Home Blog Page 437

যাদের কফি খাওয়া ঠিক নয়

সকালের নাশতার পর এক কাপ কফি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কেউ কেউ দিনে কয়েক কাপ পর্যন্ত কফি খান। শরীরের ক্লান্তি কাটাতে, তাৎক্ষণিক শক্তি জোগাতে কফির তুলনা নেই। কিন্তু কফির মতো একটি অতি উপকারী পানীয়ও কিন্তু সকলের জন্য ভালো নয়। কারণ এতে থাকা ক্যাফিন সবার সহ্য হয় না। এজন্য কিছু ব্যক্তিকে কফি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা—

​আইবিএস থাকলে

ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো অসুখ থাকলে কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে । কারণ কফিতে থাকা ক্যাফিন এই রোগে ভুক্তভোগীদের অন্ত্রের স্বাস্থ্যের অবস্থা খারাপ করতে পারে। একবার কোলোনের অবস্থা খারাপ হলে গ্যাস, অ্যাসিডিটি, ডায়ারিয়ার মতো জটিল অসুখে ভোগার আশঙ্কা বাড়ে। তাই এই রোগে ভুক্তভোগীরা কফি খাওয়া এড়িয়ে চলুন।

ওভার অ্যাকটিভ ব্লাডার

যারা এই রোগে ভোগেন তারা দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখতে পারেন না। তাই এই সমস্যায় ভুক্তভোগীদের কিছু পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর সেই তালিকায় কফিও রয়েছে। কারণ এই পানীয়ে এমন কিছু উপাদান রয়েছে যা কিনা এই রোগে ভুক্তভোগীদের বারবার প্রস্রাবে যেতে বাধ্য করে। তাই ওভার অ্যাকটিভ ব্লাডারের সমস্যা থাকলে কফি না খাওয়াই ভালো।

অনিয়মিত হৃৎস্পন্দন

অনিয়মিত হৃৎস্পন্দন সমস্যার আরেক নাম অ্যারিথমিয়া। যারা এ সমস্যায় ভোগেন তারা কফি খাওয়া এড়িয়ে চলুন। কারণ এই পানীয়ে উপস্থিত ক্যাফিন হঠাৎ করে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তবে শুধু অ্যারিথমিয়া নয়, যে কোনও ধরনের হৃদরোগ থাকলেই কফি খাওয়া থেকে বিরত থাকুন।

অনিদ্রার সমস্যা 

যাদের অনিদ্রার সমস্যা আছে তাদেরও কফি খাওয়া ঠিক নয়। এই পানীয়তে উপস্থিত কিছু উপাদান সরাসরি ঘুমের বিঘ্ন ঘটায়। এমনকী অত্যাধিক পরিমাণে কফি খেলে ঘুমের সাইকেলও ব্যাহত হতে পারে। এ কারণে বিশেষজ্ঞরা ইনসোমনিয়ায় ভুক্তভোগীদের কফি খেতে বারণ করেন।

উৎকণ্ঠায় ভুগলে

আমাদের মধ্যে অনেকেই সব বিষয়ে টেনশন করেন। আর এই ধরনের মানুষের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে কফি। তাই উৎকণ্ঠায় ভুক্তভোগীদের কফি এড়িয়ে যাওয়া ভালো।  গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েদেরও কফি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সজ্জিত অস্ট্রেলিয়া

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে লাল সবুজের আলোকসজ্জায় সাজানো হয়েছে ক্যানবেরার গুরুত্বপূর্ণ স্থাপনা।

অস্ট্রেলিয়ার রাজধানীর বড় বড় এসব স্থাপনা বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

অস্ট্রেলিয়ার সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত এ আলোকসজ্জা প্রদর্শন করা হয়।

এদিন বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোক সজ্জায় সজ্জিত করা হয় অস্ট্রেলিয়ার পুরাতন পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক জন গর্টন বিল্ডিং এবং ন্যাশনাল ক্যারিলিয়ন। প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এ আলোকসজ্জা উপভোগ করেন।

এর আগে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ ন্যাশনাল ক্যারিলিয়নেও এ ধরনের আলোকসজ্জার প্রদর্শন করা হয়েছিল।

