Home Blog Page 470

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার যারা

দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি। আর মাত্র একটি ম্যাচ, তারপরই পর্দা নামবে ক্রিকেটের বৈশ্বিক এই আসরের। শিরোপানির্ধারণী সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

আগামী রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে খেলা পরিচালনাকারীদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

জানা গেছে, ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। দুজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত আম্পায়ার।

এর আগে দুজনেই সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন। ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, পল রাইফেল ছিলেন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।

চারবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন।

এমনকি গত জানুয়ারিতে টানা তৃতীয় ও ক্যারিয়ারে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন ইলিংওয়ার্থ।

এছাড়া ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রঞ্জন মাদুগালে।

আবারো ভেঙে পড়লো স্টারশিপ

মার্কিন ধনকুবের ইলনমাস্কের স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান বৃহস্পতিবার উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং তারপরেই তাতে আগুন লেগে যায়।

এ বছরে এটি দ্বিতীয় স্টারশিপ যাতে বিস্ফোরণ ঘটলো।

স্টারশিপে আগুন লাগার পর আকাশে অগ্নিদ্বগ্ধ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়।

কেন এই বিস্ফোরণ?

বৃহস্পতিবারের ঠিক দু’মাসও আগে ঠিক একইভাবে আরো একটি স্টারশিপে বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের এটি দ্বিতীয় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশে শুক্রবার সকাল সাড়ে ৬টা) ৪০৩ ফুটের এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের প্রথম ভাগে কোনো সমস্যা হয়নি। বুস্টারটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে নেমে আসে। মাঝপথে তাকে ধরে ফেলে একটি ক্রেন।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টারশিপের বাকি অংশ ঘুরতে থাকে। একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

স্পেসএক্সের লাইভ ইভেন্টে তাদের মুখপত্র ড্যান হুয়ট বলেন, ‘দুর্ভাগ্যবশত একই ঘটনা শেষবারেও ঘটেছিল। আমাদের খানিকটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে।’

মাস্কের মঙ্গলযাত্রা কি সফল হবে?

মাস্ক ২০২৫ সালে মহাকাশ অভিযান প্রকল্পে গতি আনার কথা বলেছিলেন। পরপর দুবার এই ব্যর্থতার প্রভাব সেই পরিকল্পনার ওপর পড়তে পারে।

জানুয়ারিতে রকেট উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। তার ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উপর পড়তে দেখা যায়। এর ফলে টার্ক্স ও কাইকোস দ্বীপের একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

এই দশকের শেষে ইলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। স্টারশিপ সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।

ভবিষ্যতে এর যেন পুনরাবৃত্তি না ঘটে সেই কথা মাথায় রেখে ফেডারেল অ্যাভিয়েশন আডমিনিস্ট্রেশন স্পেসএক্সকে এই ঘটনার তদন্ত করতে বলেছে।

সূত্র : ডয়চে ভেলে

এবার কাদের হাতে উঠল অস্কার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডবলি থিয়েটারে রোববার অনুষ্ঠিত হয়ে গেলো শোবিজ অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের জমকালো ৯৭তম আসর।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে শন বেকারের ‘আনোরা’। এই চলচ্চিত্রে প্রেম, নারীর সামাজিক অবস্থান, নিম্নবিত্ত মানুষের জীবন বাস্তবতা এবং সাংস্কৃতিক সংঘাতের নানা প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’।

গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল চলচ্চিত্রটি।

এদিকে, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রোডি। দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অনবদ্য অভিনয় তাকে এই পুরস্কার এনে দেয়।

চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি।

এর আগে তিনি পিয়ানিস্ট চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। তাও সেটা ২২ বছর আগের কথা।

সেরা অভিনেত্রী হয়েছেন ‘আনোরা’ সিনেমায় অভিনয় করা ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসন।

‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জোয়ি সালদানা। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কিয়েরান কালকিন।

ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের জন্য পুরস্কার জিতেছে।

এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’।

সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

কনক্লেভ চলচ্চিত্র সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পিটার স্ট্রগান।

‘এমিলিয়া পেরেজ’ ছবিটির ‘এল মাল’ গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড সেরা মৌলিক গান ক্যাটাগরির অস্কারে ভূষিত হন।

বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন ‘উইকড’ ছবির ডিজাইনার পল টাজেওয়েল। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

