Home Blog Page 560

শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ টিয়ারশেল বহু আহত তীব্র যানজট

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা দাবি মেনে নিতে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টার আলটিমেটাম দেন। সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন।
এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। তারা বিষয়টি নিয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেবে। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের জানান, আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলেছেন প্রধান উপদেষ্টা। তারা আজ সরকারের গঠিত কমিটির সঙ্গে আলোচনা করবেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কাকরাইল থেকে ইন্টারকন্টিনেন্টাল সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। রহিম নামে এক বাইকার বলেন, শুধু কাকরাইল মোড় পার হতে ৪০ মিনিট লেগেছে। রফিক নামে এক সিএনজিচালক বলেন, কয়েকটি রাস্তা ঘুরে কাকরাইল থেকে সাতরাস্তা পর্যন্ত আসতে দেড় ঘণ্টা লেগেছে।
জানা যায়, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা জাদুঘরের সামনে এসে জড়ো হতে থাকেন। দুপুর সোয়া ১টার দিকে তারা মিছিল নিয়ে যমুনার সামনে অবস্থান নিতে যান। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে তারা যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিসহ নানা স্লোগান দেন।
সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা মিছিল ও স্লোগান দিয়ে ব্যারিকেড সরিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এবং অনেককে লাঠিচার্জ করে। শিক্ষার্থীদের লাঠিচার্জ করার সময় তারাও জামা খুলে বুক পেতে দেন। পুলিশকে লক্ষ্য করে কয়েকজন বুকে গুলি করতে বলেন। শিক্ষার্থীরা বলেন, বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে স্বৈরাচার সরকারকে বিদায় করেছে। অথচ আপনারা আবার এসেছেন ছাত্রদের রক্তাক্ত করতে। চাকরিতে প্রবেশে বৈষম্য রেখে দেশ থেকে কোনোদিন পুরোপুরি বৈষম্য দূর করা যাবে না।
সমাবেশে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়। আমরা এখানে ৩৫-এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে। একপর্যায়ে তারা আমাদের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে অনেককে আহত করেছে।
আরেক আন্দোলনকারী বলেন, সেশনজট, করোনাসহ বিভিন্ন কারণে আমাদের বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন আমরা ভুক্তভোগী। আমরা চাকরি চাই না, অন্তত প্রতিযোগিতা করার সুযোগ চাই।
সোহেল নামের এক আন্দোলনকারী জানান, বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এক ঘণ্টা শেষ হলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডাকা হয়। পরে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে যান। দলের সদস্যরা হলেন-রতন, রুমান, মিয়াজি, সুরাইয়া, সাদ, সুমি ও রাসেল। সেখানে তারা প্রধান উপদেষ্টার প্রতিনিধি তথ্য ও স¤প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক করেন। রাত সাড়ে ৮টার দিকে বেরিয়ে আসেন প্রতিনিধিদলের সদস্যরা। তখন রুমান, সাদ ও রাসেল সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবিকে প্রধান উপদেষ্ট ইতিবাচক বলেছেন। আজ তারা এ বিষয়ে গঠিত কমিটির সঙ্গে সাক্ষাৎ করে দাবি বাস্তবায়নের বিষয়ে কথা বলবেন। এছাড়া সোমবার রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেবেন। এ বিষয়ে পুলিশের রমনা জোনের এডিসি হাসান মাহমুদ নাছের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করলেও কাউকে আটক করা হয়নি।
চাকরিতে বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি : কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মূয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি সরকারের কাছে সুপারিশ পেশ করবে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে। তিনি বলেন, কমিটির আহŸায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে, যে কজন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নেবেন।

ঘূর্ণিঝড় হেলেন, নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে

ঘূর্ণিঝড় হেলেনের আঘাতের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ৬ অঙ্গরাজ্যে এ পর্যন্ত অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। তবে ওয়াশিংটনের আশঙ্কা, নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র‌্যান্ডওয়েল সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ আশঙ্কা কথা জানান।
তিনি জানান, দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে ৩৯ জন, দক্ষিণ ক্যারোলাইনা থেকে ২৫ জন, জর্জিা থেকে ১৭ জন, ফ্লোরিডা থেকে ১৪ জন, টেনেসি থেকে ৪ জন এবং ভার্জিনিয়া থেকে ১ জনের মরদেহ উদ্ধোর করেছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের আশঙ্কা, এ ঝড়ে মৃতের প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পেরে।’
একই দিন পৃথক এক অনুষ্ঠানে ঘূর্ণিঝড় হেলনকে ‘ভয়াবহ বিধ্বংসী’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমার জীবনে আমি এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছি। নিখোঁজদের অনুসন্ধান এবং উপদ্রæতদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল।

