Home Blog Page 86

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুটবল খেলা শেষে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে পুরান বাজার পাঁচ নম্বর ঘাট তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় দুই যুবক তার মরদেহ উদ্ধার করেন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ রাহাত (১১) মালয়েশিয়াপ্রবাসী হুমায়ূন পাটোয়ারীর মেজো ছেলে। সে পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মধুসূদন স্কুলমাঠের পাশে মানিক লস্করের বাড়ির ভাড়াটে হিসেবে মা ও তিন ভাইসহ ওই বাসায় থাকত তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠে ফুটবল খেলে এলাকার অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নদীতে নামে রাহাত। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। স্থানীয় কয়েকজন যুবক নদীতে নেমে খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করেন। এর আগে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদীতে নামে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনেরা মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ছয় মাস পর খোলা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুস সাকিবের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স থেকে এবার ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে জেলা প্রশাসক নিজ হাতে টাকাগুলো মেঝেতে ঢেলে দেন। বর্তমানে সেখানেই টাকা গণনার কাজ চলছে। টাকার পাশাপাশি দানবাক্সে সোনা-রূপার অলংকার, বিভিন্ন দেশের মুদ্রা এবং মনোবাঞ্ছা পূরণের আকুতি লেখা অসংখ্য চিরকুটও পাওয়া গেছে।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পরপর খোলা হয়। তবে জাতীয় নির্বাচন, বন্যাসহ নানা কারণে এবার ছয় মাস পর দানবাক্স খোলা হলো। এর আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল।

এবারের দান গণনার কাজে পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, শহরের আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন। প্রথমে টাকাগুলো মূল্যমান অনুযায়ী আলাদা করা হচ্ছে। এরপর ব্যাংকের গণনা মেশিনে তা গণনা করা হচ্ছে।

রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানিয়েছেন, গণনা শেষে দানবাক্সে পাওয়া সব অর্থ মসজিদের নামে রূপালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ আগেরবারের তুলনায় আরও বেশি হতে পারে। দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পাগলা মসজিদে নগদ অর্থ ছাড়াও মানতকারীরা বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর, দুধ ও সবজিও দান করে থাকেন। এসব সামগ্রী প্রতিদিন বিকেলে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, আজকের দানবাক্সের অর্থ গণনার আগেই মসজিদের ব্যাংক হিসাবে ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৫২ টাকা জমা রয়েছে। এছাড়া দান হিসেবে পাওয়া বিদেশি মুদ্রা ও গহনাগুলো ট্রেজারিতে সংরক্ষিত আছে। সেগুলোও একসময় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। তিনি আরও জানান, দানের অর্থ দিয়ে পাগলা মসজিদে একটি ১০ তলা মাল্টিপারপাস মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মেদিনা বললেন, মেসির জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা দলে আবেগের কমতি নেই। শিরোপা ধরে রাখার মিশনের পাশাপাশি অধিনায়কের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা জানান, দলের সবাই মিলে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবেন যাতে মেসির বিদায়টা হয় সবচেয়ে সুন্দর। প্রয়োজনে মেসির জন্য জীবন দিয়েও লড়তে প্রস্তুত আর্জেন্টিনার ফুটবলাররা।

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির দল। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান। আগামীকাল সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে তারা।

সেই ম্যাচের আগে ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেন, এখন আমাদের সামনে আরও ৬টি ফাইনাল বাকি। আমরা লড়াই করব, সর্বস্ব দিয়ে খেলব। যে পজিশনেই খেলতে হোক না কেন, আমরা সবাই প্রস্তুত। মাঠে নিজেদের সবটুকু দিয়ে দেব, যাতে আমাদের অধিনায়কের বিদায়টা সবচেয়ে সুন্দরভাবে হয়। অবশ্যই আমরা চাই তিনি (মেসি) খেলা চালিয়ে যান। কিন্তু আমরা জানি, তার জন্য জীবন দিয়েও লড়তে হবে।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে শুরু থেকে খেলেছেন মেদিনা। ইনজুরিতে থাকা নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় সুযোগ পান তিনি। সেই ম্যাচে মেসির প্রথম গোলটি করার ক্ষেত্রেও বড় অবদান ছিল তার। বাম দিক দিয়ে দৌড়ে গিয়ে কাটব্যাক থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে মেসি মজা করে মেদিনার ওই অ্যাসিস্টকে বার্সেলোনায় জর্দি আলবার সঙ্গে তার পুরোনো বোঝাপড়ার সঙ্গে তুলনা করেছিলেন।

