Home Blog Page 449

সংখ্যালঘু সুরক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এ কথা জানান।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে ট্যামি ব্রুসের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার বাড়তে থাকা হুমকি ও একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে সতর্ক করেছেন। তবে তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি- ইউনূস সরকারও এসব উদ্বেগকে তীব্রভাবে অস্বীকার করেছে, এগুলোকে মিথ্যা বলে অভিহিত করেছে। তবে গতকাল ঢাকায় একটি বড় খিলাফতপন্থী মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকারের চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা নেয়ার চিন্তা করছে?’

এর জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘যে কোনো দেশেই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা নির্যাতনের আমরা তীব্র নিন্দা জানাই।’

তবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান তিনি।

ব্রুস বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে, তাকে হোয়াইট হাউস স্বাগত জানায়। আমরা সেটাই নজরে রাখছি, এটাই আশা করি এবং এমনটাই অব্যাহত থাকবে।’

এর আগে গত ১৭ মার্চ তুলসি গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে এনডিটিভিকে তিনি বলেন, ইসলামি সন্ত্রাসবাদীরা নানা দেশে ‘ইসলামী খেলাফতে’র আদর্শে শাসনক্ষমতা হাতে নিতে চায়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ।

তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয় এই ধরনের মন্তব্য ‘বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছে।’

সূত্র : বিবিসি

মণিপুরে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত পরিস্থিতি

ভারতের মণিপুরে কুকি-জো অধ্যুষিত এলাকা চুরাচাঁদপুরে মঙ্গলবার হামার ও জোমি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের দুইদিন পরও সেখানকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

একজন কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সংঘাতের পর স্কুল ও দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় শান্তি পুনরুদ্ধারে গির্জার নেতারা ও নাগরিক সমাজের গোষ্ঠীগুলো কাজ করছে।

এদিকে, বুধবার রাতে আরো সহিংসতা রোধে নিরাপত্তা কর্মীরা পতাকা মিছিল করে।

মঙ্গলবার রাতের সংঘর্ষে লালরোপুই পাখুয়াংতে (৫১) নামে হামার সম্প্রদায়ের একজন নিহত হন। গুলিবিদ্ধ হওয়ার পর সিলমাট খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে, রোববার হামার ইনপুইয়ের সাধারণ সম্পাদক রিচার্ড হামারের ওপর জোমি সম্প্রদায়ের আক্রমণের পর থেকে দুই উপজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়। সহিংসতার জেরে পরদিন জেলায় কারফিউ জারি করা হয়।

ইতোমধ্যে, ত্রাণ শিবিরে থাকা কুকি সম্প্রদায়ের বেশ কয়েকজন বাস্তুচ্যুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। চুরাচাঁদপুর শহরটি মূলত জোমি সম্প্রদায়ের আবাসস্থল। তবে কিছু এলাকায় হামার ও কুকি সম্প্রদায়ও বসবাস করে।

বুধবার চুরাচাঁদপুর জেলায় একটি ছাত্র সংগঠন নতুন করে শাটডাউনের ঘোষণা দিয়েছে। এর কয়েক ঘন্টা পর বিধায়কদের একটি দল ও উপজাতি সংগঠনগুলো পৃথকভাবে শান্তির আবেদন জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে চুরাচাঁদপুর জেলায় অবস্থিত কমপক্ষে ১২টি কুকি-জোমি ও হামার সংগঠন সম্প্রদায়ের মধ্যে শান্তির আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভবিষ্যতে ভুল বোঝাবুঝি রোধ করার জন্য একটি যৌথ শান্তি কমিটি গঠনে সম্মত হয়েছে।

চুরাচাঁদপুর ও ফেরজাউল জেলার ছয়জন বিধায়ক শান্তি ও সম্প্রীতির জন্য একটি যৌথ আবেদন জারি করেছেন এবং আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইটাই ও কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার গৃহহীন হয়েছে।

সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

যুদ্ধেই জন্ম নিয়ে যুদ্ধেই শহীদ শিশুটি

তেরো মাস আগে যুদ্ধের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেন আফনান আল-গানাম। তখন তার পরিবার গাজা উপত্যকায় নিজেদের বাড়িতে বাস করতেন। চলতি বসন্তে তিনি দ্বিতীয়বার সন্তানসম্ভবা হয়েছেন। এই সময়ে তারা একটি দারিদ্র্যপীড়িত তাঁবুর নিচে বাস করতেন। পনেরো মাস যুদ্ধ শেষে একটি নাজুক যুদ্ধবিরতি তাদের মধ্যে কিছুটা প্রশান্তি এনেছিল।

কিন্তু মঙ্গলবার (১৮ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় তাদের তাঁবুটি মাটিতে মিশে যায়। সাত মাসের অন্তঃসত্ত্বা আফনান আল-গানাম ও তাদের প্রথম সন্তান মোহাম্মদ- দুজনেই নিহত হয়েছেন।

সেদিন সেহরির সময় আকস্মিকভাবে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান এসে গাজায় বোমা ফেলতে শুরু করে। এতে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। পণবন্দীদের ছেড়ে দিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে বাধ্য করতে গাজায় হামলা করা হচ্ছে বলে দাবি করেছে ইসরাইল।

‘তারা আমাদের লক্ষ্যবস্তু বানিয়েছে,’ বলেন আফনানের স্বামী আলা আবু হেলাল। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নাসের হাসপাতালে কাপড় দিয়ে ঢাকা ছোট্ট মোহাম্মদের লাশ নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

আবু হেলাল বলেন, ‘যুদ্ধের এক কঠিন সময়ে সে জন্ম নিয়েছে, যুদ্ধেই শহীদ হয়েছে।’

কথা বলার সময় চোখের পানি ধরে রাখতে কষ্ট হচ্ছিল এই ফিলিস্তিনি তরুণের। তিনি বলেন, ‘তাদের লক্ষ্যবস্তু নিষ্পাপরা। তারা খুব কমই জীবন দেখেছে।’

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় পারিবারিক বসতি দেখতে গিয়েছিলেন আবু হেলাল। ঠিক তখনই মাওসিতে তাদের তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। খান ইউনিসের বিস্তৃত এলাকাজুড়ে উদ্বাস্তু পরিবারগুলোর তাঁবু এই মাউসি এলাকায় অবস্থিত।

যুদ্ধের সময় রাফায় তাদের বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে কোনো কিছু লুট হয়েছে কিনা তা দেখতে যান তিনি। ২০ বছর বয়সী এই তরুণ বলছিলেন, ‘আমাকে একা রেখে তারা সবাই চলে গেছে। অনাগত শিশুটিও নিহত হয়েছে।’

গেল বছরের মে মাসে আবু হেলালের পরিবারকে রাফা ছাড়তে বাধ্য করে ইসরাইলি বাহিনী। তার কিছুদিন আগে জন্ম নেয় তার প্রথম সন্তান মোহাম্মদ। যুদ্ধে রাফাহ অঞ্চলের বেশিভাগ বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে।

‘পরিবার ও শিশুদের নিরাপদ রাখতে আমরা পালিয়ে গেলাম। কিন্তু তারপরও তারা নিহত হলো,’ বলেন ফিলিস্তিনি এই তরুণ।

এদিকে গাজা উপত্যকার নেতজারিম করিডোরের একটি অংশ ফের দখলে নেয়ার পর ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। গাজায় এমন তীব্র হামলা চালানো হবে যা আগে কেউ কখনো দেখেনি বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে সেনা মোতায়নের তথ্য নিশ্চিত করেছে ইসরাইল প্রশাসন। নেতজারিম করিডোর ইসরাইলি সীমান্ত থেকে উপকূল পর্যন্ত বিস্তৃত।

