Home Blog Page 9

আইনশৃঙ্খলা সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারি করার নির্দেশ সব ডিআইজি, কমিশনার ও সীমান্ত জেলার এসপিদের নিয়ে বৈঠক

দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে কড়া নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। সীমান্ত এলাকা হয়ে কারা ‘ইন-আউট’ করছে, সেদিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে। গতকাল মঙ্গলবার দেশের সীমান্ত জেলার সব এসপি, কমিশনার ও ডিআইজিদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এ বিষয় উঠে আসে। গতকাল সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাঁকে। তাঁর এ বিষয় নানা আলোচনার জন্ম দেয়।

সূত্র বলছে, মঙ্গলবার পুলিশের বৈঠকে সীমান্ত পার হয়ে এপারে এসে রনজিতের সভা করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক। বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, রনজিতের সভায় সশরীরের উপস্থিত ছিলেন, এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পেছনের তথ্য জানার চেষ্টা চলছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার বিষয়টি মঙ্গলবারের বৈঠকে উঠে আসে। সীমান্তবর্তী জেলা ছাড়াও গত তিন দিন যেসব জেলায় বেশি নাশকতা হয়েছে, সেসব জেলার এসপিরা বৈঠকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রামসহ বেশ কিছু জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। এরই মধ্যে অনেক জেলায় অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। যেসব এলাকায় হামলা, আগুন, ভাঙচুর ও নাশকতা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে। তবে সীমান্তকেন্দ্রিক যে কোনো অপরাধের তদন্ত পুলিশ করতে পারে। সীমান্তকেন্দ্রিক অপরাধ ঘটলে অনেক সময় তার জন্য পুলিশকে জবাবদিহি করতে হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, পদ্মা সেতু এলাকায় মিছিল হতে পারে– এমন গোয়েন্দা প্রতিবেদন ছিল। তবে কখন হবে, সংখ্যায় কত থাকতে পারে– এটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কোনো এলাকায় যাতে লোকজন জড়ো হয়ে বড় নাশকতা ঘটাতে না পারে, সে ব্যাপারে আগাম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র বলছে, সারা দেশে বিশেষ যে অভিযান চলমান আছে, সেটি জোরদার থাকবে। নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করা হবে। জামিন পেয়ে কেউ নাশকতায় জড়াচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়ার পর্যন্ত তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এলাকায় নাশকতা-হামলায় জড়াচ্ছেন কিনা, সেদিকে কড়া দৃষ্টি রাখতে বলা হয়েছে। এ ছাড়া প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে জোর দিতে বলা হয়েছে। গ্রেপ্তারের নামে যাতে নিরপরাধ বা গণগ্রেপ্তারের মতো পরিস্থিতি না ঘটে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ আসে।

বৈঠকে এক কর্মকর্তা বলেছেন, নিরপরাধ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে বেরিয়ে আসার পর তাঁর মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। তখন সে নতুনভাবে বেআইনি কর্মকাণ্ডে জড়াতে পারেন। তাই নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলা হয়েছে।

সূত্র বলছে, অনেক ঘটনায় অভিযানে যাওয়া সব পুলিশ সদস্য সমানভাবে সক্রিয় থাকেন না। নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের কাউন্সেলিং করিয়ে সক্রিয় করার কথা বলা হয়েছে। এর পরও কেউ নিষ্ক্রিয় থাকলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। বৈঠকে বলা হয়েছে, মাঠে কোনো পুলিশ সদস্যকে গা বাঁচিয়ে চলা যাবে না।

অন্য একটি সূত্র বলছে, সম্প্রতি যানবাহনে অগ্নিকাণ্ডের নতুন একটি ধরনের বিষয়টি বৈঠকে আলোচনায় এসেছে। ট্যাবলেটের মতো গুঁড়াজাতীয় কিছু গাড়িতে যাত্রী সেজে পায়ের কাছে ফেলা হয়। এরপর পা দিয়ে তা কিছু সময় ঘষার পর স্বয়ংক্রিয়ভাবে আগুন ধরে যায়। এ ছাড়া ইন্স্যুরেন্সের অর্থ পেতে কেউ কৌশলে আগুন ধরাচ্ছেন কিনা, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নাশকতায় জড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। কেউ কেউ প্রকাশ্যে বিদেশে বসে উস্কানি দিচ্ছেন। নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের কিছু ব্যক্তির নাম উঠে এসেছে।

