Home Blog Page 544

নির্ঘুম রাত ভাঙন আতঙ্কে,কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে বন্যায় পানি কমছে। তবে ভাঙন-আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ভাঙন আতঙ্কে রয়েছেন ডিমলা উপজেলার তিস্তাপাড়ের মানুষ। গতকাল সকাল থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। কিন্তু এখনো তলিয়ে রয়েছে চরাঞ্চলের আমন খেত ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পথঘাট। ফলে এখনো পানিবন্দি কয়েক হাজার পরিবার। এর মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
তিস্তার পানি কমায় ইতোমধ্যে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ী, টেপাখরিবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। নির্ঘুম রাত কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ৩০ টন চাল ও ১ হাজার ৫৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) জলকপাট খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পানি ধীরে ধীরে কমে যাচ্ছে। এ ছাড়া নদীপাড়ের পরিস্থিতির খোঁজখবর সার্বক্ষণিক রাখা হচ্ছে। এখন আর পানি বাড়ার আশঙ্কা নেই।
কুড়িগ্রাম : উজানের ঢল ও টানা বৃষ্টিতে গত তিন দিন ধরে কুড়িগ্রামের ধরলা ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। এসব নদনদীর পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছিল রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। সকাল থেকে পানি কমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের।
লালমনিরহাট : উজানের ঢল ও টানা কয়েকদিনে বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি কমে যাওয়ায় ঘরবাড়িতে ফিরতে শুরু করছে বানভাসি মানুষ। তবে বন্যার কারণে লালমনিরহাট সদর উপজেলার ১১টি এবং আদিতমারী উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
রংপুর : রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ৪৯ সেন্টিমিটার কমেছে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচর থেকে পানি সরে যেতে শুরু করেছে। তবে এখনো কিছু এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। সাময়িক বন্যায় তিস্তাপাড়ে আবাদ করা ধান খেত, মরিচ ও বাদামের খেত পানিতে নিমজ্জিত রয়েছে। তবে ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ।

