Home Blog Page 466

ভারতে সুড়ঙ্গে আটকা পড়া ৮ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ রোববার পর্যন্ত তাদের উদ্ধার করতে না পাড়ায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের ভাগ্য।

তাদের উদ্ধারকারী দলের তদারকির দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শ্রমিকদের উদ্ধারে নতুন করে তৈরি করা রাস্তাতেও বাধার মুখে পড়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গের ধসে পড়া অংশটি দুর্গম। আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য তাদের বিকল্প পথ খুঁজতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ক্যানেল (এসএলবিসি) প্রকল্পের ওপরের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। যখন র্দুঘটনাটি হয় তখন সেখানে একটি লিকেজ মেরামতের জন্য সুড়েঙ্গের ভিতরে প্রায় ৫০ জন শ্রমিক ছিলেন। বাকিরা বের হয়ে আসতে পারলেও আটজন ভেতরে আটকে পড়েন। আটকেপড়াদের মধ্যে দু’জন প্রকৌশলী, দু’জন কারিগরি কর্মী ও চারজন শ্রমিক রয়েছেন। সূত্র : ইউএনবি

চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান

দুই দলের মাঝে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে অপেক্ষায় থাকতে হয় বছরের পর বছর, তাকিয়ে থাকতে হয় বৈশ্বিক কোনো আসরের দিকে। এবার সেই অপেক্ষা ঘোচাল চ্যাম্পিয়নস ট্রফি।

চ্যাম্পিয়নস ট্রফির শুরু হয়েছে আজ চারদিন, তবে কেন যেন ঠিক পূর্ণতা পাচ্ছিল না আসর। কিছু একটার কমতি রয়েই যাচ্ছিল। অবশেষে পূর্ণতা ফিরছে। চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরছে উৎসবের আবহ। বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ।

আসরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাইব্রিড মডেল অনুযায়ী দুবাইয়ে গড়াবে খেলা। লড়াই শুরু বাংলাদেশ সময় বেলা ৩টায়।

দুই দলের এই লড়াইয়ে সীমান্তের সঙ্ঘাত ফিরে আসে ক্রিকেটে। জয় পরাজয় ছাপিয়ে লড়াইটা রূপ নেয় তার চেয়েও বেশিকিছুতে। লড়াইটা সম্মান, ইতিহাস, ঐতিহ্যের; লড়াইটা মতবাদ, মতভেদ আর বিশ্বাসের বৈপরীত্যের।

দুই দলেরই আছে গৌরবময় ইতিহাস। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলই পেয়েছে শিরোপার দেখা। ভারতের দুইবারের পাশাপাশি পাকিস্তান শিরোপা জিতেছে একবার। সর্বশেষ আসরে সফরাজ খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় দলটা।

আজ পাকিস্তান মাঠে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। চ্যাম্পিয়ন তকমা হাতছাড়া করতে চায় না তারা। তাছাড়া ঘরের মাঠের আয়োজন বলে কথা! অন্যদিকে শিরোপা পুনরুদ্ধার করতে প্রস্তুত ভারত।

তবে দুই দলের শক্তিমত্তায় আছে ফারাক। যেকোনো সময়ে, যেকোনো ফরম্যাটেই ভারত প্রতিপক্ষের চিন্তার কারণ। প্রতিটি বৈশ্বিক আসরেই শিরোপার অন্যতম দাবিদার হয়েই মাঠে নামে তারা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন তারা।

সেখানে পাকিস্তানকে বলা হয় ডার্ক হর্স। হিসেবে না থাকলেও চমকে দিতে জানে তারা। ইমরান খানের পাকিস্তান থেকে আফ্রিদির পাকিস্তান, কখনোই মোটা দাগে হট ফেভারিট ছিলো না তারা। তবে সব শেষে ঘরে ফিরেছে তারা শিরোপা উল্লাস করেই।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলেরই অবশ্য এইটা দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়ে আছে সুবিধাজনক অবস্থানে। বিপরীতে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটা ‘ডু অর ডাই’ অবস্থানে দাঁড়িয়ে। জিততেই হবে তাদের।

