Home Blog Page 461

দেশে ফিরছেন খালেদা জিয়া, বিদায় জানাতে হিথ্রোতে নেতাকর্মীদের ভিড়

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে দলটির প্রবাসী নেতাকর্মীদের ভিড় করতে দেখা গেছে।

সোমবার (৭ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বিমানবন্দরে নিয়ে গেছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসকর অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গাড়িতে সামনের আসনে ছেলের পাশে বসেছেন খালেদা জিয়া। দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শার্মিলা রহমান এবং তারেকের মেয়ে জাইমা রহমানও রয়েছেন গাড়িতে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আমরা রওনা হব। বিকাল ৪টায় আমাদের রওনা হওয়ার কথা।

দোহায় যাত্রাবিরতি করে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউএনবিকে জানান, ‘তিনি মঙ্গলবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছি।’

খালেদা জিয়ার গাড়িবহর কাকলী রুট ধরে ফিরোজায় পৌঁছাবে। ফখরুল বলেন, ‘নেতাকর্মীদের বলা হয়েছে তারা ফুটপাথে দাঁড়িয়ে দলীয় ও জাতীয় পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানাবে।’

তিনি জনগণকে অনুরোধ করেন বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে, যাতে রাস্তায় যানজট না হয়। মঙ্গলবার সকালে বিমানবন্দরে বিএনপি মহাসচিব, অন্যান্য নেতা ও খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।

বিএনপির পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত অবস্থান নেবে ঢাকা উত্তর সিটি ইউনিট, এরপর ছাত্রদল লে মেরিডিয়ান থেকে খিলখেত পর্যন্ত, যুবদল খিলখেত থেকে রেডিসন পর্যন্ত।

রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত থাকবে দক্ষিণ সিটি ইউনিট, এরপর স্বেচ্ছাসেবক দল স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল কবরস্থান থেকে কাকলী পর্যন্ত, শ্রমিক দল কাকলী থেকে বনানী শেরাটন পর্যন্ত অবস্থান নেবে।

বনানী শেরাটন থেকে কিচেন মার্কেট পর্যন্ত থাকবে ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দল। মুক্তিযোদ্ধা দল ও অন্যান্য পেশাজীবী সংগঠন থাকবেন কিচেন মার্কেট থেকে গুলশান-২ পর্যন্ত, আর মহিলা দল ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা থাকবেন গুলশান অ্যাভিনিউ পর্যন্ত।

বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদেরও রুটের সুবিধাজনক স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিমানবন্দর বা ফিরোজা বাসভবনে কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে পায়ে হেঁটে বা মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ দল থেকে এক ধাপ দূরে সমিত সোম

বাংলাদেশের লাল সবুজ জার্সি পরতে সমিত সোম কেবল এক ধাপ দূরে। ফিফার প্লেয়ার্স কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কানাডাপ্রবাসী এই ফুটবলার।

কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে সমিত যে ছাড়পত্র পেয়েছেন, সেটা ১ মে দুপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। কবে বাংলাদেশের পাসপোর্টটা সমিত হাতে পাবেন, সেটা নিয়েই ছিল অপেক্ষা। অবশেষে আজ আজকের পত্রিকাকে বাফুফে সহসভাপতি নিশ্চিত করেছেন সমিতের পাসপোর্ট পাওয়ার কথা। এখন ফিফার অনুমতি পেলেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন সমিত। ফাহাদ জানিয়েছেন, দ্রুত চেষ্টা করবেন আনুষ্ঠানিকতা সারতে।

