Home Blog Page 452

অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন। না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‌‘আমরা মনস্টার (দানব) ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি। তারা (আওয়ামী) এমন কোনো খারাপ কাজ নাই যা করেনি। দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনার দেখেছেন ৫ আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালাবার সময়টুকুও দেয়নি। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার। খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।’

এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, পারলে দেশে এসে মামলা লড়েন।

আজ থেকে শুরু হল পুলিশ সপ্তাহ

‘পুলিশ সপ্তাহ’ শুরু হচ্ছে আজ। চারদিনের এ আয়োজন চলবে ২ মে পর্যন্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন এবং পদক প্রদান করবেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

তারা জানান, পুলিশ সপ্তাহ ঘিরে বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের তৎপরতা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশনে নিজ নিজ ইউনিটের চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হবে। এছাড়াও জনমনে আস্থা ফেরাতে জনবান্ধব পুলিশ হতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা বৃদ্ধিসহ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ।

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বুধবার সকালে পুলিশ অডিটোরিয়ামে এসবি, সকাল সোয়া ৯টায় সিআইডি, সকাল ১০টায় র‌্যাবের প্রেজেন্টেশন, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বৈঠক, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে।

পরদিন ১ মে আইজির ব্যাজ প্রদান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন এবং বিভিন্ন শ্রেণির নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা, অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ অফিসারদের সঙ্গে বর্তমান পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠান এবং নৈশভোজ অনুষ্ঠিত হবে।

এরপর ২ মে বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দ মেলা এবং পুলিশ নারী কল্যাণ সমিতির স্টলের পুরস্কার বিতরণী ও সমাপনী হবে।

লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের রাখাইন থেকে আসা নতুন ১ লাখ ১৩ হাজারের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনন্স রিফিউজি এজেন্সি (ইউএনএইচসিআর)। সোমবার এই অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলুকে এ তথ্য জানিয়ে বলেছেন, “গত সপ্তাহে আমাদের চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। সেখানে মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসা নতুন প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।”

মিজানুর রহমান জানান, নতুন এই রোহিঙ্গাদের অনেকে বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে তাঁবু গেড়ে বসবাস করছেন। অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল এবং মসজিদে।

বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, নতুন এই ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা ২৯ হাজার ৬০৭টি পরিবারের সদস্য। এই পরিবারগুলোর মধ্যে শুধ গত সপ্তাহেই এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার। এদের প্রায় সবাই রাখাইন রাজ্যের বাসিন্দা এবং নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে এসেছেন।

“ইউএনএইচিসিআর নতুন আগত রোহিঙ্গাদের সবাইকে শিবিরে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে, তবে আমরা এখনও কোনো উত্তর দিইনি। কারণ আমাদের আশঙ্কা, এভাবে ক্রমাগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে ফের পুনর্বাসনের জন্য তাদের মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে,” আনাদোলুকে বলেন মিজানুর রহমান।