হারলেই কার্যত বিদায় হবে মোহাম্মদ রিজওয়ানের দলের। আর একই গ্রুপের মাঝে থাকায় বাংলাদেশের ভাগ্যও অনেকটা ঝুলে আছে এই ম্যাচের দিকে। আগামীকালের ম্যাচেই অনেকাংশে নির্ধারিত হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ।

সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে কঠিন পরীক্ষাই দিতে হবে। ভারত বধ করতেই হবে। যদিও এমন চ্যালেঞ্জিং অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন হলেও দলটা পাকিস্তান বলে সবই সম্ভব। কখন কিভাবে কি করে ফেলে, হিসেব-নিকেশ বদলে দেয়, তা কে জানে!

দুই দল ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। যেখানে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। পাঁচটি পরিত্যক্ত হয়। তবে সর্বশেষ ১৫ ম্যাচের শেষ ১০টিতেই জিতেছে টিম ইন্ডিয়া।

তবে মহারণে নামার আগে পাকিস্তানকে অক্সিজেন দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে তাদের রেকর্ড। ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট পাঁচবার।

যেখানে পাকিস্তান জিতেছে তিনবার ও ভারত মাত্র দু’বার। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে ফাইনালও।

তবে জয়-পরাজয় ছাপিয়ে পাক-ভারত সমর্থকদের বাইরে লক্ষ্য, উদ্দেশ্য, চাওয়া একটাই। ম্যাচটা জমে উঠুক, পায়ে-পা রেখে ছুটে চলুক, চোখে চোখ রেখে লড়াই হোক আর সর্বশেষে ক্রিকেটেরই জয় হোক।

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রোববার বলেছেন, ইউক্রেনে মস্কোর আগ্রাসনের তিন বছর পূর্তিতে সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে চলেছে যুক্তরাজ্য।

ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘এখনই সময় ভ্লাদিমির পুতিনের রাশিয়ার ওপর চাপ প্রয়োগের।’

তিনি আরো বলেন, ‘আগামীকাল আমি রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা করছি। এ নিষেধাজ্ঞা তাদের সামরিক যন্ত্র ধ্বংস করে দেবে এবং ইউক্রেন ধ্বংসে ব্যবহার করা রাজস্ব হ্রাস করবে।’

২০২২ সালে মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে যুক্তরাজ্য ইতোমধ্যেই পুতিনের সরকারের সাথে সংশ্লিষ্ট এক হাজার ৯০০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নতুন নিষেধাজ্ঞার ঘোষণাটি এমন সময়ে এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র।

ল্যামি বলেন, ‘এটি ইউক্রেন, ব্রিটেন ও সমগ্র ইউরোপের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন সময় এসেছে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন দ্বিগুণ করার।’

সূত্র : ডয়চে ভেলে

এ টি এম আজহারের মামলার রিভিউ শুনানি মঙ্গলবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন।

আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। এখন সেই রিভিউ আবেদন শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সূত্র : বাসস

দ্বিতীয় পর্যায়েও ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আমেরিকা থেকে আরো ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করল মার্কিন বিমান। এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধবাসীদের দেশে ফেরাল আমেরিকা। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। এছাড়া দেশে ফেরা অবৈধবাসীদের ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের এবং ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা আছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৫৭ জন অবৈধবাসী বহনকারী তৃতীয় মার্কিন বিমানটিও রোববার অমৃতসরে অবতরণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসী ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানবাহিনীর একটি বিমান অমৃতসরে এসে পৌঁছেছিল। অমৃতসরে অবতরণ করা সেই বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেই বিমানে করে দেশে ফেরা বহু ভারতীয় অভিযোগ করেছিলেন, গোটা যাত্রাকালে তাঁদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। এমনকি নারীদেরও পা, কোমরে শিকল বাঁধা ছিল বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সংসদে বিরোধী হট্টগোল তৈরি করেছিলেন।

এই নিয়ে ভারতে ব্যাপক হৈচৈয়ের পর নয়াদিল্লি নির্বাসিতদের সাথে আচরণের বিষয়ে ওয়াশিংটনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল।

