Home Blog Page 450

‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল করা হয়েছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’র পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

সূত্র : বাসস

বাংলাদেশীদেরকে ভিসা দিচ্ছে না ভারত, সুযোগ নিচ্ছে চীন

ভারত বাংলাদেশকে স্বাভাবিক হারে মেডিক্যাল ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি চীনের জন্য বিরল এক সুযোগ তৈরি করেছে। তারা বাংলাদেশে চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করার সুযোগ পাচ্ছে।

২০২৩ সালে বাংলাদেশীদের জন্য ভারতের দেয়া ভিসার বেশিরভাগই ছিল মেডিক্যাল ভিসা। কারণ তারা সাশ্রয়ী মূল্যের চিকিৎসা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের সুবিধা নিতে চেয়েছিল। কিন্তু সম্প্রতি ভারত এই ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, যা বাংলাদেশীদের চীন ও থাইল্যান্ডের মতো অন্যান্য দেশে যাওয়ার পথ খুলে দিয়েছে।

আগস্ট থেকে ভারত প্রতিদিন হাজারেরও কম মেডিক্যাল ভিসা দিচ্ছে, যা আগে ৫ হাজার থেকে ৭ হাজারের মতো ছিল। এই সীমাবদ্ধতার পেছনে ভারতের পক্ষ থেকে কর্মী সঙ্কট এবং নিরাপত্তা উদ্বেগের যুক্তি দেখানো হয়েছে। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্র বলছে, ভারতের সাথে সম্পর্কের শীতলতা এবং রাজনৈতিক অস্থিরতাই এর মূল কারণ।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের শীতলতা লক্ষ্য করা গেছে। শেখ হাসিনার সরকার ভারত-বান্ধব হলেও নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। শেখ হাসিনা ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার পর তিনি নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছিলেন এবং বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরানোর অনুরোধ করলেও ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

২০২৩ সালে ভারত ২০ লাখেরও বেশি বাংলাদেশীকে ভিসা দিলেও মেডিক্যাল ভিসার সংখ্যা কমানো চীনের জন্য এক নতুন সুযোগ সৃষ্টি করেছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশীদের জন্য চিকিৎসা পর্যটনের নতুন বাজার খুলতে চীন আগ্রহী। ইতোমধ্যেই একদল বাংলাদেশী চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশ সফর করেছেন, যেখানে চীন বাংলাদেশীদের চিকিৎসার সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে। চীনের কমপক্ষে ১৪টি কোম্পানি বাংলাদেশে ২৩০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। বাংলাদেশের কার্যত প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার জন্য শিগগিরই বেইজিং সফর করবেন।

ভারত যদিও চীনের সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, তবে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। চীন ইতোমধ্যেই ঢাকায় একটি নতুন হাসপাতাল খোলার কথা বিবেচনা করছে এবং বাংলাদেশী রোগীদের চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং বাইরের কোনো প্রভাব এতে বাধা সৃষ্টি করবে না।

ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত বলছে, ঢাকায় তাদের দূতাবাসে কর্মী সঙ্কট এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ভিসা সংখ্যা কমানো হয়েছে।

ভারতীয় সূত্র বলছে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরলে তারা পুনরায় ভিসার সংখ্যা বাড়াবে। তবে তারা দাবি করেছে, কিছু লোক মেডিক্যাল ভিসার সুযোগ নিয়ে অন্য কারণে ভারতে যাওয়ার চেষ্টা করছিল, যা এই সীমাবদ্ধতার অন্যতম কারণ।

এদিকে, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরো গভীর হচ্ছে। চীনের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশের বিরোধী দলের এক প্রতিনিধিদল বেইজিং সফর করেছে, যা দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়।

এই সপ্তাহে ড. মুহাম্মদ ইউনূসের সাথে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দেখা করেন এবং আলোচনার সময় শীর্ষ সৌরশক্তি সরবরাহকারী লংগি গ্রিন এনার্জি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশ চীনের জন্য তার বাজার আরো উন্মুক্ত করতে প্রস্তুত।

