও ঠিক সিঙ্গাপুর কঠিন দল।’

ফিফা র‌্যাংঙ্কিয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬১, সেখানে বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। ক্যাবরেরার লক্ষ্য এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়া। ২০২৭ সালের এশিয়ান কাপে খেলতে হলে ‘সি’ গ্রুপের শীর্ষ থাকতে হবে। আর সেটা করতে গেলে অবশ্যই ভারত, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ নিয়েই মাঠে নামতে হবে।