Home Blog Page 605

সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ বন্ধ

চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করেছে সরকার। একইসাথে সব ধরনের গাড়ি, বিমান ও জাহাজ কেনাকাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি পরিপত্র জারি করা হয়েছে। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় কিছু ক্ষেত্রে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে :

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, দেশ কর্তৃক প্রদত্ত স্কলারশিপ, ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্স অধ্যায়।

বিদেশী সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণ।

সরবরাহকারী, ঠিকাদার, পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মকর্তা কর্তৃক সেবা বা পণ্যের গুণগত মান নিরীক্ষা বা পরিদর্শন।

পরিচালন বাজেটের আওতায় ব্যয় কমাতে আরো যেসব সিদ্ধান্ত নিয়েছে সরকার
বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ ব্যয় করতে হবে।

পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

আবাসিক ভবন এবং অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে।

ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে।

মোটরযান, জলযান, আকাশযান খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরোনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় নির্বাহ করা যাবে।

উন্নয়ন বাজেটের আওতায় ব্যয় কমাতে যেসব সিদ্ধান্ত নিয়েছে সরকার

পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

বিদ্যুৎ খাতে বরাদ্দ কৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ ব্যয় করা যাবে।


সকল প্রকার যানবাহন ক্রয় (মোটরযান, জলযান, আকাশযান) বন্ধ থাকবে।

ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে সব আনুষ্ঠানিকতা প্রতিপালন করে অর্থ বিভাগের পূর্বানুমোদন নিতে হবে।

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় এসব খাতের বরাদ্দ করা অর্থ অন্য কোনো খাতে এবং অন্য কোনো খাত থেকে এসব খাতে পুনঃউপযোজন করা যাবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

জামায়াতের সাথে আ’লীগের কোনো যোগাযোগ নেই : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতে ইসলামীর সাথে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই, যোগাযোগের প্রয়োজনও নেই।

তিনি বলেন, জামায়াত ইসলামী যেহেতু একটি রাজনৈতিক দল, তাই তারা সমাবেশ করতে চেয়েছে বলে অনুমতি দেয়া হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এদিকে জামায়াতে ইসলামীর সাথে আওয়ামী লীগের যোগাযোগ স্পষ্ট বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও জামায়াতে ইসলামী তা অস্বীকার করেছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, জামায়াতে ইসলামী বিএনপি জোটে রয়েছে। জোটের প্রধান শরিক তারা। আর দলটি সম্পর্কে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, তা তো জামায়াতে ইসলামী অস্বীকার করেছে।

সরকারের পদত্যাগ ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না- ফখরুলের এ বক্তব্য আমেরিকার ভিসানীতির পরিপন্থী কিনা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিএনপি কিছুদিন পরপরই কৌশল পরিবর্তন করে। কোনো কোনো সময় তারা হাঁটা কর্মসূচি, কোনো সময় বসা কর্মসূচি দেয়। তাদের মূল কৌশল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা করা। মির্জা ফখরুলের বক্তব্যে তা স্পষ্ট। মার্কিন ভিসানীতিতে বলা হয়েছে যে- যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তাহলে যারা (বিএনপি) নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের ওপরও এটি বর্তাবে।
সূত্র : ইউএনবি

নূরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা রেজা কিবরিয়ার

ভুয়া স্বাক্ষর দেখিয়ে বিভ্রান্তি ও গণ অধিকার পরিষদে ভাঙন সৃষ্টি করার অভিযোগে দলটির সদস্য সচিব নূরুল হক নূরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন রেজা কিবরিয়া। সেই সাথে নিজেকেই গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাবিও করেছেন তিনি।

রোববার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া মামলার এ ঘোষণা দেন।

রেজা কিবরিয়া দাবি করেন, ডাকসুর সাবেক ভিপি নূর টাকার বিনিময়ে আওয়ামী লীগের অধীনেই দলকে নির্বাচনে নিতে চায়। এজন্য নূরকে সরকার ৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবে নূর রাজি।

এসব বিষয়সহ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মুসাদের সাথে যোগাযোগ এবং আর্থিক অস্বচ্ছতার জবাব চাওয়াতে নূর ক্ষিপ্ত হয় বলে দাবি করেন রেজা কিবরিয়া।

বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছেন রেজা কিবরিয়া- নূরের এমন বক্ত্যবের বিষয়ে রেজা বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে বড় দল ভাঙার চেষ্টা করে কেউ কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ আগামী নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট চেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, এ দেশের অর্থনৈতিক মুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’-কে ভোট দিন। প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্য বদলে যায়। এ সময়ে তিনি গত সাড়ে ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য তাঁর সরকারের প্রচেষ্টা সংক্ষেপে তুলে ধরেন। পাশাপাশি, এসব উন্নয়ন যারা দেখতে পায়না, তাদের কঠোর সমালোচনা করে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা এই উন্নয়নের সুফল কিন্তু ঠিকই ভোগ করছেন।’

এরপর তিনি বলেন, যারা আওয়ামী লীগকে কখনো ক্ষমতায় দেখতে চায় না এবং দেশের উনয়নও দেখতে পায় না, তাদের ব্যাপারে আমার কিছুই বলার নেই। যারা দেশের উনয়ন চায় না, তাদের চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি অবশ্যই দেশের এই উন্নয়ন অব্যহত রাখবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজের বাবা-মা ও ভাই হারিয়েছি। আপনারাই (কোটালীপাড়ার মানুষ) আমার আপনজন। আপনারা সব সময়ই আমার জন্য কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, তার নিজের আত্মীয়-স্বজন ও অন্যান্যের সাথে শুভেচ্ছা বিনিময় না করেই তিনি কোটালীপাড়ার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গোপালগঞ্জে এসেছেন।

এর আগে প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় তার দুই দিনের সফরের অংশ হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে তিন ঘণ্টার সড়কপথে গাড়িতে পদ্মা সেতু পার হয়ে সকাল ১১টা ২৭ মিনিটে কোটালীপাড়ায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর সঙ্গে ছিলেন। তার সফরকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ উৎসবের আমেজে বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে সেজেছে এবং জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।

প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছানোর পর নিম, বকুল এবং আম- এই তিনটি গাছের চারা রোপণ করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সামনে তাদের অনুভূতি ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। শেখ হাসিনা দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করে শুভেচ্ছা জানান এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’কে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জবাবে প্রধানমন্ত্রী সকলকে তাঁর জন্য প্রার্থনা করার আহ্বান জানান, যাতে তিনি জনগণের সেবা করতে পারেন।
পরে তিনি নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন। মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করার কথা।
টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। রাতেও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় থাকার কথা ।

রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রোববার (২ জুলাই) বিকেলে তার টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস

ভোলায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, কনেসহ আহত ১৫

ভোলায় বিয়ে বাড়ির গেটে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কনে, কনের মা-বাবা, বরের বাবাসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

এতে পণ্ড হয়ে গেছে বিয়ের অনুষ্ঠান। আহতদের ১২ জনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুপুরে শহরের শহরতলী জামিরা লতা মুন্সি সরদার বাড়ির হারুন অর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (১ জুলাই) ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দু’মাস আগে শহরতলী হারুন অর রশীদের মেয়ে নূপুরের সাথে একই এলাকার জাকির হোসেনের ছেলে শরীফের পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। এতে বরকে বরণ করার জন্য কনেপক্ষ বাড়ির দরজায় গেট নির্মাণ করে। ওই গেটের টাকা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে বরপক্ষের লোকজন হকস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে কনে বাড়িতে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং অতিথি আপ্যায়নের জন্য রান্না করা খাবার তছনছ করে। এসময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কনে, কনের মা, বাবা, ভাই, বরের বাবা, খালুসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

কনেপক্ষের অভিযোগ, হামলাকারী বরপক্ষের লোকজন ভাঙচুরের পাশাপাশি ঘর ও বিয়ের মালামাল লুট করে নিয়ে গেছে।