দামেস্কে ইসরাইলের বিমান হামলা, টিভি উপস্থাপকসহ নিহত ৩

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এক জনপ্রিয় টিভি উপস্থাপকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
মঙ্গলবার (১ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কে শত্রু ইসরাইলি আগ্রাসনে টিভি উপস্থাপক সাফা আহমেদসহ তিনজন শহিদ হয়েছেন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ‘দখলকৃত গোলান মালভূমি থেকে’ স্থানীয় সময় রাত ২টার দিকে ড্রোন ও বিমান দিয়ে দামেস্কে হামলা চালায়। এতে তিনজন বেসামরিক নাগরিক ও ৯ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
সিএনএন বলেছে, সামাজিকমাধ্যমের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পশ্চিম সিরিয়ার টেলিকম ভবনের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। এর পর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই হামলায় সাফা আহমেদসহ অন্যরা নিহত হয়েছে কিনা জানা যায়নি।
গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল মাঝে মধ্যে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে।
এদিকে বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার ভোরে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা।
আলজাজিজার প্রতিবেদনে বলা হয়, ইসরাইল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা শুরু করেছে। বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়ার পরে আশেপাশে বোমাবর্ষণ করেছে।
লেবাননে ইসরাইলের নতুন স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলাটি চালানো হচ্ছে স্থল, আকাশ এবং কামান বাহিনীর সমন্বয়ে।

লেবাননে স্থল হামলা শুরু করল ইসরাইল

লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরাইল। ইতোমধ্যেই ইসরাইলি ট্যাংক ও সেনা বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে। একইসঙ্গে বিমান হামলাও চলছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থল ও অবকাঠামোর বিরুদ্ধে ‘সীমিত, স্থানীয় ও লক্ষ্যভেধী স্থল হামলা’ শুরু করেছে।
তারা জানায়, তারা সীমান্তের কাছে লেবাননি গ্রামগুলোকে টার্গেট করছে। হিজবুল্লাহ এসব অবস্থান থেকে উত্তর ইসরাইলের কমিউনিটিগুলোর প্রতি হুমকি সৃষ্টি করেছিল।
ইসরাইলের রাজনৈতিক নেতারা হামলাটি অনুমোদন করেছে। এর আগে আইডিএফের জেনারেল স্টাফ এবং নর্দার্ন কমান্ড এ ব্যাপারে প্রস্তুতি এবং পরিকল্পনা সম্পন্ন করে বলে ইসরাইলি বাহিনী জানায়।
তারা জানায, স্থল সেনাদের বর্তমানে বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী সহায়তা করছে।
‘অপারেশন নর্দার্ন অ্যারোস’ নামের এই হামলাটি গত মাসে শুরু হওয়া অভিযানেরই স¤প্রসারিত রূপ।
গত কয়েক দিন ধরে এই হামলাটি আসন্ন বলে মনে হচ্ছিল। বিশেষ করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর অব্যাহতভাবে ইসরাইলের সামরিক অবস্থানে রকেট হামলা চালানোর ফলে উত্তেজনা বাড়ছিল।
ইসরাইলি হামলায় হামাসের এলিট ফোর্স রাদওয়ান ফোর্স বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হারিয়েছিল। তবে তাদের যোদ্ধারা এখনো সক্রিয় আছে। নাসরুল্লাহ জীবিত থাকার সময় বলেছিলেন যে হিজবুল্লাহর এক লাখের বেশি যোদ্ধা রয়েছে। ফলে কমান্ডাররা নিহত হলেও তাদের সহকারীরা রয়ে গেছেন। যোদ্ধারাও আছেন। আর তাদের অবকাঠামোগুলো এখনো দক্ষিণ লেবাননে সক্রিয় রয়েছে। তারা প্রতিরোধ চালাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কঠিন পরীক্ষার মধ্যে পড়বেন বলে মনে করা হচ্ছে।

