Home Blog Page 506

দীর্ঘ ১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহের ইমামতি ফেরত পেলেন মুফতি আবুল খায়ের

১৫ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে পুনর্বহাল করা হয়েছে বরেণ্য আলেম মুফতি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে।

রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহে ঈদ-উল-ফিতরের ১৯৮তম জামাত উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। এতে ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এবারো শোলাকিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল ১০টা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব ও বিজিবি ছাড়াও সেনাবাহিনী

স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে।

প্রস্তুতিমূলক সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আল আমিনসহ অনেকেই মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে ইমাম হিসেবে পুনর্বহালের দাবি জানিয়ে বক্তব্য দেন।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর কিশোরগঞ্জ ক্যাম্পের মেজর রায়হান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলার পিপি অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন, জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আলমগীর হোসাইন তালুকদার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আল আমিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো: ফয়সাল প্রিন্সসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আলেম সমাজের প্রতিনিধিরা।

সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য সচিব মো: এরশাদ মিয়া।

উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহ কমিটির বৈধ নিয়ম অনুযায়ী ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। ২০০৯ সালের ২ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের নেতাদের চাপে তৎকালীন জেলা প্রশাসক মো: শাহ কামাল তাকে বেআইনিভাবে

সরিয়ে দেন। পাশাপাশি মোতাওয়াল্লির অধিকারকেও ছিনিয়ে নেয়া হয়। ওয়াকফ দলিলকে তোয়াক্কা না করে তৎকালীন জেলা প্রশাসক শাহ কামাল ইমাম হিসেবে নিয়োগ দেন বেসরকারি এনজিও ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান বিতর্কিত আলেম ফরীদ উদদীন মাসউদকে। তখন এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার হয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করে ঈদের জামাত নিয়ন্ত্রণ করে। মুফতি ছাইফুল্লাহর আগে তার বাবা উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আবুল খায়ের মুহাম্মদ নুরুল্লাহ (রহ:) ৩০ বছর শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে অবৈতনিক দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৫ বছর শোলাকিয়া ইমামের পদ থেকে সরিয়ে রাখা হয় উপমহাদেশের প্রখ্যাত আলেম আবুল খায়ের মুহাম্মদ নুরুল্লাহ রহ:-এর সন্তান ও কিশোরগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় আলেম মুফতি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম পরিবর্তনেরও দাবি উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সোচ্চার হন অনেকেই। তাদের দাবি, ‘চাপিয়ে দেয়া’ ইমামকে অবিলম্বে সরিয়ে মোতাওয়াল্লি নিযুক্ত আগের ইমাম মুফতি আবুল খায়ের মো: সাইফুল্লাহকে আবারো ইমামের দায়িত্ব দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে রোববার মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে পুনর্বহালের সিদ্ধান্ত হয়।

দিরিলিসের দৃশ্যায়নে বাংলাদেশী নাশিদ, উচ্ছ্বসিত ভক্তরা

দেশের ইসলামী সঙ্গীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করল ‘ব্লাড আইডেন্টিটি’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নাশিদ হিসেবে এরই মধ্যে এটিকে দারুণভাবে গ্রহণ করেছেন ভক্তরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাশিদটি মুছলেহ উদ্দিন আখন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘muslah’ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়।

জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস ও ‍কুরুলুসের আদলে দৃশ্যায়িত করায় এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নাশিদটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত মুখ ইসলামী শিল্পী মুছলেহ উদ্দিন আখন্দ এবং ভিডিও পরিচালনায় ছিলেন এইচ আল হাদী। নাশিদটির লিরিক লিখেছেন সাইয়েদ এনায়েত তানভির। সুর করেছেন এইচ আহমেদ। অডিও প্রোডাকশনে ছিলেন পারভেজ জুয়েল আর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাবিল মোস্তফা।

ব্যতিক্রমী নাশিদটি নিয়ে শিল্পী মুছলেহ উদ্দিন আখন্দ বলেছেন, এর ভিডিও নির্মাণে মুসলিম ঐতিহ্যের স্পষ্ট ছোঁয়া রাখতে চেষ্টা করা হয়েছে। একইসাথে এতে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী চেতনা, বীরত্ব ও আত্মত্যাগের বার্তা। ব্যয়বহুল এই ভিডিওতে সিনেমাটিক ভিজ্যুয়াল, উন্নতমানের সিনেমাটোগ্রাফি ও গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশে ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে নতুন এক দিগন্ত।