সংকটের আড়ালে আছে সম্ভাবনা

ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের সাবেক পরিচালক ও অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেছেন, উন্নয়নশীল দেশে উত্তরণ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলছে। আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন সংকটের আবির্ভাব হয়েছে। সেই সংকটের নাম ডোনাল্ড ট্রাম্প।
রোববার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউপি) মিলনায়তনে বাংলাদেশের উন্নয়ন যাত্রা : অর্জন, চ্যালেঞ্জ এবং সুযোগ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন ড. সেলিম জাহান। ডিস্টিংগুইশড লেকচার সিরিজের আওতায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ (ডিবিএ) ও ক্লাব অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং (সিএফএ) এ আলোচনার আয়োজন করে।
এ সময় ড. সেলিম জাহান বলেন, শুল্কযুদ্ধ যেটা শুরু হয়েছে সেটা ইউক্রেন যুদ্ধের চেয়ে কম অংশে ঘাতকের ভূমিকা পালন করবে না। যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ শুরু করলে বিকল্প কী আছে। আমরা কী তা আঞ্চলিকভাবে কাটিয়ে উঠতে পারব? এই চিন্তাগুলো করা এখনই দরকার।
ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল নেতিবাচক হিসেবে দেখলে আমাদের ভুল হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সুযোগ কতখানি আছে সেটাও দেখতে হবে। নিজের মতো করে শুল্ক যুদ্ধে আলাদা অবস্থান করতে চাইলে সেটাও ভুল হবে। এখানে যূথবদ্ধভাবে বা যৌথভাবে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আমেরিকায় রফতানি বাড়াব। তাদের কাছ থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি পূরণ করব। তাতে যুক্তরাষ্ট্র খুশি হবে, আমাদের ওপর শুল্ক কমাবে; এটা হবে না। আরও আমদানি করে বাণিজ্য ঘাটতি মেটাব। যুক্তরাষ্ট্রকে খুশি করব, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এগুলো চলবে না। কারণ সে খুব যুক্তির মানুষ নয়। এসব যুক্তি চলে যৌক্তিক মানুষের সঙ্গে।
সেলিম জাহান বলেন, আমাদের বিকল্প চিন্তা করতে হবে। অন্যান্য রাষ্ট্র যারা আছে তাদের পণ্যের ওপরে আমাদের যে শুল্ক আরোপ আছে তা যদি কমিয়ে আনতে পারি, সেসব রাষ্ট্রের সঙ্গে নতুন রকমের বাণিজ্য গড়ে তুলতে পারব। আঞ্চলিকভাবে বা আঞ্চলিক বলয়ে যেসব দেশ আছে তাদের সঙ্গে শুল্ক নিয়ে আলাপ আলোচনা করি। এ বাজারে প্রবেশ করতে পারলে ভালো হবে বলে মত দেন এ অর্থনীতিবিদ।
তিনি বলেন, উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের দাম বাড়বে, চাহিদা কমে যাবে। সেখানে নতুন সুযোগ আমাদের খুঁজে বের করতে হবে। দীর্ঘমেয়াদে পণ্যের বৈচিত্র্য করতে হবে।