সমিতের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার।

বাজেভাবে হেরে সতীর্থদের ঘাড়ে দোষ চাপালেন ভারতীয় ক্রিকেটার

সময়টা ভালোই যাচ্ছে না ঋষভ পন্তের। নিজের পারফরম্যান্স তো তথৈবচ। দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও খেই হারিয়েছে। ধর্মশালায় গত রাতে তাঁর নেতৃত্বাধীন লক্ষ্ণৌ ৩৭ রানে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। বড় ব্যবধানে হারের পর সতীর্থদের দুষলেন পন্ত।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিং নেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে পাঞ্জাব। প্রভসিমরান সিং ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯১ রান করেছেন। অবশ্য তাঁর ইনিংসটা থেমে যেতে পারত ২১ রানে। পাঞ্জাবের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিড অফে প্রভসিমরানের ক্যাচ ছেড়েছেন নিকোলাস পুরান। বোলার ছিলেন আবেশ। জীবন পেয়ে প্রভসিমরান বেধড়ক পিটিয়েছেন প্রভসিমরান।

৩৭ রানে ম্যাচ হারের পর বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন,‘অবশ্যই রানটা অনেক বেশি হয়ে গেছে। যখন আপনি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়বেন, খেসারত তো দিতেই হবে। মনে হচ্ছিল আমরা বেশি কিছু করতে পারব। তবে শুরুতে ম্যাচের গতিবিধি ঠিকমতো বুঝতে পারিনি। তবে এটা খেলারই অংশ।’

রেকর্ড গড়লেন হিমি

কয়েক বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ভিউয়ের দিক থেকেও এগিয়ে থাকে তাঁর নাটক। সম্প্রতি হিমি অভিনীত ১০৯টি নাটক পার করেছে ১ কোটি ভিউয়ের মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর এত নাটক ১ কোটি ভিউ ছুঁতে পারেনি।

হিমির এমন সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর সহকর্মীরা। অভিনেতা নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’

একই কার্ড শেয়ার করে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লেখেন, ‘একজন মেধাবী অভিনেত্রীর সফলতা। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।’

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘এই খবরটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে। যে মেয়েটি চ্যানেল আইয়ের “মোহর আলী” সিরিয়ালে একেবারে নতুন, আনকোরা অভিনেত্রী হিসেবে কাজ শুরু করল, প্রেমের আবেগ আসে না, কষ্টে চোখের পানি আসে না! পরিচালক আমাকে ডেকে বলল, আপা ওকে একটু বুঝিয়ে দিন না ইমোশনগুলো কীভাবে আসবে! অতঃপর হিমিকে বসিয়ে নানা কিছু বুঝিয়ে ইমোশনাল সিনের জন্য তৈরি করলাম! তারপর সে অনেকটা বেটার পারফরম্যান্স দিয়েছিল। সেটা প্রায় ১০-১২ বছর আগের কথা। আজ হিমির অভিনয়ের পরিপক্বতা সবার কাছে পরিষ্কার। খুব ভালো লাগল এই অসাধারণ অর্জনের খবর জেনে। অভিনন্দন হিমি। এভাবেই এগিয়ে যাও আরও অনেক দূর। শুভকামনা সব সময়!’

বাবিল খানের কান্নায় উত্তাপ বলিউডে

সদা হাস্যোজ্জ্বল থাকেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সমসাময়িক যে কয়েকজন শিল্পী অভিনয়ে এসেছেন, খ্যাতি পেয়েছেন—সবার চেয়ে বাবিলই বেশি আন্তরিক। ভক্ত কিংবা পাপারাজ্জি, যে কারও সঙ্গেই সহজে মিশে যান তিনি। সেই বাবিলকে হঠাৎ কান্নায় ভেঙে পড়তে দেখে মন ভেঙেছে সবার। ইরফানপুত্রের জন্য উদ্বেগ জানাচ্ছেন ভক্তরা।

গতকাল একটি ভিডিও পোস্ট করা হয় বাবিলের ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতে দেখা গেল একেবারেই অন্য বাবিলকে। এলোমেলো চুল। গালভর্তি দাড়ি। চোখজোড়া অশ্রুসিক্ত। ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন বাবিল খান। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও মুছে দেন। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে সেই ভিডিওর অংশবিশেষ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

বেসরকারি খাতের আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বুধবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন।

