দুই যুগ আগে মুক্তি পেয়েছিল বক্স অফিসে সফলতা পাওয়া ছবি ‘মার্ডার’। এই সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত। পরিচালনা করেছিলেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছিলেন মুকেশ ভাট। মুক্তির পর সিনেমাটির রসায়ন এবং অন্তরঙ্গ দৃশ্যগুলি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা তীব্র হয়।
তবে এরপর আর কোনও চলচ্চিত্রে জুটি বাঁধা তো দূর, একসঙ্গে কাজও করেননি তারা। বরং তিক্ত থেকে তিক্ততর হয় দুজনের সম্পর্ক। প্রকাশ্যেও একে অপরের উদ্দেশ্যে কটাক্ষ করতে দেখা গেছে তাদের। তবে সেসব বিবাদ মিটেছে বলেই মনে হচ্ছে এখন।
২০ বছর পর প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি দেখা হতেই পরস্পরকে জড়িয়ে ধরেন ইমরান ও মল্লিকা। পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজও দেন তারা, সঙ্গে চলে সামান্য খুনসুটি।
এবার এক সাক্ষাৎকারে তাদের দীর্ঘ বছরের ঝামেলার মূল কারণ ফাঁস করলেন মল্লিকা শেরাওয়াত।
ইমরান হাশমির সঙ্গে তার ঝগড়ার প্রসঙ্গে মল্লিকা বলেন, ‘সেই সময় আমাদের দু’জনেরই বয়স অল্প। অল্পতেই মাথা গরম হয়ে যেত, দুজনেরই ইগো ছিল অনেকটাই। সঙ্গে বোকাও ছিলাম আমরা। এবং সেই সুযোগটাই নেয় ইন্ডাস্ট্রির অনেক মানুষ। আসলে এখানে কুমন্ত্রণা দেওয়া মানুষের অভাব নেই সেটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে। ’
সামান্য থেমে ইমরানের বিষয়ে মল্লিকা ফের বলে ওঠেন, ‘মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার সিনেমার শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই সিনেমার পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।’
ভবিষ্যতে ফের একসঙ্গে জুটি বাঁধতে চান জানিয়ে মল্লিকা আরও বলেন, ‘আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক।’ উল্লেখ্য, মল্লিকাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিকি-বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’ সিনেমায়। সদ্যই মুক্তি পেয়েছে সিনেমাটি। বেশ লম্বা সময় পর পর্দায় হাজির হলেন অভিনেত্রী।
ইমরানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, ২০ বছর পর মুখ খুলেন মল্লিকা
টাকা না দিলে বাবার থেকেও খারাপ হাল হবে সালমানের, বিষ্ণোই গ্যাং
ফের সালমান খানকে হুমকি দিয়ে চিঠি দিয়েছে প্রভাবশালী গ্যাং বিষ্ণোই। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমানকে হত্যা করার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে এই গোষ্ঠিটি। এই হুমকি পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নাম্বরে হুমকি-চিঠিটি পাঠানো হয়। চিঠিতে লেখা হয়, সালমান খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সালমান খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোইর সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারির সুরে ওই বার্তায় লেখা হয়েছে, যদি টাকা না দেওয়া হয়, তবে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।
কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধস্বরূপই বিষ্ণোই দল তাকে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছে। কয়েক মাস আগে সালমানের বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার নেপথ্যেও বিষ্ণোই গোষ্ঠীর হাত ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। অন্যদিকে, গত ১২ অক্টোবর মুম্বাইয়ের নিকটবর্তী বান্দ্রায় এনসিপি নেতা বাবা সিদ্দিকে তার দপ্তরের বাইরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