এদিকে সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি বলেছিলেন, ‘যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও আমেরিকার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে যারা সত্যিই ভারতীয় এবং আমেরিকায় অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভারতে আইরিশ পর্যটককে ধর্ষণের পর হত্যা : ৮ বছর পর রায়

প্রায় আট বছর আগে জনপ্রিয় একটি পর্যটন রিসোর্টে এক আইরিশ নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমাঞ্চলীয় গোয়া রাজ্যের একটি আদালত এই আদেশ দেন।

২০১৭ সালের মার্চে গোয়ায় ছুটি কাটাতে আসা ২৮ বছর বয়সী ড্যানিয়েল ম্যাকলাফলিনের লাশ পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র সৈকতে এক কৃষক দেখতে পান। একটি ময়নাতদন্তে দেখা গেছে, মস্তিষ্ক ও ঘাড়ের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হন বিকাশ ভগত।

রায়ের পর ম্যাকলাফলিনের পরিবার এক বিবৃতিতে বলেছে, তারা এবং তার বন্ধুরা ‘ন্যায়বিচারের জন্য পাবলিক প্রসিকিউটর এবং তদন্তকারী কর্মকর্তার কাছে কৃতজ্ঞ।’

সাধারণত ভারতীয় আইনে ধর্ষণের শিকার নারীর নাম প্রকাশ করা হয় না। এক্ষেত্রে নির্যাতিতার পরিবার মামলার বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

২০১২ সালে নয়া দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার এক তরুণীর মৃত্যুর পর যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন পাস করে ভারত। এর পরও দেশটিতে নারীদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা বন্ধ হয়নি।

গোয়া ভারতের পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক -এর অসংখ্য সমুদ্র সৈকতের রিসোর্টগুলো পরিদর্শন করেন।
সূত্র : ইউএনবি

হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী শাকিরা

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।’

চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পরিস্থিতিতে নেই। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিবৃতিতে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি খুবই দুঃখিত তো যে আজ মঞ্চে উঠতে পারবো না। আমার পেরুভিয়ান দর্শকদের সাথে একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রোববার ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এর আগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর তিনি কানাডা ও ব্রাজিল যাবেন।

লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লত হওয়ার কথা জানিয়েছেন তিনি। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে ভক্তদের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।’

শাকিরা জানিয়েছেন, তিনি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বিবৃতিতে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।’ সূত্র : ইউএনবি/এপি

কাল পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির

রাত পোহালেই শুরু চ্যাম্পিয়ন ট্রফি। দীর্ঘ সাত বছরের বিরতি শেষে ফের ফিরেছে বৈশ্বিক এই আসর। কাল ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্ট।

স্বাগতিক পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুটো ভিন্ন গ্রুপে গড়াবে খেলা।

১৫ ম্যাচের এই বৈশ্বিক আসরকে নিয়ে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। সমর্থকরাও প্রস্তুত প্রিয় দলকে সমর্থন দিতে। সমর্থন দেয়ার আগে চলুন জেনে আসা যাক চ্যাম্পিয়নস ট্রফির খুটিনাটি।

১৯৯৮ সালে আইসিসি নক আউট ট্রফি নামে এই টুর্নামেন্ট উদ্বোধন হয়। যার প্রথম আয়োজক ছিলো বাংলাদেশ। ৯ দল নিয়ে পর্দা উঠে বৈশ্বিক নবাগত এই আসরের। সেই আসরের চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় আসরও আয়োজন হয় একই নামে। ১১ দলের সেই আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। তবে ২০০২ সালে তৃতীয় আসরে এসে নক আউট ট্রফি থেকে নাম বদলে করা হয় চ্যাম্পিয়নস ট্রফি। সেবার যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত ও শ্রীলঙ্কা।

২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হবার পর পরের দুই আসরে টানা শিরোপা জেতে অস্ট্রেলিয়া। আর ২০১৩ সালে সপ্তম আসরের শিরোপা ঘরে তুলে ভারত। সর্বশেষ মাঠে গড়ানো ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