সুপারশপে পলিথিন ব্যাগ বন্ধ আজ থেকে

দেশে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা হলেও ২২ বছরে তা বাস্তবায়ন হয়নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিনের ব্যবহার বন্ধে নানা পদক্ষেপ নেন। অবশেষে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে জোরালো অবস্থান নিয়েছেন। পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে সুপারশপগুলোর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ক্রেতারা যেন নিজস্ব ব্যাগ সঙ্গে নিয়ে কেনাকাটা করতে আসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সুপারশপগুলো নিজেদের মতো প্রস্তুতি নিয়েছে। পলিথিন বা পলিপ্রপাইলিন এমন কোনো ব্যাগই তারা ব্যবহার করবে না।
গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়। ওই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না। একই সঙ্গে ক্রেতাদের দেওয়া যাবে না। ওই দিন বিভিন্ন সুপারশপের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তখন থেকেই সুপারশপগুলো ইতিবাচকভাবে সাড়া দিয়েছে।
সুপারশপের আউটলেটের ম্যানেজাররা জানান, তারা এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের যে টিস্যু ব্যাগ, জালি ব্যাগ ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। পরিবেশ অধিদফতর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হচ্ছে। যার মূল্য ৬টা থেকে ১৭ টাকা পর্যন্ত। কাস্টমারদের সেগুলো কিনে নিতে হবে।
প্রাণ-আরএফএল গ্রæপের সুপারশপ ডেইলি শপিং। এই প্রতিষ্ঠানও গ্রাহকদের পলিথিন ব্যাগ সরবরাহ করবে না বলে জানা গেছে।
প্রাণ-আরএফএল গ্রæপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেন, আমরা এখন থেকে কাপড়ের ও কাগজের ব্যাগ ব্যবহার করব। তবে গ্রাহকদের নিজস্ব ব্যাগ নিয়ে আসার অভ্যাস গড়ে তুলতে হবে। যত তাড়াতাড়ি ক্রেতারা নিজেদের অভ্যাস পরিবর্তন করবেন, তত তাড়াতাড়ি আমাদের কাজ করা সহজ হবে।
এরই মধ্যে দেশের অন্যতম বড় সুপারশপ স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে পলিথিন ব্যাগ সরবরাহ না করার ইঙ্গিত দেওয়া হয়েছে। খুদেবার্তায় বলা হয়েছে, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে স্বপ্নে বাজার করতে নিজের পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনি চাইলে সুলভমূল্যে স্বপ্ন থেকেও এই ব্যাগ কিনতে পারবেন।’ অর্থাৎ গ্রাহকরা পরিবেশবান্ধব ব্যাগ না নিয়ে গেলে, পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে স্বপ্ন ব্যাগ বিক্রি করবে। এছাড়া আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার, প্রিন্স বাজারসহ ঢাকার সুপার শপগুলো তাদের ফেসবুক পেইজে নিষিদ্ধ পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ না ব্যবহারের ঘোষণা দিয়েছে।
পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। প্রচারণা চালিয়েছেন মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারেও। সচেতনতা বাড়াতে নিষিদ্ধ পলিথিনের বিকল্প পণ্যের মেলারও আয়োজন করা হয়।
গত রোববার পরিবেশ অধিদপ্তরে পলিথিনের বিকল্প পণ্যের মেলায় উঠে আসে পরিবেশবান্ধব নানা পণ্যের সমাহার। সুপারশপে পলিথিন বন্ধে ব্যবস্থা নিতে দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এসপিদের পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। তিনি পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, ‘প্লাস্টিক পলিথিনের অপ্রতিরোধ্য ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে, নদী-নালা ও জলাশয় দূষিত করছে এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এসব কারণে প্লাস্টিক পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সব পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।’
রিজওয়ানা বলেন, পলিথনের যে কোন ধরনের ব্যাগ ও প্লাস্টিক যে ফর্মেই তৈরি হোক না কেন তা সহজে পচে না। এই ব্যাগ ব্যবহারের পর ফেলে দেওয়া হলে মাটির সঙ্গে মিশতে সময় নেয় প্রায় সাড়ে ৪০০ থেকে ৫০০ বছর। এমনকি মাটির অনেক নিচে গেলেও তা ধ্বংস করছে মাটির স্বাভাবিক স্তরকে। পলিপ্রোপিলিন ব্যাগে থাকা রাসায়নিক পদার্থ মাটির জীব, গাছ, মাটির উর্বরতা, কৃষি উৎপাদনশীলতা সব কিছু ধবংস করে।
বাজার মনিটরিং ও বিকল্প দুটিকেই গুরুত্ব দিয়ে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, আগেও পলিথিন বন্ধের উদ্যোগ অনেকখানি সফল হয়েছিল শুধু বাজার মনিটরিংয়ের কারণে। আর পলিথিনের বিকল্প নিয়েও কাজ হচ্ছে। বাংলাদেশে সব সময়ই পলিথিনের সুস্পষ্ট বিকল্প ছিল। এখন পাট, কাপড় ও কাগজকে বিকল্প হিসেবে রাখা হয়েছে। প্লাস্টিক বা পলিথিনের মত দেখতে পচনশীল ব্যাগকেও বিকল্প হিসেবে আপাতত ভাবা হচ্ছে না।
এদিকে নিষিদ্ধ পলিথিন বন্ধের সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরের মাঈশা সুপার শপের সত্বাধিকারী আলম বলেন, ‘আমরা পলিথিন বন্ধের সিদ্ধান্তে খুশি। পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ হলে আমাদের ঝামেলা কমে যাবে। এখন ক্রেতারা বাজারের সময় ব্যাগ নিয়ে আসেন না। এতে প্রত্যেকটি জিনিসের জন্য আমাদের আলাদা পলিথিন ব্যবহার করতে হয়। এতে আমাদের খরচ বাড়ে। তাই অন্তর্বতীকালীন সরকারের পলিথিন বন্ধের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। আমি বিষয়টি জানার পর থেকে নতুন করে পলিথিন ক্রয় করিনি।
মাঈশা সুপার শপে বাজার করতে আসা ক্রেতা আব্দুর রহমান বলেন, পলিথিন নিষিদ্ধ করে আইন হয়েছে ২০০২ সালে। কিন্তু সেই আইন আলোর মুখ দেখেনি। তাই আইনের যথাযথ বাস্তবায়ন দৃশ্যমান হোক এটাই প্রত্যাশা আমাদের।
অন্যদিকে বিকল্প হিসেবে ভিন্নধর্মী ও সৃজনশীল উদ্যোগ যেমন ঝুট কাপড়ের ব্যাগ, মোম দিয়ে আবরণ দেওয়া কাগজ, মোটা ব্রাউন পেপার, টিনের ঝুড়ির মত বিকল্পের কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ফাহমিদা খানম। তিনি বলেন, বিকল্প ব্যাগটি সহজে ব্যবহার করা যাচ্ছে কি না এবং এটি তৈরির উপকরণ বাজারে সহজলভ্য কি না; সেটিকে গুরত্ব দেওয়া হয়েছে। এতে ব্যাগের দাম বাড়বে না।
এদিকে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের নেতারা বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তাঁরা উপদেষ্টাকে জানিয়েছিলেন, পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিকের উপযুক্ত বিকল্প না থাকায় পাটের ব্যাগ চালুর কার্যক্রম বাস্তবায়ন চ্যালেঞ্জিং। তাই প্যাকেজিংয়ের জন্য পাটের ব্যাগের চাহিদামতো সরবরাহ নিশ্চিত করতে হবে।
তখন এম সাখাওয়াত বলেছিলেন, ‘সারা দেশে পাটের প্রচলন বাড়াতে হবে। আগামী মাস (অক্টোবর) থেকে দেশের সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালুর কার্যক্রম নিয়েছে সরকার। এ মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে। আমি চাই, দেশের সবাইকে নিয়ে একযোগে এ কার্যক্রম সফল করতে। এতে করে দেশে পাটের অভ্যন্তরীণ ভোগ বাড়বে।’
তিনি আরো বলেছিলেন, ‘পাটের মোড়কের আইনের বাস্তবায়ন আরো আগে শুরু হওয়া উচিত ছিল। তাহলে এত দিনে পলিথিন ও প্ল্যাস্টিকের উপযুক্ত বিকল্প পাওয়া যেত। পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।’
দেশে কবে পলিথিন নিষিদ্ধ হয়?
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে ২০০২ সালের ১ মার্চ বিএনপি সরকার দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। তারপর পেরিয়েছে ২২ বছর। এর মধ্যে তত্ত¡াবধায়ক সরকার, এরপর ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ শাসন করেছে। তবুও আইন থাকা সত্তে¡ও দেশে পলিথিন ব্যবহার রোধ করা সম্ভব হয়নি। পলিথিন ব্যবহার কমার বিপরীতে সুপারশপ থেকে সবখানেই বেড়েছে পলিথিনের ব্যবহার। ২০০২ সালের পর ফের গতকাল থেকে সুপারশপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কায় ক্রেতা-বিক্রেতারা।

জয় ও পুতুলের ব্যাংক হিসাব স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। পাশাপাশি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে এই প্রথমবার শেখ হাসিনা পরিবারের ব্যক্তিদের ব্যাংক হিসাব স্থগিত করা হলো। এর আগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের নামে ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোয় থাকা ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত থাকবে। এসব হিসাবে ৩০ দিন কোনো লেনদেন করা যাবে না। একই সঙ্গে ওইসব হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন ও স্থানান্তরও করা যাবে না।
পাশাপাশি সিআরআই ও সিআরআই বাংলা প্রজেক্ট নামেও কোনো হিসাব থাকলে সেগুলোও স্থগিত থাকবে। সিআরআই বাংলা প্রজেক্ট পরিচালনা করেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। সিআরআই ও সিআরআই বাংলা প্রজেক্ট থেকে সাবেক আওয়ামী লীগ সরকারের পক্ষে নানা ধরনের তথ্য সংগ্রহ ও সেগুলো পর্যালোচনা করে জনস্বার্থবিরোধী নানা ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো। এমনকি প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন পেশার কর্মীদের নানা ধরনের অনৈতিক সুবিধাও দেওয়া হতো। ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ এ দুটি সংগঠনের মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাত।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ সংস্থা দুটির জনস্বার্থবিরোধী কার্যক্রম প্রকাশ্যে আসে। যে কারণে তাদের কার্যক্রম নিয়ে এখন তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে এখন তাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। চিঠিতে ওইসব প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখার কথা বলা হয়েছে। ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউতে পাঠানোর কথা বলা হয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ টিয়ারশেল বহু আহত তীব্র যানজট

