Home Blog Page 446

ইসরায়েলের হামলায় আরও ১১৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ১১৯ জন এবং ১ লাখ ২০ হাজার ২১৪ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় ২ মাসে দিনে গাজায় নিহত হয়েছেন ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৮ হাজার ১৭৩ জন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ভারতের ওড়িশায় বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল শুক্রবার রাজ্যটিতে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বজ্রপাতে কোরাপুটে ৩ জন, জাজপুর ও গঞ্জামে ৪ জন, এবং ঢেনকানাল ও গজপতিতে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন নারী রয়েছে।

কোরাপুট জেলার পারিডিগুড়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের তিন নারী ঘটনাস্থলেই মারা যান। তাঁরা মাঠে কাজ করার সময় অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন।  একজন বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) আগে থেকেই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছিল। মৃতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামায়াতের

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ও নির্বাচনের সঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব কমছে না। বরং তা আগের চেয়ে বেড়েছে। ৫ আগস্টের পর এই প্রবণতা শুরু হলেও সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাতের পর সম্পর্ক আর খারাপ হবে না বলে আশা করা হয়েছিল।

তবে দলীয় আদর্শ আর কৌশলের রাজনীতি তাদের দূরত্ব আরও বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দু’দলের প্রথম সারির নেতাদের মধ্যে যোগাযোগের ঘাটতিও তৈরি হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

৫ আগস্টের পর থেকে রাজনীতির মাঠে নানা বিষয়ে দল দুটির মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা দেয়। দু’দলের তৃণমূল থেকে শীর্ষ নেতাদের বক্তব্যে তা ফুটে উঠছে। দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধে ভূমিকা, সরকারের সংস্কার প্রস্তাব, নির্বাচনের দিনক্ষণ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ভারতের সঙ্গে সম্পর্ক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় লোকের বদলি, পদায়ন, নিয়োগ, দখল-চাঁদাবাজির মতো বিষয় নিয়ে চলছে বাগ্‌যুদ্ধ। সভা-সমাবেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তা দৃশ্যমান।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত রাজনীতিতে এ দুই দলেরই সাধারণ প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। বৃহৎ এ দলটির অনুপস্থিতিকে জামায়াত বড় সুযোগ হিসেবে দেখছে। পাশাপাশি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের অনেকের ওপর জামায়াত ও শিবিরের প্রভাব তাদের উচ্চাকাঙ্ক্ষী করে তুলছে। এর বাইরে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যাংক খাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলটির পরিকল্পিত অবস্থান তাদের সরাসরি বিএনপির সামনে এনে দাঁড় করিয়েছে।

বিএনপির একাধিক নেতা মনে করছেন, জামায়াত আগামী নির্বাচনে যে কোনো মূল্যে বিরোধী দল হওয়ার পরিকল্পনা মাথায় নিয়ে এগোচ্ছে। কেউ কেউ মনে করছে, জামায়াত নিজেদের দ্বিতীয় বড় দল হিসেবে জাহির করার চেষ্টা করছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় জামায়াতকে বিএনপির সঙ্গে সংঘর্ষে জড়াতেও দেখা যাচ্ছে।

নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগেই। সেই ঘোষণা অনুযায়ী ‘ঢাকাবাসী’ ব্যানারে নগরভবনের সামনে স্লোগান, মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা।

আজ (শনিবার) সকাল থেকে গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের সামনে জড়ো হচ্ছেন তারা।

এর আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন।

প্রসঙ্গত  ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

ঈদে ১০ দিনের ছুটির পক্ষে-বিপক্ষে

এবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি অফিসে ১০ দিন ছুটি ঘোষণা করেছে সরকার। এর পর থেকে এ নিয়ে আলোচনা চলছে। এক পক্ষ ঈদে যানজট এড়ানোসহ নানা যুক্তি দাঁড় করাচ্ছে। আরেক পক্ষ বলছে, শুধু ঈদযাত্রায় স্বস্তি দিতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠান মাসের তিনভাগের একভাগ সময় বন্ধ রাখা সুবিবেচনাপ্রসূত নয়।

জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আমাদের দেশে মানুষ এত বেশি গ্রামে যায় যে, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিন দিনের ঈদের ছুটিতে এক দিনে অনেক মানুষ বের হওয়ার চেষ্টা করলে, যাত্রাপথে ভোগান্তি হবেই। প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে বাধা হওয়া উচিত নয়। বিষয়টি যেন সহজ হয়, সে চেষ্টা করতে উপদেষ্টা পরিষদ ঈদের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ছুটি একটু বেশি হলে মানুষের হাতে বিকল্প থাকবে। তখন যার যার সুবিধা মতো আসা-যাওয়া করতে পারবে। টানা বেশি দিন বন্ধ থাকলেও লাভ আছে। প্রত্যেক পেশাজীবীর বিশ্রাম প্রয়োজন। বিশ্রাম নিয়ে তারা নবউদ্যমে কাজে নামতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল আজহা হতে পারে ৭ জুন, শনিবার। সরকারি ছুটি শুরু হবে ৫ জুন বৃহস্পতিবার, শেষ হবে ১৪ জুন শনিবার। ঈদুল আজহায় সাধারণত তিন দিন ছুটি থাকত। অন্তর্বর্তী সরকার ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ছুটি বাড়িয়ে দেয়। সে অনুযায়ী এবারের ঈদুল আজহায় ছুটি হওয়ার কথা ছিল ছয় দিন। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাড়িয়ে ১০ দিন করা হয়েছে। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে আজ শনিবার ও ২৪ মে শনিবার সব সরকারি অফিস খোলা থাকছে।

