Home Blog Page 441

সাকিব ব্যর্থ হলেও প্লে-অফ নিশ্চিত করলো লাহোর কালান্দার্স

সমীকরণ ছিল একেবারেই সহজ। যারা জিতবে তারাই চলে যাবে পিএসএলের প্লে-অফে। প্রায় সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব আল হাসানকে খেলতে দেখা গেছে বটে, তবে দিন ছিল একেবারেই মলিন। তবুও পেশোয়ার জালমির বিপক্ষে ২৬ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স।

রোববার বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান জড়ো করে লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে নির্ধারিত সময়ে ৮ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি পেশোয়ার জালমি। আর তাতেই এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাবর আজমদের।

লাহোরের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া ১০ বলে ২২ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। দুই ওপেনারের ব্যাটে ভর করেই বড় পুঁজির ভিত পায় লাহোর। ৭ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব গোল্ডেন ডাক মেরেছেন। নিজের প্রথম বলেই ডেনিয়েলের বলে বোল্ড হন ফাইন লেগে শট খেলতে গিয়ে।

জবাব দিতে নেমে সালমান মির্জা, শাহিন আফ্রিদিদের বোলিং তোপের মুখে পড়ে পেশোয়ার। একের পর এক উইকেট হারিয়ে ছিটকে পড়ে ম্যাচ থেকেই। সাকিব ২ ওভার বল করে দেন ১৮ রান। আরও ১ ওভার তাকে দিয়ে করানোর সুযোগ থাকলেও শাহিন সেই পথে হাঁটেননি। লাহোরের হয়ে সালমান মির্জা একাই নিয়েছেন ৪ উইকেট।

ছয় দলের টুর্নামেন্টে সব দল ১০টি করে ম্যাচ খেলবে। প্লে-অফে ওঠা লাহোর কালান্দার্স ১০ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৪ জয় ও ৬ হারে ৮ পয়েন্ট পেশোয়ার জালমির অবস্থান পাঁচে। আর কোনো ম্যাচ না থাকায় বাবরের দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

পাকিস্তানি শিল্পী নিষিদ্ধে টুইঙ্কল খান্নার রসিকতা

পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের। মাওরা হোসেন, ফাওয়াদ খান ও মাহিরা খানদের মতো পাক অভিনেতাদের ছবি বাদ দেওয়া হয়েছে বলিউডের ছবির পোস্টার থেকে।

এ বিষয়ে নজরে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে একটি পোস্ট দিয়েছেন টুইঙ্কেল খান্না।

টুইঙ্কেল তার পোস্টে লিখেছেন, ‘কিছু দিন আগেই ফের মুক্তি পেয়েছিল ‘সনম তেরি কসম’ সিনেমাটি। তারপর থেকে ছবির গানগুলো বারবার করে শুনছি। দেখলাম গানের অ্যালবামের প্রচ্ছদ থেকে শিল্পী মাওরা হোসেনের ছবি বাদ দেওয়া হয়েছে। পরে জানতে পারলাম, ফাওয়াদ খান ও মাহিরা খানের ছবিও তাদের বলিউড সিনেমার পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে।’

এর পরেই ব্যঙ্গ করে টুইঙ্কেল লিখেছেন ‘সুনাগরিক হিসেবে একটা দায়িত্ব পূর্ণ করতে চাই। ঢিনচ্যাক তালের গান গেয়ে বেড়ানো পূজার কণ্ঠে আবিদা পারভীন ও ফরিদা খানমের গানগুলোও এবার মুছে ফেলা হোক। এতে পাকিস্তানি শ্রোতাদের ভালো শিক্ষা দেওয়া যাবে!’

দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় রোববার উপত্যকাটিতে দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যেই ১৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সংবাদমাধ্যমটিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৯ জনই প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে। যেখানে দখলদাররা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

এর আগে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছিলেন, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় সেখানকার মানুষ ঘুমিয়ে ছিলেন। যারা বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় চালানো ওই হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ নিহত হন।

গাজায় ব্যাপক স্থল হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে “গতকাল, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।”

প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলা প্রতিহতে গত এক সপ্তাহে তাদের বিমানবাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাংক বিধ্বংসী সাইট।

এখন পর্যন্ত হামাসের কয়েক ডজন সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। এছাড়া গাজার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রাখার তথ্য জানিয়েছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী।

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি, শাহবাগ ছাড়ল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সংগঠনের নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ রোববার বিকেলে এ হুঁশিয়ারি দিয়ে শাহবাগে অবরোধ প্রত্যাহার করার কথা জানান তিনি।

সাম্য হত্যার বিচারের দাবিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বর্তমান প্রশাসনের ব্যর্থতার সাথে সাথে সরকারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কারণে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে একটি হত্যার আসামি গ্রেপ্তার করতে পারছে না সরকার।’

সমাবেশে নিহত সাম্যর ভাই অভিযোগ করেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম‍্যর চরিত্র হননের চেষ্টা করছে যা মিথ্যাচার।’

এর আগে দুপুরে সাম্যের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদল নেতা-কর্মীরা বলছেন, বেধে দেওয়া সময় পেরিয়ে গেলেও মূলহোতাদের গ্রেপ্তার করতে না পারায় তাদের এ কর্মসূচি।

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি নিহত হন বলে দাবি করা হচ্ছে।

নিহত ওই সৈন্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মিরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি সেনা চৌকিতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্য মারা গেছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বিকেলে এই ঘটনাটি ঘটে।

মারা যাওয়া সেনার বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। নিহত হওয়ার সময় তিনি সাম্বা জেলার বর্ডার আউটপোস্ট সরোজ-এ প্রহরার দায়িত্বে ছিলেন। সেখানেই হঠাৎ করে তার রাইফেল থেকে গুলি ছুটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত তথ্য এখনো তদন্তাধীন।

প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে মানসিক চাপ ও আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ সময় ধরে কঠোর ডিউটির কারণে অনেকে মানসিক অবসাদে ভোগেন বলেও অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

গণভোটের মাধ্যমে সংস্কার চায় জামায়াতে ইসলামী

গণভোটের মাধ্যমে সংস্কারের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। দলটির ভাষ্য, সংস্কারকে স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতেই গণভোট প্রয়োজন। যাতে সংবিধানের সংশোধনী বা অন্য কোন উপায়ে ভবিষ্যতে বাতিল করা না যায়। গণভোট জাতীয় নির্বাচনে আগে না কি একসঙ্গে হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করার প্রস্তাব দিয়েছে জামায়াত।

রোববার জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে বিফ্রিংয়ে দলের এই অবস্থান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। জামায়াত আগের প্রস্তাবে জানিয়েছিল, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক পুনর্বহাল চায়। আগের নিয়মে সর্বশেষ প্রধান বিচারপতি হবেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা।

কমিশনের সঙ্গে সংলাপে নির্বাচনকালীন সরকার গঠনে নতুন প্রস্তাব দিয়েছে জামায়াত। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে।

ডা. তাহের বলেন, গত ২৬ এপ্রিল প্রথম দিনের সংলাপে যেসব বিষয়ে জামায়াত একমত ছিল না, এর কয়েকটিতে দ্বিতীয় দিনের সংলাপে রাজি হয়েছে। সংস্কারের জন্য দেশ ও জাতির স্বার্থে জামায়াত দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠেছে। অন্য দলগুলোর কাছ থেকে একই ভূমিকা প্রত্যাশা করে।

‘আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা’

ধ্রুবজিৎ কর্মকার (২২) নামে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসআই) বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে কলেজের অমর একুশে হলের ৩০৭ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার হয়।

মরদেহের পাশে পড়েছিল একটি চিরকুট। সেই চিরকুটে লেখা ছিল, ‘সরি মা, বাবা। আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। ব্যাংকের কার্ডের টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা। পরের বার ফার্মেসি নিয়ে পড়ব। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃষ্ণ।’

জানা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনোতোষ কর্মকার ও সুপ্তা কর্মকারের ছেলে ধ্রুবজিৎ।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর ড. মিজানুর রহমান শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার পরীক্ষা চলাকালীন ধ্রুবজিৎ নকলসহ ধরা পড়ে। কর্তব্যরত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে তার খাতা নিয়ে হল থেকে তাকে বের করে দেন। এ ঘটনার পরপরই হোস্টেলের নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে ধ্রুবজিৎ। বিষয়টি জানার পরপরই উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ধ্রুবজিৎ এর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।’

কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা

দেশে গত ৫ বছরে সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পাঁচটিই ছিল মে মাসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে, এবার একই সপ্তাহে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা রয়েছে।বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

আগামী ২৭ থেকে ৩০ মে’র মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সোমবার সকাল এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ মে’র মধ্যে যেকোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।

তিনি আরও লিখেছেন, একই সপ্তাহে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা আছে। আরব সাগরের ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টের পরবর্তী দুইটি নাম হলো ‘শক্তি’ ও ‘মন্থা’। ফলে, আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে ২০২৫ সালের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে শক্তি ও দ্বিতীয়টির নাম হবে মন্থা।

মোস্তফা কামাল পলাশ আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেটি কোন উপকূলে আঘাত হানবে এবং এর শক্তি কেমন হবে তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে তার ওপরে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার দুয়েকদিন আগেই যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মে’র মধ্যে উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি। তবে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নিউইয়র্কে এবার আপনিও হবেন শেফ’ স্লোগানে

নিউইয়র্কে বসছে আমেরিকান কারি এওয়ার্ডসের প্রথম আসর। আগামী ২৪ মে ২০২৫ শনিবার কুইন্সের অভিজাত ভেন্যু টেরেস অব দ্য পার্কে আয়োজনটির সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বুধবার খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের উদ্যোগে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আমেরিকান কারি এওয়ার্ডসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মো. খলিলুর রহমান ও আকাশ রহমান। জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউসে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন হাসানুজ্জামান সাকী।

আয়োজকরা জানান, আমেরিকান কারি এওয়ার্ডস উপলক্ষে রন্ধন শিল্পীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ইতোমধ্যে হোম শেফদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে বাছাইকৃত ৫০ জন হোম শেফ অংশগ্রহণ করছেন। আগামী ১৮ মে রোববার ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার মাধ্যমে বেস্ট হোম শেফ এওয়ার্ড প্রদান করা হবে। ‘এবার আপনিও হবেন শেফ’ স্লোগানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত মনোনীতদের একটি প্রাথমিক তালিকা প্রতিযোগিতার সম্মানিত বিচারকমন্ডলীকে দেওয়া হয়েছে।

বেস্ট হোম শেফ প্রতিযোগিতা ছাড়াও আরও ৮টি ক্যাটাগরিতে কারি এওয়ার্ডস প্রদান করা হবে। এজন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আগ্রহীরা রেজিস্ট্রেশন করেছেন। ক্যাটাগরিগুলো হলো: বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্টারপ্রোনিউর, শেফ অব দ্য ইয়ার, পারসনালিটি অব দ্য ইয়ার, কারি লিজেন্ড এওয়ার্ড এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আমেরিকান কারি এওয়ার্ডসে দেশ-বিদেশের বরেণ্য রন্ধনশিল্পীরা যোগ দিচ্ছেন। প্রতিযোগিতার বিচারকমন্ডলিরা হলেনÑ বিশ্বের অন্যতম জনপ্রিয় শেফ টনি করিম খান, ভারতের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ ও কালিনারি ফোরামের সদস্য ড. ইজ্জত হুসেন, মালয়েশিয়ান কালিনারি বিশেষজ্ঞ রসাহম বিন রুসলি, সৌদি আরবে ওয়ার্ল্ড কালিনারি অ্যাসোসিয়েশন (ডব্লিউএসি) এর সার্টিফাইড প্রশিক্ষক মনতাসির মাসউদ, বাহরাইনের বিখ্যাত কালিনারি বিশেষজ্ঞ ও হসপিটালিটি কনসালটেন্ট সিলভারস্টার রোজারিও, জর্ডানের পেশাদার কালিনারি বিশেষজ্ঞ মাহমুদ ইয়াসিন, ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ব্যবসায়ী অলি খান এমবিই, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব রাহিমা সুলতানা রীতা, আন্তর্জাতিক রন্ধনশিল্পী, রান্নার সৃজনশীল উদ্ভাবক ও লেখক শাহেদা ইয়াসমিন, কালিনারী বিশেষজ্ঞ মেরীনা খন্দকার এবং কালিনারী বিশেষজ্ঞ লবি রহমান।