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা দাবি মেনে নিতে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টার আলটিমেটাম দেন। সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন।
এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। তারা বিষয়টি নিয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেবে। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের জানান, আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলেছেন প্রধান উপদেষ্টা। তারা আজ সরকারের গঠিত কমিটির সঙ্গে আলোচনা করবেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কাকরাইল থেকে ইন্টারকন্টিনেন্টাল সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। রহিম নামে এক বাইকার বলেন, শুধু কাকরাইল মোড় পার হতে ৪০ মিনিট লেগেছে। রফিক নামে এক সিএনজিচালক বলেন, কয়েকটি রাস্তা ঘুরে কাকরাইল থেকে সাতরাস্তা পর্যন্ত আসতে দেড় ঘণ্টা লেগেছে।
জানা যায়, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা জাদুঘরের সামনে এসে জড়ো হতে থাকেন। দুপুর সোয়া ১টার দিকে তারা মিছিল নিয়ে যমুনার সামনে অবস্থান নিতে যান। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে তারা যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিসহ নানা স্লোগান দেন।
সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা মিছিল ও স্লোগান দিয়ে ব্যারিকেড সরিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এবং অনেককে লাঠিচার্জ করে। শিক্ষার্থীদের লাঠিচার্জ করার সময় তারাও জামা খুলে বুক পেতে দেন। পুলিশকে লক্ষ্য করে কয়েকজন বুকে গুলি করতে বলেন। শিক্ষার্থীরা বলেন, বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে স্বৈরাচার সরকারকে বিদায় করেছে। অথচ আপনারা আবার এসেছেন ছাত্রদের রক্তাক্ত করতে। চাকরিতে প্রবেশে বৈষম্য রেখে দেশ থেকে কোনোদিন পুরোপুরি বৈষম্য দূর করা যাবে না।
সমাবেশে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়। আমরা এখানে ৩৫-এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে। একপর্যায়ে তারা আমাদের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে অনেককে আহত করেছে।
আরেক আন্দোলনকারী বলেন, সেশনজট, করোনাসহ বিভিন্ন কারণে আমাদের বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন আমরা ভুক্তভোগী। আমরা চাকরি চাই না, অন্তত প্রতিযোগিতা করার সুযোগ চাই।
সোহেল নামের এক আন্দোলনকারী জানান, বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এক ঘণ্টা শেষ হলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডাকা হয়। পরে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে যান। দলের সদস্যরা হলেন-রতন, রুমান, মিয়াজি, সুরাইয়া, সাদ, সুমি ও রাসেল। সেখানে তারা প্রধান উপদেষ্টার প্রতিনিধি তথ্য ও স¤প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক করেন। রাত সাড়ে ৮টার দিকে বেরিয়ে আসেন প্রতিনিধিদলের সদস্যরা। তখন রুমান, সাদ ও রাসেল সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবিকে প্রধান উপদেষ্ট ইতিবাচক বলেছেন। আজ তারা এ বিষয়ে গঠিত কমিটির সঙ্গে সাক্ষাৎ করে দাবি বাস্তবায়নের বিষয়ে কথা বলবেন। এছাড়া সোমবার রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেবেন। এ বিষয়ে পুলিশের রমনা জোনের এডিসি হাসান মাহমুদ নাছের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করলেও কাউকে আটক করা হয়নি।
চাকরিতে বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি : কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মূয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি সরকারের কাছে সুপারিশ পেশ করবে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে। তিনি বলেন, কমিটির আহŸায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে, যে কজন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নেবেন।