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার (১৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার (দুপুর ১২টা পর্যন্ত) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মিশা সওদাগরকে মারধরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় মারধরের শিকার হচ্ছেন, আর সেটিকে মিশা সওদাগর বলে প্রচার করা হয়। এর কিছুসময় পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি। যা দেখে অনেক ভক্ত মনে করেন, মারধরের কারণেই মিশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে বাস্তবতা হলো, ভিডিওটি ভুয়া। ওই ঘটনার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। এটি একটি ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা মাত্র। অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটির পেছনের কারণ সম্পূর্ণ ভিন্ন। হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মিশা সওদাগর। সেখানেই ছবিটি তোলা হয়েছে।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি ভালো আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি- কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

সালমান খানের পার্টি-খুব সহজ নয়: রাধিকা রাও

ঘটনা ২০০৫ সাল। বলিউড সিনেমা ‘লাকি: নো টাইম ফর লাভ’ সিনেমাটি মুক্তি পায়। সেখানে দেখা যায় বলিভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে অভিনেত্রী স্নেহা উল্লালকেও। সেই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন অভিনেত্রী। সেই সিনেমায় ভাইজান অভিনয় করেছিলেন আদিত্যের চরিত্রে। এই রোমান্টিক সিনেমার শুটিং চলাকালীন এক মজার ঘটনা মনে করলেন সিনেমার পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু।

হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা রাও এবং বিনয় সাপরু জানান, শুটিংয়ের সময় সালমান একটি পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন সিনেমার সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও। পরিচালক তাদের আগেই সাবধান করেছিলেন-এটি সালমান খানের পার্টি-খুব সহজ নয়। সকালবেলা কাজে আসতে হলে-এই পার্টিতে যাওয়া যাবে না।

কিন্তু রাশিয়ার কর্মীরা মানতে নারাজ ছিলেন। তারা বলেন, আমরা রাশিয়ান। আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না। সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির হন পার্টিতে।

পরিচালক বলেন, শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদপান। তারা প্রমাণ করতে চাইছিলেন-রাশিয়ানদের মতো মদপান কেউ করতে পারে না। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে।

রাধিকা বলেন, কিছু লোক সিঁড়ি দিয়ে গড়িয়ে নামছিলেন, আবার কেউ ওখানেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন। পরের দিন যখন তারা সেটে এলেন, মাথা ধরে বেশিরভাগ শুয়ে রইলেন। রাশিয়ানরা অত্যন্ত পেশাদার। তাই শুটিং বন্ধ থাকবে এ রকম একটা কারণে, এটা মেনে নিতে পারেননি।

তিনি বলেন, অথচ সালমান একদম সময়মতো শুটিং সেটে হাজির। পুরোপুরি ফিট। আর একেবারে ফুরফুরে। রাশিয়ার কর্মীরা নিজেরাই স্বীকার করেন-তার শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সালমানকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিলেন সেদিন।

৫১ বছর পর বোলোগনার শিরোপা জয়

৩৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার পর  কাতার বিশ্বকাপে শিরোপা জিতে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল আর্জেন্টাইন সমর্থকরা।এবার আর্জেন্টিনার সেই অপেক্ষাকেও ছাড়িয়ে গেছে বোলোগনা। দীর্ঘ পাঁচ দশক ধরে শিরোপার দেখা না পাওয়া সাতবারের সিরি আ চ্যাম্পিয়নদের হাতে অবশেষে উঠলো শিরোপা।

বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দেখা পেল বোলোগনা।

এদিকে প্রথমার্ধে বেশিরভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণেও এগিয়ে ছিল বোলোগনা। গোলের জন্য বেশি শটও নেয় তারা, যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।

গোল হজম করার পরও এসি মিলান প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো ক্লাবটির দীর্ঘ এক অপেক্ষা।

এবারের সিরি আতে মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে হলে এই কাপ জেতা দরকার ছিল তাদের।

তবে এবার মনে হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলা হবে না তাদের। কিন্তু লিগের দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু হলেই কেবল আগামী মৌসুমে ইউরোপের মঞ্চে দেখা যেতে পারে তাদের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা। আগের আসরের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ।

চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৪ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি টাকা।

এদিকে, শীর্ষ দুইয়ে জায়গা না পেলেও তৃতীয় স্থানে থেকে বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে ভারত যা ১.৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৭ কোটি টাকা)। চতুর্থ স্থান পাওয়া নিউজিল্যান্ড পাবে ১.২ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৪ কোটি টাকা)।

পঞ্চম থেকে নবম পর্যন্ত অবস্থান করা দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি। ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার (প্রায় সাড়ে ১১ কোটি টাকা), শ্রীলঙ্কা ৮ লাখ ৪০ হাজার ডলার (প্রায় সাড়ে ১০ কোটি টাকা) এবং বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা।

অষ্টম হওয়া ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা) এবং তলানিতে থাকা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় পৌনে ৬ কোটি টাকা।