মুম্বাই পুলিশ জানায়, এই খুনের পিছনেও রয়েছে লরেন্স বিষ্ণোই দলের হাত। বাবার সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল সালমানের। তার জন্যই শাহরুখ খানের সঙ্গে ফের মিটমাট হয়েছিল সালমানের। বিভিন্ন সমস্যায় বলিউড পাড়ায় প্রায়ই মুশকিল আসানের ভূমিকা পালন করে এসেছেন বাবা। প্রতি বছর ইফতারে পার্টির আয়োজন করতেন সাবেক এই কংগ্রেস নেতা বাবা। বলিউডের চাঁদের হাট বসত সেই পার্টিতে।
গত এপ্রিল মাসে সালমান খানের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মূলচক্রকারী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্পশুটা সুখাকে আটক করে পুলিশ। বহুদিন ধরে পুলিশের চোখের আড়ালে গা ঢাকা দিয়েছিলেন শুটার শুখা। এএনআই সংস্থার থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার অবশেষে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ে।
সালমানের বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের ঘটনায় স¤প্রতি সালমানের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। প্রায় ৪ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে কথা হয় সালমানের। শুধু সালমানই নয়, এই ঘটনায় সালমানের ভাই আরবাজেরও বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা যায়।
অবসরের ইঙ্গিত দিলেন মেসি
দীর্ঘ ক্যারিয়ারে অপ্রাপ্তি বলে কিছু নেই লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ জয়ের পরপরই সব আক্ষেপ দূর হয়েছে মেসির। এরপর জিতেছেন একটি ব্যালন ডি’অর ও সবশেষ কোপা আমেরিকা শিরোপাও। এমন সাফল্যের পর অবসরের পথে হাঁটেন কিংবদন্তিরা। তবে মেসি এখনও তেমনটি করেননি। এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ক্যারিয়ার নিয়ে মেসির ভাবনাটা আসলে কি? তিনি কোথায় থামবেন?
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মায়ামির চেজ স্টেডিয়ামে স্পেনের সংবাদমাধ্যম মার্কার ‘আমেরিকা লেজেন্ড’ পুরস্কার নেওয়ার সময় নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে কথা বলেন মেসি। দিয়েছেন অবসরের ইঙ্গিতও।
মেসি বলেন, ‘যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, এ বিষয়ে মেসি বলেন, ‘দেখা যাক কী হয়। আমি আগেভাগেই ভাবতে পছন্দ করি না। প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি। আশা করি এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারব, ভালো অনুভব করব এবং সুখী থাকব। যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’
মার্কার হিসাব অনুযায়ী ক্যারিয়ারে ৪৬টি ট্রফি জয়ের পাশাপাশি ৫৬টি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন মেসি। যদিও ইএসপিএনের হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন তারকার মোট ট্রফিসংখ্যা ৪৮। ক্যারিয়ার জুড়ে এত ট্রফি জেতা মেসির প্রথম ট্রফি কোনটি। সেই স্মৃতি কি মনে আছে মেসির। এমন প্রশ্নে মেসি বলেন, ‘ছোটবেলায় জেতা প্রথম ট্রফির ছবি দেখেছি। কিন্তু মনে নেই সেভাবে। খুব অল্প বয়স থেকে ফুটবল উপভোগ করি। এটা আমার প্যাশন।’
অনেকের মতে, অবসর নিতেই ইন্টার মায়ামিতে এসেছেন মেসি। যদিও সেটা মানতে নারাজ আর্জেন্টাইন মহাতারকা। বলেন, ‘অবসর নিতে এখানে (মায়ামি) আসিনি। শিরোপা জয়ের মাধ্যমে এই দলটিকে বড় করে তুলতে আমরা এখানে এসেছি, যেটা আমরা করেছি এবং আরও শিরোপার কাছাকাছি আছি।’
আর্জেন্টিনার হয়ে খেলা কেমন উপভোগ করছেন এমন প্রশ্নে মেসি বলেন, ‘কিছুদিন আগে মনুমেন্তাল স্টেডিয়ামে (বলিভিয়া ম্যাচে) লোকে আমার এবং আমার সতীর্থদের নামে চিৎকার করেছে। আর্জেন্টিনার হয়ে অনেক খারাপ সময় পার করেছি, তবে বর্তমান সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আমি এটা উপভোগ করছি কারণ সময় ফুরিয়ে যাচ্ছে।’
ক্রিকেট নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়টি উড়িয়ে দিল ভারত
