গা গরমের ম্যাচে খেলোয়াড় সংকটে মেসিরা

0
4

প্রচণ্ড গরম কানসাস সিটিতে। এই গরমের মধ্যেই গত সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম অনুশীলন করে আর্জেন্টিনা বিশ্বকাপ দল। এমনকি লিওনেল মেসি, লিয়ান্দ্রো পারেদেস, এমিলিয়ানো মার্টিনেজসহ স্কোয়াডের চোটাক্রান্ত ৯ জনও ছিলেন অনুশীলনে। তারা অবশ্য হালকা স্ট্রেচিং করেন। চোটাক্রান্ত এই ৯ জনই সম্ভবত প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবেন না। যে কারণে খেলোয়াড় সংকটে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সে সংকট কাটাতেই দেশ থেকে ৭ জন উড়িয়ে এনেছে আর্জেন্টিনা। ৭ জুন হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের বাইরের এই ৭ জনের মধ্যে অন্তত ৩ থেকে ৪ জন শুরুর একাদশে নামতে পারেন।

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম দিনের অনুশীলনে হাতে ব্যান্ডেজ বেঁধে নেমেছিলেন তারকা গোলরক্ষক দিবু মার্টিনেজ। ব্যান্ডেজ বাঁধা হাতের ছবি সামাজিক  মাধ্যমে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ‘দারুণ উদীপ্ত’। ইউরোপা লিগের ফাইনালের আগে গা গরমের সময় বাঁ হাতের আঙুল ভেঙে ফেলেছিলেন অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক। এ চোটের কারণে দুটি প্রস্তুতি ম্যাচই মিস করেছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন বলে প্রত্যাশা করছে আর্জেন্টিনা ম্যানেজমেন্ট। তাঁর অনুপস্থিতিতে স্কোয়াডের অন্য দুই গোলরক্ষক গোরোনিমো রুলি ও হুয়ান মুসোর মধ্যে যেকোনো একজন খেলবেন। প্রথম দিনের অনুশীলন শেষে সামাজিক মাধ্যমে দিবু আরও লেখেন, ‘প্রথম দিনের অনুশীলন ছিল উৎসাহে পরিপূর্ণ। তবে দুঃখ যে আমি সবকিছু করতে পারিনি। অবশ্য পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় বেশ ভালোও লাগছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here