ঘূর্ণিঝড় হেলেন, নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে

ঘূর্ণিঝড় হেলেনের আঘাতের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ৬ অঙ্গরাজ্যে এ পর্যন্ত অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। তবে ওয়াশিংটনের আশঙ্কা, নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র‌্যান্ডওয়েল সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ আশঙ্কা কথা জানান।
তিনি জানান, দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে ৩৯ জন, দক্ষিণ ক্যারোলাইনা থেকে ২৫ জন, জর্জিা থেকে ১৭ জন, ফ্লোরিডা থেকে ১৪ জন, টেনেসি থেকে ৪ জন এবং ভার্জিনিয়া থেকে ১ জনের মরদেহ উদ্ধোর করেছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের আশঙ্কা, এ ঝড়ে মৃতের প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পেরে।’
একই দিন পৃথক এক অনুষ্ঠানে ঘূর্ণিঝড় হেলনকে ‘ভয়াবহ বিধ্বংসী’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমার জীবনে আমি এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছি। নিখোঁজদের অনুসন্ধান এবং উপদ্রæতদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল।

দামেস্কে ইসরাইলের বিমান হামলা, টিভি উপস্থাপকসহ নিহত ৩

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এক জনপ্রিয় টিভি উপস্থাপকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
মঙ্গলবার (১ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কে শত্রু ইসরাইলি আগ্রাসনে টিভি উপস্থাপক সাফা আহমেদসহ তিনজন শহিদ হয়েছেন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ‘দখলকৃত গোলান মালভূমি থেকে’ স্থানীয় সময় রাত ২টার দিকে ড্রোন ও বিমান দিয়ে দামেস্কে হামলা চালায়। এতে তিনজন বেসামরিক নাগরিক ও ৯ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
সিএনএন বলেছে, সামাজিকমাধ্যমের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পশ্চিম সিরিয়ার টেলিকম ভবনের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। এর পর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই হামলায় সাফা আহমেদসহ অন্যরা নিহত হয়েছে কিনা জানা যায়নি।
গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল মাঝে মধ্যে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে।
এদিকে বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার ভোরে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা।
আলজাজিজার প্রতিবেদনে বলা হয়, ইসরাইল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা শুরু করেছে। বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়ার পরে আশেপাশে বোমাবর্ষণ করেছে।
লেবাননে ইসরাইলের নতুন স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলাটি চালানো হচ্ছে স্থল, আকাশ এবং কামান বাহিনীর সমন্বয়ে।