করিডোরটি দখলে নেয়ার পর বুধবার এ সংক্রান্ত এক বিবৃতিতে আইডিএফ জানায়, জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হলে এই অঞ্চলটি থেকে সেনাপ্রত্যাহার করা হয়েছিল। কিন্তু ফের সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে প্রায় ৪ মাইল দীর্ঘ এই করিডোরটিকে একটি সামরিক অঞ্চল হিসেবে ব্যবহার করেছে ইসরাইল।

যুদ্ধকালীর উত্তর গাজার অনেকেই পালিয়ে দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছিলেন। পনেরো মাসের সংঘাত শেষে করিডোর থেকে আইডিএফ সেনারা সরে গেলে অনেকেই উত্তর গাজায় ফিরে যান।

নেতজারিম করিডোর দখলের পর অঞ্চলটি থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার কথা জানিয়েছে ইসরায়েল কাৎজ। তিনি জানান, মঙ্গলবারের বিমান হামলা তো কেবল শুরু।

কাৎজ বলেন, ‘হামাস যদি পণবন্দীদের মুক্তি না দেয়, তাহলে এমন ভয়াবহ হামলা চালানো হবে, যা আগে কেউ কখনো দেখেনি।’

সূত্র : ইউএনবি

ব্যাংককে ইউনূস-মোদির সম্ভাব্য বৈঠক, যা জানা গেলো

বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজনের জন্য ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ করেছে।

এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে উভয় নেতা যোগ দিতে পারেন এবং এই সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হতে পারে বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন।

এদিকে, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস। এর আগে, ২৭ মার্চ তিনি চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন এবং পরে পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীন ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সাথে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই চীনের সাথে সম্পর্ক জোরদার করতে চায়।

সংবাদমাধ্যমটির মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সীমান্তে বেড়া নির্মাণ এবং মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যের ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিরূপ প্রভাব পড়েছে। তবে চীন সফর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : এএনআই

গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাকারা আল জাজিরাকে বলেছেন, ইসরাইলি সরকার দু’টি প্রধান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

জাকারার মতে, প্রথম লক্ষ্য ছিল বন্দীদের মুক্তি, যা মূলত আলোচনার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তবে দ্বিতীয় লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা। আর নেতানিয়াহুর কাছে সর্বদা এটিই অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি আরো বলেন, যুদ্ধবিরতি চুক্তির কারণে পদত্যাগের পর জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে ইতামার বেন-গভিরকে পুনর্নিয়োগ করা হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আর কোনো আলোচনা বা যুদ্ধবিরতি হবে না।

জাকারা উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া নেতানিয়াহুর জোটের অনেক সদস্যের জন্য একটি পরাজয় হিসেবে দেখা হয়েছে।

তিনি বলেন, ‘বন্দীদের’ ইতোমধ্যেই বলি দেয়া হয়েছে। তারা যা চায় তা হলো যুদ্ধ।’

সূত্র : আল জাজিরা

ইসরাইলের কাছে মানবতার কোনো মূল্য নেই : প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বুধবার (১৯ মার্চ) বলেছেন, ইসরাইলি সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিককে ‘ঠাণ্ডা মাথায়’ হত্যা করা এটাই প্রমাণ করে যে তাদের কাছে মানবতা বলতে কিছুই নেই।

তিনি জোর দিয়ে বলেন, তারা যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রমাণ করে।

মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলা জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে।

সূত্র : দ্য হিন্দু

পাপনের বিরুদ্ধে বিসিবি’র অর্থ আত্মসাতের অভিযোগ

দুঃসময় পিছু ছাড়ছে না নাজমুল হাসান পাপনের। মন্ত্রীত্ব হারিয়েছেন, হারিয়েছেন বিসিবি সভাপতির পদও। রাজনৈতিক অস্থিরতায় ছাড়তে হয়েছে দেশও। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বোর্ডের অর্থ আত্মসাৎ।