তবে মেদিনা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, আমার কাছে মনে হয়, লিও একটু বাড়িয়ে বলেছে। হয়তো তার বার্সেলোনার দিনের কথা মনে পড়ছিল। কিন্তু এখন সবকিছুই অনেক বড় করে দেখা হয়। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।

একাদশে সুযোগ পাওয়ায় খুশি হলেও মেন্দিনা পুরোপুরি আনন্দিত নন। কারণ সতীর্থ তাগলিয়াফিকোর চোটের কারণেই তার সুযোগ এসেছে। তিনি বলেন, আমি কখনো চাইনি এভাবে সুযোগ আসুক। নিকোকে আমি অনেক সম্মান করি। তার সঙ্গে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। এখন কোচিং স্টাফ যাকে খেলাবে, সে-ই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল জিতেছে এবং আমরা সবাই একই লক্ষ্যে কাজ করছি।

জাপানের বিপক্ষে ব্রাজিল অতীতে কেমন খেলেছে?

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই শেষের পথে। ইতোমধ্যেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে অনেক দল। এর মধ্যে কেউ কেউ প্রতিপক্ষের অপেক্ষায়, কেউ ইতোমধ্যেই জেনে গেছে প্রতিপক্ষের নামও। শেষ বত্রিশের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল নকআউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা জাপান ‘এফ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে নকআউটে পা রেখেছে। আগামী ২৯ জুন শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল।

এদিন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। দুই দলের মধ্যে অনুমিতভাবেই শক্তিমত্তা ও ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে ৬ নম্বরে, আর জাপান ১৮ নম্বরে।

বাংলাদেশেরঅর্থনীতি

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও ব্যবধান আছে। দুই দল একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছে। এর মধ্যে ৭টি ম্যাচেই জয় পেয়েছে সেলেসাওরা। দুটি ম্যাচ হয়েছে ড্র। বাকি একটি ম্যাচে জয়ের মুখ দেখেছে ব্লু সামুরাইরা। আর সেই একমাত্র জয়টি এসেছে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে। এটাই হয়তো জাপানকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

২০২৫ সালের অক্টোবরে ওই প্রীতি ম্যাচে ব্রাজিলকে চমকে দিয়ে ৩-২ ব্যবধানে জিতেছিল জাপান। এবারও ব্রাজিলকে জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে। কারণ, ওই দলের বেশির ভাগ ফুটবলারই জাপানের বিশ্বকাপ দলেও আছেন।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করে ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হয় তারা।

অন্যদিকে জাপানের বিশ্বকাপ মিশনও শুরু হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় হাজিমে মোরিয়াসুর শিষ্যরা। তিউনিসিয়াকে ৪-০ গোলে হারায় তারা। শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপপর্ব শেষ করেছে জাপান।

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই দাম বাড়ানো হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে  ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। রুপার অলংকারের ভ্যাট বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে রুপার দামেও পরিবর্তন এসেছে। পরিবর্তিত দামে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।

লন্ডভন্ড ভেনেজুয়েলায় আবার ভূমিকম্প

দুটি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় নতুন করে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪.৯ মাত্রার নতুন ভূমিকম্প অনুভূত হয়। মৃদু এই ভূমিকম্পটির প্রভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার ম্যারাকে শহর থেকে ৬১ কিলোমিটার (৩৬ মাইল) উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে।

দক্ষিণ আমেরিকার এই দেশটি বুধবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। স্কাই নিউজ অস্ট্রেলিয়া ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, পরপর আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগের কারণেই মূলত উত্তর ভেনেজুয়েলাজুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বুধবারের জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কারাকাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