এদিকে বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে

০

আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে। ওই দিন সকাল ১০টা থেকে চালু হবে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস। নামের ছাড়পত্র ও নিবন্ধনের সব নতুন আবেদন এ ব্যবস্থায় করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করলে কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। নামের ছাড়পত্র পেতেও সময় কম লাগবে।
কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির কাজ চলছে। এ কারণে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) পুরোনো ই-সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
নামের ছাড়পত্র, কাগজপত্র জমা, আবেদন যাচাই ও নিবন্ধন সনদ পেতে ব্যবসায়ীদের দীর্ঘদিন একাধিক ধাপ পেরোতে হয়। কোথাও তথ্যের ঘাটতি বা কাগজে অসংগতি থাকলে সময় আরও বাড়ে। ব্যবসা শুরুর আগেই এ জটিলতা উদ্যোক্তাদের বাড়তি খরচ ও অনিশ্চয়তায় ফেলে। এ পরিস্থিতি বদলাতে আরজেএসসি নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসির এ বিষয়ে পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়েছে, নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম নতুন ব্যবস্থার আওতায় আসবে। তবে সব আবেদন একইভাবে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না। আবেদনকারীর ব্যবহৃত দলিল ও তথ্যের ধরন অনুযায়ী কিছু আবেদন স্বয়ংক্রিয়ভাবে, কিছু কর্মকর্তাদের যাচাইয়ের মাধ্যমে নিষ্পত্তি হবে। আবেদনকারী নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে এবং সব তথ্য, ফি, পরিচয় যাচাই ও ওটিপি সম্মতি নিশ্চিত করলে আবেদন তাৎক্ষণিক অনুমোদিত ও নিবন্ধিত হবে। নিজেদের তৈরি সংঘস্মারক ও সংঘবিধি দাখিল করলে আরজেএসসির কর্মকর্তারা তা যাচাই করে সিদ্ধান্ত নেবেন।
নতুন ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইম যাচাই করা হবে। মোবাইল নম্বর ব্যক্তির নিজের এনআইডিতে নিবন্ধিত না হলে তাঁকে শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। নিবাসী শেয়ারহোল্ডার, পরিচালক ও সদস্যদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের বৈধ পাসপোর্ট নম্বর ও স্ক্যান কপি দিতে হবে। সংশ্লিষ্ট সবার সম্মতি ই-মেইলে পাঠানো লিংকের মাধ্যমে ওটিপি দিয়ে নিশ্চিত করতে হবে।
নামের ছাড়পত্রের আবেদন প্রাথমিক পর্যায়ে সিস্টেম যাচাইয়ের পর পরিদপ্তরের কর্মকর্তারা পুনরায় যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করবেন। সিস্টেমের অ্যালগরিদম উন্নত হলে পরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাৎক্ষণিক ছাড়পত্র দেওয়া হবে।

পুরোনো সিস্টেমের আবেদনের বিষয়েও নির্দেশনা আছে পরিপত্রে। গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যেসব নামের ছাড়পত্রের বিপরীতে নিবন্ধনের আবেদন হয়নি, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন সিস্টেমে যাবে এবং মেয়াদ বহাল থাকবে। ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত দাখিল করা নিবন্ধন আবেদনও স্থানান্তর হবে।
নিবন্ধন অনুমোদনের পর ডিজিটাল স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ ও অন্যান্য ফরম সংশ্লিষ্টদের ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। আবেদন করা যাবে ebrs.rjsc.gov.bd লিংকে, আরজেএসসির ওয়েবসাইট বা প্রচলিত ই-সেবার মাধ্যমেও।

ডায়ালাইসিস সেবা চালু রাখতে স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল সরকার

সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর ম্যাডিকেইডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। এই সময়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার স্যান্ডর ম্যাডিকেইডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে ডায়ালাইসিস চুক্তির মেয়াদ শেষ হবার বিষয়ে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী সমকালকে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিজস্ব সক্ষমতায় ফিরিয়ে আনতে নতুন ডায়ালাইসিস মেশিন সংগ্রহের কাজ শুরু করেছে সরকার। তবে মেশিনের ক্যাটাগরি নির্ধারণ এবং সেগুলো স্থাপন করে পুরোপুরি সচল করতে আরও কিছুটা সময় লাগবে। এ সময়ে ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া শত শত দরিদ্র রোগীর চিকিৎসা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনা করেই স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা সুরক্ষিত রাখাই এখন সরকারের মূল অগ্রাধিকার।

উল্লেখ্য, ২০১৫ সালে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তর ভারতের স্যান্ডর ম্যাডিকেইডসের সঙ্গে ১০ বছর মেয়াদি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) চুক্তি করে। চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রতিষ্ঠানটির পরিচালিত দুটি ডায়ালাইসিস কেন্দ্রের ওপর ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ দরিদ্র রোগী নির্ভরশীল।

চুক্তির মেয়াদ শেষ হলে এসব রোগীর চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখার দাবিতে সম্প্রতি রোগী ও তাদের স্বজনেরা সংবাদ সম্মেলন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তির বর্ধিত ছয় মাসের মধ্যে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন করতে চায়। ইতিমধ্যে বিভাগীয় হাসপাতালগুলোতে নতুন ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে সরকারের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত রোগীরা আগের নিয়মেই স্যান্ডরের কেন্দ্রগুলোতে কম খরচে সেবা পাবেন। এ নিয়ে রোগীদের বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

প্রতিদিন ২টি করে খেজুর খেলে শরীরে কী ঘটে?

খেজুর পুষ্টিগুণে ভরপুর ফল। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। প্রতিদিন দুইটি করে টানা দুই মাস খেজুর খেলে শরীরে অনেক পরিবর্তন ঘটবে। খেজুরে প্রচুর ফাইবার থাকে। ফাইবার হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এর ফলে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে। কার্বোহাইড্রেট পেটে খুব দ্রুত হজম হয়ে রক্তে পৌঁছায়। এটি শরীরকে এনার্জি দেয়। প্রায় ৩ থেকে ৪টি খেজুরে, অর্থাৎ ৪০ গ্রাম খেজুরে ৩০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এছাড়া এতে ৩.২ গ্রাম ফাইবার ও ০.৯৮ গ্রাম প্রোটিনও রয়েছে। পাশাপাশি খেজুরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ও অনেক ধরনের ভিটামিনও রয়েছে।

খেজুরে থাকা কার্বোহাইড্রেটের মধ্যে ফ্রুকটোজ ও গ্লুকোজ অন্তর্ভুক্ত। এগুলো শক্তি যোগায়। সারাদিন কর্মক্ষম থাকলে সকালে কয়েকটি খেজুর খেতে পারেন।

খেজুরে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। এই খনিজগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও সুস্থ হার্টবিট বজায় রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেজুর খেলে এলডিএল তথা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। এছাড়া খেজুরে ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যা কোষের প্রদাহ কমাতে সাহায্য করে।

টানা দুই মাস রোজ দুইটি করে খেজুর খেলে আপনার হজমের কোনো সমস্যা থাকবে না। পেট ফাঁপবে না, সকালে সহজেই পেট পরিষ্কার হয়ে যাবে।
খেজুরে ভালো মাত্রায় আয়রনও থাকে, যা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে।

গর্ভবতী নারীদের কেন খেজুর খাওয়া জরুরি
‘রিসার্চ রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ২০২৪’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, খেজুর গর্ভবতী নারীদের জন্য বিশেষ উপকারী। এই গবেষণায়, ১২০ জন নারীকে গর্ভাবস্থার শেষ ৪ থেকে ৬ সপ্তাহে রোজ ৬টি করে খেজুর দেওয়া হয়। এই সময়ে নারীদের জরায়ু প্রসারণ দ্রুত হয়। খেজুরে থাকা ফ্যাটি অ্যাসিড নারীদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন বাড়ায়, জরায়ুর সংকোচনে সাহায্য করে। গবেষণা বলছে, এটি স্বাভাবিক প্রসবকে সহজ করে।

বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন তাসনিয়া ফারিণ

০

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল, তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিনজন। তাঁদের হাতেও বন্দুক। ছবিতে ফারিণের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকে। মঙ্গলবার (প্রকাশিত এসব ছবি দেখে প্রথমে রহস্য তৈরি হলেও পরে জানা গেল, এটি নতুন একটি সিরিজের প্রচারণার অংশ। চরকির জন্য নির্মিত সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’।

সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে ছবিগুলো।

‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটিতে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

454 1794299496

বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিণ। মাঝের সময়ে সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তিনি। নতুন ধরনের চরিত্রের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রের নাম ক্যামেলিয়া। চরিত্রটি সম্পর্কে ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনো কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশ হবে, নতুন কিছু হবে আমার জন্যও।’

সিরিজে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

‘ডাকাতিয়া বাঁশি’ নির্মাণের কারণ ব্যাখ্যা করেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি কম। সেজন্যই এবার এই ধরনের কাজ দর্শকদের জন্য নিয়ে আসা। চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। আমি মনে করি ছকভাঙা ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজটিও দর্শকদের নতুন রকমের মজা দেবে।’

চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি থ্রিলার না হলেও দর্শকদের চমকে দেওয়ার মতো উপাদান রয়েছে এতে। তাঁর মতে, গল্পে দর্শকদের জন্য থাকবে নানা চমক। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে পারে সিরিজটি।

সেই নাঈম শেখেই আস্থা বাশারের নাঈমের সঙ্গে নতুন মুখ মাহফিজুল রবিন

টি২০ ম্যাচে ছয় বছরে তাঁকে থিতু করার কম চেষ্টা করেননি হাবিবুল বাশার সুমন, ৩৯টি ম্যাচ খেলিয়েও স্ট্রাইকরেট টেনেটুনে ১০২.২৫। ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করে যাওয়া নাঈম শেখকে নিয়ে চেষ্টা করানো হয়েছিল ওডিআইতেও, কিন্তু সেখানেএ ১২.৭৫ গড়ে ৯ ম্যাচের বেশি খেলানো যায়নি। বাকি ছিল টেস্ট ফরম্যাট, সেখানেও একটিমাত্র টেস্ট খেলানো হয়েছিল তাঁকে নিউজিল্যান্ডের মাটিতে। প্রায় চার বছর পর সেই নাঈম শেখকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে ডাকলেন নির্বাচক প্রধান। যুক্তি তাঁকে তৈরি করে নেওয়া– ‘সাম্প্রতিক ফর্ম খুব ভালো।’

সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় পুরোনো নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিনকেও ডেকেছেন তিনি। জাতীয় লিগে সর্বাধিক রান করার পুরস্কার পেয়েছেন এই ডানহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখে স্কোয়াডে চার পেসারের বিপরীতে রাখা হয়েছে দুই স্পিনার, সেখানে তাইজুল অফ ফর্মে থাকলেও টিকে গেছেন, কাটা পড়েছেন নাঈম ইসলাম। তবে রহস্যটা থেকে গেছে পেসার নাহিদ রানাকে নিয়ে। ইনজুরি কাটিয়ে তিনি সুস্থ হলেও টেস্ট কিংবা ওয়ানডে নয়, তিনি নাকি ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে। তাহলে কি নাহিদ রানাও লাল বলে আগ্রহ হারিয়ে মুস্তাফিজের মতো শুধুই টি২০তে ক্যারিয়ার বাড়াতে চান?