ওয়েন ‘পারস্পরিক উদ্বেগের বিষয়’ নিয়ে বিএনপির একজন শীর্ষ নেতার সাথেও আলোচনা করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে, আগামী মাসে থাইল্যান্ডে একটি সম্মেলনের ফাঁকে ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দু’টি ভারতীয় সূত্র নিশ্চিত করেছে।

একজন ভারতীয় বিশ্লেষকের মতে, চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব বলেন, ‘দক্ষিণ এশিয়া একটি বড় কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে চীন অন্যতম বৃহৎ খেলোয়াড় হয়ে উঠছে।’

তিনি আরো যোগ করেন, ‘দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের ক্ষেত্রে ভারতের ঐতিহ্যবাহী প্রাধান্য এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে।’

সূত্র : রয়টার্স

পুলিশকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা গত সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ওই সভায় কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে, তা নিয়ে আজ প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণসহ তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন, তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনা হলো, ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়ার বিষয়টি বিবেচনা করা। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেয়া।

পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে, সেগুলোতে অর্থ ছাড় করা।

এছাড়া ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা। পুলিশের এসআই ও এএসআই র‌্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

সভায় প্রধান উপদেষ্টা জানান, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফর্ম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

সূত্র : বাসস

গাজায় ইসরাইলের হামলায় ৮৯ নারী ও ১৭৪ শিশু নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। মঙ্গলবার ভোরে ইসরাইলি যুদ্ধবিমান গাজায় হামলা চালিয়ে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৮৯ জন নারী ও ১৭৪ জন শিশু রয়েছে।

বুধবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা এক বিবৃতিতে বলেন, ‘নিহতদের মধ্যে ৮৯ জন নারী, ১৭৪ জন শিশু এবং ৩২ জন বয়স্ক ব্যক্তি রয়েছেন।’

তিনি বলেন, মঙ্গলবার ইসরাইলি হামলায় নিহতদের বেশিভাগই নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

তিনি আরো বলেন, ‘এই পরিসংখ্যানগুলো গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাতে ইসরাইলি দখলদারদের পূর্বপরিকল্পিত অভিপ্রায়কে নিশ্চিত করে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

সংস্কার প্রস্তাবগুলোতে গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দিন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে। আমি অনুরোধ করব এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেয়ার। যাতে সবাইকে নিয়ে সামনের পথ এগোতে পারি।

বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতারের আয়োজন করে বিএনপি।

শুরুতে দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, আজকে আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। গণতান্ত্রিক বাংলাদেশই গণতান্ত্রিক বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা।

ঐক্যে জোর দিয়ে ফখরুল বলেন, এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করা।

বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলেত ৩১ দফা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের কথা পরিষ্কারভাবে বলছি কারণ জনগণের নির্বাচিত সরকার গঠন করা যায়। নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে।

বিএনপির ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ড. আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

সেই মন্টু দাসের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

বরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার ও মামলার বাদী (শিক্ষার্থীর বাবা) খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন সকল খরচের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আজ সোমবার সকাল ১০টায় শহরের টাউন হল মাঠে আয়োজিত এক পথ-সভায় এ ঘোষণা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আমাদের একটি বন্ধু সংগঠনের নেতা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরাও তাদের সঙ্গে থেকে এ পরিবারটির আইনিসহ সকল প্রকার সহযোগিতা করতে চাই। এ সময় মামলাটি দ্রুত বিচার আইনে নিয়ে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শেষ করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম মনিসহ দলের নেতাকর্মীরা নিহত মন্টু দাসের বাড়িতে যান। সেখানে তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপির এই সাবেক সাংসদ। তার আগে রোববার সন্ধ্যায় নিহতের স্ত্রীর সঙ্গে সরাসরি মোবাইল ফোনে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান।

প্রসঙ্গত, গত ১২ মার্চ বরগুনায় মেয়ে ধর্ষণ মামলার তারিখের আগের রাতে বাবা (মামলার বাদী) মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণ মামলার আসামির আত্মীয়রা হত্যা করেছে মন্টু দাসকে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

