ফিলিস্তিনের রাফাহ শহরের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা বলিউড তারকাদের বিবেককেও জাগিয়ে তুলেছে। দুই দিন আগে রাফার ঘোষিত নিরাপদ এলাকার একটি ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে দখলদার সেনাবাহিনী । এতে ৭৫-এর অধিক ফিলিস্তিনি জীবন্ত পুড়ে মারা যান এবং অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন কয়েক শতাধিক।
এ প্রসঙ্গকে সামনে রেখে বর্তমানে বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রামে চোখ রাখলেই এ মুহূর্তে দেখা মিলবে বিশেষ একটি বাক্য লেখা ছবির। অল্প সময়ের মধ্যেই ‘অল আইজ অন রাফাহ’ লেখা ছবিটি কার্যত উঠে এসেছে ট্রেন্ডিংয়ে। বাংলায় এর অর্থ দাঁড়ায়Ñ সবার নজর রাফাহর দিকে। বলিউড তারকারাও ছবিটি শেয়ার করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন।
এ তালিকায় রয়েছেন বেশ কিছু প্রথম শ্রেণির তারকা যেমন, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, প্রিয়াংকা চোপড়া ও বরুণ ধাওয়ান।
এই হামলার নিন্দা জানিয়ে আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, পৃথিবীর সব শিশুরই নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। সবাই শান্তি পাওয়ার অধিকার রাখেন।
এ ছাড়া ইউনিসেফের শুভাচ্ছাদূত প্রিয়াংকা চোপড়কে কখনো ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি। এবার তিনিও এই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্তর্জাতিক তারকা জানিয়েছেন নিন্দা। এ ছাড়া মাধুরী দীক্ষিত, দিয়া মির্জা ও সামান্থা রুথ প্রভুও এই প্রতিবাদে যোগ দেন।
‘অল আইজ অন রাফাহ’ স্লোগানে শামিল হলেন বলিউড তারকারা
বিয়ে বা লিভ-ইন দুটোই সমান: পায়েল
টালিউড অভিনেত্রী পায়েল সরকারের সমবয়সি অধিকাংশ নায়িকাই বিয়ে করেছেন। তবে ৪০ বছর বয়সি পায়েল এখনো একা। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছেÑ বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে বিষয়টি অস্বীকার করে মুখ খুললেন পায়েল। ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, ‘এখনো বিয়ের ইচ্ছে হয়নি। শুনেছি, অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময়মতো জানতে পারবেন।
পায়েল নিজেই খোলাসা করলেন, তাকে নিয়ে রটা এই খবরের পেছনে ঠিক কী আছে। নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’র প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পায়েল। সেখান থেকে সেরা অভিনেত্রী পুরস্কারও পেয়েছেন। আর তার পর চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশে বসবাস করা আত্মীয়, বন্ধুদের সঙ্গেও দেখা করেন। সব মিলিয়ে অনেক দিন ধরেই ছিলেন দেশছাড়া, যা থেকে শুরু এনআরআইকে বিয়ে করার রটনা।
তবে বিয়ে করার পরিকল্পনা যে রয়েছে, তা স্পষ্ট করলেন পায়েল। তবে কোনো বিদেশি প্রেমিককে বিয়ে করবেন না। কলকাতা ত্যাগ করার কোনো পরিকল্পনাও তার নেই।
আপাতত হলে চলছে পায়েল সরকারের ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত। চার স্বাধীনচেতা মেয়ের পাহাড়ে ছুটি কাটানোর গল্পই উঠে এসেছে এখানে। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে অনুপ্রাণিত এই ছবি মুক্তি পেয়েছিল ৫ এপ্রিল। সামনে মুক্তি পাবে ‘নজরবন্দি’। এটিও নারীকেন্দ্রিক ছবি।
মাঝে রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন পায়েল। ২০২১ সালে বিজেপির হয়ে বিধানসভা ভোটে তিনি দাঁড়িয়ে ছিলেন প্রার্থী হিসেবে বেহালার পূর্ব বিধানসভার কেন্দ্র থেকে। তবে হেরে যাওয়ার পর নিজেকে সরিয়ে নেন।
শাকিবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন মিষ্টি জান্নাত
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন তিনি। নায়িকা পরিচয়ের বাইরে মিষ্টির রয়েছে আরেকটি বড় পরিচয়। তিনি রাজধানীর সাফেনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনায় এসেছে তার নাম। তমা মির্জা ও শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে দ্ব›েদ্বর জেরে আলোচনায় আসেন নতুনভাবে। এর আগে বেশি আলোচনায় আসেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় বউ হওয়ার গুঞ্জন নিয়ে। স¤প্রতি ঘটে যাওয়া সব বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, বিয়ে ও শাকিব খানকে নিয়ে তিনি কথা বলেছেন। আলাপ-আলোচনার একপর্যায়ে শাকিব খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, শিক্ষাগত যোগ্যতায় শাকিব তার চেয়ে পিছিয়ে রয়েছেন।
মিষ্টি জান্নাত বলেন, লাইফ পার্টনারের জন্য তো সমপর্যায়ের কাউকে পেতে হবে। সমপর্যায়ে কাউকে পাইনি এ জন্য বিয়ে করা হয়নি। পেলে বিয়ে করে ফেলব। শাকিবও তো আমার থেকে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। অন্য সাইডগুলো মোটামুটি ঠিক আছে। তবে এ বিষয়টি পরিবার সিদ্ধান্ত নেবে।
