Home Blog Page 514

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

০

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, আমরা ভারতকে জানিয়েছি ক্লিয়ারলি। আমরা যে তাকে (শেখ হাসিনা) ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য, সেটা জানিয়েছি।

ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কী হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ভারত সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

এর আগে সকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সাথে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বিলিয়নার ইলন মাস্ককে তার প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছেন। রোববার অ্যারিজোনা অঙ্গরাজ্যে দেয়া এক ভাষণে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। তবে মাস্ক ইতোমধ্যে হোয়াইট হাউসের নবনির্বাচিত ট্রাঞ্জিশনে নেপথ্য ক্ষমতাধর শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কিছুদিন আগে মার্কিন কংগ্রেসে আলোচনাধীন একটি বাজেটে নবনির্বাচিত প্রেসিডেন্টের পাশাপাশি টেসলা ও এক্স এর নির্বাহী মাস্ককেও হস্তক্ষেপ করতে দেখা গেছে। ফলে এই অভিযোগ জোরালোভাবে উঠেছে।

ট্রাম্প বলেন, ‘তিনি প্রেসিডেন্সি ইলন মাস্কের হাতে ছেড়ে দিয়েছেন, এই ধারণাটি রাজনৈতিক প্রতিপক্ষদের ছড়ানো আরেকটি প্রতারণা।’ পরে ট্রাম্প রসিকতা করে বলেন যে মাস্কের প্রেসিডেন্ট হওয়ার ঝুঁকি নেই। কারণ, তিনি সাংবিধানিকভাবে এই পদে থাকতে পারবেন না।

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, কেন তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না? কারণ, তিনি এই দেশে জন্মগ্রহণ করেননি।’

সূত্র : আল জাজিরা

ভারত শেখ পরিবারের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না : দুদু

ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো অন্য কোনো চিন্তা করতে পারে না বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এর বাইরে কোনো চিন্তা করতে পারেনি বলে ভারত বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বন্ধু হতে পারেনি।’

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ‘ভারতের আগ্রাসনে, হাসিনার দেশজুড়ে অরাজকতার’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই গণঅভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণঅভ্যুত্থান তার মর্যাদা হারাবে। যদি সেই মর্যাদা ধরে রাখতে হয়, তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে। এর কোনো ভিন্ন পথ আছে বলে এটা আমি মনে করি না। সেজন্য আমরা নির্বাচনের আহ্বান জানাচ্ছি। আমি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেয়া উচিত।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তাতে ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে দুদু বলেন, ‘ভারত বিগত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব, আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ! শেখ হাসিনা যেমন লুটপাট করেছে, ঠিক তেমনই সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল। অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় বাংলাদেশে ছিল। সেগুলো ভারত লুটপাট করে নিয়ে গেছে।’

ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘এক পৈশাচিক শাসক, পৈশাচিক দল, পৈশাচিক শাসনের পতন হয়েছে। কিন্তু সেই পতন ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। ভারত সেই ভয়ঙ্কর গণহত্যাকারী লুটেরার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়েছে যে তারা (ভারত) গণহত্যাকারী ও লুটেরার পক্ষের একটা শক্তি।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে ‍দুদু বলেন, ‘১৬ বছরে ভারতের সাথে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছেন, এখন সেই চুক্তি এবং দেয়া-নেয়ার ব্যাপারটা জাতির সামনে আপনাকে উপস্থাপন করতে হবে।’

ভারত ও পাকিস্তান ব্রিটিশদের সাথে টেবিলে বসে দেন-দরবার করে স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘ভারত এবং তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশের কিছু অংশ দখল করে নেবে। আমি ভারতকে অনুরোধ করব, এই ভয়াবহ চিন্তা থেকে একটু দূরে থাকুন। এই ভূখণ্ডের মানুষ বীর জাতি। শুধু দক্ষিণ-পূর্ব এশিয়াতে নয়, সারা পৃথিবীর মধ্যে আমরা সশস্ত্র যুদ্ধ করে, সশস্ত্র লড়াই করে পাকিস্তানিদেরকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছি। ভারত ও পাকিস্তান ব্রিটিশদের সাথে টেবিলে বসে দেন দরবার করে স্বাধীনতা অর্জন করেছে। যুদ্ধ করে নয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে।’

তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে। যুদ্ধ চাই না। ভারতের সাথে যদি মর্যাদার সাথে বন্ধুত্ব হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক হয়, স্বাধীন জাতির সাথে স্বাধীন জাতির বন্ধুত্ব হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই।’

বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব।

তিনি বলেন, ‌‘ঐকমত্য থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না। আমাদের জন্য সংস্কারের কোনো বিকল্প নেই।’

আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐকমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‌‘বাংলাদেশের উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেয়া হয়েছে, যা কাজে লাগিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা হয়েছিল। তাদের কর্তৃত্ব সুসংহত করতে ব্যবহার করা হয়েছে। তখন অনেকে দোষী প্রমাণিত না হয়েও দীর্ঘ সময়ের জন্য আটক ছিলেন এবং জামিনের আবেদনগুলো প্রায়ই প্রত্যাখ্যান করা হতো।’

তিনি বলেন, ‘দেশে যদি প্রতি পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচন হতো এবং নির্বাচিত দল সরকার গঠন করতো, তাহলে ক্ষমতাসীন দল বিচার বিভাগকে ব্যবহার করে এতটা স্বৈরাচারী আচরণ করতে পারত না।’

রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে উচ্চ আদালতে বিচার বিভাগীয় নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, ‘তিনটি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।’

‘প্রিয় মালতী’ মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন মেহজাবীন চৌধুরী

০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আইয়ের প্ল্যাটফর্ম থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর এই অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেন।

সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহেজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’। ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে মুক্তি পেল তার সিনেমা।

মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের উচ্ছ্বাসে ভাসছেন তিনি। গত ২০ ডিসেম্বর সিনেমার প্রথম হাউজফুল শো শেষে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান অভিনেত্রী ও নির্মাতা শঙ্খ দাশগুপ্তকে।
সামাজিক সমস্যার চিত্রায়ণ ও গল্পের গভীরতা দর্শকদের আবেগে ছুঁয়ে গেছে। এ নিয়ে মেহজাবীন জানান, ‘এমন আবেগপ্রবণ প্রতিক্রিয়া তিনি কল্পনাও করেননি।’

‘প্রিয় মালতী’ একটি সংগ্রামী নারীর জীবনের গল্প, যা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সিনেমাটি এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রশংসিত হয়েছে।

এদিকে মেহজাবীন সম্প্রতি ওটিটিতে কাজ কমিয়ে বড়পর্দায় মনোনিবেশ করেছেন। তার প্রথম সিনেমা ‘সাবা’ ইতোমধ্যে টরন্টো ও বুসান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। ‘প্রিয় মালতী’ নিয়েও কায়রো ও ইফি ফেস্টিভ্যালে সাড়া ফেলেছেন।

মেহজাবীনের মতে, ‘যারা গল্পের সিনেমা পছন্দ করেন, তাদের কাছে ‘প্রিয় মালতী’ দারুণ লাগবে।’

‘বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে’

বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া সবাইকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। কারণ, আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এ দেশে কীভাবে নির্বাচন হবে। এখনো তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।’

রোববার (২২ ‍ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভাষ্য, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। সত্যিটা হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্টের পর আন্দোলনকারী সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস তিন মাস, ছয় মাস, এক বছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে।’

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ডি এম জিয়াউর রহমান জিয়া। সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার তাজমুলতান টুটুল।

পরে সন্ধ্যায় ঘোষিত ভোটের ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিএনপি নেতা শামসুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক পদে মাহবুব আর রশিদ ও সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু রহমান নির্বাচিত হয়েছেন। সম্মেলনে উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ছিলেন। তিনটি সাংগঠনিক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন।

নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি

নিরাপদ বাংলাদেশ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট।

আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের ১২ সদস্যের প্রতিনিধি দল এ দাবিনামা পেশ করেন।

দাবিনামায় বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন গুপ্ত-হত্যা ও হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে সারাদেশের ছাত্রসমাজ। অতীতে বেশকিছু ইস্যুতে রাষ্ট্রের দায়িত্বশীলদের নমনীয়তাকেই আজকের এই পরিণতির কারণ হিসেবে মনে করে বাংলাদেশের ছাত্রসমাজ।

এমতাবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা চার দফা দাবি পেশ করেন।

চার দফার দাবিগুলো হলো একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, যার দায়িত্ব হবে সংঘটিত হত্যাযজ্ঞগুলোর মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের কোনো যোগসূত্র আছে কিনা, তা বের করা। ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত তদন্ত কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে হবে; প্রতিটি থানায় কমপক্ষে পাঁচটি টহল গাড়ি সাত দিন ২৪ ঘণ্টা টহলে থাকতে হবে, তারা ক্রাইম পেট্রোলিং করতে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে বিশেষ নজরদারি রাখতে হবে; প্রতিটি ওয়ার্ড এরিয়ার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কমপক্ষে চার সদস্যবিশিষ্ট নন-লিথ্যাল ওয়েপন-ধারী একটি প্লাটুন বা টিম নিযুক্ত করতে হবে, তারা ওই নির্দিষ্ট এলাকার পাহারার দায়িত্বে নিযুক্ত থাকবে। এদের সরকারের পক্ষ থেকে ভাতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধকরণের পরও এই জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট অনলাইনে ও ময়দানে সক্রিয় সকল নেতাকর্মী এবং তাদের সহযোগীদের নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্সের কার্যক্রমকে বেগবান করতে রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থার তৎপর ভূমিকা পালন করতে হবে।

এসব দাবি ৪৮ ঘণ্টার মধ্যে মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

সূত্র : বাসস

নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র!

