Home Blog Page 73

ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রিজভী

রামিসাদের পল্লবীর বাসায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে রামিসাদের পল্লবীর বাসায় যান তিনি। এ সময় তিনি রামিসার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

এ সময় রামিসার বাবার কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তাদের পরিবারের পাশে থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। ২৪ মে আদালত আসামিদের বিরুদ্ধে রামিসা হত্যা মামলার চার্জশিট আমলে গ্রহণ করে আগামী ১ জুন চার্জ গঠনের শুনানির দিন ঠিক করেছেন।

ঈদের ছুটিতে দর্শনার্থীদের নতুন আকর্ষণ ‘ডোনাল্ড ট্রাম্প’

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা বিরল প্রজাতির বিরল অ্যালবিনো জাতের সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের পরদিন বিকেল থেকেই চিড়িয়াখানার এল-৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দ্বিতীয় দিন থেকে সাদা মহিষটি দেখতে মানুষের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ফলে চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর খাঁচার তুলনায় মহিষটির খাঁচার সামনেই সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে।

দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে একটি পরিচিতিমূলক ট্যাগ সংযুক্ত করা হয়েছে। সেখানে বাংলা ভাষায় ‘সাদা মহিষ’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে। প্রাণীটির ব্যতিক্রমী রং ও বিরল বৈশিষ্ট্য দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাতে মহিষটি জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই এটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বাড়তে শুরু করে। নতুন ও বিরল বৈশিষ্ট্যের প্রাণী হওয়ায় প্রতিদিনই এটি দেখতে মানুষের ভিড় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কর্তৃপক্ষ আরও জানায়, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত এই অ্যালবিনো মহিষটি বর্তমানে জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এর ফলে ঈদের ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতিও বেড়েছে এবং পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

কোরবানির বর্জ্য অপসারণ দেখতে ঢাকায় ঘুরছেন প্রধানমন্ত্রী

রাজধানীর কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখেন।

তিনি বলেন, রাজধানীর কুরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালোভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন তিনি। নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে গেছে বলে জানান উপ প্রেস সচিব।

এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাই খাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে আদালত সড়ক দিয়ে নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতিও প্রধানমন্ত্রী দেখবেন।

উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। প্রথমে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী একান্তে কবর জিয়ারত করেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাদের নিয়ে বাবা-মায়ের কবরে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে নেতাদের সঙ্গে নিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর।

পরে প্রধানমন্ত্রী বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে যান। সেখানেও ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঝুম বৃষ্টিতে শোলাকিয়া ঈদগায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে মাঠ ছিল নামাজের অনুপযুক্ত। এর মধ্যে ঈদের জামাতের দ্বিতীয় রাকাত থেকেই মুষলধারে শুরু হয় বৃষ্টি। ফলে মুসল্লিরা জুবুথুবু হয়েই নামাজ আদায় করেন।

সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। জামাতের আগে মুসল্লিদের ঈদ শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন।

শোলাকিয়ার সুদীর্ঘকালের ঐহিত্য অনুসারে জামাত শুরুর ১০ মিনিটি আগে তিনটি, পাঁচ মিনিট আগে দু’টি এবং এক মিনিট আগে একটি শটগানের গুলি ফুটিয়ে জামাত শুরুর সংকেত দেওয়া হয়। প্রথম তিনটি গুলি ছোড়েন পুলিশ সুপার মিজানুর রহমান।

7 1779944562

জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল দুই প্লাটুন বিজিবি র‌্যাব, সিআইডি ও পিবিআই। ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। ছিল পুলিশ ও র‌্যাবের ওয়াচটাওয়ার, পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও এন্টি টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রীয়করণ দল।

বরাবরের মত এবারও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে সকালে দু’টি শোলাকিয়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে বিভাগ। তবে পশু কোরবানির বিষয় থাকে বলে ঈদুল আজহার জামাতে ঈদুল ফিতরের তুলনায় মুসল্লির সমাগম কম হয়েছে। নামাজ শেষে মোনাজাতে ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। উপস্থিত মুসল্লিদের জন্য ক্ষমা প্রার্থনা ও মুক্তিযুদ্ধের শহীদসহ প্রয়াত জাতীয় নেতাদের আত্মার শান্তি কামনা করেন। সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা করেন।