নাশিদ সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, ‘ব্লাড আইডেন্টিটি’ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ইসলামী সঙ্গীত ভিডিও। তারা মনে করছেন, এটি ইসলামী সঙ্গীতের প্রচলিত ধারা বদলে দিতে পারে এবং আন্তর্জাতিক মানের নাশিদ তৈরির পথ সুগম করবে।

এ সংক্রান্ত বিশ্লেষকরা মনে করছেন, ‘ব্লাড আইডেন্টিটি’র মতো উদ্যোগ বাংলাদেশে ইসলামী সঙ্গীতকে আরো আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে পারে। যদি এই ধারা বজায় থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিশ্বমানের নাশিদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে একজন ভক্ত লিখেছেন, বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতে ‘ব্লাড আইডেন্টিটি’ নতুন যুগের সূচনা করল। তিনি ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে আরো অনেকে নাশিদটির ভূয়সী প্রশংসা করেছেন।

নাশীদটি ইতোমধ্যে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের লাশ উদ্ধার

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিউ মেক্সিকোতে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে দু’জনকে।

বিভিন্ন সংবাদমাধ্যম বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির পোষা কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা জানিয়েছেন, বুধবার বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি। মেন্ডোজা এখনো তাদের মৃত্যুর কারণ প্রকাশ করেননি।

৯৫ বছর বয়সী জিন হ্যাকম্যান এক সময় একের পর এক ব্যর্থতায় নিজের ক্যারিয়ারের শেষ দেখতে পান।

তবে নিজেকে দমিয়ে রাখেননি তিনি। প্রচণ্ড পরিশ্রম নতুন করে সাফল্য এনে দেয় তার ঝুঁলিতে। ১৯৭১ সালের ক্রাইম থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’-এ নিউ ইয়র্কের কঠোর ও রুক্ষ পুলিশ অফিসার জিমি ‘পোপাই’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত তিনি। এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি সেরা অভিনেতার অস্কার জয় করেন।

তার স্ত্রী বেটসি আরাকাওয়া ছিলেন একজন ৬৩ বছর বয়সী ক্লাসিক্যাল পিয়ানোবাদক।

ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দু’টি অস্কার, দু’টি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান।

‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।

অস্কারে উপস্থাপক হিসেবে একঝাঁক তারকার নাম ঘোষণা

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সময় এগিয়ে আসছে। এর সাথে সাথে আসছে নতুন নতুন ঘোষণা। এবার উপস্থাপকদের তালিকায় নতুন তারকাদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছেন ডেভ বাউটিস্তা, হ্যারিসন ফোর্ড, গ্যাল গ্যাডটের মতো তারকাদের নাম।

আরো আছেন অ্যান্ড্রু গারফিল্ড, স্যামুয়েল এল জ্যাকসন, মার্গারেট কোয়াললি, আলবা রোয়ারওয়াচার, জোয়ে স্যালডানা এবং রেচেল জেগলার। অনুষ্ঠানের মূল সঞ্চালক কোনান ও’ব্রায়ান। তার পাশাপাশি এইসব তারকারাও উপস্থাপক হিসেবে হাজির হবেন। ঘোষণা করবেন বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম।

এ ঘোষণাটি করেছেন অস্কার কমিটির এক্সিকিউটিভ প্রডিউসার এবং শো রানার রাজ কাপুর এবং এক্সিকিউটিভ প্রডিউসার কিটি মুলান।

আগামী রোববার (২ মার্চ) রাত ৭টায় সরাসরি সম্প্রচারিত হবে অস্কার প্রদান অনুষ্ঠান। লাল গালিচার আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এর আগে ঘোষণা করা হয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো আলউইন, হ্যালি বেরি, স্টারলিং কে ব্রাউন, পেনেলোপ ক্রুজ, উইলেম ড্যাফো, আনা দে আর্মাস, লিলি-রোজ ডিপ, রবার্ট ডাউনি জুনিয়র, এল ফ্যানিং, উহপি গোল্ডবার্গ, সেলেনা গোমেজ, গোল্ডি হান, স্কারলেট জোহানসন, জন লিথগো, সিলিয়ান মারফি, কনির নিলসেন, এ্যামি পোহলার, ডা’ভাইন জয় রেনডলফ, জুন স্কুইব, বেন স্টিলার, এমা স্টোন, অপরা উইনফ্রে এবং বাওয়েন ইয়াং। শো-এর তারকাদের তালিকা আরো বড় হবে। শিগগিরই তাদের নামও প্রকাশিত হবে।