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির এই আসরে অংশ নেবে আটটি দল। যেখানে বাকি দলগুলো পাকিস্তানে যাওয়ার কথা জানালেও বাগড়া বাধিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যেতে চায় না দলটি। বিপরীতে তাদের চাওয়া ভারতের ম্যাচগুলো ভিন্ন কোথাও সরিয়ে নেওয়া।
এই অবস্থায় ধারণা করা হচ্ছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সফর গেলে এ নিয়ে জটিলতা কেটে যাবে। এরপর খবর রটে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে জয়শঙ্করের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি। যেখানে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনরায় চালুর ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
তবে বিষয়টি যে সত্য নয় সেটি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
ক্রিকেটবিষয়ক খবরটি সঠিক নয় জানিয়ে জয়সোয়াল বলেন, ‘ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, আমি বলব এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি সঠিক নয়।’
তার এমন কথার পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কেননা, ভারত সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। এরপর নিরাপত্তার অজুহাত দেখিয়ে আর কখনোই পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। সবশেষ এশিয়া কাপেও ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানে না খেলে শ্রীলংকায় খেলেছে। এবারও সে পথেই হাঁটছে ভারত।
সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার মুখ খুললেন উপদেষ্টা রিজওয়ানা
এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এদিকে শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এতে করে কানপুর টেস্টই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইলো সাকিবের জন্য।
বৃহস্পতিবার সাকিবের দেশে ফেরার কথা থাকলেও তিনি দেশে ফিরছেন না। দুবাইয়ে পৌঁছানোর পর সাকিব বাংলাদেশ থেকে বার্তা পান, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে।
এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলতে গিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,আমি যতটুকু জেনেছি তিনি নিজে বলেছেন নিরাপত্তার কারণে উনি আসছেন না। সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার কারণে আসবেন না এমন কোনো কথা ওনাকে বলা হয়েছে বলে আমাদের জানা নেই।
এর আগে সাকিবের দেশে না ফেরা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি।
এদিকে বাংলাদেশে না ফিরতে পারার বিষয়ে সাকিব জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি। সাকিব বলেন, দেশে ফেরার কথা ছিলৃ কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যইৃ।
সাকিবকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দল ঘোষণার পর গতকাল থেকে দেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়া শুরু করে। বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। সেই সঙ্গে হয়েছে দেয়াল লিখনও। এছাড়াও বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিকে সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেয়া হয়, সে দাবি নিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শেরেবাংলায় স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। সেই সঙ্গে দল থেকে সাকিবকে বাদ দেয়ার কথাও জানায়।
সাকিবকে নিয়েই মিরপুর টেস্ট স্কোয়াড