কেমোর পার্শ্বপ্রতিক্রিয়া রুখতে ন্যাড়া হলেন হিনা

অনেকটা আতঙ্ক জড়িয়ে আছে ক্যানসার শব্দটির সঙ্গে। এই অসুখের প্রতিরোধে সবচেয়ে বেশি যা জরুরি, তা হল মনের জোর।

ক্যানসারের মূলত তিন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। স্টেজ ১-এ রোগ ধরা পড়লে অস্ত্রোপচার করে ক্যানসার সমূলে বিনাশ করা যায়।

কিন্তু অসুখ ছড়িয়ে পড়লে কেমোথেরাপি, সার্জারি ও রেডিয়োথেরাপির সাহায্য নেওয়ার দরকার হয়।

টেলি অভিনেত্রী হিনা খান সমাজমাধ্যমে  এরই মধ্যে জানিয়েছেন, তিনি স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যেই কেমোথেরাপি শুরু হয়েছে অভিনেত্রীর।

সম্প্রতি হিনা ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি কেমোর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচতে মাথার চুল কামিয়ে একেবারে ন্যাড়া হয়ে গিয়েছেন।

ভিডিওতে হিনা বলেছেন, ‘প্রত্যেক বার চুলে হাত দেব আর মুঠো মুঠো চুল উঠে আসবে, এই অস্বস্তির মধ্যে দিয়ে আমি যেতে চাই না! এই কষ্ট থেকে বাঁচতে যা করণীয়, আমি আগে থেকেই তা করে ফেলতে চাই। তাই এই পদক্ষেপ করেছি।’

আলাদা হয়ে গেলেন শুভ-অর্পিতা

সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অভিনেতা আরিফিন শুভ। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ করেছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩১ জুলাই) রাতে নিজের ফ্যান পেজে বিষয়টি জানিয়েছেন আরিফিন শুভ।

বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে দেশ উত্তাল। এমন পরিস্থিতে দাম্পত্য জীবনে এ পরিস্থিতি জানাতে দ্বিধা ও সংকোচ প্রকাশ করে আরিফিন শুভ বিবৃতির শুরুতে লিখেছেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।

বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে ডিভোর্সের খবর শুভ লিখেছেন এভাবে, “আমি অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকী জীবন নিজেদের মত করে বাঁচব।”

এরপরই কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি। লিখেছেন, অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকী জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।

দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন শুভ। বিবৃতির শেষ অংশে তিনি লিখেছেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়।

ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরিফিন শুভ। গেল ২০ জুলাই তাদের মধ্যকার দাম্পত্য জীবনের ইতি ঘটলো।

বর্তমানে আরিফিন শুভর মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা। ভারতের সনি লিভ এর একটি ওয়েব সিরিজে কাজের গুঞ্জনও শোনা যাচ্ছে এই নায়কের।

মুরগিতেই খানিক স্বস্তি

ব্রয়লার মুরগির মাংসের দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে।

খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭৫ টাকা করে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও ছিল ২৩০-২৪০ টাকা পর্যন্ত।

তবে গরুর মাংস, মাছ-ডিমসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি দ্রব্যের দামের আগুনে হাত পুড়ছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের।

শুক্রবার (২ আগস্ট) বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সোনালি মুরগির কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা।

মুরগির মাংস বিক্রেতা আলী আতিক বলেন, গত কয়েকদিনে ব্রয়লার মুরগির দামটাও একটু কম। ১৭০ টাকা কেজি সর্বশেষ মাসখানেক আগে ছিল, এরপর আবার দামটা বেড়ে যায়। গত সপ্তাহেও ২০০ টাকার বেশি ছিল, আজ ১৭০ করে বিক্রি করছি।

তিনি বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে মাংসের চাহিদাটা একটু বেড়ে যায়, বাজারে যদি সেই পরিমাণে সরবরাহ না থাকে, তাহলেই দাম বেড়ে যায়, যেখানে আমাদের কিছুই করার থাকে না। তবে আশা করছি এখন মোটামুটি ১৭০-১৮০ টাকার মধ্যেই থাকবে।’