নির্বাচক প্রধান হাবিবুল বাশার সুমনের যুক্তি তৈরি করাই থাকে– প্রয়োজনে হাফ গ্লাস ফাঁকা বলেন, প্রয়োজনে ভরা। তাইজুলকে দলে রাখার যুক্তি, ‘তাইজুলের ফর্ম নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তবে ডানহাতি হিসেবে অফ স্পিনার মিরাজ আছে। সে দলের বড় সম্পদ। তাই বাঁহাতি স্পিনার নিলে এই মুহূর্তে আসলে তাইজুলের ওপর ভরসা রাখতে চাই, যদিও সে একটু অফ ফর্মে গত দুই-তিন টেস্টে। তবে তাইজুলকে ফর্মে ফেরানো খুব দরকার। তাই এখনই তাকে বাদ দিতে চাই না।’ আর সৌম্যকে বাদ দেওয়ার ব্যাপারেও বাশার দেখছেন ‘হাফ গ্লাস ফাঁকা’ অজুহাত। ‘সৌম্যকে দলে নিয়েছিলাম ওপেনার হিসেবে, তাকে আমরা সুযোগ দিতে পারিনি। তবে তার বর্তমান ফর্ম নিয়ে আমরা চিন্তিত।’ যে দল সেই ডারউইন টেস্ট জয়ের পর তিন ফরম্যাটে গত আটটি ম্যাচের একটিতেই জয়ের মুখ দেখেনি, সেই দলের নির্বাচক কিনা শুধু একজনের ফর্ম নিয়েই চিন্তিত! অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনের কথায় মাথায় রেখে সৌম্যকে টেস্ট স্কোয়াডে নিলেও কোনো ম্যাচ খেলানো হয়নি, আফগানিস্তানের সঙ্গে টেস্টেও খেলানো হয়নি।

অথচ সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। এরপর আফগানদের বিপক্ষে দুটি ওয়ানডেতে বাজে পারফর্ম করায় তার শাস্তি পেলেন টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে! অথচ দক্ষিণ আফ্রিকাতেও ১৫ ও ২৩ নভেম্বর থেকে জোহানেসবার্গ আর সেঞ্চুরিয়নে শুরু হওয়া দুই  টেস্টে বাউন্সি পিচের ধারণা থেকেই পেসার খালিদকেও ডাকা হয়েছে তাসকিন, হাসান মাহমুদ, এবাদত হোসেন আর শরিফুলদের সঙ্গে। তবে নবাগত মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে আশাবাদী বাশার। ‘আমরা মাহফিজুল রবিনকে দলে নিয়েছি কারণ আমরা মনে করেছি, একজন ডানহাতি ওপেনার থাকা অত্যন্ত জরুরি। এটি এমন কিছু যা আমরা বেশ কিছুদিন ধরেই খুঁজছিলাম। আমাদের হাতে প্রস্তুত অন্য কেউ ছিল না এবং আমরা রবিনকে প্রস্তুতির জন্য একটু বেশি সময় দিতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি সে নিজেকে প্রমাণ করেছে; প্রথম শ্রেণির ক্রিকেট এবং ইমার্জিং দলের ম্যাচগুলোতে তাকে বেশ প্রতিভাবান মনে হয়েছে।’

নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিন

নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিন

মাহফিজুল এবার জাতীয় লিগে ময়মনসিংহের হয়ে পাঁচ ম্যাচে ৬৭২ রান করেছেন, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও ছিল। নাঈম শেখ ৬১২ রান করেছেন, যার একটিতে তিনি ২৮২ রান পেয়েছিলেন। কিন্তু গেল আগস্টে ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এই দুজনের কেউই তেমন ভালো করতে পারেননি। মাহফিজুল চার ইনিংসে একটি হাফ সেঞ্চুরিসহ ১১২ রান করেছিলেন, আর নাঈম শেখ ৩ ইনিংসে করেছিলেন মোট ৭২ রান। হাবিবুল বাশার তাতেই মুগ্ধ। ‘আমরা নাঈমকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছিলাম যেখানে তাকে বেশ ভালো মনে হয়েছিল। রবিনকে প্রস্তুত মনে হচ্ছে কারণ দক্ষিণ আফ্রিকা সফরে (ইমার্জিং দলে) সে ভালো খেলেছে। যে দলটাতে গিয়েছিল, মোটামুটি ভালোই পারফর্ম করেছে।’ হাবিবুলের আশা জাতীয় দলের চ্যালেঞ্জটা নিতে পারবেন মাহফিজুল ইসলাম রবিন।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, ‘জুয়াড়ি’ বলছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের দিকে একটি গতিশীলতা তৈরি হয়েছে।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।