ভেনিজুয়েলার লা গুয়াইরা রাজ্যের কারাবালেদায় ধসে পড়া একটি ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন দেশটির সিভিল প্রটেকশন সদস্য, দমকল কর্মী ও স্বেচ্ছাসেবীরা (ছবি-এএফপি)

ভেনিজুয়েলার লা গুয়াইরা রাজ্যের কারাবালেদায় ধসে পড়া একটি ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন দেশটির সিভিল প্রটেকশন সদস্য, দমকল কর্মী ও স্বেচ্ছাসেবীরা (ছবি-এএফপি)

আশঙ্কা করা হচ্ছে, ভুমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুমান করছে, এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক মিডিয়াগুলোর তথ্য অনুযায়ী, শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকায় এই আশঙ্কা আরও তীব্র হচ্ছে।

ভেনেজুয়েলা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্যোগে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। ১৭২ জনেরও বেশি মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। এ ছাড়া নিখোঁজের সংখ্যা ইতিমধ্যে ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কিছু এলাকায় লোকজনের প্রবেশাধিকার সীমিত করা হবে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং জীবিতদের খোঁজে নিজেরা দল গঠন করছেন। এমনকি কেউ কেউ তাদের নিজস্ব যানবাহনগুলোকে জরুরি অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করছেন।

ভেনেজুয়েলা সরকার ইতিমধ্যেই ‘এক্স’ এর মতো সামাজিকে যোগাযোগ মাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ব্লক করে রাখা হয়েছিল। আলজাজিরা ও ফার্স্টপোস্ট এর তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ ও জরুরি যোগাযোগের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস, যার ছয় বছরের ছেলে এবং আরও পাঁচজন আত্মীয় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তিনি আকুতি জানিয়ে বলেন, ‘স্থানীয় মানুষ বা এই কমিউনিটির উদ্যোগেই কেবল মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের ভারী স্ল্যাবগুলো সরানোর জন্য এখন ক্রেন দরকার। এখনও অনেক মানুষ ভেতরে আটকে আছে।’

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘যদি আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক ও কঠোর হবে।’

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজে হামলার জন্য তেহরান দায়ী।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার পর অঞ্চলটিতে উত্তেজনা কমার আশা তৈরি হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে নতুন করে হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই আশাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়। ফলে এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে বৈশ্বিক জ্বালানিবাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে হামলার ঘটনাকে ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।

ওই সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছিল। এর মাধ্যমে মূলত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবং তেহরানের পাল্টা হামলা স্থগিত করার ভিত্তি তৈরি হয়। তবে বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারকটি কোনো চূড়ান্ত শান্তিচুক্তি ছিল না; বরং পরবর্তী আলোচনার পথ সুগম করার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছিল।

বাজেটের বড় দুর্বলতা উচ্চ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: ড. মোস্তাফিজুর

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে অনেক ভালো দিক রয়েছে। তবে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চলতি অর্থবছরের প্রকৃত অর্জনের তুলনায় তা ৪০ শতাংশের মতো বেশি। এই বাজেটের একটি বড় দুর্বলতা উচ্চ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেট নিয়ে আয়োজিত আলোচনায় মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এসএম নওশের আলী লেকচার গ্যালারিতে ‘জাতীয় বাজেট বিষয়ক আলোচনা সভা’ শীর্ষক আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. একে এনামুল হক। আলোচনার শুরুতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী বাজেট ভাবনার ওপর সংক্ষিপ্ত তিনটি উপস্থাপনা তুলে ধরেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৬–২৭ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা; আগের অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় যা ১৮ শতাংশ বেশি। ৯ শতাংশের মতো মূল্যস্ফীতি এবং ৫ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি বিবেচনায় এ হারে রাজস্ব প্রবৃদ্ধি হয়তো বাস্তবসম্মত। তবে চলতি অর্থবছরের ১১ মাসে যে আয় হয়েছে সেটা হিসেব করলে প্রকৃত অর্জনের তুলনায় ৪০ শতাংশের মতো বেশি আয় করতে হবে। এটা এই বাজেটের একটি বড় দূর্বলতা।