আগের মতো চড়া দামে প্রতি কেজি পাঙাশ ২০০-২২০, তেলাপিয়া ২০০-২৫০, চাষের কৈ ২৫০-২৭০, ছোট রুই ২৫০-২৬০, কার্প জাতীয় মাছ ৩০০, চাষের শিং ৪৫০-৬০০, সাগরের পোয়া ৪০০-৬৫০ ও বাইলা মাছ বিক্রি হচ্ছিল ৬৫০-৭০০ টাকায়।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। বাজারে খাদ্যপণ্যের দামও কয়েকগুণ বেড়ে গিয়েছিল। যদিও কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর পর পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মো. ইকরাম চৌধুরী ইকরাম মৃত্যুবরণ করেছেন।

দায়িত্ব পালনকালে আজ বুধবার সকাল ৯টার দিকে ইকরাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়।

সেখানে ইসিজি করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত অবস্থার অবনতি হলে ইকরামকে হাসপাতালের সিসিইউয়ের ভেন্টিলেশনে রাখা হয়।

সব চেষ্টা ব্যর্থ করে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই কর্মকর্তার বয়স হয়েছিল ৫০ বছর।

ইকরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।

২০১৪ সাল থেকে ইকরাম চৌধুরী সিলেটে বিসিবির নিরাপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন বলে ক্রিকেট বোর্ড জানিয়েছে।

গাজায় পোলিও টিকা সরবরাহ বন্ধ

দিন যতই গড়াচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ফিলিস্তিনের গাজায়। নিরাপদ বলে আর কোনও স্থান বাকি নেই অবরুদ্ধ উপত্যকাটিতে। একদিকে চলছে নির্বিচার অভিযান, অন্যদিকে আটকে দেওয়া হয়েছে সব রকমের ত্রাণ সহায়তা। বুলেট-গোলার আঘাতে ফিলিস্তিনিদের প্রাণহানি তো নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছেই; খাদ্য-পানি-ওষুধ আর চিকিৎসার অভাবেও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল।

ইসরায়েলের আরোপিত অবরোধে ত্রাণ প্রবেশ করতে না পারায় তীব্র খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে গাজাবাসী। শঙ্কা বাড়ছে রোগ-বালাই ও মহামারির। সরবরাহ বন্ধ থাকায় অবরুদ্ধ উপত্যকাটিতে স্থগিত হয়ে গেছে পোলিও টিকাদান কর্মসূচিও। এমন পরিস্থিতিতে বড় বিপর্যয়ের শঙ্কা বিরাজ করছে গাজা জুড়ে; শারীরিক অক্ষমতার ঝুঁকিতে আছে প্রায় ৬ লাখ শিশু।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেকরান।  অাজ বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

খলিল দেকরান বলেছেন, অবিলম্বে পোলিও ভ্যাকসিন না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যয়ের সাক্ষী হবো বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, শিশু ও রোগীদের রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসাবে ব্যবহার করা উচিত নয়। গত ২ মার্চ ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে গাজায় ভ্যাকসিনসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম প্রবেশ আটকে গেছে এবং প্রায় ৬ লাখ ২ হাজার শিশু স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী অক্ষমতার ঝুঁকিতে পড়ে গেছে।

প্রসঙ্গত, বিগত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গাজায় পুনরায় আবির্ভূত ঘটেছে পোলিওর। তারপর থেকে গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন দফা টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে জাতিসংঘ, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য দাতব্য সংস্থাগুলো।

খাদ্যে কৃত্রিম রং নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য সরবরাহ ব্যবস্থা থেকে কৃত্রিম খাদ্য রং নিষিদ্ধ করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে, একটি পদক্ষেপ যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্বাগত এবং বর্তমান তীব্র বিভক্ত রাজনৈতিক পরিবেশে বিরল দ্বিদলীয় ঐকমত্যের ইঙ্গিত দেয়। খবর বাসসের।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন’ (এমএএইচএ) কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের খাদ্য ব্যবস্থা সংস্কারের অঙ্গীকার করেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ অনুমোদিত আটটি কৃত্রিম খাবার রঙ পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে।

এই পদক্ষেপ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় নিষিদ্ধ করা রেড ডাই ৩-এর ওপর ভিত্তি করে আরও দ্রুত কার্যক্রম গ্রহণের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এসব উপাদানের প্রভাব নিয়ে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটকে (এনআইএইচ) বিস্তৃত গবেষণা পরিচালনার নির্দেশ দেবে।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কমিশনার মার্টি মাকারি শিশু ও পরিবার ঘেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ৫০ বছরে আমেরিকান শিশুরা ক্রমাগত একটি বিষাক্ত রাসায়নিক পরিবেশে বেড়ে উঠছে।’ তিনি এডিএইচডি (মনোযোগ ঘাটতি ও অতিসক্রিয়তা ব্যাধি), ডায়াবেটিস, ক্যানসার, জেনেটিক গঠনে বিঘ্ন, হজমজনিত সমস্যা ইত্যাদির সঙ্গে এসব রঙের সম্পর্ক থাকার বিভিন্ন গবেষণার কথা উল্লেখ করেন।

পেট্রোলিয়াম থেকে তৈরি আটটি কৃত্রিম রঙের মধ্যে ইয়েলো ৫, ইয়েলো ৬ এবং রেড ৪০ সবচেয়ে বেশি ব্যবহƒত হয় বলে জানিয়েছেন ‘সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট’ নামক অলাভজনক সংস্থার সভাপতি ও নির্বাহী পরিচালক পিটার লুরি।

এই রঙগুলো পানীয়, মিষ্টান্ন, সিরিয়াল, সস ও দুগ্ধজাত খাদ্যসহ নানা পণ্যে ব্যবহƒত হয়ে থাকে। রাজ্য পর্যায়েও এই উদ্যোগ জোর পাচ্ছে। মার্চ মাসে রিপাবলিকান প্রবণ পশ্চিম ভার্জিনিয়া কৃত্রিম রঙ নিষিদ্ধ করে আইন পাস করেছে। এর আগে ২০২৪ সালে ক্যালিফোর্নিয়া এই রঙগুলোকে পাবলিক স্কুলে নিষিদ্ধ করেছিল।

ক্যানসারের ঝুঁকির কারণে ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে খাদ্য ও ওষুধে রেড ডাই ৩ নিষিদ্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বাকি রঙগুলোও শিশুদের আচরণগত সমস্যার (যেমন- এডিএইচডি) সঙ্গে সম্পৃক্ত বলে গবেষণায় দেখা গেছে। ইউরোপে এই রঙগুলো পুরোপুরি নিষিদ্ধ না হলেও সতর্কতামূলক লেবেল দেয়ার নিয়মের ফলে অনেক কোম্পানি প্রাকৃতিক বিকল্পে চলে গেছে।

কৃত্রিম রঙ নিষিদ্ধ করার ক্ষেত্রে কেনেডির অবস্থান মূলধারার বৈজ্ঞানিক মতামতের সঙ্গে বিরলভাবে মিলছে, যা টিকাবিরোধী অবস্থান, সাম্প্রতিক হাম রুগ্ণতার গুরুত্ব খাটো করে দেখা এবং পাখিদের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে দেয়ার মতো বিতর্কিত মতের পর এক ব্যতিক্রম।

তবে শিল্প খাতের কিছু বিরোধিতা দেখা যেতে পারে। ঐতিহাসিকভাবে খাদ্য প্রস্তুতকারকরা কড়াকড়ি নিয়ন্ত্রণের বিরুদ্ধে লবিং করে এসেছে। তবে লুরি মনে করেন, এবার হয়তো তাদের প্রতিক্রিয়া অনেকটা মৃদু হতে পারে। তিনি বলেন, ‘শিল্প খাত এখন ভাবছে, তারা কি এর বিরোধিতা করবে, না কি শেষ পর্যন্ত মেনে নেবে। আমার দেখা ইঙ্গিতগুলো বলছে, তারা হয়তো শেষ পর্যন্ত মেনে নেবে।’
তিনি রেড ডাই ৩ নিষিদ্ধ হওয়ার সময় দেয়া ‘উত্তাপহীন’ বিবৃতি এবং কেনেডির প্রথম হুঁশিয়ারিতে প্রায় নিঃপ্রতিক্রিয় শিল্প খাতের কথাও উল্লেখ করেন।

নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধনের জন্য আগামী ২২ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে নতুন দলগুলো।

অাজ বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়।

এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবেদন করতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরম-১ পূরণ করে আবেদন করতে হবে।

তবে, কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আগের গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এর আগে, গত ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। পরে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করলে সেসব বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে আবারো কমেছে সোনার দাম

দাম বাড়ানোর ২৪ ঘণ্টার ব্যবধানে এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

অাজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে একলাফে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।