আসিফ ইকবালের কথায় গাইলেন কনা ও পারভেজ, রোমান্সে মাতলেন শুভ-মিম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আসতে চলেছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন সিনেমা ‘মালিক’। সদ্য প্রকাশ পাওয়া ট্রেলার ও প্রথম গান ‘গুলগুলি পিঠা’ ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। সেই সিনেমারই দ্বিতীয় গান ‘দিলাম তোমায় কথা’ প্রকাশ্যে এলো সামজিক যোগাযোগ মাধ্যমে। নতুন এই রোম্যান্টিক গানে দেখা গেছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির দারুণ রসায়ন।

বুধবার (২৭ মে) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে সিনেমাটির এই দ্বিতীয় গান। গানটি লিখেছেন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার আসিফ ইকবাল। বিশেষ করে সিনেমায় তার লেখা ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’গানটি প্রকাশের পর টানা দুই মাস গ্লোবাল মিউজিক ভিডিও বিভাগে সেরা ১০০ গানের তালিকায় ছিল। প্রহেলিকা ছবির ‘মেঘের নৌকা’ গানটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তিনি গান লিখেছেন ঈদের সিনেমা মালিকে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। আর এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও পারভেজ খান।

অ্যাকশন ও গ্যাংস্টার আবহের বাইরে গানটিতে শুভ ও মিমের ভরপুর রোম্যান্স ফুটে উঠেছে। মিউজিক ভিডিওর দৃশ্যগুলোতে এই জুটির একে অপরের চোখের ভাষায় যেন অন্যরকম এক মুগ্ধতা ছড়াতে দেখা গেছে। সিনেমার অ্যাকশন হিরোর এমন প্রেমিক অবতার এবং মিমের সঙ্গে তার নিখুঁত খুনসুটি ও আবেদনময়ী এক্সপ্রেশন গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যা দর্শক-শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করছে।

এর আগে গত সোমবার (২৫ মে) সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’ প্রকাশ পেয়েছিল, যা মুহূর্তেই বেশ সাড়া ফেলে। ট্রেলারের পর আইটেম গান দিয়ে ঈদের বাজারে যে শক্ত অবস্থান তৈরির আভাস মিলেছিল, এবার ‘দিলাম তোমায় কথা’ গানটি দিয়ে সেই উন্মাদনা আরও এক ধাপ বাড়িয়ে দিল ‘মালিক’ সিনেমা।

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে—এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। এই হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। খবর বিবিসি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী চারটি ইরানি একমুখী আক্রমণকারী ড্রোনও ভূপাতিত করেছে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাংকার। এ সময় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী ওই ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়ে।

এর জবাবে মার্কিন বাহিনী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকায় পাল্টা হামলা চালায়। তাসনিম জানায়, বিস্ফোরণের শব্দ মূলত এই ঘটনার কারণেই হয়েছিল এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ নিয়ে তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো। এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে যান চলাচল ব্যাহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

সেন্টকম তাদের এই পদক্ষেপকে ‘পরিমিত, সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে গৃহীত’ বলে বর্ণনা করেছে।

হামলার জবাবে মার্কিন তেলবাহী ট্যাংকারে গুলি, দাবি আইআরজিসির

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাংকার। এ সময় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী ওই ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়ে।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে তারাও একটি ‘মার্কিন বিমানঘাঁটিতে’ হামলা চালিয়েছে।

ওই প্রতিবেদনে বার্তা সংস্থা তাসনিমের বরাতে আরও জানানো হয়েছে, এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে যে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে একটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পর এ ঘোষণা আসে।

আইআরজিসি আরও বলেছে যে, যেকোনো আগ্রাসনের জবাব না দিয়ে থাকা যাবে না এবং পরবর্তী সামরিক পদক্ষেপের আরও কঠোর জবাব দেওয়া হবে।

ত্যাগের মহিমায় যেন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়তে পারি: পানিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ঈদের নামাজ আদায় করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় আমরা যেন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।

নামাজ শেষে মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। লক্ষ্মীপুরবাসীসহ দেশবাসীর প্রতি রইলো আন্তরিক ঈদ মোবারক।

ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা হলে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

আজ বৃহস্পতিবার যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, মুসলমানরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবে না, মনের পশুত্বও কোরবানি করবে।

জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়।