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গতকাল সকালে ঢাকায় পা রাখেন ফিল সিমন্স। হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে ১২টায় চলে আসেন মিরপুর স্টেডিয়ামে। সেন্টার উইকেটে তখন অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস, সাদমান ইসলাম, জাকির হাসান, নাহিদ রানারা। তাদের অনুশীলন করাচ্ছিলেন বোলিং কোচ আন্দ্রে এডামস, ব্যাটিং কোচ জাস্টিন হেম্পরা। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম মাঠে প্রবেশ করেন টাইগারদের অন্তর্বর্তী কোচ সিমন্সকে নিয়ে। সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির মিডিয়া ম্যানেজার টাইগারদের নতুন কোচকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুশীলনে উপস্থিত না থাকলেও মাঠে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বেশকিছুটা সময় কথা বলেন সিমন্সের সঙ্গে। টাইগার কোচও ঘুরে ঘুরে দেখেন অনুশীলন। বিসিবি ক্যারিবীয় কোচকে দায়িত্ব তুলে দেয় চন্ডিকা হাতুরাসিংহকে বহিষ্কার করে। মঙ্গলবার হাতুরাসিংহেকে চুক্তির মেয়াদ শেষের চার মাস আগে বহিষ্কার করে বিসিবি। সিমন্সের বাংলাদেশ মিশন শুরু হচ্ছে ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজ দিয়ে। ২১-২৫ অক্টোবর মিরপুরে প্রথম টেস্টের জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। মিরপুর টেস্ট খেলে সাকিব লাল বল ও সাদা পোশাকের ক্রিকেটে আনুষ্ঠানিক বিদায় জানাবেন। স্কোয়াডে জায়গা হয়নি ফাস্ট বোলার খালেদ আহমেদের। যিনি পাকিস্তান ও ভারত সফরে ছিলেন। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলার আগে মিডিয়াকে সাকিব জানিয়েছিলেন, টি-২০ ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায়ের কথা। দেশের বাইরে কানপুরে খেলেছেন তার শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার চাইলেও বিষয়টি সহজ ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন গার্মেন্ট কর্মী হত্যার আসামি করা হয় তাকে। আওয়ামী সরকারের একজন সংসদ সদস্য হওয়ায় তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে ঘরের মাঠে খেলতে না দেওয়ারও আন্দোলন করে। কিন্তু সাকিব দেশে খেলার জন্য মরিয়া ছিলেন। তিনি বিসিবির সহায়তা চান। বিসিবি তাকে আইনি নিরাপত্তা দিতে পারবে না বলে জানায়। যদিও পরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁঁইয়ার সবুজ সংকেত পান সাকিব। তিনি জানান, দেশে ফেরা এবং যাওয়ার পথে কোনোরকম আইনি ঝামেলার মুখে পড়তে হবে না সাকিবকে। এর আগে অবশ্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিজের অফিশিয়াল ফেসবুকে পোস্ট দেন সাবেক অধিনায়ক। গতকাল তাকে নিয়েই বিসিবি মিরপুর প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করে। অবশ্য ২৯ অক্টোবর-২ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে না খেলার সম্ভাবনাই বেশি।
মেসির হ্যাটট্রিকের দিনে উজ্জ্বল ব্রাজিল
দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের গত দুই ম্যাচে কলম্বিয়ার কাছে হার ও ভেনেজুয়েলার মাঠে ড্রয়ের পর মেসির হ্যাটট্রিকে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। অন্যদিকে পেরুর বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিলও। প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ফুটবলের দুই পরাশক্তি। গতকাল বুয়েনস আইরেসে বলিভিয়াকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় আর্জেন্টিনা। আর ব্রাসিলিয়ায় পেরুর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পায় ব্রাজিল। গত দুই ম্যাচে জয় না পাওয়ায় আলবিসেলেস্তারা এদিন বলিভিয়াকে একদম পাত্তাই দেয়নি। শক্তিশালী আক্রমণের জন্য পূর্ণশক্তির দল নামান লিওনেল স্কালোনি। জয়ে ফেরার লক্ষ্যে মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে নিয়ে শক্তিশালী আক্রমণভাগ সাজান বিশ্বকাপজয়ী এ কোচ। হাই প্রেসিং ফুটবলের ঝলক দেখা যায় ম্যাচের শুরু থেকে। যদিও প্রতিপক্ষের পায়ে তেমন বলই দেখা যাচ্ছিল না। এদিন হ্যাটট্রিকসহ আরও ২ গোলে সহায়তা করেন ইন্টার মিয়ামি তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। ১টি করে গোল পান মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও বদলি খেলোয়াড় থিয়াগো আলমাদা। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আন্তর্জাতিক ফুটবলে ১১২টি গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। মেসির ওপরে ১৩৩ গোল নিয়ে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
আরেক ম্যাচে মাঝমাঠে দুটি পরিবর্তন ও দলের অধিনায়ক দানিলোকে বেঞ্চে রেখে একাদশে তিনটি পরিবর্তন আনেন দরিভাল জুনিয়র। এদিন ঘরের মাঠে পেরুকে পাত্তাই দেয়নি স্বাগতিক ব্রাজিল। শুরু থেকে প্রতিপক্ষকে কঠিন চাপে রেখে ৪-০ গোলের সহজ জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচের প্রথম ২টি গোল আসে পেনাল্টি থেকে। সফল স্পট কিকে গোল ২টি করেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
দুই লিডের পরও গোলক্ষুধা মেটেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান বাড়িয়ে দেন আন্দ্রেয়াস পেরেইরা। ৩ মিনিট পরই অভিষেক ম্যাচের পর এদিনও বদলি খেলোয়াড় হিসেবে গোলের দেখা পান লুইজ হেনরিক। এটি ২৩ বছর বয়সি খেলোয়াড়ের দেশের হয়ে দ্বিতীয় গোল। ইতালিয়ান ক্লাব বোটাফোগোতে খেলা এ ফুটবলার ইতোমধ্যে দলের অন্যতম খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন।
শিখ নেতা নিজ্জার হত্যা
কানাডার কর্মকর্তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তথ্য শেয়ার করে বলেছেন, (ভারতের) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার নির্দেশে খালিস্তানপন্থি হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহেও ভারতের কর্মকর্তারা কাজ করেছেন। ভারত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও ‘র’-এর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ দেশটির কূটনীতিকদের কথোপকথন কানাডার কর্তৃপক্ষের কাছে রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে গতকাল বুধবার দ্য হিন্দু অনলাইন এসব তথ্য জানায়। মার্কিন সংবাদমাধ্যমটির দাবি, ভারত সরকারের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিহ্নিত করেছেন কানাডার কর্মকর্তারা। এর আগেও শিখ নেতা নিজ্জার হত্যায় ভারত সরকার জড়িত বলে দাবি করে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি নয়াদিল্লির দিকে আঙুল তোলেন। ভারত বরাবরই এ দাবিকে ‘অবান্তর’ বলে উড়িয়ে দিয়েছে। এ ধরনের অভিযোগের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি।
হত্যায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার কানাডা সরকারের পক্ষ থেকে দেশটিতে কর্মরত ছয় ভারতীয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বা আরসিএমপি প্রকাশ্যে দাবি করে, ভারত সরকারের এজেন্টরা কানাডায় সহিংস ঘটনা ঘটিয়েছেন। পরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সিঙ্গাপুরে অজিত দোভাল ও কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাথালি ড্রোইনের মধ্যে হওয়া একটি গোপন বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করেন। ওই বৈঠকে দোভালকে কানাডার কর্তৃপক্ষ তাদের কাছে থাকা তথ্যপ্রমাণ দেখিয়েছিলেন বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, ওই বৈঠকে কানাডার কর্মকর্তারা অমিত শাহর সংশ্লিষ্টতা ও তাদের কাছে থাকা অন্য প্রমাণও অজিত দোভালের সঙ্গে শেয়ার করেন। ওই বৈঠকে নাথালি ড্রোইন ছাড়াও কানাডার উপপররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন এবং আরসিএমপির শীর্ষ কর্মকর্তারা ছিলেন।