আজ রোববার (৪ মে) ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে। তা জানতে পেরে ব্যক্তিগত কারণ হিসেবে কর্ম ব্যস্ততা দেখিয়ে ব্যারিস্টার খায়রুল আলম পদত্যাগ করেন। তাঁর সঙ্গে তাৎক্ষণিক কথা বলাও সম্ভব হয়নি।

ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

এপ্রিলে পুঁজি কমল ১৭ হাজার কোটি টাকা

চলতি বছরের এপ্রিল মাস ছিল দেশের পুঁজিবাজারের জন্য এক কঠিন সময়। ঈদের ছুটি শেষে লেনদেন শুরু হলেও বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। মাসজুড়ে ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) হারিয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন। এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম হতাশা ও আস্থাহীনতা।

ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসের শুরুতে বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ২১৯ পয়েন্টে। মাস শেষে তা নেমে আসে ৪ হাজার ৯১৭ পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে ৩০২ পয়েন্ট। পুরো মাসে ১৮ কার্যদিবসের মধ্যে ১৫ দিনই ছিল দরপতনের, যা বিনিয়োগকারীদের ক্ষতির পালে আরও হাওয়া দেয়।
মাসের শুরুতে ডিএসইর মোট বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি টাকা। এপ্রিল শেষে তা কমে দাঁড়ায় ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি টাকায়। অর্থাৎ মাত্র এক মাসেই পুঁজিবাজার থেকে ১৭ হাজার ২৯৭ কোটি টাকা উধাও হয়ে গেছে।

একের পর এক পতনের ফলে বিনিয়োগকারীদের অনেকেই বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, শুধু এপ্রিল মাসেই ১১ হাজার ৪২৯ জন বিনিয়োগকারী তাঁদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন। জিরো ব্যালান্সের বিও অ্যাকাউন্টের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩ লাখ ৮০ হাজার। পাশাপাশি সক্রিয় বিও অ্যাকাউন্টের মোট সংখ্যা এক মাসেই কমেছে ১০ হাজারের বেশি।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘ মেয়াদে বাজারে আস্থা ফেরাতে প্রয়োজন সুপরিকল্পিত নীতিগত সহায়তা এবং নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা।

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, জোবাইদা রহমান ধানমন্ডিতে তাঁর বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন। বাড়ির ছোট মেয়ের আগমন উপলক্ষে বাসার সাজসজ্জা, নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি-বিদ্যুৎ-গ্যাস, জেনারেটর স্থাপনসহ বিভিন্ন প্রস্তুতির কাজ চলছে।

আতিকুর রহমান রুমন বলেন, জোবাইদা রহমানের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসার ভেতরে এবং বাইরে নিরাপত্তাব্যবস্থা ঠিক করা হয়েছে। বাসার চারপাশে দেয়ালের ওপরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তাব্যবস্থার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ছাড়া বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

হাসনাতের ওপর হামলায় জামায়াত আমিরের নিন্দা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।

শফিকুর রহমান বলেন, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। হাসনাত আবদুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে, এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না। তিনি আরও বলেন, জানি না হাসনাত আবদুল্লাহ কাদের চোখের বালি, কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় ১০-১২ যুবক। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা কয়েক সহযোগী আহত হয়েছেন। হাসনাতের ওপর হামলার প্রতিবাদে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা।

হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ২০৩টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য থানাগুলোতে তদন্ত শুরু হয়েছে, দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। যেসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে, সেগুলোর নিষ্পত্তি হবে আদালতের মাধ্যমে।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনায় রাজধানী ঢাকাসহ সাত জেলায় ৮৩টি মামলা করা হয়। এসব মামলায় ৩ হাজার ৪১৬ জনের নামোল্লেখসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে দুটি মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ১৮টি মামলার অভিযোগপত্র দিলেও এগুলোর বিচারপ্রক্রিয়া শুরু হয়নি।