গোপালগঞ্জ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চালানো নাশকতারোধে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে।
নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আজ শনিবার রাজধানীতের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এ কথা বলেছেন জামায়াত সেক্রেটারি। সমাবেশের পর দলটি কয়েক হাজার নেতাকর্মী বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
নাশকতারোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াত এ কর্মসূচি করলেও, এসব মিছিল সমাবেশ মূলত ছিল আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে শোডাউন। গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ দা, রড নিয়ে গাছপালা কেটে রাস্তাঘাট অবরোধ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। গত এক সপ্তাহে তারা যা দেখিয়েছে, এর চেয়ে বড় জঙ্গিবাদ আর হতে পারে না।
প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্যের যে আহ্বান জানিয়েছেন- এর জবাবে গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে। সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেছেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারি দলের এমপিদের নিরাপত্তা দিতে পারেন না, তাদের পালিয়ে বেড়াতে হয়; সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা যায় কি-না প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবর শুভ নয়। এরাই বিএনপি সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। সরকারকে একদলীয় সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার করলে জামায়াত অতীতের মত ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে, সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই, জামায়াতসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানায়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেন, যারা এ দেশে গণহত্যা চালিয়ে পালিয়েছে তাদের সন্ত্রাস বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুনের পরও স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! ভারত থেকে ৯ বছর ‘ট্রেনিং নিয়ে’ দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি নিজেদের পতন ডেকে আনছে।
আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো অপশক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। জনগণপ্রতিহত করবে।
ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হলেও তাদের এমপি-মন্ত্রীদের বাড়িতে কেউ আগুন দিতে সাহস পায়নি। বিএনপি নিজের এমপিদের রক্ষা করতে পারছে না, জনগণকে কীভাবে রক্ষা করবেন?
সভাপতির বক্তব্যে দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন, দলীয় সংসদ সদস্যরা, ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতারা।