সূত্র : বিবিসি

অস্কার জিতল ইরানি অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস

হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি পরিচালিত ইরানি শর্ট অ্যানিমেশন মুভি ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’ ২০২৫ সালের সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার জিতেছে। ইরানি চলচ্চিত্র নির্মাতারা এই বিভাগে প্রথমবারের মতো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে ২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পুরস্কার পায়। এটি ইরানি ইনস্টিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস-এর একটি প্রযোজনা।

ইরানের সরকারি বার্তাসংস্থা ‘ইরনা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

দুই ইরানি পরিচালক অস্কারে উপস্থিত থাকার কথা ছিল না কিন্তু তারা শেষ মুহূর্তের ভিসা পেতে সক্ষম হন এবং অনুষ্ঠানের মাত্র তিন ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেন।

ইরানি অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’-এর একটি দৃশ্য।

এর আগে, ২০২৮ সালে ২১ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠিত ১২তম পোর্টল্যান্ড ফেস্টিভ্যাল অব সিনেমা, অ্যানিমেশন অ্যান্ড টেকনোলজিতে (পিএফসিএটি) শর্ট ফিল্মটি এই দুই পুরস্কার জিতেছে।

ইন্সটিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (কানুন নামে পরিচিত) প্রযোজিত অ্যানিমেশন মুভিটি শর্ট অ্যানিমেশন বিভাগে সেরা টু-ডি অ্যানিমেটেড শর্ট এবং বেস্ট স্কোর বিভাগে দু’টি রৌপ্য পুরস্কার জিতেছে।

এছাড়া, এলএ শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লেবু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ট্রিবিকা ফিল্ম ফেস্টিভ্যালে ব্যাপক প্রশংসা অর্জন করেছে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’ ফিল্মটি।

এটি ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, অ্যানি অ্যাওয়ার্ডস, অ্যানেন্সি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল, মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ক্লারমন্ড ফের্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একাধিক মনোনয়ন অর্জন করে বেশ প্রভাব ফেলেছে।

সূত্র : বাসস

চলতি বছরেই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ আগামী মে মাস থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে এর মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

স্কাইপ একসময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। এটি ব্যবহার করে মানুষ কম্পিউটারের মাধ্যমে সারা বিশ্বে বন্ধুবান্ধব ও পরিবারের সাথে বিনামূল্যে ভয়েস কল করতে পারত।

ওই সময় স্কাইপের মতো আরো বেশ কিছু পরিষেবা ছিল। কিন্তু জনসাধারণকে বিনামূল্যে কম্পিউটার থেকে কম্পিউটারে কথা বলার সুযোগ করে দেয়ার কারণে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক ঘোষণায় স্কাইপ জানায়, ব্যবহারকারীরা ‘মাইক্রোসফ্ট টিমসে’ সাইন ইন করতে পারবেন। এর মাধ্যমে তারা তাদের অ্যাকাউন্টে থাকা সমস্ত চ্যাট ও অন্যদের সাথে সংযুক্ত থাকতে পারবেন।

এ বিষয়ে মাইক্রোসফট তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

স্কাইপ ২০০৩ সালে চালু হলেও পরে ২০১১ সালে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় টেক জায়ান্ট মাইক্রোসফট। সে সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার ঘটনা ছিল।

সূত্র : বিবিসি

রুয়েটে আজীবন বহিষ্কার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করেছে কর্তৃপক্ষ। একইসাথে আরো ৪৪ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। যাদের মধ্যে ৪২ জনকে হল থেকে আজীবনের জন্য বহিস্কার এবং দু’জনকে চার সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়।

রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সিএসই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, ছাত্রলীগ কর্মী ও যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর এবং পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাস।

অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার বলেন, ‘বুধবার (২৬ ফেব্রুয়ারি) রুয়েট ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। সব অভিযোগ যাচাই করে দেখা গেছে, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন। এজন্য চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ৪২ জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা করা হয়। গত বছরের ১৯ আগস্ট অভিযানের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৪২ জনের মধ্যে রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রসেসর মো: মহিদুল ইসলাম, শিক্ষা শাখার সাব-এসিস্ট্যান্ট প্রোগ্রামার একেএম আনোয়ারুল ইসলামকে চাকরি থেকে বহিস্কারসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রুয়েটের সংশ্লিষ্ট ফোরামে অনুরোধ করা হয়েছে।’

গত বছরের ১৯ আগস্ট অভিযানের সময় ছাত্রলীগ নেতাদের কক্ষে অস্ত্র ও মাদকসহ নিষিদ্ধ দ্রব্যাদি পাওয়া যায়। এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দু’জনকে চার সেমিস্টার বা দুই শিক্ষাবর্ষের জন্য বহিস্কার করা হয়েছে।

