ইউএস ওপেনের সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানভকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে শুরু হয়। দারুণ এই জয়ের মাধ্যমে জেরেভ তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং এই বছরের টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখলেন জেরেভ।
বাংলাদেশ সময় সোমবার শিরোপা নির্ধারণী ফাইনালে দুই মার্কিনি বেন শেলটন অথবা ফ্রান্সেস টিয়াফোর মধ্যকার যেকোনো একজনের মুখোমুখি হবেন তিনি। বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বেন শেলটন এবং টিয়াফো।
এ দিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো জেরেভ ৬-৩, ৭-৬ (৯-৭), ৭-৬ (৮-৬) গেমে খাচানভকে পরাজিত করেন। পুরো ম্যাচে জেরেভ যেখানে ১৫টি অ্যাস করেছেন, সেখানে খাচানভের অ্যাস ছিল ৬টি। প্রথম সার্ভের ক্ষেত্রে খাচানভ ৭৪ শতাংশ সাফল্য দেখালেও জেরেভের ছিল ৬৮ শতাংশ। তবে দ্বিতীয় সার্ভে পয়েন্ট জয়ের ক্ষেত্রে ৭২ শতাংশ সাফল্য দেখিয়ে এগিয়ে ছিলেন জেরেভ, বিপরীতে খাচানভের এই হার ছিল ৫৭ শতাংশ।
ব্রেক পয়েন্টের ক্ষেত্রে জেরেভ ৩টি সুযোগ পেয়ে ২টিতে সফল হয়েছেন, আর খাচানভ ২টির মধ্যে মাত্র ১টি কাজে লাগাতে পেরেছেন। এছাড়া ডাবল ফল্টের ক্ষেত্রে জেরেভ ৬টি এবং খাচানভ ৩টি ভুল করেছেন।
এর আগে, ২০২০ সালে ইউএস ওপেনের ফাইনালে স্থান করে নিয়েছিলেন জেরেভ। তবে ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে হেরে শিরোপা বঞ্চিত হন তিনি।