আলোচনায় সেলিম জাহান বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণ হলে কিছু সুযোগ আমরা হারাব। বিনাশুল্কে বা কম শুল্কে পণ্য পাঠাতে পারব না। বৈশ্বিক ঋণের জন্য প্রতিযোগিতা করতে হবে। পণ্য রফতানিতে প্রতিযোগিতার সম্মুখীন হব। এগুলোর জন্য বাংলাদেশের অর্থনীতি কী প্রস্তুত? এ নিয়ে আমাদের চিন্তা-ভাবনা আছে কী না।
অন্যদিকে আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও আপত্তি জানিয়েছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সমাজজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। কথা ও আলোচনার পরিবর্তে সব সংকট সব সমস্যার সমাধান করতে চাচ্ছি সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে। বাংলাদেশে সন্ত্রাস সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সহিংসতা আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। সহিংসতা যখন একটা সমাজে ভাষা হয়, সেখানে মানব উন্নয়ন হয় না।
দেশে ভৌত অবকাঠামোর অগ্রগতি হলেও কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। বৈষম্যের কারণে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় কোষাগারকে নিজস্ব কোষাগারের মতো ব্যবহার করেছে বলেও অভিমত এই অর্থনীতিবিদের। বাংলাদেশের অর্থনীতি একটি ক্রান্তিকাল পার করছে জানিয়ে তিনি বলেন, অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির হার নিয়ে অনেক মাতামাতি করছেন। প্রবৃদ্ধি ৬.৪ শতাংশ না ৫.৯ শতাংশ। এই ফারাকে কিছু যায়-আসে না। অর্থনীতির অবস্থা যেটা আছে তা মানুষের জীবনে কতখানি উপকার দিচ্ছে। মূল্যস্ফীতির ফলে মানুষের কষ্ট হচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছিল, তা আবারও বেড়েছে।
ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের সাবেক এই পরিচালক বলেন, অর্থনীতিতে বড় স্লথগতি এসেছে। বলা হচ্ছে আমাদের প্রবৃদ্ধি কমে যাবে। অর্থনীতি স্লথ থাকলে আমাদের যা অর্জন তা নষ্ট হবে। আইনশৃঙ্খলার অনুপস্থিতি ও আমরা একে অন্যের সঙ্গে যে ব্যবহার করছি- তা সমাজে একধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। আজকের বাংলাদেশের সমাজজীবনে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ- এই ব্যাপারগুলো বিস্মৃত প্রায়।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের তাৎক্ষণিক কিছু সংস্কার দরকার। কিছু স্বল্পমেয়াদি ও কিছু দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন আছে। অবস্থাভেদে আপনাকে নির্ভর করতে হবে কোন সংস্কার তাৎক্ষণিক করতে হবে। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখন তাৎক্ষণিক সংস্কার করতে হবে, যাতে মানুষ স্বস্তি পায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তারা তাদের বক্তব্যে জাতীয় উন্নয়নকে এগিয়ে নিতে একাডেমিক সংলাপের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ বাকি খালিলি, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সারওয়ার আর. চৌধুরী, বিভিন্ন অনুষদের সদস্য ও শিক্ষার্থীরা।

