Home Blog Page 457

নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি সোমবার

আগামী সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, সোমবার নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের বিধান চালু করে এ টি এম শামছুল হুদার নির্বাচন কমিশন। নিবন্ধন চালুর পর এখন পর্যন্ত ৫৪টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়। পরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামিসহ পাঁচটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়।

সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করলেও ২০২৩ সালের অক্টোবরে নতুন দু’টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আদালতের নির্দেশে নতুন করে আরো পাঁচটি রাজনৈতিক দলের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

ওই পাঁচটি দলকে নিবন্ধন দেয়ার পর বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা রয়েছে ৪৯টি।

জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান সিরিয়ার প্রেসিডেন্ট শারার

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগতদের মধ্যে গত কয়েক দিন ধরে চলা সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর রোববার তিনি এ আহ্বান জানান।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের অধিকাংশই সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ভুক্ত।

দামেস্কের একটি মসজিদে দেয়া ভাষণে শারা বলেন, ‘আমাদের যতটা সম্ভব জাতীয় ঐক্য ও নাগরিক শান্তি রক্ষা করতে হবে। আল্লাহর ইচ্ছায়, আমরা এই দেশে একসাথে বসবাস করতে সক্ষম হব।’

কুষ্টিয়ায় হাসানুল হক ইনুকে দু’টি হত্যা চেষ্টা মামলায় কারাগারে প্রেরণ

কুষ্টিয়ায় দু’টি হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামি জাসদ সভাপতি ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে সদর আমুলী আদালত-১ এর বিচারক মাহমুদা সুলতানা।

রোববার (৯ মার্চ) দুপুর আড়াইটায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের হত্যার চেষ্টা ও ৫ আগস্ট শরিফুল ইসলামকে হত্যার চেষ্টায় মামলায় সশরীরে আদালতে হাজির হলে বিচারক এ রায় প্রদান করেন।

এ সময় আদালতের বাইরে থেকে জাসদ জেলা সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তবে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের কারণে তাদের দূর থেকে হাসানুল হক ইনু শুভেচ্ছা জানান।

হাসানুল হক ইনুকে আজ আদালতে আনা হবে এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে বিপুল সংখ্যক জাসদের নেতাকর্মী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চত্বরে ভিড় করে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দুপুর ২টা ৩৩ মিনিটে ইনুকে বহন করা পিজন ভ্যান আদালতে পৌঁছায়। পুলিশ সেখান থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় কুষ্টিয়া সদর-১ আমুলি আদালতের এজলাসে দাঁড়ায়। মাত্র ৭ মিনিট এজলাসে থাকা অবস্থায় বিচারক তাকে দু’টি হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে এজলাস থেকে নামিয়ে তাকে পিজন ভ্যানে করে কুষ্টিয়া কারাগারে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়া আদালত চত্বর থেকে হত্যার চেষ্টা করা হয়েছিল। মাহমুদুর রহমান নিজেই কুষ্টিয়া আদালত চত্বরে উপস্থিত থেকে মামলাটি দায়ের করেন। এছাড়া ৫ আগস্ট শরিফুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের গুলিতে মারাত্মক আহত হন। পরবর্তীতে শরিফুল নিজে বাদী হয়ে হাসানুল হক ইনুকে আসামি করে কুষ্টিয়া থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, আজ রোববার কুষ্টিয়া আদালতে হাজির হওয়ার জন্য হাসানুল হক ইনুকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল শনিবার কুষ্টিয়া কারাগারে আনা হয়।

ক্ষমতায় গেলে প্রথম শিক্ষা সংস্কার করবে জামায়াত

ক্ষমতায় গেলে প্রথম শিক্ষা সংস্কার করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহ যদি আমাদেরকে কোনো দিন এ দেশ পরিচালনা করার দায়িত্ব দেয়, জনগণের ভালোবাসা নিয়ে আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার করা।’

রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেছেন, ‘শিক্ষকদের অনুরোধ করবো আপনারা মানুষ গড়ার কারিগর তাই এটাকে সৎভাবে পালন করেন। তাহলে সমাজের চাকাও সৎ পথে চলবে। তবে এখন বলতে পারেন পেটে ক্ষুধা থাকলে কিভাবে এটা করব। আমি বলব, এই ক্ষুধা মেটানো জাতির দায়িত্ব। কারণ শিক্ষকদের যদি ন্যায্য দাবি আদায়ে রাজপথে থাকতে হয় তাহলে এটি জাতির জন্য দুঃখজনক। সমাজে আজ আদর্শ শিক্ষকের বড়ই প্রয়োজন। তবেই আমরা একটি সুন্দর সমাজ পাবো।’

