প্রত্যপর্ণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আসতে হবে: রিজভী

প্রত্যপর্ণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কারও দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহমদ, ফাইয়াজসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় এক হাজার ৪০০ জনের মৃত্যুর প্রসঙ্গেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে, অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, তা ভোগ করতে হবে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করে তারা মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য তাদের স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর