শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বুধবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। আইনশৃঙ্খলার অবনতির ‘দায়ে’ এই কর্মসূচি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফেসবুক পোস্টে রামিসার ধর্ষক ও খুনিদের দ্রুততম সময়ে বিচার দাবি করেছেন।
শিশু ধর্ষণ ও হত্যা, নারী নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রামিশা হত্যাকে অমানবিকতার নিকৃষ্ট উদাহরণ আখ্যা দিয়ে বলেন, ফুটেফুটে শিশুটির জন্য পুরো জাতি ব্যথিত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্যথিত নন! আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দেন। গোলাম পরওয়ার বলেন, অন্যান্য দেশে মন্ত্রীরা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন। আর আমাদের দেশের মন্ত্রীরা দায় চাপানোর রাজনীতি করেন।
বিএনপি সরকারের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, খালি অতীতের সরকারের ব্যর্থতার বুলি দিয়ে নিজেদের দায় এড়ানো যাবে না। মানুষের অস্তিত্বে আঘাত লাগলে সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। নিরীহ মানুষকে উচ্ছেদ করতে গিয়ে পুলিশ সদস্যরা যেভাবে দৌড়ে পালিয়েছে, জনগণের মতের বিরুদ্ধে গেলে সরকারকেও দৌড়াতে হতে পারে।
বিএনপি সরকারের সময়ে নারী-শিশুদের সামান্য নিরাপত্তা নেই বলে দাবি করেন গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে এতবেশী নারী শিশু ধর্ষিতা হচ্ছে, তখন আর বলার দরকার নেই পরিস্থিতি কতটা খারাপ। এইসব ঘটনায় সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে না। আবার সারাদেশে সরকারদলীয় নেতাকর্মীদের খুন, সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ন্ত্রণে দলীয়ভাবেও ব্যবস্থা নিচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতিতে সামাজিক অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ করা যাবে না।
মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় সমাবেশে নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দক্ষিণ গেট থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।
রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ
বুধবার রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দায়ীদের শাস্তির দাবি জানান।
রামিসার পরিবারের সঙ্গে দেখা করে ধর্ষক ও খুনির শাস্তি নিশ্চিতে প্রতিশ্রুতি দেন স্থানীয় এমপি কর্নেল (অব.) আবদুল বাতেন।
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়েছে মহিলা জামায়াত। সংগঠনটির সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি বিবৃতিতে বলেছেন, গত ৯ দিনে পাঁচজন শিশুকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার দায়ীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।
আরও বিক্ষোভ
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা।
রামিসার ধর্ষণ ও হত্যায় প্রতিবাদ জানিয়ে দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বুধবার বিবৃতিতে বলেছেন, ধর্ষণ হত্যার আর বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন চরমে পৌঁছেছে।
খুন ও ধর্ষণসহ নৃশংস অপরাধের উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বিচারের দাবি জানিয়েছে।