তিনি বলেন, ‘শিক্ষকরা ছাত্রদের সামনে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। কারণ শিক্ষকরা যাদের কাছে দাবি আদায়ের জন্য অনুরোধ করছেন, তারাই একদিন এই শিক্ষকদের ছাত্র ছিলেন। তাহলে আজকে কেন শিক্ষকদের তাদের ছাত্রদের সামনে অসহায়ের মতো আন্দোলন করতে হচ্ছে।’

জামায়াত আমির বলেন, ‘আপনি আজকে যত বড় সচিব, সেনা কর্মকর্তাসহ যেই হন না কেন, একদিন কিন্তু আপনারা এই শিক্ষকদের ছাত্র ছিলেন। আজকে মানুষের মতো মানুষ না হয়ে এ দশার কারণ কি? কারণ একটাই শিক্ষাটা ভালো ছিল না। তাই সামনে এ শিক্ষাকে ঠিক করতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যে শিক্ষা নৈতিক শিক্ষা আমরা সেটিকে সমর্থন করব। ৯১ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা হতে হবে ইসলামী চেতনার শিক্ষা। এটি ছাড়া সমাজ ভালোভাবে চলবে না, যেটি প্রমাণিত। সমাজে নৈতিক শিক্ষা নেই বলেই আজকে মাগুরায় নিজ স্বজনের কাছে শিশুর এমন অবস্থা হয়েছে। এই স্বজনরা বিশ্বাস ঘাতকতা করেছে। তাই বলতে চাই, ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যেতে চাই। আর মহান শিক্ষকদের দুর্দশা যেন এই জাতিকে আর দেখতে না হয়। এজন্য শিক্ষকদের সাথে জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে ছাত্ররা অংশ নিলেও শিক্ষকরা তাদের পেছন থেকে সাহস যুগিয়েছেন। তাই বলতে চাই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকদের অবস্থা আমাদের দেশে এমন কেন? বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এমনকি তারা পাঠ্য পুস্তকে সমকামীতার মতো বিষয়ও সংযোজন করেছিল। বিগত সময়ে এদেশের শিক্ষাব্যবস্থা বহু চেতনার মধ্য দিয়ে এগিয়েছে। তবে আমাদের কথা এদেশের শিক্ষাব্যবস্থা হবে ইসলামি চেতনার ভিত্তিতে।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষকদের দাবি আদায়ের জন্য কেন আজকে তাদের রাজপথে থাকতে হচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানাবো শিক্ষকদের সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেন। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের চরিত্র হরণ করেছিল। শিক্ষকরা ভোটের সময় ডিউটি করেছিল, তাদের দিয়ে ফ্যাসিস্ট সরকার মিথ্যা ভোট গণনা করতে বাধ্য করেছিল।’

বালাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলীর সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া নয়টি শিক্ষক পরিষদের সভাপতি জি এম আলাউদ্দীন, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মনজুরুল হক, অধ্যক্ষ আবদুল আজিজ, অধ্যাপক নুর নবী মানিক, অধ্যাপক ড. মাওলানা শাহজাহান মাদানি, অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী, অধ্যাপক ড. উমার আলী উপস্থিত ছিলেন।

এ সময় অঞ্চল তত্ত্বাবধায়ক অধ্যাপক আবদুল মালেক, মাওলানা দেলওয়ার হোসাইন, কামরুল হাসান মিলন, অধ্যাপক জাহিদ, আজিজুর রহমান সরকার, অধ্যাপক নজরুল ইসলাম, ড. আলমগীর , বিশ্বাস, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক নজিবুর রহমান, অ্যাডভোকেট আজমল হোসাইন, আবুর রহিম, অধ্যাপক আহসান উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যে করতে হবে

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্ষণের মামলা ১৮০ দিনের পরিবর্তে ৯০ দিনে শেষ করতে হবে।

আজ রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মাত্র ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে এবং ধর্ষণ মামলা নিষ্পত্তির আগে আসামিকে জামিন দেয়া হবে না।

যুক্তরাষ্ট্রের ডে লাইট সেইভিং টাইম : নিউইয়র্ক সহ অধিকাংশ এলাকায় ঘড়ির কাটা এক ঘন্টা এগুবে রোববার