হোয়াইট হাউসে সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। ইরান প্রসঙ্গেও অনেক কথা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প বলেন, ‘উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্ররা বর্তমান অবস্থা বজায় রাখাকেই অগ্রাধিকার দেবে। সে বিবেচনায় নতুন হামলার সম্ভাবনা বেশ কম।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই সংঘাত অবসানের দিকে একটি ইতিবাচক গতিশীলতা দেখতে পাচ্ছি। এ সময় আমরা আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিও নিশ্চিত করবো।’

মধ্যবর্তী নির্বাচনের আগের সপ্তাহগুলোতে জল্পনা ছিল, ভোটের পরপরই ইরানে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। তবে, ট্রাম্প আপাতত নতুন করে সংঘাত শুরুর বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে সম্ভাব্য হামলার পথও খোলা রেখেছেন।

হোয়াইট হাউসে এক ব্রিফিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা শেষ হয়ে গেছে। আমরা বর্তমান অবস্থা বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু সেখানে যদি হামলা চালাতেই হয়, তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে, ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সোমবার গভীর রাতে এক্সে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে জুয়াড়ির মতো হাত-পা ছুড়ছে।’ তিনি ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেন, ‘হাল ছেড়ে দিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’

এর আগে, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে লিখেন, ইসরায়েলই মূলত যুক্তরাষ্ট্রকে সংঘাতের গভীরে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনের উচিত ‘ইসরায়েল ফার্স্ট’ মানসিকতা ত্যাগ করা। যতক্ষণ তারা এটি না করবে ততক্ষণ এক অন্ধকার যুগের দিকে এগিয়ে যাবে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশটির অভ্যন্তরে এখনো হামলা অব্যাহত আছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী প্রকাশ্যে এসব হামলার কথা স্বীকার করেনি।

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাতবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। তাদের অংশগ্রহণের বিষয়টি পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম নিশ্চিত করেছেন।

গত সোমবার রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবরোধের দৃশ্য ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম সমকালকে বলেন, গত রাতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধারণা করছি, প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাদের কর্মসূচিকে ঘিরে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে গতকালের ঘটনায় কতটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চুক্তি স্বাক্ষর ২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩,৫০০ বাংলাদেশি

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

চুক্তি সম্পাদনের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হজ কোটা আরও ৫ হাজার বাড়িয়েছেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে ধর্মমন্ত্রী আরও জানান, হজের কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে।

তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে, সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার, আমরা করব।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করে সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

একই সঙ্গে হজের কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। মহান আল্লাহর মেহমানদের সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহবিষয়ক সহকারী মন্ত্রী ড.আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ বাংলাদেশ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উনি তো নিজেই আসতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি নিজে দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও। সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আনুষ্ঠানিক চ্যানেলে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তিনি গুরুতর অপরাধে দণ্ডিত আসামি। তাকে যে প্রক্রিয়ায় ফেরত পাওয়ার কথা, সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরিয়ে আনতে চায়। তার বিচার কীভাবে হবে, সেটি সরকারের বিষয়।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতার ঘটনায় আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে দলটির লোকজন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের অপরাধের প্রবণতা কমে আসবে। ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে অনেকে হাতেনাতে ধরা পড়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এসব ঘটনায় জনগণের ভয় পাওয়ার কিছু নেই কিংবা কিছুই ঘটেনি-সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না। জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে একটি মৃত্যুর ঘটনাও সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়টি স্বীকার করেই সরকার বলতে চায়, খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এ অবস্থায় কেউ দলটির কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।

এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্ধারিত দামেই বাজারে এলপিজি বিক্রি হওয়া উচিত। এ বিষয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তবে নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকারকে আরও সতর্ক হতে হবে।

তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।