কী দেখে ৬০ বছর বয়সি আমিরের প্রেমে পড়েছেন, জানালেন গৌরী

গত ১৪ মার্চ নিজের ৬০ তম জন্মদিনের বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে। যার সঙ্গে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে আমির খানের বিয়ের গুঞ্জন। তবে আমিরের নতুন প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট।

বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবি দেখেছেন তিনি। তবুও কীভাবে অভিনেতার প্রেমে পড়লেন?

জানা গেছে, এই জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ বছর আগে। তারপরে আর যোগাযোগ ছিল না। তবে দুই বছর আগে আবারও দেখা হয় দু’জনের।

আমির বলেছেন, ‘এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা। একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি।’

এটা শুনেই পাশ থেকে সঙ্গে সঙ্গে আমির খোঁচা দিয়ে বলেন, ‘এই গুণগুলো চাইতে। আর শেষে আমাকে খুঁজে পেলে তুমি?’ দুজনেই এরপর হেসে ওঠেন।

মুম্বাইয়ে আমির তার বাড়িতে গৌরীকে তার দুই তারকা বন্ধু শাহরুখ খান ও সালামান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

সাংবাদিকদের আমির বলেন, ‘এখন আর লুকোচুরির কিছু নেই। কাল যদি গৌরীর সঙ্গে কোথায় কফি খেতে যাই, আপনারাও আমাদের সঙ্গে আসতে পারেন। ’

গৌরীর সঙ্গে বিয়ে নিয়ে আমির খান বলেন, ‘আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভা পায় কী না। তবে গৌরীকে নিয়ে আমার বাচ্চারা খুশি। এবং আমি ভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদের সঙ্গে গৌরীর ভালো সম্পর্ক দাঁড়িয়েছে। ’

আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। সূত্র: এনডিটিভি।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন আলোচনা মঙ্গলবার

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রক্রিয়া এগিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) তাদের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যেতে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘দেখি আমরা মঙ্গলবারের মধ্যেই কোনো ঘোষণা দিতে পারি কিনা। এদিন আমি প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলব।’

শিগগিরই সংঘাত বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধে এই সপ্তাহে বেশ অগ্রগতি হয়েছে। অনেক কাজ করা হয়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে দু’নেতার কথোপকথন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন পররাষ্ট্রনীতি নিজের মতো ঢেলে সাজাচ্ছেন ট্রাম্প। পুতিনের সাথে আলোচনা রিপাবলিকান প্রেসিডেন্টের সেই পদক্ষেপকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

যদিও ট্রাম্প-পুতিনের সম্প্রীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের উদ্বেগের শেষ নেই। শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন দিয়ে আসছিলেন তারা।

বছরতিনেক আগে অভিযানের শুরুতে ইউক্রেনকে পরাস্ত করতে রাশিয়ার প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হলেও প্রতিবেশী দেশটির বিশাল অংশের নিয়ন্ত্রণ নিতে পেরেছে মস্কো। যুদ্ধ বন্ধের আলোচনায় এসব ভূমি ও বিদ্যুৎকেন্দ্রও থাকবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এই সম্পদগুলো ভাগাভাগি হতে পারে।’

ইউরোপের এই যুদ্ধ বন্ধ নিয়ে বেশ ঘটনাবহুল কয়েকটি দিন পার হয়েছে। শপথ নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। কিন্তু ৫৭তম দিনে এসে তিনি কেবল আশার কথা শোনাচ্ছেন।

নির্বাচনী প্রচারের সময় বেশ কয়েকবার তাকে এই ঘোষণা দিতে শোনা গেলেও রসিকতা করেই এমনটা বলেছিলেন বলে এখন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার (১৪ মার্চ) এক টেলিভিশন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি রসিকতা করে এটা বলেছিলেন।

মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকে ওয়াশিংটনের দেয়া এক মাসের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয় ইউক্রেন। একই প্রস্তাব রাশিয়াকেও দেয়া হবে বলে বৈঠক শেষে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, জেদ্দার বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

তিনি বলেন, ‘পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় এসব জরুরি বলে মন্তব্য করেছেন পুতিন।’

ইসলাম গ্রহণ করে আমি যে শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না

জার্মান নওমুসলিম আবদুল মালেক সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যে শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) আল আরাবিয়্যা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আবদুল মালেক বলেন, ‘তিন সপ্তাহ আগে আমি বিয়ে করেছি। নিয়ত করেছিলাম, বৈবাহিক জীবনের শুরুটা হারামাইন শরিফাইন তথা মক্কা-মদিনায় কাটাবো। যাতে এর বরকত বাকি জীবন পেতে থাকি।’

যেভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন

কীভাবে মুসলমান হলেন সেই গল্প বলতে গিয়ে নওমুসলিম আবদুল মালেক বলেন, ‘আমার মা-বাবা জার্মান এবং অমুসলিম। আমাদের বাড়ির পাশেই মসজিদের একজন ইমাম থাকতেন। যখনই তার সাথে আমার দেখা হতো তিনি আমাকে ইসলামিক বিভিন্ন বই উপহার দিতেন এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতেন। একদিন আমার মনে হলো ওই ইমামের কাছ থেকে ইসলাম সম্পর্কে বিস্তারিত শুনবো।’

তিনি আরো বলেন, ‘এর পরে মসজিদের ইমাম ইসলাম সম্পর্কে যেসব কথা বললেন, সেগুলো শুনে আমার মন পরিবর্তন হয়ে গেল। এমন মনে হলো, আমি এতদিন যে পথের সন্ধান করছিলাম সেটা ইসলামই। এরপরে আমি মুসলমান হয়ে যাই।’

আবদুল মালেক বলেন, ‘এখন আমি দুআ করছি আমার মা-বাবাও যেন মুসলমান হতে পারেন। আমার খালাও ইতোমধ্যে মুসলমান হয়ে গেছেন।’

অভিষেকেই ভারতকে হারাতে চান হামজা

দেশের ফুটবলে আজ এক অবিস্মরণীয় দিন। লাল সবুজের জার্সি গায়ে চাপাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে তার।

ইংলিশ ঘরোয়া ফুটবলের অন্যতম তারকা হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার এই মুহূর্তে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এছাড়া ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলেও খেলেছেন হামজা।

তবে হামজার মা-বাবার জন্ম নিবাস বাংলাদেশের সিলেটে। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামেই তাদের বেড়ে উঠা। সেই সুবাদে হামজা পা রেখেছেন বাংলাদেশে, আপন করে নিয়েছেন লাল-সবুজ জার্সিকে।

যদিও এর জন্য পাড়ি দিতে হয়েছে লম্বা পথ। সহসাই হয়ে যায়নি সব। অনেক অনিশ্চিয়তা আর শঙ্কা কাটিয়েই বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে হামজা এখন মাতৃভূমিতে।

আজ সোমবার বেলা ১২টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতারণ করেন তিনি।

শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হবে হামজার। এই ম্যাচ নিয়ে বড় স্বপ্নই দেখছেন হামজা।

বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের সাথে আলাপকালে হামজা জানান, ‘চমৎকার, এখানে আসতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। আমি জিততে চাই। আমার বড় স্বপ্ন আছে। ইনশাআল্লাহ, আমরা জিতে পরবর্তী পর্বে যেতে পারব।’

উল্লেখ্য, বিমানবন্দরে হামজাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাফুফের এক্সকিউটিভ কমিটির একটা দল। বিমানবন্দর থেকে নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সেখানে তাকে ঘিরে চলছে নানা আয়োজন। তবে সবকিছু নির্বিঘ্ন রাখতে ও নিরাপত্তার জন্য হামজার সাথে সার্বক্ষণিক একটা বিশেষ টিম থাকবে বাফুফের পক্ষ থেকে।