লেবাননে স্থল হামলা শুরু করল ইসরাইল

লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরাইল। ইতোমধ্যেই ইসরাইলি ট্যাংক ও সেনা বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে। একইসঙ্গে বিমান হামলাও চলছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থল ও অবকাঠামোর বিরুদ্ধে ‘সীমিত, স্থানীয় ও লক্ষ্যভেধী স্থল হামলা’ শুরু করেছে।
তারা জানায়, তারা সীমান্তের কাছে লেবাননি গ্রামগুলোকে টার্গেট করছে। হিজবুল্লাহ এসব অবস্থান থেকে উত্তর ইসরাইলের কমিউনিটিগুলোর প্রতি হুমকি সৃষ্টি করেছিল।
ইসরাইলের রাজনৈতিক নেতারা হামলাটি অনুমোদন করেছে। এর আগে আইডিএফের জেনারেল স্টাফ এবং নর্দার্ন কমান্ড এ ব্যাপারে প্রস্তুতি এবং পরিকল্পনা সম্পন্ন করে বলে ইসরাইলি বাহিনী জানায়।
তারা জানায, স্থল সেনাদের বর্তমানে বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী সহায়তা করছে।
‘অপারেশন নর্দার্ন অ্যারোস’ নামের এই হামলাটি গত মাসে শুরু হওয়া অভিযানেরই স¤প্রসারিত রূপ।
গত কয়েক দিন ধরে এই হামলাটি আসন্ন বলে মনে হচ্ছিল। বিশেষ করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর অব্যাহতভাবে ইসরাইলের সামরিক অবস্থানে রকেট হামলা চালানোর ফলে উত্তেজনা বাড়ছিল।
ইসরাইলি হামলায় হামাসের এলিট ফোর্স রাদওয়ান ফোর্স বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হারিয়েছিল। তবে তাদের যোদ্ধারা এখনো সক্রিয় আছে। নাসরুল্লাহ জীবিত থাকার সময় বলেছিলেন যে হিজবুল্লাহর এক লাখের বেশি যোদ্ধা রয়েছে। ফলে কমান্ডাররা নিহত হলেও তাদের সহকারীরা রয়ে গেছেন। যোদ্ধারাও আছেন। আর তাদের অবকাঠামোগুলো এখনো দক্ষিণ লেবাননে সক্রিয় রয়েছে। তারা প্রতিরোধ চালাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কঠিন পরীক্ষার মধ্যে পড়বেন বলে মনে করা হচ্ছে।

হাসিনার বিদায়ের পর দেশে ফিরছেন বেবী নাজনীন

দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। মাঝে নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু নানাবিধ বাধা বিপত্তিতে হয়ে উঠেনি। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অনেকে দেশে ফিরতে শুরু করেছেন। তালিকায় আছেন বেবী নাজনীনও।
তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই দেশে ফিরবেন ডায়মন্ডখ্যাত এই সংগীতশিল্পী। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছেন। হাতে থাকা কাজগুলো দ্রæত গুছিয়ে ফ্লাইট ধরবেন বেবী।
জমে থাকা কাজের মধ্যে রয়েছে পূর্বে সিডিউল দেওয়া স্টেজ প্রোগ্রাম। আমেরিকায় নিয়মিত স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। স¤প্রতি প্রবাসী ভক্তদের উদ্যোগে একটি একক সংগীতানুষ্ঠানে গান করেছেন তিনি।
সোমবার নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে সংগীতানুষ্ঠানের আয়োজন করে তার ফ্যানস ক্লাব। এছাড়া আরও কিছু শো আছে। সেগুলো শেষ করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, সিনেমা এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।

বাংলো বিক্রি করে নতুন গাড়ি কিনলেন কঙ্গনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকায় বাংলোটি কিনেছিলেন।
৩০৭৫ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত বাংলোটিতে ৫৬৫ বর্গফুট পার্কিং স্পেস ছিল। সেই বাংলোটি তিনি ৩২ কোটিতে বিক্রি করে দিয়েছেন।
আর সেই বাংলো বিক্রি করেই কঙ্গনা রানাওয়াত কিনেছেন বিলাসবহুল একটি গাড়ি। তার সেই রেঞ্জ রোভার গাড়ির দাম ৩ কোটি টাকা।
সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা সালোয়ার কামিজ। নতুন গাড়ির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
যে প্রতিষ্ঠান থেকে কঙ্গনা ল্যান্ড রোভার কিনেছেন, তারা কঙ্গনার ছবিগুলো পোস্ট করে লিখেছে- ‘বলিউডের কুইন, মিস কঙ্গনা রানাওয়াতকে তার নতুন রেঞ্জ রোভার রাইডের জন্য অভিনন্দন! রূপালী পর্দায় রাজত্ব করা থেকে শুরু করে সব কিছুতে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। আপনি সব সময় সব সমস্যায় মুখ খুলেছেন। এই পাওয়ার হাউসটি এর চেয়ে কোনো অংশে কম যোগ্য নয়। আপনার মতোই সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করতে থাকুন।’
প্রসঙ্গত, বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে প্রশংসাপত্র না পাওয়ায় কঙ্গনার পরিচালিত ছবি ইমার্জেন্সি মুক্তি পিছিয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে নির্মিত এ ছবিটি চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শ্রেয়াস তলপড়ে, অনুপম খের, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন।