সেই আসরের পর দীর্ঘ সাত বছর আর গড়ায়নি ক্রিকেটের এই আসর। তবে এবার ফের পাকিস্তানে বসতে চলেছে এই প্রতিযোগিতা।

দেখা যাক এবারের আসরে পুরনোদের মাঝেই ভাগাভাগি হয় শিরোপা নাকি দেখা দিবে নতুন মুখ! অপেক্ষা করতেই হচ্ছে ফাইনাল পর্যন্ত। ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠা আট দলের এই লড়াইয়ের ফাইনাল ৯ মার্চ।

১৯ দিনের এই মোট ম্যাচ সংখ্যা ১৫টি। খেলা হবে মোট চারটা ভেন্যুতে। পাকিস্তানের তিনটি ভেন্যু রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচির সাথে খেলা হবে দুবাইয়ে।

৮ দলের এই টুর্নামেন্টেকে ভাগ করা হয়েছে দুটো গ্রুপে। যেখানে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। টাইগারদের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ‘বি’ গ্রুপের চার দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সা

শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সেলোনা। গত রাতে রায়ো ভ্যালেকানোকে হারিয়েছে তারা। দারুণ জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও আথলেটিকো মাদ্রিদকে।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচে রায়ো ভ্যালেকানোর মুখোমুখি হয় বার্সা। যেখানে লেভানডফস্কির একমাত্র গোলে ১-০ সফরকারীদের হারায় তারা।

শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বার্সা। আক্রমণেও উঠে আসে বেশ কয়েকবার। তবে কাঙ্ক্ষিত গোল আসেনি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮তম মিনিটে সফল স্পট-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন লেভানডফস্কি।

মূলত ভাইয়েকানোর বক্সে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস ফাউলের শিকার হওয়ায় ভিএআর চেক করে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

এই নিয়ে মৌসুমে লা লিগায় ২৩ ম্যাচে ২০তম গোল লেভানডফস্কির। যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের চেয়ে ৩টি বেশি।

৩১তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। বক্সে ভাইয়েকানো বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হওয়ায় সুযোগ পান লামিনে ইয়ামাল। তরুণ স্প্যানিশ উইঙ্গারের শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তো।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান লেভানডফস্কি। আর ৭২তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। তার চিপ শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ১০ মিনিট পর তার আরেকটি শট ঠেকান গোলরক্ষক।

ফলে ১-০ গোলে জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে বার্সা। মূলত এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও আথলেটিকো মাদ্রিদ নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারানোয় এই সুযোগ পেয়ে যায় তারা।

২৪ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৫১। সমান ম্যাচে রিয়ালেরও অবশ্য পয়েন্ট ৫১। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে কাতালানরা।

এক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত টিকিট

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথ অনেক আগেই প্রভাব ফেলেছে ক্রিকেটে। দু’দলের ম্যাচ ঘিরে বরাবরই দেখা দেয় তুমুল উত্তেজনা। পুরো ক্রিকেট বিশ্ব যেন এক হয়ে যায়। সবাই চেয়ে থাকে একই দিকে।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ মাঠে গড়ায় না এক যুগের বেশি সময় ধরে। দু’দলের দেখা মেলে কেবল আইসিসির ইভেন্টগুলোতে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও তাই দেখা হচ্ছে দু’দলের। ফলে সাড়া পড়ে গেছে ক্রিকেট পাড়ায়।

স্টেডিয়ামে বসে দু’দলের লড়াই দেখতে মুখিয়ে সমর্থকরা। তাই তো এই ম্যাচের টিকিটের চাহিদা থাকে সবসময়ই আকাশচুম্বী। ব্যতিক্রম নয় আগামী ২৩ জানুয়ারির ম্যাচেও। ভেঙে গেছে আগের সব রেকর্ড।

দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার চলছে।
আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মাত্র এক মিনিটে বিক্রি হয়ে গেছে ম্যাচের সমস্ত টিকিট।

প্রথম দফায় গত ৩ ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে মাত্র এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক।

দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র এক মিনিটে শেষ হয় সব টিকিট।