এ অভিনেত্রী আরও বলেন, শুরু থেকেই গুঞ্জনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে এ ইস্যুতে যেমন ভাইরাল হয়েছি, তেমনি সমালোচিতও হয়েছি। আগে যত মানুষ আমাকে চিনত না, তার থেকে এখন বেশি চেনে। এখন আবার শত্রুও বেড়ে গেছে। অধিকাংশ মেয়ে ঈর্ষা থেকেই শত্রুতা করছে। তবে ছেলেরা আমার ক্রাস খাচ্ছে আর বলছেÑ এতদিন এই সুন্দর মেয়েটা কোথায় ছিল?
মিষ্টি জান্নাত বলেন, প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেয়। প্রেমও শুরু করেন। আমি প্রস্তাবে রাজি হইনি, প্রেমও করিনি; ওই সব সিনেমায় কাজও বাতিল করে দিয়েছি। এগুলো যে শুধু মিডিয়াতে হয় এমন না, এগুলো অন্য সেক্টরেও হয়। যদি মেডিকেল সেক্টরের কথা বলিÑ আমি যখন প্রথম বর্ষে পড়ি, তখন এক শিক্ষক রুমে জোরপূর্বক ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভাইরাল ভিডিও আমাকে দেখিয়েছিল এবং খারাপ প্রস্তাবও দিয়েছিল। আমি রাজি হইনি। ফলে আমাকে তিনবার ফেল করানো হয়েছে। এ ঘটনায় প্রিন্সিপালের কাছে নালিশও করেছিলাম। কোনো প্রতিকার পাইনি। শুধু তাই নয়, অন্য শিক্ষকরাও ডিস্টার্ব করেছে। আমার পোশাক নিয়ে কটু কথা বলত। এক শিক্ষক আমার ওয়াশরুমেও ঢুকে পড়েছিল। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল কর্তৃপক্ষ।
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং বিস্তারিত পরে জানা যাবে বলেও বলা হয়েছে এতে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার ইরানের পূর্ব আজারবাইন প্রদেশের জোলফা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন।
সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলভির সাথে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। কথা চলার মধ্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাচ্ছেন। তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।
রাইসির ওই হেলিকপ্টারের সাথে আরো দুটি হেলিকপ্টার ছিল। সেগুলো অক্ষত রয়েছে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল, তা এখনো জানা যায়নি। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে। দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময়েরও আগের।
সূত্র : আলজাজিরা, পার্সটুডে
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী
গ্রামীণ অর্থনীতি পাল্টে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা চারবেলা খায়। আগে হাট বারের বাইরে কিছু পাওয়া যেত না, এখন সুপার মার্কেট হয়েছে। আমাদের গ্রামের বাজার পাটগাতিতে (পাটগাতি টুঙ্গিপাড়ার একটি ইউনিয়ন) ঈদের আগে ২০০টি ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি মজবুত হচ্ছে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৬ তারিখে আমরা বাজেট ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, সেটা পরবর্তীতে উত্তরণ করতে পারবো, সে আত্মবিশ্বাসও আছে।
তিনি বলেন, যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে। বাংলাদেশেও তার প্রভাবমুক্ত নয়। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। তিনি বলেন, আগে যারা ক্ষমতায় ছিল তারা ভোটচুরি ও ভোগ করায় ব্যস্ত ছিল। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও দিক নির্দেশনা না থাকলে দেশ এগোতে পারে না।
সরকারপ্রধান বলেন, আমি আজ অর্থনীতি সমিতির প্রোগ্রামে আসছি।
এখানে অনেকের অনেক বড় বড় ডিগ্রি আছে। আমার কিন্তু তা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছি। অর্থনীতির সুক্ষ ও জটিল বিষয়াদি আপনাদের মতো আমি বুঝি না। এতটুকু বুঝি কীভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হয়। কীভাবে মানুষের উপকার হবে।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে (১৭ মে) তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।
বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে অশ্রæসিক্ত জন্মভূমিতে সংকট জয়ের বীজ রোপিত হয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রত্যয়ে অগ্নিশপথে উদ্ভাসিত হয়েছিল বাঙালি জাতি।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনার নিরবচ্ছিন্ন দীর্ঘ সংগ্রাম শুরু হয়। দীর্ঘ ১৬ বছর ধরে সামরিক জান্তা ও স্বৈরশাসনের বিরুদ্ধে চলে অকুতোভয় সংগ্রাম। জেল-জুলম, অত্যাচার কোনো কিছুই তাকে পথ থেকে টলাতে পারেনি একবিন্দু। শত প্রতিকূলতাতেও হতোদ্যম হননি কখনো। বাংলার মানুষের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বারবার স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন। আবির্ভূত হয়েছেন গণতন্ত্রের মানসকন্যা রূপে। কবির ভাষায়-‘মৃত্যুকে উপেক্ষা করে মহান পিতার স্বপ্ন বুকে/নিরন্তর যিনি আজ এ জাতির মুক্তির দিশারি/ঘূর্ণিঝড়ে হালভাঙা নৌকাখানি শক্ত হাতে বৈঠা ধরে টেনে/অসীম মমতা দিয়ে পৌঁছুচ্ছেন আমাদের স্বপ্নের মঞ্জিলে।’
দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তন করে আমাদের সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, আর তারই সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে তার সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত ৪৩ বছরে সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে উন্নয়ন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোনো মিল নেই।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ সময় বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রæয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন তিনি। ৬ বছর নির্বাসিত জীবন শেষে বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরে আসেন শেখ হাসিনা।
সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রচণ্ড ঝড়-বৃষ্টিও সেদিন লাখ লাখ মানুষের মিছিলের গতিরোধ করতে পারেনি। কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর ও শেরেবাংলা নগর পরিণত হয় জনসমুদ্রে। স্বাধীনতার অমর স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ-বাতাস। জনতার কণ্ঠে বজ নিনাদে ঘোষিত হয়েছিল ‘হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নেব’; ‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে আমরা আছি তোমার সঙ্গে’। ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’।
বিকাল সাড়ে ৪টায় আকাশে যখন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি দেখা যায় তখন সব নিয়ন্ত্রণ আর অনুরোধ অগ্রাহ্য করে হাজার হাজার মানুষ বিমানবন্দরের ভেতরে ঢুকে যান। অনেকটা ঝুঁকি নিয়েই বিমানটি অবতরণ করে। জনতা একেবারেই বিমানের কাছে চলে যায়। বহু চেষ্টার পর জনতার স্রোতকে কিছুটা সরিয়ে ট্রাকটি ককপিটের দরজার একেবারে সামনে নেওয়া হয়। এই সময়ে শেখ হাসিনা ভেতর থেকে জনতার উদ্দেশে হাত নাড়েন। বেলা ৪টা ৩২ মিনিটে শেখ হাসিনা বিমান থেকে সিঁড়ি দিয়ে ট্রাকে নেমে আসেন। কুর্মিটোলা থেকে শেখ হাসিনার শেরেবাংলা নগরে এসে পৌঁছতে সময় লাগে ৩ ঘণ্টা।
সন্ধ্যা সাড়ে ৭টায় গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন তিনি। ঝড়-বাদল আর জনতার আনন্দাশ্রæতে অবগাহন করে শেরেবাংলা নগরে লাখ লাখ জনতার সংবর্ধনার জবাবে বঙ্গবন্ধুকন্যা বলেছিলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।’
তিনি আরও বলেছিলেন, ‘আমার আর হারাবার কিছুই নেই। পিতা-মাতা, ভাই রাসেলসহ সবকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের মাঝেই তাদের ফিরে পেতে চাই। আপনাদের নিয়েই আমি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তা বাস্তবায়ন করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। বাঙালি জাতির আর্থ-সামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনতে চাই।’
এরপর শুরু হয় তার নিরন্তর সংগ্রামের পথে হেঁটে চলা। এই পথচলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাপূর্ণ ও বিপদসংকুল। গণমানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করার অপরাধে তাকে বারবার ঘাতকদের হামলার শিকার ও কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। কিন্তু তিনি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন বাবার মতোই অবিচল, দৃঢ় ও সাহসী। জনগণের ভালোবাসায় অভিষিক্ত হয়ে টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সব শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রেখে চলেছেন।
তার নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ির অপবাদ ঘুচিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাজনৈতিক প্রজ্ঞা, সততা, মেধা, দক্ষতা ও গুণাবলিতে সমসাময়িক বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আপন কর্মমহিমায় হয়ে উঠেছেন নব পর্যায়ের বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা; হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কান্ডারি। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের রূপকার বাঙালির আশা-আকাঙ্ক্ষার বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন-সারথি।
কর্মসূচি : শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আজ সকাল ৯টায় গণভবনে আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকাল সাড়ে ৩টায় তেজগাঁওর ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় নেতা ও বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা সভা : দেশব্যাপী মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসাবে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টান স¤প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বৌদ্ধ স¤প্রদায় এবং বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু স¤প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে দল ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য আহŸান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দীপিকার ‘সোনোগ্রামের ছবি’ ভাইরাল!