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, বাঁধভাঙা উচ্ছাসে ভাসছে টালিউড

বলিউড-টালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী চলতি বছরের শুরুর দিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের পর এবার তার ঝুলিতে এলো দাদাসাহেব ফালকে পুরস্কার। আজ ৩০ সেপ্টেম্বর সেই কথা ঘোষণা করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এ কথা ছড়িয়ে পড়তেই বাঁধভাঙা উচ্ছ¡াসে ভাসছে টালিউড। টিভি ৯ বাংলাকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রতরা।
মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পেতেই যে প্রতিক্রিয়া জানালেন টালিউড অভিনেতা-অভিনেত্রীরাÑ
এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত এ বিষয়ে জানান, ‘ভীষণ আনন্দ হচ্ছে। এই সম্মান, এই পুরস্কার মিঠুন দার প্রাপ্য। আমাদের কাছে দাদা অনুপ্রেরণা। স¤প্রতি আমি মিঠুন দার কাবুলিওয়ালা দেখে খুব কেঁদেছি। উনি আমাদের দেশের গর্ব।’ প্রসঙ্গত ঋতুপর্ণা সেনগুপ্ত মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন।
এদিন মহাগুরুর আরেক সহ-অভিনেতা তথা আজকের বার্থডে বয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ভীষণ খুশি এই খবরে। তার জন্মদিনের দিনই এমন সুখবর আসায় তিনি জানান, ‘এ মুহূর্তটাকে আমাদের উচিত সবার উদযাপন করা। আমি ব্যক্তিগতভাবে ওর ভীষণ বড় ভক্ত। যে মানুষটা ডিস্কো ড্যান্সার থেকে তাহাদের কথা করতে পারে, সে আমার কাছে অনুপ্রেরণা। এত বছর ধরে নিজের অভিনয়ের গুণে তিনি তার এই জায়গা তৈরি করেছেন। দেশের অন্যতম সেরা অভিনেতা তিনি। দাদাকে আমার প্রণাম।’
রুদ্রনীল ঘোষের কথায় মিঠুন চক্রবর্তী যে সম্মান পেয়েছেন, সেটা খুব কমসংখ্যক অভিনেতাই তার জীবনে পান বা তাদের ভাগ্যে থাকে। তার কাছে এটা দারুণ খুশির খবর। একই সুর শোনা গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের গলাতেও। তার কথায়Ñ ‘যেদিন থেকে সিনেমা বুঝতে শিখেছি, জ্ঞান হয়েছে দাদার কাজ দেখেছি। উনি এখনো সেই একই উদ্যম নিয়েই কাজ করেন।’
মিঠুন চক্রবর্তী নিজে এদিন এ পুরস্কার পেয়ে এএসআইকে জানিয়েছেন, তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না বলার মতো। বাকরুদ্ধ হয়ে গেছেন। এত বড় সম্মান পেয়ে তিনি না পারছেন হাসতে, না পারছেন কাঁদতে। এই পুরস্কার তিনি তার পরিবার এবং ভক্তদের উৎসর্গ করেছেন।