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় আগামী ৯ মার্চ রোববার থেকে শুরু হচ্ছে ডে লাইট সেইভিং টাইম। এদিন ঘড়ির কাটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। ৮ মার্চ শনিবার দিবাগত রাত (৯ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাটা এগিয়ে যাবে তিনটার ঘরে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তবে কোন কোনো ঘড়ির ক্ষেত্রে পরবর্তিত সময় মিলিয়ে নিতে হবে। নতুন এই সময়সূচি চালুর ফলে দিন হবে দীর্ঘ্যায়িত। সন্ধ্যা হবে দেরিতে। নতুন এই সময়সূচি অনুযায়ী নিউইয়র্কে যখন রাত ২টা বাজবে বাংলাদেশে হবে তখন দুপুর ১২টা।

এই ব্যবস্থা অব্যাহত থাকবে ২ নভেম্বর রোববার ভোর রাত ২টা পর্যন্ত। সে ক্ষেত্রে ১ নভেম্বর দিবাগত রাত দুইটায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত একটা করতে হবে। তবে অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম, পুয়ের্তোরিকো ও ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা একই স্থানে থাকে। অর্থাৎ এই স্টেটগুলোতে ডে লাইট সেভিংয়ের কোনো প্রভাব পড়ে না।
উল্লেখ্য, প্রতি বছর যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় দু’দফা ঘড়ির কাটা এক ঘণ্টা এগোনো-পিছানো হয়। দিনের আলোকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেইভিং টাইম। একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইমও অভিহিত করা হয়।
যুক্তরাষ্ট্রে প্রায় ১০৬ বছর আগে ১৯১৮ সালে এই নীতি চালু করা হয়। গ্রীষ্মকালে দিন বড় হয়। এজন্যে ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে নিলে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে বলে সংশ্লিষ্টদের ধারণা।

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ব্যবস্থাপনায় গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হ্যারিটেজ ডে উদযাপিত হবে

নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২ মার্চ, রোববার দুপুরে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন‍্যান‍্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন অর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সাধারণ সম্পাদক বিগত দিনের বিভিন্ন কর্মকান্ডের তথ্য ও বিবরণ তুলে ধরেন।
সভায় সকলকে অবহিত করা হয় গত দুই বছরের নেয়ায় এবারও নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামের বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে। এবারের অনুষ্ঠানে হোস্ট কমিটি হিসেবে বাংলাদেশ সোসাইটি কে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে। পেস্টিজিয়াস এই অনুষ্ঠানটি হোস্ট করতে সকলের মতামত জানতে চাইলে উপস্থিত সকলে আয়োজনে সম্পৃক্ত থাকার বিষয়ে মতামত দেন।
এদিকে আগামী ১৩ এপ্রিল, রোববার প্রথমবারের মত বাংলাদেশ সোসাইটির ব্যানারে বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ডে প্যারেডের প্রধান সহযোগী সংগঠন হিউম্যানিটি ইমপ্লয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। বাংলাদেশে ডে প্যারেড সফল করতে প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও অন্যান্য সংগঠনদের নিয়ে বৃহৎ পরিসরে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যান্য আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সদ্য সমাপ্ত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আয়োজনটি সফল হওয়ায় আয়োজক কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আগামী ৯ এপ্রিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল এবং ব্রষ্কস বরোতে ১৮ই মার্চ ও ব্রুকলেন বরোতে ২০/২১ মার্চ অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজক কমিটি সবাইকে অবহিত করেন। অনুষ্ঠানগুলো সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে প্রবাসের সবাইকে অনুষ্ঠানগুলোতে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়।
আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে অন্যতম বাংলাদেশ সোসাইটি একটি অলাভজনক এবং অরাজনৈতিক, “সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন” তাই আগামী দিনে সোসাইটির কোন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক ব্যানারে কোন সংগঠন অংশ নিতে পারবে না। এছাড়া গত কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে সোসাইটির বর্তমান বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। সোসাইটির একটি গুরুত্বপূর্ণ পদে বসে এধরনের আচরণ কাম্য নয় বলে সবাই মতামত দেন, একই সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কে সোসাইটির সভাপতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে সবাই অনুরোধ জানান। একই সাথে এই অপ্রীতিকর ঘটনার জন্য সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাবও গৃহীত হয়।

নিউ জারসির আটলান্টিক সিটি মেয়র পদে মার্টি স্মলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ‍্যের আটলান্টিক সিটির মেয়র পদে পুনরায় লড়ছেন বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র। আগামী দশ জুন মংগলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত চার মার্চ মংগলবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী সদর দপ্তরে তাঁর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। তুমুল হর্ষধ্বনির মধ্যে মার্টি স্মল আগামী দশ জুন মংগলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তাঁকে ও তাঁর রানিং মেট কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন‍্য কর্মী, সমর্থকসহ আটলান্টিক সিটির ভোটারদের প্রতি আহবান জানান।
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওম্যান কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যানের সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে এসেম্বলিম‍্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্রুস উইকস, এসেম্বলিওম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিসা বোনানো,কাউন্টি কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী কলিন্স এ ডেইস সিনিয়র,কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদ বক্তব্য রাখেন।