তিনি বলেন, বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে বেশি ঋণ নিতে হবে। আর এক্ষেত্রে অভ্যন্তরীণ উৎসে ব্যাংক থেকে ঋণ নিতে গেলে বেসরকারি খাত বাধাগ্রস্ত হবে। ফলে অভ্যন্তরীণ উৎসে ঋণের বিকল্প গড়ে তুলতে হবে।

বিশ্বের অনেক দেশে ব্যাংক থেকে মেয়াদি ঋণ নেওয়া হয় না উল্লেখ করে তিনি বন্ড ও পুঁজিবাজার থেকে ঋণে জোর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিদেশি ঋণ পরিশোধে সরকারের ওপর চাপ তৈরি হয়েছে। চলতি অর্থবছরের ১১ মাসে সুদসহ বিদেশি দায় পরিশোধে সরকারের যে ব্যয় হয়েছে তাতে পুরো অর্থবছরে সাড়ে ৪ বিলিয়ন মতো খরচ হবে। ফলে বাজেট বাস্তবায়নে দক্ষতার ওপর জোর দিতে হবে।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে সামান্থা বললেন, ফের দর্শকদের কাছে ফিরব

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মা হতে চলেছেন তিনি। বেশ কয়েক মাস ধরে তাঁর গর্ভধারণ নিয়ে নানা গুঞ্জন চললেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। এবার নিজেই সেই খবর নিশ্চিত করলেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির হয়ে সামান্থা জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করার পর কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন। কারণ, তিনি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন।

সামান্থার কথায়, ‘মা ইন্তি বাঙ্গারাম ছবির পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। আমার বর্তমান অবস্থার কারণেই এই সিদ্ধান্ত। আমি মাতৃত্বকালীন ছুটি নিচ্ছি। এটি বিদায় নয়। বিরতির পর নতুন কাজ নিয়ে আবারও দর্শকদের কাছে ফিরব।’

রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু

রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু

অভিনেত্রীর এই ঘোষণার পর মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভক্ত, সহশিল্পী এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় সামান্থার জীবনে আরও আনন্দ ও পরিপূর্ণতা নিয়ে আসবে। গত কয়েক মাস ধরেই সামান্থাকে ঘিরে গর্ভধারণের গুঞ্জন ছিল তুঙ্গে। বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে তাঁর উপস্থিতির কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

সেসব দেখে অনেকেই দাবি করেছিলেন, অভিনেত্রীর বেবি বাম্প দৃশ্যমান। যদিও তখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পরে পরিচালক বিভি নন্দিনী রেড্ডিও ইঙ্গিত দিয়েছিলেন যে, সামান্থা খুব শিগগিরই জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সেই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে নিজের মুখেই সেই সুখবর জানালেন সামান্থা। ফলে এতদিনের গুঞ্জন সত্যি প্রমাণিত হলো। এটি হবে সামান্থা ও তাঁর স্বামী রাজ নিদিমোরুর প্রথম সন্তান।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মনোযোগ দিয়েছেন তিনি। ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর তাঁর এই সুখবর যেন অনুরাগীদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু

রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু

২০২৫ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। নতুন সংসার শুরু করার কয়েক মাসের মধ্যেই তাদের পরিবারে নতুন সদস্য আগমনের খবর সামনে এলো। এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা।

২০১৭ সালে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। রাজ নিদিমোরুরও এটি দ্বিতীয় বিয়ে। অতীতের অধ্যায় পেছনে ফেলে দুজনেই নতুন জীবন শুরু করেন এবং এবার সেই জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ক্যারিয়ারের নানা উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যসংক্রান্ত লড়াইয়ের মধ্য দিয়েও বারবার ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা। তাই তাঁর জীবনের এই সুখবর ভক্তদের কাছেও বিশেষ আনন্দের।

বছরজুড়ে মাঠে থাকে কাদাপানি নিজেদের মাঠে খেলতে পারে না জাতীয় পর্যায়ে রানার্সআপ দল

বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাব। দুই শিফটে তিন শ্রেণির শিক্ষার্থীদের দুটি কক্ষে বসিয়ে পাঠদান করতে হয়। ছোট মাঠে বছরজুড়ে থাকে কাদাপানি। প্রতিদিন অন্য মাঠে গিয়ে অনুশীলন করতে হয় খুদে ফুটবলারদের। এভাবেই জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। বলছিলাম নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা।