শিগগিরই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷ প্রেগন্যান্সি ঘোষণার পর থেকেই তার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷
তাদের নিয়ে এ মুহূর্তে জোর চর্চা শুরু চলছে৷ দিনকয়েক আগেই বিয়ের সব ছবি ডিলিট করে দিয়েছেন রণবীর৷ তার পর থেকে শুরু হয়েছিল ডিভোর্সের জল্পনা৷ এবার সব জল্পনার মধ্যে নতুন এক ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
ক্যামেরার দিকে মুখ ঢেকে রয়েছেন একজন নারী ও পুরুষ। নারীর হাতে আল্ট্রা সোনোগ্রাফির প্লেট৷ এ ছবি ভাইরাল হতেই সবাই মনে করছেন এটা দীপিকার সোনোগ্রাফির ছবি৷ কিন্তু সত্যিই কি তাই? জেনে নিন আসল সত্যিটা৷
আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, গত ২৯ ফেব্রæয়ারি প্রথম তারা সুখবর প্রকাশ করেছিলেন। বলিউড দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তার পর থেকেই দম্পতিকে নিয়ে অনুরাগীদের কৌতূহল। এবার তাদের আসন্ন সন্তানের সোনাগ্রামের ‘ছবি’ ভাইরাল হয়েছে!
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে এক যুগলকে। দুজনেরই মাথায় টুপি। নারীর টুপিতে লেখা মা এবং পুরুষটির টুপিতে লেখা বাবা। নারীটির হাসির যেটুকু ঝলক মিলেছে, তা দেখে অনেকে দীপিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তার থেকেও উল্লেখযোগ্য বিষয়, নারীর হাতে একটি সোনোগ্রামের ছবি। সেখানে মাতৃজঠরে একটি ভ্রূণের ছবি দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুগলকে রণবীর-দীপিকা বলে দাবি করেছেন অনেকেই। কিন্তু রণবীর-দীপিকা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এ রকম কোনো ছবি পোস্ট করেননি।
ফলে অনুরাগীদের একটি বড় অংশের মনে দানা বেঁধেছে সন্দেহ। আসলে এ ছবিটি নকল। হালিমে কাক নামে তুরস্কের একজন মডেলকন্যা ১৩ মে তার মাতৃত্বকালীন অবস্থার কথা ঘোষণা করেন। সেই ছবিকেই রণবীর-দীপিকার ছবি বলে প্রচার করা হয়েছে। নেটাগরিকদের একাংশের অনুমান, এ ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তারও (এআই) ব্যবহার করা হয়েছে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ‘ডিপফেক’। রাশমিকা মন্দা, আলিয়া ভাট থেকে শুরু করে আমির খানÑ এমনকি রণবীর নিজেও প্রযুক্তির নেতিবাচক উদ্দেশের শিকার হয়েছেন। স¤প্রতি তার একটি নকল ভিডিও ছড়িয়ে, তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন বলে দাবি করা হয়।
স¤প্রতি, ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি মুছে দিয়েও দীপিকার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন রণবীর। যদিও দম্পতির ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, এ মুহূর্তে তারা পরিবারে নতুন সদস্যকে সাদর আমন্ত্রণ জানানোর অপেক্ষায় রয়েছেন।
অনেক ভুল করেছি: শর্মিলা
প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে। মে মাসের দ্বিতীয় রোববার পৃথিবীজুড়ে হয় মাদার্স ডে। এ বছর এই বিশেষ দিনটি পড়েছে ১২ মে।
ওয়াইএফএলওর মাদার্স ডের অনুষ্ঠানে ৭৯ বছর বয়সি বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর তার প্রথমবার মা হওয়ার গল্প ভাগ করে নেন সবার সঙ্গে।
শর্মিলা ঠাকুর জানান, প্রথম সন্তান সাইফ আলি খান যখন বড় হচ্ছিলেন, তার জন্মের পর প্রায় ৬ বছর তাকে একেবারেই সময় দিতে পারেননি অভিনেত্রী। তিনি তার কাজ নিয়ে তখন বেজায় ব্যস্ত ছিলেন। শর্মিলা একই সঙ্গে জানান তখন তিনি প্রায় রোজই দুই শিফটে কাজ করছিলেন।
এই অভিনেত্রী আরও বলেন, ‘যখন সাইফ জন্মেছিল, তখন আমি ভীষণ ব্যস্ত। সাইফ যখন বড় হচ্ছে, ওর জন্মের প্রথম ছয় বছর আমি প্রায় দুই শিফটে কাজ করতাম রোজ। মা হিসেবে ওকে একেবারেই সময় দিতে পারিনি তখন। আমি খালি ওর প্যারেন্ট টিচার মিটিংয়ে যেতাম। কিন্তু পুরোদমে একজন মায়ের যা কাজ সেটা করিনি। আমার স্বামী ছিলেন কিন্তু আমি ছিলাম না।’