আটলান্টিক সিটি কাউন্সিলের সভাপতি এ‍্যারন রেনডলফ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস‍্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম‍্যান মামুনুল হক মামুন, জামিল আহমদ সহ ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন।
মেয়র মার্টি স্মল সুধীজনদের সামনে তাঁর মেয়াদকালে আটলান্টিক সিটিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া তিনি আগামী মেয়াদে তাঁর বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন। মেয়র তাঁকে এবং তাঁর রানিংমেটদের নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ‍্য, ২০১৯ সাল থেকে মার্টি স্মল আটলান্টিক সিটির মেয়র পদে আসীন আছেন।

বাংলাদেশ-ভারত দু’দেশের ভোটার তালিকাতেই নাম, অভিযোগ বিজেপি নেতার

ভুয়ো ভোটার ধরতে নেমে এবার ভোটার তালিকায় বাংলাদেশী হিন্দুর নাম খুঁজে বের করল তৃণমূল কংগ্রেস। ওই ব্যক্তি যে বাংলাদেশী নাগরিক তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তের স্ত্রী।

শুক্রবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় এই তথ্য তুলে ধরেন। অবিলম্বে এই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে তারা।

শুক্রবার সংবাদমাধ্যমের সামনে ভোটার তালিকা হাতে নিয়ে তপনবাবু জানান, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নন্দীগ্রামের বাসিন্দা ভৃগুরাম দাস ভারতের ভোটার। অথচ তিনি বাংলাদেশের নাগরিক এবং সেখানকার একটি স্কুলের শিক্ষক।

জানা গেছে, ভৃগুরাম দাসের স্ত্রী সুলেখা রানি দাস, ছেলে, পুত্রবধূ ও নাতনি পূর্বস্থলীতেই বসবাস করেন। ভৃগুরামবাবু মাঝেমধ্যে ভারতে যাতায়াত করেন। তার স্ত্রীও স্বীকার করেছেন যে তার স্বামীর বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে। সাথে ভারতের ভোটার কার্ড রয়েছে তার।

বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, শুধু ভৃগুরাম দাস নন, তার বিধানসভা এলাকায় এ ধরনের প্রায় ৪০০ ‘ভূতুড়ে ভোটার’ রয়েছে, যাদের অস্তিত্বই নেই বা যারা দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিচ্ছেন।

বলে রাখি, মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের নেতা-মন্ত্রীরা রাজ্যজুড়ে ভুয়ো ভোটার চিহ্নিত করতে নামার পর বিজেপি অভিযোগ করে, আসলে ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম কাটাই লক্ষ্য তৃণমূলের।

বিজেপির দাবি, ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে তোলে তৃণমূলই। এভাবেই বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোট ব্যাঙ্কে পরিণত করেছে তারা। বৃহস্পতিবার বিজেপির প্রকাশ করা তথ্য অনুসারে গত ৬ বছরে রাজ্যের ১৩৬টি বিধানসভা কেন্দ্রে স্বাভাবিকের থেকে ভোটার বৃদ্ধির হার বেশি। আর এর মধ্যে ৮২টি কেন্দ্র মুসলিম অধ্যুষিত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

টরন্টোতে পানশালায় গুলিবর্ষণ, আহত ১২

শুক্রবার দিনের শেষে কানাডার টরন্টোর একটি পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গুলিবর্ষণের কারণ জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্ট্রিয়েল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কানাডার বৃহত্তম শহর টরন্টোর পূর্বাঞ্চলে গুলিবর্ষণের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, পানশালায় গুলিবর্ষণে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা ছোঁয়ার বাইরে।

পুলিশ আরো জানায়, আহতদের সংখ্যা ১২ জন। চারজনের জীবন শঙ্কামুক্ত। আহত অন্যদের অবস্থা জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি কালো মুখোশ পরিহিত ছিল এবং রূপালি রংয়ের গাড়িতে করে পালিয়ে যায়।

টরন্টোর মেয়র অলিভিয়া চাও এক্সে বলেছেন, গুলিবর্ষণের খবর শুনে তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

পুলিশ প্রধান তাকে আশ্বস্ত করেছেন, ‘অপরাধীকে গ্রেফতারে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’

সূত্র : এএফপি/বাসস