আরসিএমপির অভিযোগ, ঘটনার পুরো চক্রে ভারতের সন্ত্রাসী গোষ্ঠী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতাও রয়েছে। তারা সরকারি এজেন্টদের সঙ্গে মিলে এর বাস্তবায়ন ঘটিয়েছে। ২০১৫ সাল থেকে কারাগারে থাকা ৩১ বছরের বিষ্ণোই নেতৃত্বাধীন ওই গ্যাংয়ের সদস্য সংখ্যা কয়েকশ বলে ধারণা করা হয়।
স¤প্রতি মহারাষ্ট্রের রাজনীতিক ও খ্যাতিমান ব্যক্তিত্ব বাবা সিদ্দিকির হত্যার ঘটনায় সংগঠনটির নাম ব্যাপকভাবে সবার সামনে আসে। বলা হয়, কারাগারে বসেই বাইরের অপরাধ জগতের নিয়ন্ত্রণ করেন বিষ্ণোই।
এনডিটিভি জানায়, শিখ নেতা নিজ্জার হত্যাকাণ্ডে কানাডার পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ভারত তদন্তকাজে সহযোগিতা করছে না। এ বিষয়ে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি যখন কানাডার, তখন আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, যে অভিযোগ করা হয়েছে, তা অত্যন্ত গুরুতর। ভারতকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কিন্তু স্পষ্টতই ভারত সে পথে যায়নি।’
দ্য গার্ডিয়ান অনলাইন লিখেছে, বুধবার ব্রিটেন বলেছে, কানাডার বিচার প্রক্রিয়ায় ভারতের অংশগ্রহণ হবে সঠিক পদক্ষেপ। এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, কানাডার বিচার ব্যবস্থায় তাদের পূর্ণ আস্থা রয়েছে। এ বিষয়ে কানাডীয় অংশীদারদের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।
ভারতে স্বাধীন খালিস্তান রাষ্ট্রের সমর্থক হারদীপ সিং নিজ্জারকে গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সুরে এলাকায় একটি গুরুদুয়ারার সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন জাস্টিন ট্রুডো। ভারতের পাঞ্জাব রাজ্যের বাইরে সবচেয়ে বেশি শিখ জনগোষ্ঠীর বাস কানাডায়। সেখানে ৭ লাখ ৭০ হাজারের বেশি শিখ থাকেন।
টাক মাথার ভোটারদের সংবর্ধনা দিলেন সংসদ সদস্য
চাপা গায়ের রঙ, স্থূলকায় চেহারা কিংবা উচ্চতায় খাটো হওয়ায় সমাজে নানাভাবে অপদস্ত হতে হয় তাদের। শুধু তাই নয়, মাথায় টাকের জন্য শুনতে হয় টিপ্পনি। টাক মাথার জন্য জনসমক্ষে বেরতেও লজ্জা পান অনেকে।
এই কারণে উৎসবের মৌসুমে টাক মাথা নিয়ে পুজোমণ্ডপে যেতে বা সেলফি তুলতে হীনমন্যতায় ভুগেছেন তারা। এবার সেই সব মানুষের মনোবল বাড়াতে পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের শাসক দলের এক বিধায়ক (এমপি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বুধবার (১৬ অক্টোবর) নিজের বিধানসভার টাক মাথার মানুষদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে তুলে দেন উপহার।
বিজয়া দশমীর প্রাক্কালে ক্যানিংয়ের জীবনতলা বাজারে আয়োজন করা হয়েছিল টাক মাথার মানুষদের বিশেষ এই সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন শওকত মোল্লা। এই অনুষ্ঠানে কালিকাপুর ও মঠেরদীঘি পঞ্চায়েত এলাকার শতাধিক টাক মাথার মানুষদের সংবর্ধনা দেয়া হয়। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান তৃণমূল নেতা। উপহার হিসাবে তাদের হাতে তুলে দেন নতুন পাঞ্জাবি ও গোলাপ ফুল।
এলাকার বাসিন্দা তরুণ মণ্ডল বলেন, অনেক রকম তেল, ওষুধ মেখেছি। কিছুতেই কাজ হয়নি। ৪০ বছরেই সব চুল উঠে গিয়েছে। আমাদের মনোবল বাড়াতে বিধায়ক যে উদ্যোগ নিলেন সে জন্য আমরা কৃতজ্ঞ। বিধায়কের হাত থেকে উপহার পেয়ে বেজায় খুশি সকলে।
এ নিয়ে শওকত মোল্লা জানান, সবই ঈশ্বরের দান। এ নিয়ে হীনমন্যতা বা মন খারাপের কোনো দরকার নেই। যাদের মাথায় চুল নেই তাদের সংবর্ধনা দেব আমি। আপাতত দুটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হলো এই কর্মসূচি। আগামী দিনে গোটা বিধানসভা এলাকা জুড়ে এই কর্মসূচি চলবে।
দর্শকের মুখে ফিরছে সিনেমার গান