জানা গেছে, ১৯৮৮ সালে নান্দাইল পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডে ৪০ শতাংশ জমির ওপর গড়ে ওঠে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠের পূর্বপাশে পশ্চিমমুখী করে শুরুতে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হলে ২০১৪ সালে উত্তর পাশে দক্ষিণমুখী করে তিন কক্ষের আরেকটি একতলা ভবন নির্মাণ করা হয়। তিন কক্ষের দুটি শ্রেণিকক্ষ হিসেবে এবং অন্যটি অফিসকক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ২০৫ জন শিক্ষার্থীর জন্য ছয় শিক্ষক রয়েছেন। দুই শিফটে দুটি কক্ষে তিন শ্রেণির পাঠদান করতে হচ্ছে। তাই একটি কক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসাতে হয়। এতে অনেকাংশে স্বাভাবিক পাঠদানের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

গত সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, চারপাশ বাসাবাড়িতে ঘেরা বিদ্যালয়ের মাঠটি কিছুটা নিচু। আশপাশের বৃষ্টির পানি মাঠে জমা হয়ে সংকীর্ণ নালা দিয়ে নেমে যায়। ফলে শিক্ষার্থীরা কখনোই বিদ্যালয়ের মাঠটি ব্যবহার করতে পারে না। তাই বিকেল হলেই বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সদস্য পরশমনি, পৌষি, রওনক, সুমাইয়া, জান্নাতুল, পূর্ণিমা, মাবিয়া, ঝুমাসহ অন্যরা কোচ দেলোয়ার হোসেন উজ্জলকে নিয়ে বেরিয়ে পড়ে ভালো মাঠের খোঁজে। কোনোদিন পৌর শহরের নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়, কোনোদিন চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে অনুশীলন করে। এভাবেই ফুটবল দলটি ইউনিয়ন, উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলা হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন বিকেল ৪টায় বালক ও বালিকা মিলে চারটি দলের খেলা হয়। নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল দলের সঙ্গে খেলায় অংশ নেয় পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। খেলায় আচারগাঁও বিদ্যালয় ৪-২ গোলে হেরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ দলের ‘স্টপার ব্যাক’ পরশমনি টুর্নামেন্টে ম্যান অব দা ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতার গৌরব অর্জন করে গোল্ডেন বুট ও ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। এ ছাড়া দল পুরস্কার হিসেবে পেয়েছে ট্রফি মেডেল এবং দুই লাখ টাকা। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরশমনি আক্তার জানায়, খেলায় চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগত। তবে দুঃখের কথা হচ্ছে তাদের বিদ্যালয়ের ছোট মাঠটি সব সময় কাদাপানিতে একাকার হয়ে থাকায় সেখানে খেলাধুলা বা অনুশীলন করা যায় না। তাই মাঠটি সংস্কার করা জরুরি।
দলের আরেক সদস্য পূর্ণিমা বলে, বিদ্যালয়ের দুটি কক্ষে তিনটি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করা খুবই কষ্টকর হচ্ছে। তাই বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ জরুরি।
প্রধান শিক্ষক সজিম উদ্দিন ভূঁইয়ার ভাষ্য, দলের সাফল্যে তারা খুশি। আগামীতে আরও ভালো করার জন্য এখন থেকেই চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্দমাক্ত মাঠে মাটি ভরাট, সীমানা প্রাচীর এবং নতুন একটি ভবনের জন্য নির্মাণের জন্য কর্তৃপক্ষ বরাবর অনেক আবেদন করেছেন, কিন্তু কাজ হচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুননেছা বেগম জানান, ওই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ এবং মাঠে মাটি ভরাটের চাহিদা পাঠানো হয়েছে।
গত বুধবার যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, আগামীতে মাঠে মাটি ভরাটের পদক্ষেপ নেওয়া হবে। তবে ভবন নির্মাণের বিষয় নিয়ে এ মুহূর্তে কিছু বলতে পারছেন না বলে জানান তিনি।