এদিন এই বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, ‘আমি যখন মা হই, আমি চেয়েছিলাম ওকে নিজের হাতে খাওয়াতে, গোসল করাতে। কিন্তু পেন্ডুলামের আরেক দিকেরও তো গল্প থাকে। আমি পারিনি কিছুই করতে। সত্যি বলতে বেশ কিছু ভুল করেছি।’
তবে মাকে না পেলেও তার ছেলে যে সঠিকভাবে মানুষ হয়েছে, বড় হয়েছেÑ এ বিষয়ে কোনো সন্দেহ নেই অভিনেত্রীর। আর এর পুরো কৃতিত্ব তিনি তার স্বামীকেই দেন। তবে ছেলের বেলায় যে ভুল তিনি করেছেন মেয়েদের বেলায় সেই ভুল রিপিট করেননি।
শর্মিলা ঠাকুর জনপ্রিয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন। তাদের তিন সন্তান। সাইফ আলি খান, সাবা পতৌদি এবং সোহা আলি খান।
ইসরাইলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর, আহত ১৪
ইসরাইলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। যুদ্ধের মধ্যে এটি ইসরাইলে হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা। এতে ১৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইলের।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে।
গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, আহত ছয় সেনার অবস্থা গুরুতর। লেবানন থেকে বেদুঈন গ্রাম আরব-আল আরামশে অভিমুখে ছোড়া কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই জায়গায় আঘাত হানা হয়েছে।
হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে। সেখানে স্কাই ডিউ নামে পরিচিত একটি দৈত্যাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী বিøম্প পরিচালিত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১ মাইল) দূরে গোলানি জংশনের কাছে অবস্থিত।
বৃহস্পতিবার সকালে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, হিজবুল্লাহর একটি ড্রোন গোলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় দুটি ড্রোন ছোড়া হয়, যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়। দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে। সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই সময়টাতে লেবানন-ইসরাইল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা।
নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদের তালা আটকে অগ্নিসংযোগ, নিহত ১১
নাইজেরিয়ার কানো প্রদেশে নামাজের সময় মসজিদের তালা আটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ১১ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
কানো প্রদেশের গেজাওয়া এলাকায় বুধবার মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। সেখানে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। এ ঘটনায় ৩৮ বছর বয়সি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত ১১ জন মুসল্লি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি আটকা পড়েন।
বাসিন্দারা বলেছেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয়। হামলার পর মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এ সময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায় এবং তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। অবশ্য বিস্ফোরণের শব্দ শোনার পর প্রতিবেশীরা ভেতরে আটকেপড়াদের সাহায্য করতে ছুটে আসেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
পুলিশ বলেছে, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এ ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে সন্দেহভাজন ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, সে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এ হামলা চালায়।
ঘটনাস্থল পরিদর্শন করার পর স্থানীয় পুলিশ প্রধান উমর সান্দা সাংবাদিকদের বলেন, যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং এটি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে আমাদের কাছে আছে এবং দরকারি তথ্য দিচ্ছে।