হাসিনার বিদায়ের পর দেশে ফিরছেন বেবী নাজনীন

০

দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। মাঝে নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু নানাবিধ বাধা বিপত্তিতে হয়ে উঠেনি। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অনেকে দেশে ফিরতে শুরু করেছেন। তালিকায় আছেন বেবী নাজনীনও।
তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই দেশে ফিরবেন ডায়মন্ডখ্যাত এই সংগীতশিল্পী। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছেন। হাতে থাকা কাজগুলো দ্রæত গুছিয়ে ফ্লাইট ধরবেন বেবী।
জমে থাকা কাজের মধ্যে রয়েছে পূর্বে সিডিউল দেওয়া স্টেজ প্রোগ্রাম। আমেরিকায় নিয়মিত স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। স¤প্রতি প্রবাসী ভক্তদের উদ্যোগে একটি একক সংগীতানুষ্ঠানে গান করেছেন তিনি।
সোমবার নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে সংগীতানুষ্ঠানের আয়োজন করে তার ফ্যানস ক্লাব। এছাড়া আরও কিছু শো আছে। সেগুলো শেষ করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, সিনেমা এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।

বাংলো বিক্রি করে নতুন গাড়ি কিনলেন কঙ্গনা

০

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকায় বাংলোটি কিনেছিলেন।
৩০৭৫ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত বাংলোটিতে ৫৬৫ বর্গফুট পার্কিং স্পেস ছিল। সেই বাংলোটি তিনি ৩২ কোটিতে বিক্রি করে দিয়েছেন।
আর সেই বাংলো বিক্রি করেই কঙ্গনা রানাওয়াত কিনেছেন বিলাসবহুল একটি গাড়ি। তার সেই রেঞ্জ রোভার গাড়ির দাম ৩ কোটি টাকা।
সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা সালোয়ার কামিজ। নতুন গাড়ির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
যে প্রতিষ্ঠান থেকে কঙ্গনা ল্যান্ড রোভার কিনেছেন, তারা কঙ্গনার ছবিগুলো পোস্ট করে লিখেছে- ‘বলিউডের কুইন, মিস কঙ্গনা রানাওয়াতকে তার নতুন রেঞ্জ রোভার রাইডের জন্য অভিনন্দন! রূপালী পর্দায় রাজত্ব করা থেকে শুরু করে সব কিছুতে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। আপনি সব সময় সব সমস্যায় মুখ খুলেছেন। এই পাওয়ার হাউসটি এর চেয়ে কোনো অংশে কম যোগ্য নয়। আপনার মতোই সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করতে থাকুন।’
প্রসঙ্গত, বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে প্রশংসাপত্র না পাওয়ায় কঙ্গনার পরিচালিত ছবি ইমার্জেন্সি মুক্তি পিছিয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে নির্মিত এ ছবিটি চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শ্রেয়াস তলপড়ে, অনুপম খের, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন।

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, বাঁধভাঙা উচ্ছাসে ভাসছে টালিউড

০

বলিউড-টালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী চলতি বছরের শুরুর দিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের পর এবার তার ঝুলিতে এলো দাদাসাহেব ফালকে পুরস্কার। আজ ৩০ সেপ্টেম্বর সেই কথা ঘোষণা করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এ কথা ছড়িয়ে পড়তেই বাঁধভাঙা উচ্ছ¡াসে ভাসছে টালিউড। টিভি ৯ বাংলাকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রতরা।
মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পেতেই যে প্রতিক্রিয়া জানালেন টালিউড অভিনেতা-অভিনেত্রীরাÑ
এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত এ বিষয়ে জানান, ‘ভীষণ আনন্দ হচ্ছে। এই সম্মান, এই পুরস্কার মিঠুন দার প্রাপ্য। আমাদের কাছে দাদা অনুপ্রেরণা। স¤প্রতি আমি মিঠুন দার কাবুলিওয়ালা দেখে খুব কেঁদেছি। উনি আমাদের দেশের গর্ব।’ প্রসঙ্গত ঋতুপর্ণা সেনগুপ্ত মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন।
এদিন মহাগুরুর আরেক সহ-অভিনেতা তথা আজকের বার্থডে বয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ভীষণ খুশি এই খবরে। তার জন্মদিনের দিনই এমন সুখবর আসায় তিনি জানান, ‘এ মুহূর্তটাকে আমাদের উচিত সবার উদযাপন করা। আমি ব্যক্তিগতভাবে ওর ভীষণ বড় ভক্ত। যে মানুষটা ডিস্কো ড্যান্সার থেকে তাহাদের কথা করতে পারে, সে আমার কাছে অনুপ্রেরণা। এত বছর ধরে নিজের অভিনয়ের গুণে তিনি তার এই জায়গা তৈরি করেছেন। দেশের অন্যতম সেরা অভিনেতা তিনি। দাদাকে আমার প্রণাম।’
রুদ্রনীল ঘোষের কথায় মিঠুন চক্রবর্তী যে সম্মান পেয়েছেন, সেটা খুব কমসংখ্যক অভিনেতাই তার জীবনে পান বা তাদের ভাগ্যে থাকে। তার কাছে এটা দারুণ খুশির খবর। একই সুর শোনা গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের গলাতেও। তার কথায়Ñ ‘যেদিন থেকে সিনেমা বুঝতে শিখেছি, জ্ঞান হয়েছে দাদার কাজ দেখেছি। উনি এখনো সেই একই উদ্যম নিয়েই কাজ করেন।’
মিঠুন চক্রবর্তী নিজে এদিন এ পুরস্কার পেয়ে এএসআইকে জানিয়েছেন, তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না বলার মতো। বাকরুদ্ধ হয়ে গেছেন। এত বড় সম্মান পেয়ে তিনি না পারছেন হাসতে, না পারছেন কাঁদতে। এই পুরস্কার তিনি তার পরিবার এবং ভক্তদের উৎসর্গ করেছেন।

সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের সূচি জানাল বিসিবি

০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব আল হাসান। যদিও দেশে ফিরে এই সিরিজে আদৌ ‘নিরাপত্তা’ শঙ্কায় থাকা সাকিবের খেলা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো সূচিতে বলা হয়, ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল।
১৮-২০ অক্টোবর মিরপুরে অনুশীলন করবে সফরকারীরা। ২১ অক্টোবর মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে এই সিরিজে প্রোটিয়াদের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে বাংলাদেশ সফর করা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতিনিধিদল সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হওয়ায় সিরিজে অংশ নিচ্ছে তারা। এর পরপরই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিবি।

ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মিরাজ

০

ব্যাকফুটে থেকেই কানপুর টেস্টের চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। এদিন শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। ভারতের চেয়ে এখনো ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে অনেকেই কানপুর টেস্ট থেকে বাংলাদেশ ছিটকে পড়েছে বলেই মনে করছেন। তবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তেমনটা ভাবছেন না। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমার মনে হয়, আমরা যদি ওপর (টপ অর্ডার) থেকে ভালো একটি জুটি গড়তে পারি, একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে।’
দলকে আপাতত নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য জানিয়ে মিরাজ যোগ করেন, ‘জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার। এক দিন সময় আছে। আমরা ব্যাটিং করে টার্গেট দেব, এরপর আবার ওদের ১০ উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য জেতার চিন্তা না করে আগে নিজেদের নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ।’
শেষ দিনে বাংলাদেশের জন্য ব্যাটিংই টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন এই অলরাউন্ডার, ‘আমরা চেষ্টা করব, আমাদের ব্যাটসম্যান যারা আছেন, কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি।’

পাকিস্তানের কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন জাদেজা

০

বাংলাদেশের বিপক্ষে চলমান কানপুর টেস্টে খালিদ আহমেদকে আউট করার মধ্য দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানকে ছাড়িয়ে গেলেন রবিন্দ্র জাদেজা। ভারতীয় এই তারকা অলরাউন্ডার টেস্টে তিন হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন।
রবিন্দ্র জাদেজা ক্যারিয়ারের ৭৪তম টেস্টে এ নজির গড়েছেন। তার আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান ৭৫তম টেস্টে এই কীর্তি গড়েছিলেন।
ভারতীয়দের মধ্যে টেস্টে ৩০০ উইকেট এবং তিন হাজার রান সংগ্রহের তালিকায় আছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অধিনায়ক কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন। কপিল দেব ৮৩তম টেস্টে আর বর্তমান তারকা ক্রিকেটার রবিন্দ্রন অশ্বিন ৮৮তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন।
টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ২২০ আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪টি উইকেট শিকার করেন ৩৫ বছর বয়সি রবিন্দ্র জাদেজা।
সোমবার চতুর্থ দিনের খেলা শেষে মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে জাদেজা বলেন, এটি আমার জন্য বিশেষ অর্জন। আমি ১০ বছর ধরে টেস্ট ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছি। এজন্য আমি নিজেকে নিয়ে গর্বিত বোধ করছি।