৯৭তম অস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে।

রাজধানীর মোড়ে মোড়ে ইফতারের পসরা

রমজানের প্রথম দিন আবারো সেই চিরচেনা রূপে ফিরে এসেছে রাজধানী ঢাকা। মূল সড়ক থেকে কানাগলি প্রতিটি মোড়ে মোড়ে জমে উঠেছে হরেক রকম পসরা সাজিয়ে বসা ইফতারের বাজার।

না শীত না উষ্ণ; প্রথম রোজার শেষ বিকেলে ইফতার নিয়ে রাজধানীতে বেড়েছে অন্য রকমের কর্মচাঞ্চল্য। কেউ ভাজছেন পিঁয়াজু, কেউবা আবার সাজাচ্ছেন বেগুনি, আলুর চপ কিংবা ডিম চপ।

বড় হাঁড়িতে হালিম নাড়ছেন হোটেল কর্মচারীরা, তার পাশেই আবার ধনিয়া। পুদিনা, লেবু, শসা, কাঁচামরিচের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র দোকানি। দোকান বড় হোক কিংবা ছোট ছোলা বুট আর মুড়ির উপস্থিতি যেন সর্বজনীন।

যদিও বাজার দর আগের বছরের তুলনায় কিছুটা বেশি কিন্তু তার বড় প্রভাব পড়েনি ইফতার সামগ্রীতে। মালিবাগ রেলগেটে ছোলা-মুড়ি বিক্রেতা শাহজাহান বলেন, ‘ছোলা-মুড়ির দামে আসেনি বড় কোনো পরিবর্তন। এছাড়া বুরিন্দা ও ঘুমনিতেও দাম পরিবর্তন হয়নি খুব একটা।’

বেগুনি-পিঁয়াজু বিক্রেতা নাসির বলেন, ‘দাম বাড়ায় বেগুনিতে বেগুনের পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। তবে আগের মতোই ১০ টাকা পিসে বেগুনি, ৫ টাকা পিঁয়াজু এবং ১৫ টাকায় ডিম চপ বিক্রি হচ্ছে।’

এর পাশাপাশি বিক্রি হচ্ছে জিলাপি এবং হালিম। রেস্তোরাঁয় বিক্রি হওয়া জিলাপির কেজি ৬০০-১ হাজার টাকা। অন্যদিকে মোড়ে মোড়ে বিক্রি হওয়ার জিলাপির দাম কেজিপ্রতি ৩৫০-৪৫০ টাকা।

এক কেজি ওজনের প্রতিবাটি গরুর মাংসের হালিম জায়গা ভেদে ১৮০০-৩০০০ টাকা। এছাড়াও বিক্রি হচ্ছে আস্ত মুরগি, খাসির রেজালা, শাহি টুকরা, জালি কাবাব, ঝাল পিঠা, চিকেন সাসলিক, চিকেন চপ, ভেজিটেবল রোলসহ নানা পদের ইফতার।

বিক্রেতারা জানান, প্রথম দিন থেকেই ইফতার পণ্যে ক্রেতাদের আগ্রহ থাকে তুঙ্গে। মূলত ছোলা-মুড়ি থেকে শুরু করে সব ধরনের ইফতারে শেষ মুহূর্ত পর্যন্ত চলে ক্রেতা-বিক্রেতাদের বিকিকিনি।

সূত্র : ইউএনবি

গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও বাংলাদেশে গণতন্ত্র এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বন্দর নগরী চট্টগ্রামের জে এম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক বলেন, ‘স্বৈরাচার চলে গেলেও অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার নানা অপচেষ্টা চলছে।’

তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ঝুঁকিমুক্ত হতে পারে না।

তিনি আরো বলেন, গত ১৭ বছর ধরে সনাতনীরা রাজনৈতিকভাবে শোষিত হয়ে আসছে। কিন্তু, এখন তারা এটা বুঝতে পেরেছে, যা খুবই গুরুত্বপূর্ণ।

আগামীতে নিরাপদ বাংলাদেশ গড়তে সবার সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাৎ হোসেন এবং বিভিন্ন মঠ ও মন্দিরের অন্যান্য সন্ন্যাসী ও পুরোহিতরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে চারজন নিহত, আহত ২০

০

পাকিস্তানের খাইবারপাখতুনখার প্রদেশের নওশেরাহ শহরে দারুল উলুম হাক্কানিয়া জামে মসজিদে আত্মঘাতি বোমা বিস্ফোরণে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা হামিদুল হকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়া জামে মসজিদে জুমার নামাজের পরে এ ঘটনা ঘটে। খবর ডন নিউজ উর্দুর।