ভারত থেকে সাড়ে ১০ হাজার টন চাল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত থেকে আমদানিকৃত ১০ হাজার ৫০০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশেন জাহাজটি।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০ হাজার ৫০০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশেন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করবেন ক্রীড়া উপদেষ্টা

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিকমানের নবনির্মিত এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক তৌফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রঙ-বেরংয়ের পতাকা ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে স্টেডিয়ামের আঙ্গিনা।

এদিন ক্রীড়া উপদেষ্টা সকাল ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ সম্প্রসারণ কাজের ফলক উম্মোচন করবেন। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান যোগ দেবেন। দুপুর ২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় অংশ নিবেন।

কুষ্টিয়া নবনির্মিত বিশালাকার স্টেডিয়ামে বিশালাকার মাঠ এবং রঙিন গ্যালারি ভিন্ন এক রূপ নিয়েছে। জেলার ক্রীড়াবীদ ও ক্রীড়াঙ্গনের মানুষদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে।

কুষ্টিয়াবাসীর দীর্ঘ দিনের প্রতিক্ষিত নতুন স্টেডিয়ামের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনের প্রসার ও ব্যপ্তি ঘটবে সেই সাথে জাতীয় ও আন্তার্জাতিক খেলাধুলার ভেন্যু হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। ৪০ কোটি এক লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের ১৩ জানুয়ারি নবনির্মিত স্টেডিয়ামের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

সাড়ে আট হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে চারতলা বিশিষ্ট প্যাভিলিয়ন, দু’টি প্লেয়ার্স ড্রেসিং রুম, অফিস কক্ষ, প্রেসিডেন্ট বক্স, ভিআইপি বক্স ও ভিআিইপি গ্যালারি খেলার মাঠের পরিচর্যার জন্য একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আরসিসি ড্রেন ও গার্ড ওয়ালসহ গ্রীল ফেন্সিং রয়েছে। ১৪০ জন ধারন ক্ষমতা সম্পন্ন ভিআইপি গ্যালারি, প্রেসকর্ণার। এছাড়া স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল মাঠ রয়েছে। স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক সেই সাথে মূল মাঠ সুন্দর কাঠামোতে করা রয়েছে।

গতকাল দুপুরে নবনির্মিত স্টেডিয়াম পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্ম সচিব আজমুল হক। এ সময় কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভির রহমান, ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

মুশফিকের অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফেসবুকে মুশফিকুর রহিমের দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’

‘আজকের মত ওডিআই ফরম্যাটের অবসরের ঘোষণা দিচ্ছি।’

‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জন বৈশ্বিক পর্যায়ে সীমিত ছিল, একটা জিনিস নিশ্চিত: যখনই আমি দেশের জন্য মাঠে নামলাম, আমি ১০০% এর বেশি দিয়েছি নিষ্ঠা ও সততার সাথে।’

‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: “ওয়া তু’ইজ্জু মান তাশা’ ওয়া তু’যিলু মান তাশা’”- “এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। ” (৩:২৬)’

‘সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।’

‘অবশেষে, আমি আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’

‘জাযাকাল্লাহ খাইরান।’

যুক্তরাষ্ট্রের সাথে ‘যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত’ বলে জানিয়েছে চীন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক বাড়ানোর জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা।

বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি এখন বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে। সব ধরনের চীনা পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

চীনও দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

ওয়াশিংটনে চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে, ‘যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়- সেটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যেকোনো ধরনের যুদ্ধ- আমরা চূড়ান্ত পরিণতি পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত।’

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি চীনের পক্ষ থেকে সবচেয়ে শক্ত বক্তব্য। এটি এলো এমন এক সময় যখন বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনের জন্য শীর্ষ নেতারা বেইজিংয়ে সমবেত হচ্ছেন।

বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আবারো প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বেইজিংয়ে নেতারা চীনের জনগণকে একটি বার্তা দেয়ার চেষ্টা করছেন যে বাণিজ্য যুদ্ধের হুমকি সত্ত্বেও দেশটির অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

চীন যুক্তরাষ্ট্রের তুলনায় স্থিতিশীল ও শান্ত ভাবমূর্তি দেখাতে আগ্রহী। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করে থাকে তারা।

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর ওপর যে শুল্ক আরোপ করেছে তার সুবিধা নেয়ার বিষয়েও আগ্রহী তারা।

মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তারা আরো উন্মুক্ত হওয়া অব্যাহত রাখবে এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণ করবে।

সূত্র : বিবিসি