চলচ্চিত্রের গানে নতুনত্ব এসেছে। দর্শক এখন যেমন গান পছন্দ করে তেমন গানই তারা চলচ্চিত্রে পাচ্ছে এবং তাই তা দর্শকের মুখে মুখে ফিরছে। সর্বশেষ রায়হান রাফির ‘তুফান’ সিনেমার গানের কথা যদি বলতে হয় তাহলে বলব- ‘লাগে উরাধুরা’ এবং ‘দুষ্টু কোকিল’ গানেই ‘তুফান’ বয়ে গেছে চারদিক। যদিও এগুলো আইটেম ঘরানার এবং একটি শ্রেণির পছন্দের তালিকায় সীমাবদ্ধ, তবু আশার কথা দীর্ঘদিন পর চলচ্চিত্রের গান আবার দর্শকের পছন্দের খাতায় যোগ হচ্ছে।
‘তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতেরও আঁধারে দোসরও হয়ে তাই সে আমারে টানে…’। ১৯৬০ সালে মুক্তি পাওয়া প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ ছবির গান এটি। এ গানটি এখনো দর্শক-শ্রোতাদের নষ্টালজিকে আক্রান্ত করে। বলা হয়ে থাকে এ গানটি এতটাই জনপ্রিয় হয় যে, শুধু গানটি শোনার জন্যই বারবার দর্শক ছুটে গেছে সিনেমা হলে। ফলশ্রুতিতে ‘রাজধানীর বুকে’ সুপারহিট। গানের ক্যারিশমা ছবির সাফল্যের অন্যতম নিয়ামক বলে খোদ এহতেশামই বলেছিলেন। একসময় চলচ্চিত্রের বিজ্ঞাপনে বলা হতো-‘আসিতেছে গানের ছবি, প্রাণের ছবি…’, মানে নির্মাতারা ছবি হিট করার জন্য গল্পের পাশাপাশি গানকে প্রাধান্য দিতেন আর সুফলও পেতেন। মানে গানের জোরেই ছবি হিট হয়ে যেত। এমন উদাহরণ প্রচুর রয়েছে। কমপক্ষে আশির দশক পর্যন্ত গানের সুবাদে সিনেমা হিটের ধারাবাহিকতা বজায় ছিল। দুঃখজনক হলেও সত্য, নব্বই দশকের প্রায় শেষভাগে এ দেশে অশ্লীল সিনেমার জোয়ার শুরু হলে সিনেমার গানও বিকৃত রুচির কবলে পড়ে। এ সময় থেকে সিনেমার মনকাড়া গান আর পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় পর ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ সিনেমার গান আবার দর্শক-শ্রোতার মুখে মুখে ফিরতে থাকে। গানের জন্যই এ সিনেমা বেশিসংখ্যক দর্শক সিনেমা হলে টেনে আনে। এরপর মাঝেমধ্যে সিনেমার হিট গান পাওয়া যেতে থাকে। এর মধ্যে এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ এবং সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লা বাড়ীর বউ’ সিনেমার গানের জনপ্রিয়তার কথা না বললেই নয়। যাই হোক, বর্তমানে আবার গত কয়েক বছর ধরে গানের সুবাদেই সিনেমা হিট হতে শুরু করেছে। যেমন ২০২০ সালে মুক্তি পাওয়া চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবির ‘রাতের সব তারা আছে দিনের গভীরে’ গানটি ব্যাপক সাড়া জাগায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবির ‘সুরমা সুরমা’ গানটি সুপারহিট হয়। সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। একই বছরের সবচেয়ে আলোচিত সিনেমার গান হচ্ছে ‘ও প্রিয়তমা’। ‘প্রিয়তমা’ ছবির এ গানটি রেডিও টেলিভিশনেও শ্রোতাদের পছন্দের শীর্ষে ছিল। ‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রিয়তমা সিনেমার আরও একটি গান শ্রোতাপ্রিয়তা লাভ করে। গানটির শিরোনাম ‘ঈশ্বর’। নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ গানটি গত বছরের শ্রোতাপ্রিয় গানের তালিকায় ছিল। এর আগে ২০২২ সালের সবচেয়ে আলোচিত ও শ্রুতিমধুর সিনেমার গানের তালিকায় রয়েছে- ‘হাওয়া’র ‘সাদা সাদা কালা কালা’। একই ছবির ‘আটটা বাজে দেরি করিস না’। ‘পরাণ’ ছবির ‘ধীরে ধীরে’। ‘গুণিন’ ছবির ‘ঘোমটা তুলে বদন খুলে’, ‘দুই দিনের দুনিয়া’ ছবির ‘ট্যাকা পাখি’, ‘জীবন রোড’, ‘পাপ পুণ্য’ ছবির ‘তোর সঙ্গে নামলাম রে পথে’, ‘চোখ গেল পাখি,’ বিশ্বসুন্দরীর ‘তুই কি আমার হবি রে’ ‘তালাশ’ ছবির রণক ইকরামের লেখা ‘মায়া মাখা’, ‘পরাণ’ ছবির জনি হকের লেখা ‘চল নিরালায়’, ‘রাজকুমার’ ছবির টাইটেল গান ‘রাজকুমার’ প্রভৃতি। এ গানগুলোও মানুষের হৃদয় ছুঁয়েছে বলেই এগুলো দর্শক-শ্রোতাদের মুখে মুখে ফিরেছে।