তবে লুটের কথা অস্বীকার করে তাদের ওপর আগে হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ করে বরপক্ষ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, শুক্রবার রাতে পুলিশ ঘটনাটি জানতে পারে। এরপর ঘটনাস্থল ও হাসপাতালে থাকা আহতদের দেখতে পুলিশের একটি টিম যায়। এ ঘটনায় কনের বাবাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউই থানায় কোনো অভিযোগ দেয়নি। উভয়পক্ষ স্থানীয়ভাবে এ ঘটনা সমাধান করে নিবে।

ব্রিকস বিরোধিতাই প্রমাণ করে বিএনপি দেশের উন্নয়ন চায় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শীর্ষ উদীয়মান অর্থনীতির দেশগুলোর ‘ব্রিকস’ জোটে বাংলাদেশের যোগদানের বিরোধিতা করে বিএনপি প্রমাণ করেছে যে তারা দেশের উন্নয়ন-অগ্রগতিরও বিরোধী।

তিনি বলেন, বিএনপি মহাসচিব এই শুভ উদ্যোগকে যেভাবে সুবিধাবাদী পদক্ষেপ বলেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।

শনিবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনে নিজ বাসভবনে স্থানীয় সুধীজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদান আমাদের জন্য শুভকর নয়’ এ নিয়ে প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকার জোট ‘ব্রিকসে’র উদীয়মান অর্থনীতির শক্তিকে সবাই সমীহ করে। বাংলাদেশ এতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে তা নয়, উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশকে তারা ব্রিকসে যোগদানের আহ্বান জানিয়েছে।’

তিনি বলেন, ‘এটি বাংলাদেশের জন্য মর্যাদা ও সম্মানের এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এখন উদীয়মান অর্থনীতির দেশ, তার স্বীকৃতি। সেখানে যোগ দিলে বাংলাদেশের বহুমাত্রিক সুবিধা হবে। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা তা চান না।’

সাংবাদিকরা বিএনপি মহাসচিবের অপর এক মন্তব্য- ‘গত একবছর ধরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত নয়’ এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের এ বক্তব্য রেকর্ডেড এবং তারা যে আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন সেটি তার বক্তব্যের মাধ্যমেই স্বীকার করে নিয়েছেন।’

‘এক বছর ধরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত নয় সেটিও সঠিক নয়’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন গত কয়েক মাসে তারা বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, বাসে আগুন দিয়েছে, চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালসহ ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত ছবি ভাংচুর করেছে। অর্থাৎ মির্জা ফখরুল সাহেব যতই বলুন না কেন, উনারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেই আছেন।’

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শনিবার বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেটকে দমনের চেষ্টা চলছে।

শনিবার খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ‘ডিস্ট্রিক্ট ইয়াং লঞ্চিং’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে। ব্যবসায়ীদের সিন্ডিকেট বছরের পর বছর সক্রিয়, ফলে সময় লাগছে; কিন্তু আমরা চেষ্টা করছি।’

তিনি আরো বলেন, সরকার এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে এবং তারা মানুষকে সর্বোত্তমভাবে সাহায্য করার চেষ্টা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (খুসিক) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো: আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এস এম নজরুল ইসলাম প্রমুখ। সূত্র : ইউএনবি

শাকিবের ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন অপু

একসময় ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সাথে দাম্পত্যে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের রয়েছে জয় নামে এক সন্তান।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে অপু-জয় প্রোডাকশন হাউস থেকে। অপুর সিনেমার সাথে নিজের সন্তান জয়ের নাম যুক্ত থাকায় ছবিটির প্রতি আবেগ কাজ করছে শাকিব খানের।

সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন এই শাকিব খান। ৩০ জুন বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন শাকিব। সাবেক স্বামীর ওই পোস্টের স্ট্যাটাস নজরে আসে অপু বিশ্বাসের। চিত্রনায়িকা ওই পোস্ট নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন।

যার ক্যাপশনে অপু লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পর তোমার অবদান।’

অভিনেত্রীর ক্যাপশনের কথাটি ভালোভাবেই নিয়েছে ভক্তরা। সাবেক স্বামী-স্ত্রীর একে অন্যের পাশে দাঁড়ানোর বিষয়কে ইতিবাচকভাবেই নিয়েছে তাদের ভক্তরা।