ড্রামের ৫৯ শতাংশ তেলে নেই ভিটামিন ‘এ’

জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপের তথ্য অনুযায়ী দেশে প্রাক্‌-বিদ্যালয়গামী প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন ভিটামিন ‘এ’ এবং দুইজন শিশু ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছে। এ জন্য সরকার ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ ও ভিটামিন ‘ডি’ সমৃদ্ধকরণের বাধ্যবাধকতা দিয়েছে।একইসঙ্গে সরকার এ লক্ষে আইনও করেছে।
২০১৩ আইন অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ব্যতীত ভোজ্যতেল বাজারজাত করা নিষিদ্ধ। অথচ সরকারের এই বিধান মানছে না ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। ফলে ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ ভোজ্যতেল থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। এতে নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত “সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল: অগ্রগতি, বাধা ও করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বিশেষজ্ঞরা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, দেশে রোগমুক্ত সুস্থ প্রজন্ম গড়ে তুলতে ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে ড্রামে খোলা ভোজ্যতেল বাজারজাতকরণ একটি বড় বাধা। একইসঙ্গে ভোজ্যতেলে ভিটামিন ‘ডি’ সমৃদ্ধকরণ ও গুণগত প্যাকেজিং অত্যন্ত জরুরি।
কর্মশালায় উল্লেখ করা হয়, আইসিডিডিআর’বি-এর এক গবেষণায় দেখা গেছে, বাজারে মোট ভোজ্যতেলের ৬৫ শতাংশই ড্রামে বিক্রি হয়। এর মধ্যে ৫৯ শতাংশ তেলে কোনো ভিটামিন ‘এ’ নেই, আর ৩৪ শতাংশ তেলে রয়েছে প্রয়োজনের চেয়ে কম মাত্রায়। মাত্র ৭ শতাংশ ড্রামের খোলা তেলে আইন অনুসারে ভিটামিন ‘এ’-এর নির্ধারিত পরিমাণ পাওয়া গেছে। ফলে সাধারণ মানুষ আইনটির সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
কর্মশালায় আরও জানানো হয়, নন-ফুড গ্রেড উপকরণে তৈরি ড্রাম দিয়ে ভোজ্যতেল পরিবহন করা হয়- যেগুলো আগে কেমিক্যাল, লুব্রিকেন্ট বা মবিল বা অন্যান্য শিল্পপণ্য সংরক্ষণে ব্যবহৃত হয়েছে। এ ধরনের ড্রামে সংরক্ষিত খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, পাশাপাশি এতে ভেজাল মেশানোর আশঙ্কাও থাকে। এই পুরোনো ড্রামগুলোতে কোনো লেবেল বা উৎস সম্পর্কিত তথ্য না থাকায় তেলের উৎপত্তিস্থল বা সরবরাহকারীকে শনাক্ত করা যায় না। তাই খোলা ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ আইন বাস্তবায়নে বড় অন্তরায় হয়ে দাড়িয়েছে।
কর্মশালায় জানানো হয়, জুলাই ২০২২ এর পর থেকে ড্রামে খোলা সয়াবিন তেল এবং ডিসেম্বর ২০২২ এর পর থেকে খোলা পাম তেল বাজারজাতকরণ বন্ধে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তবে এর প্রতিফলন দেখা যায়নি। তাই নিরাপদ ভোজ্যতেল ভোক্তার হাতে পৌঁছাতে শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
ভিটামিন ‘এ’-এর ঘাটতি অন্ধত্ব, গর্ভকালীন মাতৃমৃত্যুসহ নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে, ভিটামিন ‘ডি’-এর অভাব রিকেটস ও হাড় ক্ষয়ের পাশাপাশি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। এ প্রেক্ষাপটে, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধকরণ একটি সাশ্রয়ী ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এতে সাধারণ মানুষ প্রতিদিনের খাবারের মাধ্যমে সহজেই এই দুটি গুরুত্বপূর্ণ ভিটামিন পেতে পারে।
এছাড়াও কর্মশালায় ভোজ্যতেলে গুণগতমানের প্যাকেজিং নিশ্চিতের উপরও জোর দেওয়া হয়। সাধারণত সূর্যরশ্মিসহ যেকোনো আলোর সংস্পর্শে ভিটামিন ‘এ’ নষ্ট হতে থাকে এবং একপর্যায়ে অদৃশ্য হয়ে যায়। ভোজ্যতেল বাজারজাত হয় যেসব বোতলে সেগুলোর অধিকাংশই আলো প্রতিরোধী না হওয়ায় ভোজ্যতেলের গুণগত ও পুষ্টিমান হ্রাস পায়। সে কারণে ভোজ্যতেলের প্যাকেজিংয়ের জন্য আলো প্রতিরোধী অস্বচ্ছ উপাদান ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন; ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কনসালটেন্ট সাবেক অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার; ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম; দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
কর্মশালায় গণমাধ্যমকর্মীদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন কান্ট্রি এডভোকেসি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ডা. রীনা রাণী পাল এবং প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।