এওয়ার্ডস অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার ও ইনফ্লুয়েন্সার আদনান ফারুক হিল্লোল ও জলটান বিডি খ্যাত নুসরাত ইসলাম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও আইনপ্রণেতারা উপস্থিত থাকবেন। আসছেন বাংলাদেশের ডেফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খান।

মো. খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে রন্ধনশিল্প জগতে কারি এওয়ার্ডসের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে এওয়ার্ডের একটি ইউনিক ও স্বতন্ত্র্য ডিজাইন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এওয়ার্ডস-এর ট্রফি উন্মোচন করা হয়। দৃষ্টিনন্দন ট্রফি দেখে সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেন। আকাশ রহমান বলেন, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো হলেও আয়োজনটিকে আন্তর্জাতিকমানের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি, সবার অংশগ্রহণে ভিন্নধারার জমকালো একটি আয়োজন আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। সংবাদ সম্মেলনে অমেরিকান কারি এওয়ার্ডসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন হোম শেফ প্রতিযোগিতার সমন্বয়ক সাদিয়া খন্দকার।

আমেরিকান কারি এওয়ার্ডসের টাইটেল স্পন্সর আশা রেস্টুরেন্ট ও খলিল বিরিয়ানি হাউস।

অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার নিউয়ার্কের মেয়র

সপ্তাহজুড়ে আটক কেন্দ্রটি চালুর প্রতিবাদ করছিলেন মেয়র বারাকা। ফেডারেল একটি অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে শুক্রবার গ্রেপ্তার হয়েছেন নিউ জার্সির নিউয়ার্কের মেয়র রাস বারাকা।

এক ফেডারেল প্রসিকিউটরের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন। নিউ জার্সির অন্তর্বর্তী অ্যাটর্নি অ্যালিনা হাব্বা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বারাকা অনুমতি না নিয়ে বেসরকারি অপারেটর জিইও গ্রুপ পরিচালিত আটক কেন্দ্র ডেলানি হলে গিয়েছিলেন। এ ছাড়া আটক কেন্দ্র এলাকা থেকে সরে যেতে হোমল্যান্ড সিকিউরিটি কর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করেছেন তিনি।

সপ্তাহজুড়ে আটক কেন্দ্রটি চালুর প্রতিবাদ করছিলেন মেয়র বারাকা। তার ভাষ্য, আটক কেন্দ্রটির অপারেটররা যথাযথ অনুমতি পায়নি।

এক্সে দেওয়া পোস্টে অ্যাটর্নি হাব্বা জানান, বারাকা আইন অমান্যকে বেছে নিয়েছেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কংগ্রেসের নিউ জার্সির তিন রেপ্রেজেন্টেটিভ রবার্ট মেনেন্দেজ, লামনিকা ম্যাকাইভার ও বনি ওয়াটসন কোলম্যানকে নিয়ে আটক কেন্দ্রটিতে যাওয়ার সময় গ্রেপ্তার হন ডেমোক্র্যাট বারাকা।

নিউ জার্সি অ্যালায়েন্স ফর ইমিগ্র্যান্ট জাস্টিসের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্ট ভিরি মার্টিনেজের ভাষ্য, ফেডারেল কর্মকর্তারা বারাকার প্রবেশ আটকে দিলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

মার্টিনেজ আরও বলেন, ‘এজেন্টরা ভয়ভীতি দেখানো শুরু করে কংগ্রেসউইম্যানদের ধরেন। সে সময় হট্টগোল ও ধাক্কাধাক্কি হচ্ছিল।

‘তারপর অফিসাররা বারাকাকে ঘিরে ধরেন। তারা একজন আয়োজককে মাটিতে ফেলে দেন। তারা বারাকাকে হ্যান্ডকাফ পরিয়ে আনমার্কড (বাহিনীর চিহ্ন না থাকা) একটি গাড়িতে ওঠান।’

এ বিষয়ে জানতে মেয়রের কমিউনিকেশন অফিসে মেইল ও ফোন মেসেজ পাঠিয়ে শুক্রবার বিকেল নাগাদ কোনো উত্তর পায়নি সিএনএন।