‘লাল শাড়ি’ সিনেমায় অপু বিশ্বাসের সাথে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক এবং পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে তাকে করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার সকাল ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত হননি ড. রেজা কিবরিয়া। এই সভাতেই তাকে অভিসংশন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ৩৮ ধারা অনুযায়ী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৮৪ সদস্যের স্বাক্ষরসহ আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে সদস্যদের কাছে বক্তব্য উপস্থাপনের জন্য আজ সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক জরুরি সভা আহ্বান করেন।

ঈদের ছুটিতে যানবাহন সঙ্কট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সদস্যরা উপস্থিত হলেও সভা ডেকে আহ্বায়ক অনুপস্থিত থাকেন। তাই ওই সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খানকে সভার সভাপতি হিসেবে নির্বাচন করা হয়, সদস্য সচিব মো: নুরুল হক (নুর) সভা সঞ্চালনা করেন।

সভায় গঠনতন্ত্রের ধারা ৩৮, ১৮ (গ) -এর (১) (৩) ও (৮), ৩৪ (ঙ) এবং ৪১ -এর ক্ষমতাবলে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় আহ্বায়ককে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরো জানানো হয়েছে, কাউন্সিলের পূর্ব পর্যন্ত ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব মো: নুরুল হক (নুর)-কে রুটিন মাফিক নিয়মিত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ও. ইন্ডিজ, প্রথমবারের মতো বিশ্বকাপে নেই দু’বারের চ্যাম্পিয়নরা

দেয়াল লিখন প্রায় স্পষ্টই ছিল। চলতি বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নেয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। একটাই সুযোগ ছিল। সুপার সিক্স পর্বে নিজেদের তিনটি ম্যাচই জিততে হতো নিকোলাস পুরানদের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গেলেন তারা। তার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন জেসন হোল্ডাররা। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে দেখা যাবে না তাদের। বাকি দু’টি ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজের কাছে।

১৯৭৫ সাল থেকে শুরু হওয়া একদিনের বিশ্বকাপ ও ২০০৭ সাল থেকে শুরু হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ।

গ্রুপ পর্বে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে নিজেদের ভাগ্য নিজেরাই কঠিন করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে যোগ্যতা অর্জন করলেও পুরানদের ঝুলিতে কোনো পয়েন্ট ছিল না। অন্য দিকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা চার পয়েন্ট নিয়ে গিয়েছিল সুপার সিক্সে। সেখানে নিজেদের প্রথম ম্যাচ জেতে দু’দল। ফলে স্কটল্যান্ডের কাছে হারলেই ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিশ্চিত ছিল। সেটাই হলো।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করে ৪৩.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার ছাড়া আর কেউ রান পাননি। দলের প্রথম পাঁচ ব্যাটারই ব্যর্থ। পুরান ও হোল্ডার না থাকলে আরও সমস্যায় পড়ত ওয়েস্ট ইন্ডিজ। পুরান ২১ ও হোল্ডার ৪৫ রান করেন। রোমারিয়ো শেফার্ড করেন ৩৬ রান। জিম্বাবোয়ের হয়ে ব্রেন্ডন ম্যাকুলেন ৩, ক্রিস সোল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভস ২ ও সাফিয়ান শরিফ ১ উইকেট নেন।

জবাব রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় স্কটল্যান্ড। ওই উইকেটের ফায়দা তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাথু ক্রস ও ম্যাকুলেনের মধ্যে ১২৫ রানের জুটি হয়। ওই জুটিই হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। তবে তার জন্য দলের ফিল্ডাররা অনেকটাই দায়ী। এবারের যোগ্যতা অর্জন পর্বে এই ম্যাচের আগে পর্যন্ত মোট ১৩টি ক্যাচ ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের বিরুদ্ধেও পড়েছে দু’টি ক্যাচ। তার খেসারত দিতে হয়েছে দলকে।

শেষ দিকে কয়েকটি উইকেট নিলেও তাতে হার বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সহজেই সাত উইকেটে ম্যাচ জিতে যায় স্কটল্যান্ড। সেইসাথে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বিদায় নিশ্চিত হয়ে যায়।