দিনের প্রথম বলেই অলআউট জিম্বাবুয়ে

প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে সোমবার তাদের এলোমেলো করে দিয়েছিলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরায় তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

এর আগে ইনিংসের শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার বেনেট ও বেন কারেন মিলে গড়ে তোলেন আশাব্যঞ্জক জুটি। অভিষিক্ত তানজিম সাকিবের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট হন বেনেট। এরপর বেন কারেনকে ফেরান তাইজুল।

তবে ব্যাট হাতে নিক ওয়েলচ ও শন উইলিয়ামসের রেকর্ড গড়া জুটিতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে বের করে আনেন নাইম ইসলাম। ৪ বলের ব্যবধানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়েকে ২৩০ রানে গুটিয়ে দিতে মূল ভূমিকা রাখেন তাইজুল (৬/৫২) ও নাইম ইসলাম (৩/৪৮)। বল হাতে নিয়ন্ত্রণ ধরে রেখে টাইগারদের ম্যাচে এগিয়ে দিয়েছেন তারা।

 

ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল কার্লো আনচেলত্তি দায়িত্ব ছাড়ছেন রিয়াল মাদ্রিদের।

আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী, কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ ছাড়ছেন এবং আগামী জুনে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন।

দ্য অ্যাথলেটিকের সেই রিপোর্ট থেকে আরও জানা যায়, প্রথম ধাপে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। যদিও ৬৫ বছর বয়সী আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত নবায়ন করেছিলেন, তবুও ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তি চলতি লা লিগা মৌসুম শেষ করেই জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন। এর ফলে, তিনি এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের কোচ থাকছেন না। আনচেলত্তির ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিকতা নিয়ে মাদ্রিদ কর্তৃপক্ষের সাথে আগামী কয়েক ঘণ্টা ও দিনে আলোচনা চলবে বলে জানা গেছে। রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচ খুঁজতে ব্যস্ত। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফুটবল ডিরেক্টর সান্তি সোলারি এগিয়ে আছেন, তবে নতুন কোচ হিসেবে বায়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসোকেই সবচেয়ে সম্ভাবনাময় মনে করা হচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) অনেকদিন ধরেই আনচেলত্তির প্রতি আগ্রহী ছিল এবং CBF প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেস তাকে ‘স্বপ্নের কোচ’ বলেও অভিহিত করেছিলেন। আনচেলত্তির সাথে সাক্ষাতের জন্য গত ১৬ এপ্রিল আর্সেনালের বিপক্ষে মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনাল ম্যাচে CBF-এর প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস উপস্থিত ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু স্বীকার করেনি, জানা গেছে আলোচনাগুলি সম্মানের সাথেই এগোচ্ছে।

‘জংলি’র রেকর্ডের দিনে সিয়ামের উচ্ছ্বাস

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের ‘জংলি’ মুক্তির ২৬তম দিনে এসে সিনেমাটি গড়েছে রেকর্ড। এখন পর্যন্ত দিন হিসেবে ‘জংলি’র সর্বোচ্চ গ্রস আয়ের রেকর্ড হয়েছে এ দিনে। এদিন বিশ্বব্যাপী জংলি আয় করে ৩৫ লাখ ১১ হাজার টাকা; যা এখন পর্যন্ত এক দিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রস আয়। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশিরভাগ শো হাউসফুল ছিল। অনেকে সিনেপ্লেক্সে এসে টিকেট না পেয়ে ফিরেও গেছেন। দর্শক চাপে সিনেপ্লেক্সে শো বাড়তে থাকে।
বিষয়টি জানিয়ে এক ফেসবুক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা, সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয়, তখন এ রকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির ২৬তম দিনে সবমিলিয়ে জংলির গ্রস কালেকশন প্রায় ৩৫ দশমিক ১১ লাখ টাকা! একদিনে এটিই জংলির সর্বোচ্চ আয়ের রেকর্ড। দর্শকের এ ভালোবাসায় জংলি সিনেমা ফ্যামিলি ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে।’
এম রহিম পৃিরচালিত জংলি সিনেমায় সিয়াম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত জংলি সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে- মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

সম্পর্ক নিয়ে নতুন বক্তব্য মাহির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি মাহির এক ইনস্টাগ্রাম পোস্টের জেরে তার সম্পর্ক ভেঙে গেছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মাহি জানালেন ব্যাপারটি সঠিক নয়।
এ বিষয়ে সামিরা খান মাহি বলেন, ‘আমার আর সাদাত সাফি নাবিলের সম্পর্ক ঠিক আছে। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটিকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মাহি লেখেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রলড হওয়ার কষ্ট, বোনের বিয়ের দায়িত্বের চাপ, আর নিজের সম্পর্কের টানাপড়েন- সব মিলিয়ে ভেতরটা একেবারে খালি খালি লাগছে। সত্যি বলতে, খুব ক্লান্ত, খুবই এলোমেলো লাগছে নিজেকে। আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটিও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটি বলতে ভয় পাই না আমি।’
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি আরও লিখেছিলেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তা হলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়। জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’

ইসরায়েলি গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান নির্বাহী রোনেন বার তার পদত্যাগের ঘোষণা দিয়েছে। আগামী ১৫ জুন পদত্যাগ করবেন তিনি।
স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে রোনেন এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজায় সামরিক অভিযান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মতপার্থক্য ও টানাপোড়েনের পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
সোমবার ওই বিবৃতিতে তিনি বলেন, আমি আমার ৩৫ বছরের চাকরিজীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরীকে বেছে নেওয়া এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে।
শিন বেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা। এই সংস্থাটি সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যে নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালিয়েছিল, সেটির প্রধান তদন্তকারী সংস্থার ভূমিকায় ছিল শিন বেট।