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ মার্চ) তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। যেখানে রয়েছে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগ।

২০১২ সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। গত নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীত্বও পান তিনি। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন বলে গত ২১ আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি।

গত রোববার দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ-৬ আসনের এই সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি ও তার স্ত্রী রোকসানা হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন আদালত।

দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন পাপন।

তারই প্রেক্ষাপটে এবার শুরু হয়েছে তদন্ত। ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা খুঁজছে তদন্তকারী কর্মকর্তারা।

ফাহমিদুলকে ছাড়াই ভারতে যাবে বাংলাদেশ

শেষ পর্যন্ত ফাহমিদুলকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। তীব্র আন্দোলনের মুখেও বদলায়নি সিদ্ধান্ত, অপরিবর্তিত দল নিয়েই ভারত যাত্রার কথা জানিয়ে দিয়েছেন বাফুফে বস।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয় বাংলাদেশী বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলামকে। সৌদি আরবের সেই ক্যাম্পে ভালো পারফরম্যান্স দেখালেও কোচের মন জয় করতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত ভারত ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা হয়নি তার। ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল। তবে তা মেনে নিতে পারেননি সমর্থকদের একাংশ। তাদের দাবি, সিন্ডিকেটের কারণে দল থেকে বাদ পড়েছেন ফাহমিদুল।

ইতালির চতুর্থ বিভাগের লিগে খেলা ১৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে ফেরানোর দাবিতে রীতিমতো আন্দোলনে নেমেছে তারা। বিষয়টা পৌঁছে যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার কাছেও।

এ ইস্যুর সুরাহা করতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে আলোচনায় বসার কথা জানানো হয় তার সামাজিক যোগাযোগমাধ্যমে। সেমতে আজ বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টার বৈঠকে বসেছিলেন তাবিথ আউয়াল।

সেই বৈঠকের পর ফাহমিদুল ইস্যুতে ফুটবল ফেডারেশনের নেয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন তাবিথ। জানান অনড় অবস্থায় আছেন তারা। ভারত ম্যাচের জন্য অন্তত ফাহমিদুলকে ভাবছে না বাফুফে।

এরই মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরা অকপটেই জানিয়ে দিলেন, এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই। ক্যাবরেরা বলেন, ‘আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সাথে এক সপ্তাহ ছিল।’

‘তবে আমার মনে হয়েছে তার আরো সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত,’ যোগ করেন ক্যাবরেরা।

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশ দলের। কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।

ইসরাইলের হামলায় গাজার ‘প্রধানমন্ত্রী’ নিহত

ইসরাইলের বোমা হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’আলিসসহ আরো বেশ কয়েকজন হামাস শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

এর আগে, হামাস প্রধানমন্ত্রীর সমতুল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দা’আলিসের মৃত্যুর খবর জানায়। এছাড়াও হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, গাজায় হামাসের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে বিস্তৃত বোমা হামলা চালায় এবং হামাসের ওই চার সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে হত্যা করে।

আইডিএফ বলেছে, এই হামলার লক্ষ্য হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরাইল রাষ্ট্র ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা।

২০২৪ সালের জুলাইয়ে ইসরাইলের হাতে নিহত হওয়ার পর রৌহি মুশতাহার স্থলাভিষিক্ত হন হামাসের প্রধানমন্ত্রী দা’আলিস।

সেনাবাহিনী বলেছে, দা’আলিস ‘গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা’ নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারো বিস্তৃত হামলা চালিয়েছে ইসরাইল। পবিত্র রমজান মাস হওয়ায় অনেকেই সে সময় সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। এতে কমপক্ষে ৪০৪ জন নিহত এবং ৫৬২ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র : টাইমস অফ ইসরাইল

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন রাখা হয়।

সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন বিএনপির এই নেতা।

এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেই সব মামলা থেকে খালাস ও জামিনের পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।