বোমা বিস্ফোরণের খবরে ছয়টি অ্যাম্বোলেন্স নিয়ে চিকিৎসকদের একটি দল, বোমা নিষ্ক্রীয় করণ দলসহ একটি উদ্ধার দল ঘটনাস্থলে উপস্থিত হয়। জানা যায়, আহত ২০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খাইবারপাখতুনখার পুলিশ কর্মকর্তা জুলফিকার হামিদ জানিয়েছেন, এ হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। এ ঘটনায় তিন থেকে চারজন নিহত হয়েছেন। যাদের মধ্যে মাওলানা হামিদুল হককে টার্গেট করা হয়েছিল। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ঘটনার পরে নওশেরার হাসপাতালের পাশাপাশি পেশওয়ারের তিনটি বড় হাসপাতালেও জরুরি চিকিৎসাসেবা চালু করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করে আহতদের চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও তিনি এ ঘটনার তদন্ত রিপোর্ট তলব করেছেন।

হোয়াইট হাউজে বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসা করলেন ট্রাম্প

০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসার আগে তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কিকে তিনি অনেক সম্মান করেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কিয়ার স্টারমারের সাথে আলোচনার পর ট্রাম্প এ মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকরা জেলেনস্কির সাথে আসন্ন বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার ধারণা আগামীকাল আমাদের আলোচনা ফলপ্রসূ হবে।’

আজ শুক্রবার ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার-বিষয়ক চুক্তি নিয়ে জেলেনস্কি ও ট্রাম্পের একসাথে হোয়াইট হাউজে বসার কথা রয়েছে।

এদিকে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার কারণে ক্ষমা চাইবেন কি না- বিবিসির এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি সেটা বলেছিলাম? আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা।’

এ সময় তিনি জেলেনস্কিকে ‘খুব সাহসী’ বলেও অভিহিত করেন।

তিনি আরো বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।’

এর আগে, ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেন, ‘আপনি তিন বছর ধরে সেখানে আছেন। আপনার এটি শেষ করা উচিত ছিল। এটি শুরুই করা উচিত হয়নি। আপনি একটি চুক্তি করতে পারতেন।’

তবে জেলেনস্কি আশা করছেন, আজ শুক্রবারের বৈঠক থেকে তিনি ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা পাবেন। এ বৈঠক সম্ভাব্য শান্তি চুক্তিরও ভিত্তি হতে পারে। তিনি আজ ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্টের প্রবেশাধিকার-বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন।

ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি উল্লেখ করে জানান, ইউক্রেনে মার্কিন খনির কার্যক্রম রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ থেকে প্রতিরোধক হিসেবে কাজ করবে।

ট্রাম্প জানান, তিনি অনেক বিষয়ে উদার। কিন্তু তিনি চান, যে ব্যবস্থা নেয়া হবে তা নির্ধারিত হওয়ার আগে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির বিষয়ে সম্মত হোক।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘আপনি বলতে পারেন এটি একটি ব্যাকস্টপ। ইউক্রেনে আমাদের কর্মীরা থাকলে এবং আমরা যদি আমাদের দেশের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ ও অন্যান্য জিনিস নিয়ে কাজ করি, আমার মনে হয় না যে সেখানে কেউ আক্রমণ করবে।’

সূত্র : বিবিসি

আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আনুষ্ঠানিকভাবে সামনে আসে।

অনুষ্ঠানস্থলেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে ধর্মগ্রন্থ কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত গাওয়া হয়।

জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা, আহদের কয়েকজন, বিএনপি-জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

মিছিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলের সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন।

সূত্র : বিবিসি

ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না : নাহিদ ইসলাম

‘বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না’ বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।

তার বক্তব্যে বার বার উঠে এসছে বাংলাদেশে একটি ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার বিষয়।

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান

২০২৪ সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে।’

‘সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য।’

কেমন হবে সেকেন্ড রিপাবলিক

সেকেন্ড রিপাবলিক কেমন হবে তার একটি উদ্দেশ্যের রূপরেখাও তুলে ধরেছেন তিনি।

সেক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাজনৈতিক সংস্কৃতি এবং সব নাগরিকের মৌলিক অধিকার ও সমান নিরাপত্তা নিশ্চিত করা, এমন দিকগুলো তুলে ধরা হয়েছে।

‘শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যাতে করে জনগণের অধিকারভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়,’ বলছেন তিনি।

সেই উদ্দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।

বক্তব্য শেষ করার সময়ও সবাইকে সেকেন্ড রিপাবলিক গঠনের প্রতিজ্ঞা করছেন কিনা সে প্রশ্ন রাখেন নাহিদ ইসলাম।

এরপর ‘ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ এমন নানা স্লোগান দেন দলের শীর্ষ নেতারা।

সূত্র : বিবিসি