লোহিত সাগরের উপর উড়তে থাকা একটি যুদ্ধবিমানকে ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। রোববার সকালে এই ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি ভুলবশত ঘটেছে। তবে ভূপাতিত হওয়ার সময় বিমানে থাকা দুই পাইলট বেরিয়ে পড়েন। তাদের একজন কিছুটা চোট পেয়েছেন।

তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। রণতরী বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী পাহারাদার যুদ্ধজাহাজ গেটিসবার্গ ‘ভুলবশত’ হর্নেট বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয়।

সূত্র : রয়টার্স

তথ্য উপদেষ্টার সাথে সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ

০

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।

রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, রাহাত ফাতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, তিনি উপমহাদেশ তথা সারাবিশ্বের সঙ্গীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।

শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।

সাক্ষাৎকালে রাহাত ফাতেহ আলী খান বাংলাদেশের সঙ্গীত নিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশে আমন্ত্রণের জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো: মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নাটোরের সেই তরুণ দাস মন্দিরের পাহারাদার নয়, ছিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে

০

নাটোরের মহাশ্মশানে হত্যাকাণ্ডের শিকার তরুণ কুমার দাসের হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে যেখানে হত্যার শিকার হয়েছেন তিনি সেই মন্দিরের পাহারাদার ছিলেন না। তিনি ছিলেন একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে।

নাটোরের পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন বলেছেন, আসামিদের চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারা যাবে বলে আশা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ কুমার দাস (৫৮) নামে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার কালীপদ দাসের ছেলে।

মহাশ্মশানের সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু বলেন, ‘মানসিক ভারসাম্যহীন তরুণ দাস ভবঘুরে জীবনযাপন করতেন। প্রায় প্রতিরাতে মহাশ্মশানের রান্নাঘরের বারান্দায় ঘুমিয়ে থাকতেন। নাটোর পৌরসভার অর্থায়নে শ্মশানে চারজন কর্মচারী নিয়োজিত থাকলেও তরুণ দাস শ্মশানে কর্মরত কেউ ছিলেন না। শনিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসকে হাত-পা বেঁধে হত্যা করে ভান্ডার কক্ষ থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের কিছু মালামাল চুরি করে নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে তরুণ দাসকে অনেক বার শ্মশানে রাত্রিযাপন না করার জন্য অনুরোধ জানিয়েছি, কিন্তু তিনি শোনেননি। নিজের মতো করে তিনি জীবনযাপন করতেন তিনি।’

নিহতের ভাই প্রদীপ দাস জানান, ‘তরুণ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।’

তরুণের ছেলে তপু কুমার দাস বলেন, ‘বাড়িতে বাবা আসতেন, অনেক দিন দুপুরের খাবার খেতেন, তার প্রিয় নাতনি ছোট্ট তিন্নির সাথে খেলতেন, চলে যেতেন। ঠান্ডা শীতের রাতে শ্মশানের বারান্দায় রাত কাটানোর ব্যাপারে বাবা বলতেন, তার শীত লাগে না। ওই এলাকার সবাই তাকে শ্মশান বাবু নামেই জানতেন। তিনি ছিলেন সংসার ত্যাগী।’

নাটোর পৌরসভার প্রকৌশলী মোস্তফা কামাল বলেন, ‘মানসিক ভারসাম্যহীন তরুণ দা’কে নাটোর শহরের প্রায় সব মানুষই চিনতো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবোল তাবোল বক্তৃতা দিতে দেখেছি তাকে। মাঝে মাঝেই কুকুরের সাথে খেলা করা, কুকুরের সাথে খাবার ভাগাভাগি করে খাওয়ার ঘটনাও আমরা সবাই দেখেছি।’

এদিকে, হত্যাকাণ্ডের পরে কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণকে শ্মশানের পাহারাদার, আবার কেউ কেউ সেবায়েত, আবার পুরোহিত হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোরের কাশিমপুর মহাশ্মশানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তরুণ দাসকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে তাকে মন্দিরের দেখভাল ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বলে উল্লেখ করলেও এই সংগঠনের নাটোর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় বলেছেন, বিবৃতিতে তরুণের পরিচয়কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথকে বিবৃতি সংশোধন করার জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘কাশিমপুর মহাশ্মশানটি এতটা নির্জন এলাকায় নাইটগার্ড থাকলেও চুরি বা ডাকাতির উদ্দেশ্যে কেউ এলে তার ভাগ্যেও তরুণের মতো ঘটনাই ঘটতো।’

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর থানার ওসি মো: মাহাবুর রহমান জানান, হত্যার বিষয়টি তদন্তের জন্য রাজশাহী থেকে সিআইডি ও ক্রাইমসিন ইউনিট এসেছে। জেলা পুলিশও কাজ করছে।