আইপিইউর কাছে অভিযোগ আওয়ামী লীগকে রাজনীতি থেকে মাইনাসের অপচেষ্টা চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন প্রক্রিয়া থেকে বাইরে রাখার পর এখন রাজনীতি থেকে ‘মাইনাস’করার অপচেষ্টা চলছে বলে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) কাছে লিখিত অভিযোগ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তিন দিনের সফরে বাংলাদেশে আসা আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কাছে এই নালিশ জানানো হয়।

সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং বিরোধী দলীয় এমপি আকতার হোসেন এই তথ্য জানান। এর আগে আইপিইউ প্রতিনিধি দলটি সংসদ ভবন পরিদর্শন করেন এবং স্পিকার, ডেপুটি স্পিকারসহ  সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলাদা বৈঠক করেন।

চিফ হুইপ বলেন, সফররত আইপিইউ প্রতিনিধি দল বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সংসদীয় কার্যক্রম এবং সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। তবে সফরকালে আওয়ামী লীগের পক্ষ থেকে আইপিইউর কাছে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়াতে একটি লিখিত নালিশ পাঠানো হয়েছে।

ব্রিফিংয়ে আইপিইউ প্রতিনিধি দলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আকতার হোসেন বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ, আইপিইউর কাছে সবসময় দেশে সংসদীয় গণতন্ত্র বহাল থাকার মিথ্যা তথ্য উপস্থাপন করত। বর্তমানে ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর তারা উল্টো অভিযোগ করেছে, আওয়ামী লীগকে বাদ দিয়েই বা ‘মাইনাস’ করেই বর্তমান সংসদ গঠন করা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সরকারের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের উদ্যোগ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব এবং সংসদে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলো আইপিইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।

চিফ হুইপ নূরুল ইসলাম আইপিইউ প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, অতীতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্রনেতারা যেভাবে নিপীড়নের শিকার হয়েছিল, বর্তমান সরকার সেই পথ পরিহার করে একটি সৌহার্দ্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা বজায় রাখতে কাজ করছে।

তিন দিনের ঢাকা সফরের অংশ হিসেবে গতকাল আইপিইউ প্রতিনিধি দলটি সংসদ ভবন পরিদর্শন করে এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে। এ ছাড়া তারা ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় প্রতিনিধি এবং তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর